লাইভ, বাংলাদেশের চার বিভাগের বিভিন্ন স্থানে বন্যার শঙ্কা, টানা বৃষ্টির পূর্বাভাস

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সিরিয়া সফরের সময় দেশটির রাজধানী দামেস্কের কেন্দ্রীয় এলাকায় দুটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে, বাংলাদেশের কয়েকটি স্থানে আগামী কয়েকদিনে বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. টানা বৃষ্টিতে বন্ধ তিন পার্বত্য জেলার পর্যটন স্পটগুলো

    টানা বৃষ্টিতে পার্বত্য এলাকায় নদনদীর পানি বেড়েছে

    ছবির উৎস, RATAN

    ছবির ক্যাপশান, টানা বৃষ্টিতে পার্বত্য এলাকায় নদনদীর পানি বেড়েছে

    দুই দিন ধরে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়া এবং পাহাড়ধসের শঙ্কায় পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো বন্ধ রাখা হয়েছে।

    পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ১০ই জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন। জেলার তিনটি স্পটে পাহাড়ধসের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

    এছাড়া নদনদীর পানি বেড়ে পাহাড়ি সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়া এবং বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের শঙ্কা থাকায় পর্যটন স্পটগুলোতে আপাতত ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে আসার জন্য মাইকিংকরা সহ সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা।

    “নদীর পানি কিছুটা কমেছে, এখন বৃষ্টিও নেই- বৃষ্টি না হলে বুধবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু হবে। খাগড়াছড়ি শহর পর্যন্ত যোগাযোগে এখন কোনো সমস্যা নেই। তবে রাঙামাটি জেলা প্রশাসন সাজেকে যাওয়া বন্ধ রেখেছে,” বিবিসি বাংলাকে বলেন মি. সাদাত।

  2. টানা বৃষ্টি আর কতদিন চলবে?

    টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে

    মৌসুমি স্থল নিম্নচাপের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, রংপুর ও সিলেটসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস।

    মঙ্গলবার দেশে সবথেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

    আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, টানা বৃষ্টির এই প্রভাব আরও অন্তত চারদিন অর্থাৎ ১১ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

    আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে। আগামী ১২ তারিখ থেকে বৃষ্টির প্রভাব কমতে শুরু করবে বলেও জানানো হয়।

    এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

  3. ইরান যুদ্ধে নেটোর ভূমিকায় হতাশ ট্রাম্প

    বুধবার নেটোর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

    ছবির উৎস, Win McNamee/Getty Images

    ছবির ক্যাপশান, বুধবার নেটোর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

    ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে নেটোর ইউরোপীয় মিত্রদের ভূমিকায় "খুবই হতাশ" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    নেটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে তুরস্কের রাজধানী আঙ্কারায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    সেখানেই দেশটির প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানের সাথে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমি নেটো নিয়ে খুবই হতাশ।"

    "আমাদের কোনো সাহায্যের প্রয়োজন ছিল না এবং আমি একরকম তাদের পরীক্ষা করছিলাম," বলেও মন্তব্য করেন ট্রাম্প।

    ট্রাম্প বলেন, "আমি দেখতে চেয়েছিলাম যে তারা (নেটোর সদস্য দেশগুলো) আমাদের পাশে থাকবে কি না। কারণ আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি যে আমরা তাদের সাহায্য করেছি, কিন্তু আমি নিশ্চিত নই যে তারা আমাদের পাশে আছে কি না।"

  4. বাংলাদেশিদের জন্য উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

    শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

    বাংলাদেশের শ্রমিকদের জন্য সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

    মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

    শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে অন্যান্য দেশের শ্রমবাজারও উন্মুক্ত হবে বলেও জানান তিনি।

    মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। অনিয়ম আর সিন্ডিকেটের অভিযোগে গত প্রায় দুই বছর যাবৎ শ্রমিক নেওয়া বন্ধ রেখেছিল দেশটি।

  5. চট্টগ্রামে ভারী বৃষ্টি: কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে গেছে

