লাইভ, মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্র রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান। এদিকে, বাংলাদেশে এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছে "তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না" বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব. ) মো. মোজাফফর হোসেনকে আটক করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
    • যুক্তরাষ্ট্র রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান।
    • যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে লোহিত সাগরে তেল পরিবহনের পথ অবরুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথিদের ইরান নির্দেশ দিয়েছে বলে তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
    • সৌদি আরব ও কুয়েতের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
    • এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছে "তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না" বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • রোহিঙ্গা ও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে আসার পরে ভারতীয় নথি জোগাড় করে দেওয়ার এক নেটওয়ার্কের খোঁজে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গসহ চার রাজ্যের ১৩টি জায়গায় অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
    • গত ১৯ দিন ধরে দিল্লিতে অনশনতরত ভারতের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাই কোর্ট। সরকারকে অবিলম্বে তার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
    • কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছেই অবস্থিত গৌরীপুর জামা মসজিদ বা বাঁকরা মসজিদ বন্ধের ঘটনায় শুক্রবার প্রতিবাদের ডাক দিলেন পশ্চিমবঙ্গের সাবেক গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
    • ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।
    • কানাডাজুড়ে এখন ৮০০টিরও বেশি দাবানল জ্বলছে এবং সেই ধোঁয়ায় বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
    • মিয়ানমার উপকূলে পাঁচ শতাধিক মানুষ নিয়ে দুটি নৌকা ডুবে যাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

    যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

    যুক্তরাষ্ট্র রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান।

    তেহরান জানিয়েছে, জর্ডান, কুয়েত ও বাহরাইনসহ ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

    এর ফলে যুদ্ধ বন্ধে হওয়া প্রাথমিক সমঝোতা কার্যত ভেঙে গিয়ে টানা ষষ্ঠ দিনের মতো সংঘাত চলতে থাকে।

    এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা একাধিক দফায় বিভিন্ন স্থানে ছয় ঘণ্টাব্যাপী হামলা চালিয়েছে।

    যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা যাতে ইরানি বাহিনীর আরও কমে যায়, সে লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।

    চলমান এই হামলা-পাল্টা হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, "তাদের ঠিকভাবে আচরণ করাই ভালো।"

    সাম্প্রতিক এই হামলা-পাল্টা হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ইরানের উচিত বাড়াবাড়ি না করা।

    তিনি আরও বলেন, ইরান আলোচনায় না ফিরলে ইরানকে আরও সামরিক পদক্ষেপের মুখে পড়তে হবে।

  3. প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের সিদ্ধান্তে জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

    ফেদোরভকে সরানোর প্রতিবাদে দুই তরুণ বিক্ষোভ
    ছবির ক্যাপশান, ফেদোরভকে সরানোর প্রতিবাদে বিক্ষোভ

    ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।

    বৃহস্পতিবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশির ভাগ তরুণ-তরুণীসহ অনেক বিক্ষোভকারী জড়ো হন। তাদের হাতে ছিল "ফেদোরভকে সরানো চলবে না" কিংবা "বিজয়ের পথে বাধা দেওয়া বন্ধ করো" লেখা নানা প্ল্যাকার্ড এবং ওইসময় তারা "লজ্জা! লজ্জা" বলে স্লোগান দেন।

    ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তে দেশটির বিশ্লেষক থেকে শুরু করে সামরিক বাহিনীর সদস্য ও নাগরিক সমাজের একাংশের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

    ফেদোরভকে সরানোর পেছনে তার সঙ্গে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কির বিরোধ কাজ করেছে, এমন একটি আলোচনা চলছিল। পরে ফেদোরভ ও জেলেনস্কির বক্তব্যে সেই ধারণাই আরও জোরালো হয়।

    বৃহস্পতিবার ফেদোরভ জানান, তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি এবং চিফ অব দ্য জেনারেল স্টাফ আন্দ্রি হ্নাতভকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

    একই দিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি স্বীকার করেন, জেনারেল স্টাফ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে "কাঠামোগত দ্বন্দ্ব" ছিল।

    তিনি বলেন, তার মধ্যস্থতা ছাড়া সিরস্কি ও ফেদোরভ একসঙ্গে কাজ করতে পারতেন না।

    ফেদোরভ নিজেও সংবাদ সম্মেলনে বলেন, "প্রেসিডেন্ট যখন জানিয়ে দিলেন যে তিনি সিরস্কিকে বদলাবেন না, তখন আমি বলেছিলাম যে তার সঙ্গে সমন্বয় করে কাজ করবো।"

    তবে তিনি অভিযোগ করেন, "আমরা যেসব উদ্যোগ নিয়েছিলাম, সেগুলোর সবই আটকে দেওয়া হয়েছিল।"

  4. জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে গ্রেফতারের তথ্য ডিবির

    জিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি হয়েছিল
    ছবির ক্যাপশান, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় মোজাফফর হোসেনসহ ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি হয়েছিল

    বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব. ) মো. মোজাফফর হোসেনকে আটক করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    গতকাল বুধবার রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপির ডিবি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও তারা উল্লেখ করেছে।

    ১৯৮১ সালের ৩০শে মে ভোরে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

    ঘটনার আগের দিন, অর্থাৎ ১৯৮১ সালের ২৯শে মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই দিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন।

    তার সফরের মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন।

    পরিকল্পনা অনুযায়ী, প্রথমদিন নেতাকর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক শেষে মধ্যরাতে ঘুমাতে যান মি. রহমান।

    এর কয়েক ঘণ্টার মধ্যেই সেনাবাহিনীর একটি দল তার উপর গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।

    ঘটনার পর ৩০শে মে সকালে রেডিওতে প্রথমবারের মতো জিয়াউর রহমানের মৃত্যুর খবর ঘোষণা করা হয়।

    তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরদিন বেশিরভাগ পত্রিকাতেই সেটি প্রধান শিরোনাম হয়েছিল
    ছবির ক্যাপশান, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরদিন বেশিরভাগ পত্রিকাতেই সেটি প্রধান শিরোনাম হয়েছিল
  5. রোহিঙ্গা ও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি বানানোর নেটওয়ার্কের খোঁজে তল্লাশি

    রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি জাল নথির হাবের খোঁজে ইডির অভিযান

    ছবির উৎস, Diptendu Dutta/NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের ১৩টি জায়গায় অভিযান ইডির, প্রতীকী ছবি

    রোহিঙ্গা ও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে আসার পরে ভারতীয় নথি জোগাড় করে দেওয়ার এক নেটওয়ার্কের খোঁজে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গসহ চার রাজ্যের ১৩টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

    বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তারা অভিযান চালিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

    এই নেটওয়ার্কের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হতো বলেও সন্দেহ করছেন তদন্তকারীরা। ওই নেটওয়ার্কের মাধ্যমে অবৈধপথে অর্থ পাচার বা মানি লন্ডারিংয়ের ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শাখা ইডি।

    তদন্ত সংস্থার কর্মকর্তাদের উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের অধীন রেজিস্ট্রি করা কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকলাপের ব্যাপারে নির্দিষ্টভাবে তদন্ত চালানো হচ্ছে। ওই সংস্থাগুলো যুক্তরাজ্য-ভিত্তিক কিছু সংস্থার কাছ থেকে অনুদান পেত বলে কর্মকর্তারা পিটিআইকে জানিয়েছেন।

    অবৈধপথে সীমান্ত পেরিয়ে ভারতে আসাদের জন্য মোটা টাকার বিনিময়ে জাল নথি তৈরি করে দেওয়ার কর্মকাণ্ড চলছে বলে অনুমান তদন্তকারীদের। আধার কার্ড, এপিক, প্যান কার্ড থেকে শুরু করে ই শ্রম কার্ডের মতো জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে সেই নথি দেখিয়ে পশ্চিমবঙ্গ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষত, কর্নাটক, তামিলনাডু, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে দালালদের হাত ধরে পৌঁছে যান অনুপ্রবেশকারীরা, এমন খবর পাওয়ার পরেই অভিযানে নেমেছে ইডি।

    বৃহস্পতিবার উত্তর প্রদেশের সাহারানপুর, দিল্লির জামিয়া নগর, হরিয়ানার বল্লভগড় এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে অভিযান চালানো হয়েছে।

  6. কানাডায় ৮৫৭টি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

    কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক শহরের বায়ুর মান খারাপ হয়েছে। বুধবার শহরটির আকাশ ধোঁয়াটে দেখা যায়।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক শহরের বায়ুর মান খারাপ হয়েছে

    কানাডাজুড়ে এখন ৮০০টিরও বেশি দাবানল জ্বলছে এবং সেই ধোঁয়ায় বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দেশটির মিশিগান অঙ্গরাজ্য এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকার বায়ুর মান 'বিপজ্জনক' পর্যায়ে পৌঁছেছে।

    তাই, ওইসব স্থানের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনওএএ) জানিয়েছে, আপার মিডওয়েস্ট, গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাজুড়ে এই সতর্কতা কার্যকর রয়েছে।

    কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৮৫৭টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই নতুন করে ২৩টি দাবানলের সূত্রপাত হয়েছে।

    কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম বলছে, অধিকাংশ দাবানলই এখনো নিয়ন্ত্রণের বাইরে।

    বিশেষ করে, অন্টারিও'র পশ্চিমাঞ্চলের বড় বড় দাবানল তৈরি হয়েছে এবং সেগুলো থেকে তৈরি হওয়া ঘন ধোঁয়ায় দেশটির থান্ডার বে ও টরন্টো'র বায়ুর মানের মারাত্মক অবনতি হয়েছে।

    একই সঙ্গে অপেক্ষাকৃত হালকা ধোঁয়া উঁচু বায়ুমণ্ডল দিয়ে গ্রেট লেকস পেরিয়ে নিউইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে আকাশ ধোঁয়াটে দেখা যাচ্ছে, আর সূর্যোদয় ও সূর্যাস্ত স্বাভাবিকের তুলনায় বেশি লালচে দেখাতে পারে।

  7. হুথিদের লোহিত সাগরের তেল পরিবহন পথ বন্ধের প্রস্তুতি নিতে বলেছে ইরান: রয়টার্স

    হুতিদের একটি মিছিলে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছবি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, সংঘাত পরিস্থিতি গভীর হলে ইরান মধ্যপ্রাচ্যে তাদের মিত্র শক্তিগুলোকে বিভিন্নভাবে কাজে লাগাবে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল

    যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে লোহিত সাগরে তেল পরিবহনের পথ অবরুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথিদের ইরান নির্দেশ দিয়েছে বলে তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

    এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য নতুন হুমকি তৈরি করতে পারে।

    বিষয়টি ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতাদের মধ্যে আলোচনা হয়েছে এবং ইয়েমেনে ইরানের মিত্র হুথিদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের দুটি জ্যেষ্ঠ সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি আঞ্চলিক সূত্র। সংবেদনশীলতার কারণে তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন।

    তারা জানান, তেহরানের অনুরোধ সম্পর্কে হুথিরা খুব সম্প্রতি জানতে পেরেছে, যা এর আগে প্রকাশ্যে জানা যায়নি।

    রয়টার্সের সূত্রগুলো ব্যাখ্যা করেনি কীভাবে এই বার্তা পাঠানো হয়েছে বা এটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার হুমকির পর তা পাঠানো হয়েছিল কি না।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথিদের একজন মুখপাত্র রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেননি।

  8. কলকাতা বিমানবন্দরের ভেতরে মসজিদ বন্ধের বিরুদ্ধে প্রতিবাদের ডাক

    সিদ্দিকুল্লা চৌধুরী

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, সিদ্দিকুল্লা চৌধুরী

    কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছেই অবস্থিত গৌরীপুর জামা মসজিদ বা বাঁকরা মসজিদ বন্ধের ঘটনায় শুক্রবার প্রতিবাদের ডাক দিলেন পশ্চিমবঙ্গের সাবেক গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

    বিমানবন্দরের ভেতরে অবস্থিত এই মসজিদ গত শনিবার থেকে বন্ধ রয়েছে। দ্বিতীয় রানওয়ের সম্প্রসারণ এবং বিমান বন্দরের সুরক্ষার কারণে মসজিদ সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    এই বিষয়ে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার মসজিদ কমিটি একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সেখানে মি. চৌধুরী বলেন, “১৩৬ বছরের পুরানো মসজিদে অন্যায় ও অবৈধভাবে নামাজ বন্ধের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব।”

    পাশাপাশি, তিনি জানিয়েছেন, ওই মসজিদে যারা এতদিন ধরে নামাজ পড়ে এসেছেন তারা আগামীকাল সেখানে উপস্থিত হবেন নামাজ পড়ার জন্য।

    “আমি অনুরোধ করব আমাদের যেন নামাজ আদায় করতে দেওয়া হয়। যদি ঢুকতে না দেয় তাহলে ধস্তাধস্তি করব না। আমরা শান্তিপ্রিয়,” বলেছেন তিনি।

    সরকারকে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সুরাহা খোঁজার কথা বলেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, অবিলম্বে যেন তাদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

    বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের সময় এই মসজিদ গিয়ে পড়ে এয়ারপোর্টের অংশে। এই প্রথম নয়, বাম আমলে এবং পরে তৃণমূল সরকারের সময়েও অসামরিক বিমানচলাচল মন্ত্রণালয়ের পক্ষ থেকে মসজিদ অন্যত্র সরানোর বিষয়ে জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর এই বিষয়ে নজর দেয়।

    এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে গত মে মাসে বৈঠক হয়। সেই সময়ে মসজিদ কমিটিকেও জানানো হয়েছিল বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে।

    তবে মসজিদ কমিটির অভিযোগ তাদের এই বিষয়ে কিছুই জানানো হয়নি।

    কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরের একটি দরজা দিয়ে প্রবেশ করার পর, পরিচয়পত্র খতিয়ে দেখে এয়ারপোর্টের শাটল বাস সার্ভিসের চাপিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে যাওয়া হতো। সিআইএসএফ-এর জওয়ানরা এর দায়িত্বে থাকতেন।

    মসজিদ কমিটির দাবি, শনিবার প্রাথমিকভাবে তাদের জানানো হয়েছিল রক্ষণাবেক্ষণের কাজ ও আবহাওয়ার কারণে শনিবার ভোরে মসজিদ বন্ধ রাখা হয়েছে। পরে নামাজ আদায় করতে জড়ো হওয়া স্থানীয় বাসিন্দাদের আবারো জানানো হয় কর্তৃপক্ষের তরফে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আছে। এরপর বিতর্ক শুরু হয়।

    সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ করেন, বুধবার রাতে সংশ্লিষ্ট থানায় গেলেও তাদের অভিযোগ নেওয়া হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেও সহযোগিতা মেলেনি।

    এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “আমরা কাউকেই ধর্ম পালনে বাধা দিচ্ছি না। কিন্তু কলকাতা বিমানবন্দরের অবস্থান আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ, তাই এভাবে মসজিদ খুলে রাখা যায় না।”

  9. হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে দিল্লির নিষেধাজ্ঞা

    ভারতীয় এক নাবিক

    ছবির উৎস, lke Scholiers/Getty Images

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই জাহাজে নাবিক নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারত। জাহাজের মালিক ও নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে দেশটি বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে যেন ভারতীয় নাবিক নিয়োগ না দেওয়া হয়।

    গত সপ্তাহ থেকে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলায় অন্তত দুইজন ভারতীয় নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর এই নির্দেশনা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

    বিশ্বের বাণিজ্যিক জাহাজ খাতে সবচেয়ে বেশি নাবিক সরবরাহকারী দেশগুলোর একটি হলো ভারত। দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তিন লাখ ২০ হাজারেরও বেশি ভারতীয় নাবিক এই খাতে কর্মরত ছিলেন।

    ভারতের নৌপরিবহন মহাপরিদপ্তর গতকাল এক বিবৃতিতে বলেছে, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচল করবে এমন কোনো জাহাজে ভারতীয় নাবিক নিয়োগ দেওয়া যাবে না।"

  10. সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে সরকারি হস্তক্ষেপের নির্দেশ দিল্লি হাইকোর্টের

    ১৯ দিনের অনশনে শারীরিক অবস্থার অবনতি সোনাম ওয়াংচুকের

    ছবির উৎস, PTI

    ছবির ক্যাপশান, দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

    গত ১৯ দিন ধরে দিল্লিতে অনশনতরত ভারতের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাই কোর্ট। সরকারকে অবিলম্বে তার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

    ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা 'নিট'-এর প্রশ্নপত্র ফাঁস এবং তার জেরে কয়েকজন ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনা নিয়ে আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। দলটির দাবি, সারা দেশে অন্তত ২০ জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। তারা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন।

    ওই দাবিতেই ১৯ দিন ধরে অনশন করছেন সোনাম ওয়াংচুক।

    মি ওয়াংচুকের স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি হস্তক্ষেপ চেয়ে করা একটি জনস্বার্থ মামলার (পিআইএল) শুনানির সময়ে প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ তার নিয়মিত শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছে।

    আদালত জানিয়েছে সরকারী চিকিৎসক দ্বারা নিয়মিত তার শারীরিক পরীক্ষা করাতে হবে। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষেণ- দেশের প্রতিটি নাগরিকের জীবন মূল্যবান। তার সুরক্ষার দায়িত্ব সরকারের।

    সোনাম ওয়াংচুকের অনশনের ১৯তম দিনে চিকিৎসক জানিয়েছেন তার ওজন ৯ কেজির বেশি কমেছে। সুগার লেভেলও স্বাভাবিকের থেকে কম।

    বৃহস্পতিবার সকালে দিল্লি মেডিকেল রেজিস্ট্রেশনের সচিব ডা. সতীশ লাম্বা মি ওয়াংচুককে পরীক্ষা করে জানান, তার শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। তার উচ্চ ইউরিক অ্যাসিডের কারণে পেশীর ক্ষয় এবং অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হতে পারে, তাই তাকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখার প্রয়োজন রয়েছে।

    আগামী ২০শে জুলাই ভারতের সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছেন সোনম ওয়াংচুক।

  11. হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু

    একটি শিশুকে টিকা খাওয়ানো হচ্ছে

    ছবির উৎস, Karen Kasmauski via Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশে কয়েক মাস ধরে শিশুদের মধ্যে হামের প্রকোপ বেড়েছে, প্রতীকী ছবি

    বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে।

    এই সময়ের মাঝে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ ও নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৭।

    আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬৮৪ শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর তথ্য জানা গেছে। এছাড়া, নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৫ শিশু।

  12. যারা আন্দোলন করছে তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছে "তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না" বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে একটু ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।"

    তিনি জানান, শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীকে ও সরকারকে জানিয়েছে এবং এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাথে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

    আর পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল থাকার পেছনে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ওই প্রশ্ন দু'টির নম্বরও দেওয়া হবে- বলেন মন্ত্রী।

    "একটি মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন। সেজন্য শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখপ্রকাশ করেছেন।"

    যৌক্তিক দাবিগুলো পূরণের পরও আন্দোলন চালানোর প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে বিব্রত করতে কিছু মহল এটা করছে এবং "সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না।"

    "এই ট্রেন্ডটা ইন্টেরিম সরকারের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া। এসব অপকালচার তখন দেখা গিয়েছে। তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি যে কারণে সেই প্রবণতা এখনও দেখা যাচ্ছে। তবে শিক্ষার মান ক্ষুণ্ন হোক এমন কোনো বিষয় আমরা অ্যালাউ করবো না," বলেন তিনি।

    এদিকে, বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্ত্রী বলেন, "শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিকশন চুক্তি অনুযায়ী (পত্র দিয়েছি), ইন্টেরিম সরকারের সময়েও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই।"

    "তিনি বিচারের মুখোমুখি হোক। ইতোমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কি না, সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে দেশে ফিরলে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার সুযোগ থাকে, সেটা আইন-আদালত বুঝবে। তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে," বলেন সালাহউদ্দিন আহমদ।

    শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার ফেরত আসুন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  13. মিয়ানমার উপকূলে নৌকাডুবে পাঁচ শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

    মালয়েশিয়ার লাংকাউয়ি দ্বীপের কাছে রোহিঙ্গা শরণার্থীদের একটি নৌকা (ফাইল ফটো)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মালয়েশিয়ার লাংকাউয়ি দ্বীপের কাছে রোহিঙ্গা শরণার্থীদের একটি নৌকা (ফাইল ফটো)

    মিয়ানমার উপকূলে পাঁচ শতাধিক মানুষ নিয়ে দুটি নৌকা ডুবে যাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

    আইওএম-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী জুনের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৌকা দুটি যাত্রা শুরু করে এবং নৌকার বেশিরভাগ যাত্রীই ছিলেন রোহিঙ্গা। তাদের মাঝে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে যাওয়া কিছু মানুষও ছিলেন বলে জানা গেছে।

    বিবৃতিতে বলা হয়, এর মধ্যে একটি নৌকায় যাত্রী ছিল প্রায় ২৫০ জন, যা যাত্রা শুরুর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যটিতে ছিল প্রায় ২৮০ জন এবং সেটি গত আটই জুলাই মিয়ানমারের ইরাবতী উপকূলে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

    যদিও নৌকাডুবির ঘটনা এবং হতাহতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবুও সম্ভাব্য বিপুল প্রাণহানির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইওএম ও ইউএনএইচসিআর।

    দুই সংস্থা বলছে, বছরের এ সময়ে সাধারণত সমুদ্র বেশি উত্তাল থাকায় নৌপথে যাতায়াত করাটা ঝুঁকিপূর্ণ। তার ওপর সাম্প্রতিক ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

    যদি নৌকাডুবির এই ঘটনা দু'টো সত্যিই ঘটে থাকে, তাহলে চলতি বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নিখোঁজ বা প্রাণ হারানো মানুষের সংখ্যা প্রায় ৮০০-তে পৌঁছাবে।