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে গেছে

    চট্টগ্রামে ভারী বৃষ্টিতে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

    মঙ্গলবার দুপুর থেকেই নগরীর ষোলশহর এলাকায় আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। আর অপরদিকে জান আলি হাট স্টেশনে আটকে রয়েছে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস।

    চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অ্যাসিস্টেন্ট অপারেটিং সুপারিন্টেডেন্ট আবু বকর ছিদ্দিকী জানান, রেল লাইনে পানি উঠে যাওয়ায় ষোলশহর থেকে কক্সবাজারের দিকে আর এগোতে পারেনি পর্যটক এক্সপ্রেস।

    “রেল লাইন পানিতে ডুবে যাওয়ায় ট্রেন চালানো সম্ভব হচ্ছে না, আপাতত ষোলশহর থেকে কক্সবাজারে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা পরিস্থিতি উন্নতি হওয়ার অপেক্ষায় আছি,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

    এদিকে, বন্দরনগরী চট্টগ্রামে তৃতীয় দিনের মতো টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  6. বান্দরবানে পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে সবশেষ যা জানা যাচ্ছে

    পাহাড়ি এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে জেলা প্রশাসন

    ছবির উৎস, RATAN

    ছবির ক্যাপশান, পাহাড়ি এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে জেলা প্রশাসন

    বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে দুদিনের টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। এছাড়া জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচিতে পাহাড় ধসের তিনটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

    এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পাহাড়ি এলাকায় ১৬১ জন পর্যটক আটকে পড়েছিলেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

    তিনি জানান, টানা বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন উপজেলার নদ-নদী ও পাহাড়ি ছড়ার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে শহরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি নদীর পানি বৃদ্ধির কারণে হয়নি বলে দাবি করেছেন জেলা প্রশাসক।

    “নদীর পানি বাড়লেও সেটি এখনো বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে শহরের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি করেছিল, এখন পরিস্থিতি উন্নতি হয়েছে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

    এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় রেমাক্রি ও নাফাখুম এলাকায় আটকে পড়া ১৬১ জন পর্যটককে মঙ্গলবার বিকেল পর্যন্ত নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মি. ফেরদৌস।

    তিনি বলেন, “ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় স্থানীয় বাসিন্দাদের আগেই সতর্ক করা হয়েছিল। তবে পর্যটকদের অনেকে দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়েছিলেন, তাদের পর্যায়ক্রমে উদ্ধার করা হয়েছে।”

    মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

    পর্যটকসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ১০ই জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

    সোমবার পাহাড়ধসের কারণে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকলেও সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে ধসে পড়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

    ভারী বৃষ্টিতে বান্দরবান শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে

    ছবির উৎস, RATAN

    ছবির ক্যাপশান, ভারী বৃষ্টিতে বান্দরবান শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে
  7. হুমকি যতদিন চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

    আব্বাস আরাঘচি

    ছবির উৎস, AFP via Getty Images

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “ইরানের বিরুদ্ধে হুমকি যতদিন অব্যাহত থাকবে, ততদিন চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে না।”

    মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, “সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ সম্পূর্ণ পরিষ্কার এবং দ্ব্যর্থহীন: ইরানের বিরুদ্ধে হুমকি যতদিন অব্যাহত থাকবে, ততদিন চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে না। আপনার স্বাক্ষরের প্রতি অটল থাকুন।”

    কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ বক্তব্যে আবারও ইরানকে হুমকি দেন। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে তিনি “কাজটি শেষ করবেন”।

    এরপর নিজের সবশেষ পোস্টে আব্বাস আরাঘচি আয়াতুল্লাহ ইরোনের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, “লাখো গর্বিত ইরানি ঐক্য ও সংহতির সঙ্গে একত্রিত হয়েছিল” ইরানের সাবেক নেতার প্রতি “শ্রদ্ধা জানাতে”।

    “তারা কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী—কেউই কোনো হুমকিকে ভয় পায় না,” জোর দিয়ে বলেন তিনি।