    এর মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

  14. সৌদি আরব ও কুয়েতের ২০০ কোটির বেশি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের পতাকা

    ছবির উৎস, Getty Images

    সৌদি আরব ও কুয়েতের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে যে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য সৌদি আরবের কাছে প্রায় ১.৯৬ বিলিয়ন বা ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই বাড়তে থাকার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হলো।

    মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, “এই বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্যকে সমর্থন করে, কারণ এর মাধ্যমে নেটোভুক্ত নয় এমন একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশের নিরাপত্তা জোরদার হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

    দপ্তরটি আরও জানিয়েছে, সৌদি আরবের জন্য প্রস্তাবিত চুক্তির আওতায় বিমান থেকে আকাশে এবং বিমান থেকে ভূ-পৃষ্ঠে পরিচালিত অভিযানে ব্যবহারের জন্য 'অ্যাডভান্সড প্রিসিশন উইপন সিস্টেম'-এর সর্বোচ্চ ২০ হাজার গাইডেন্স ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি থাকবে লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা।

    এদিকে, কুয়েতের জন্য বিমানসংক্রান্ত প্রযুক্তিগত সহায়তার একটি পৃথক ৪৮৪ মিলিয়ন বা ৪৮ কোটি ৪০ লাখ ডলারের প্যাকেজও অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

    কুয়েতের সঙ্গে অস্ত্র বিক্রয় চুক্তির মধ্যে সি-১৭ যুদ্ধবিমান সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা ও সংশ্লিষ্ট সরঞ্জামও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আছে যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সেবা, সফটওয়্যার, প্রশিক্ষণ এবং লজিস্টিক সেবা। কংগ্রেসের পর্যালোচনা শেষে এই অস্ত্র বিক্রয় চূড়ান্ত করা হবে এবং বাস্তবায়ন করা হবে।

  15. ইরানে ছয় ঘণ্টা ধরে হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

    মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর ভাষ্যমতে ইরানের ওপর হামলার সময় একটি অজ্ঞাত স্থানে বিস্ফোরণ থেকে ধোঁয়া উঠছে

    ছবির উৎস, U.S. Central Command/Handout via REUTERS

    ছবির ক্যাপশান, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর ভাষ্যমতে ইরানের ওপর হামলার সময় একটি অজ্ঞাত স্থানে বিস্ফোরণ থেকে ধোঁয়া উঠছে

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের একাধিক স্থানে ছয় ঘণ্টাব্যাপী হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে “নির্দোষ নৌযানচালকদের হুমকির মুখে ফেলার ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করা”।

    এদিকে, তেহরান জানিয়েছে, তারা ওই অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে জর্ডান, কুয়েত ও বাহরাইনও রয়েছে।

    যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া নিয়ে চাপ বাড়ার মধ্যেই নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা ষষ্ঠ দিনে গড়িয়েছে।

    সাম্প্রতিক হামলাগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা স্থাপনা এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে বন্দরনগরী বন্দর আব্বাস এবং গ্রেটার টুনব দ্বীপও রয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

    ইরানজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

    এর কিছুক্ষণ পরই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো হামলার খবর দেয়।

    কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে।

    ইরানের সামরিক বাহিনী আরও বলেছে, তাদের সর্বশেষ হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    পৃথকভাবে, বুধবার যুক্তরাষ্ট্র কুরাসাওর পতাকাবাহী একটি খালি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেটি অচল করে দেয়। সেন্টকমের দাবি, জাহাজটি অবরুদ্ধ একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল।

    সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, তারা “ভদ্র আচরণ করাই ভালো”, অন্যথায় আলোচনায় ফিরে না এলে আরও সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

  16. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশের বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • "তিনি আসবেন এবং আসার পর তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে তার রায় কার্যকর করা হবে"- বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে এ কথা বলেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন জানিয়েছেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে পাঁচটি উদ্যোগ নেওয়া হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে।
    • ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা শুরু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তারা বলছে, ইরানি সময় আজ বুধবার দুপুর দেড়টা থেকে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।
    • বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো পথে নামেন এইচএসসি পরীক্ষার্থীসহ বিক্ষোভকারীরা। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের খবর পাওয়া গেছে।
    • প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • চলতি বছরের বিগত ছয় মাসে বাংলাদেশে গণপিটুনি ও 'মব' সহিংসতায় ২৬১