  8. চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

    বুক সমান বন্যার পানিতে দুই জন নারী। একজনের কাঁধে একটি বস্তা, আরেকজনের হাতে একটি সবুজ প্লাস্টিকের বালতি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে প্রতি বছরই বন্যার কবলে পড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল (ফাইল ছবি)

    চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    মঙ্গলবার বন্যা তথ্য কেন্দ্রের সবশেষ বার্তায় বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বৃদ্ধির পরিস্থিতিও জানানো হয়। এই সময়ে বন্দর নগরী চট্টগ্রামে সব থেকে বেশি বৃষ্টিপাত, ২৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

    বন্যা তথ্য কেন্দ্রের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

    যার ফলে এসব অঞ্চলের নদী সংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

    এছাড়া উজানে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

    এসব জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    এছাড়া রংপুরের তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে বলেও জানানো হয়েছে।

    বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলছেন, আগামী তিন থেকে চার দিন ভারীবৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় নদনদীর পানি বেড়ে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

    তবে, “তিন থেকে চারদিন পর বৃষ্টির মাত্রা কমে আসার সঙ্গে সঙ্গে নদ-নদীর পানিও কমতে শুরু করবে। ফলে এখনই বন্যা স্থায়ী রূপ নেওয়ার শঙ্কা কম,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

  9. পাকিস্তানের বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় নয়জন পুলিশ সদস্য নিহত, মুহাম্মদ কাজিম, বিবিসি উর্দু, কোয়েটা

    কাঁটাতারের সামনে দাঁড়িয়ে আছেন একজন অস্ত্রধারী নিরাপত্তারক্ষী

    ছবির উৎস, Getty Images

    পাকিস্তানের বেলুচিস্তানের জিয়ারত জেলার মাঙ্গি এলাকায় অস্ত্রধারীদের হামলায় অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

    জেলার ডেপুটি কমিশনার আবদুল কুদ্দুস আসাকজাই নিশ্চিত করেছেন যে, নির্মাণাধীন মাঙ্গি ড্যাম এলাকায় ঘটনাটি ঘটেছে।

    তার মতে, যেসব সদস্যের ওপর হামলা চালানো হয়েছে তারা নির্মাণকাজের স্থানে দায়িত্ব পালন করছিলেন।

    ডেপুটি কমিশনার জানান, হামলায় অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

    এ ঘটনার প্রতিবাদে গত রাত থেকে পাশের পিশিন জেলার জাতীয় মহাসড়কে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা বলছেন, বিপুল সংখ্যক অস্ত্রধারী ওই এলাকায় প্রবেশ করে ২০ জনের বেশি পুলিশ কর্মকর্তাকে অপহরণ করেছে।

    বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক সহকারী শাহিদ রিন্দ বলেছেন, ডিএসপি গোলাম সরওয়ারসহ আটজন পুলিশ সদস্য দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে নিরাপদে কুচ থানা এলাকায় পৌঁছেছেন। এছাড়া রিজওয়ান নামের একজন কনস্টেবলকেও উদ্ধার করা হয়েছে।

    এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক সহকারী শাহিদ রিন্দের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে সম্পৃক্ত ছিল।

    ২০২৪ সালের আগস্ট থেকে পাকিস্তান সরকার সব মন্ত্রণালয় ও সরকারি বিভাগকে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ক্ষেত্রে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহারের নির্দেশ দিয়েছে।

    মাঙ্গি কোথায়?

    মাঙ্গি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

    কোয়েটার পানির সংকট মোকাবিলার লক্ষ্যে বেলুচিস্তান সরকার এখানে বহু বিলিয়ন রুপি ব্যয়ে মাঙ্গি ড্যাম নির্মাণ করছে।

    অতীতেও মাঙ্গি এলাকায় হামলার ঘটনা ঘটেছে।২০২১ সালের আগস্টে সেখানে একটি স্থলমাইন বিস্ফোরণে লেভিস ফোর্সের তিন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন।

  10. স্থানীয় সরকার নির্বাচন দশ থেকে বারো মাসের মধ্যে শেষ হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    তথ্য অধিদপ্তর এর সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা

    ছবির উৎস, PID

    ছবির ক্যাপশান, তথ্য অধিদপ্তর এর সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা

    অগাস্ট মাসে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

    মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর এর সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    নির্বাচন কমিশনের বরাত দিয়ে মি. রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওড়, উত্তর-পূর্ব অঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল এবং সমতল এভাবে ভাগ করে সময় নির্ধারণ করা হয়েছে।

    “নির্বাচন শুরু হওয়ার পরে দশ থেকে বারো মাস, অর্থাৎ এই অক্টোবরে যদি শুরু হয় পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে, ২০২৭ এর অক্টোবর নাগাদ,” বলেন মি. রহমান।

    তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন পৃথক প্রাথমিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়ন করেছে।

    “ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে,” বলেন তিনি।

  11. ফ্রান্সের প্রেসিডেন্টের সফরের সময় দামেস্কে বিস্ফোরণ

    একটি ভবনের বাইরে আগুন জ্বলছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দামেস্কের দুটি স্থানে বিস্ফোরণে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সিরিয়া সফরের সময় দেশটির রাজধানী দামেস্কের কেন্দ্রীয় এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে এই বিস্ফোরণ হলেও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নিরাপদ আছেন।

    বর্তমানে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক ও আলোচনার জন্য দামেস্কে অবস্থান করছেন। প্রেসিডেন্ট প্রাসাদে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

    একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে, দুটি পৃথক স্থানে বিস্ফোরণের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    সিরিয়া সফর শেষে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নেটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন।

    প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদের তথ্য অনুযায়ী, তার সফরসূচি পরিকল্পনা অনুযায়ীই চলছে এবং এতে কোনো পরিবর্তন আনা হয়নি।

    বিস্ফোরণের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, দামেস্কের একটি হোটেলের কাছে একটি গাড়ি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে।

    এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট আহমেদ আল-শারা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রেসিডেন্ট প্রাসাদে স্বাগত জানিয়েছেন।

    বিবিসি ভেরিফাই বিস্ফোরণের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখেছে, রাজধানীর অন্যতম প্রধান সড়ক শুকরি আল-কুয়াতলি স্ট্রিটের ফুটপাথে বিস্ফোরণগুলো ঘটেছে। স্থানটি দামেস্কের ফোর সিজনস হোটেল থেকে প্রায় ১২৫ মিটার দূরে।

    ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদে যাওয়ার পথে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি।

    সোমবার সন্ধ্যায় সিরিয়ায় পৌঁছানো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসানের পর সিরিয়া সফরকারী ইউরোপীয় ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান।

    জুলাইয়ের শুরুতে দামেস্কের কেন্দ্রস্থলের একটি ব্যস্ত ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং আরও ২২ জন আহত হন বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছিল।

  12. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের বিশ্বকাপে এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ জানিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ-ও বলেন, ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে “সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”
    • তেহরানে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল শোকযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
    • বাংলাদেশে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। তবে আমরা অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।
    • শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে একটি কারাগারে বন্দীদের দুটি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে চারজন কারারক্ষী এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
    • ইরাকের মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির “স্মরণ সদর দপ্তরের” একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে জনসাধারণের জন্য কোনো “পাবলিক ফেয়ারওয়েল বা বিদায় অনুষ্ঠান” হবে না। বৃস্পতিবার জানাজা ও দোয়ার পর আলী খামেনির দাফন সম্পন্ন হবে।
    • জুন মাসে গ্রাহকদের অনেকের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগের বিষয়ে জ্বালারি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে যান্ত্রিক বা মনুষ্য ত্রুটির কারণে বিলে এই ধরনের ত্রুটি থাকতে পারে।
    • খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়ায় গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
    • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যদি নিজের এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সারাদেশের মাদক ও আইনশৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করবেন বলে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
    • সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পরবর্তী ৪৮ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে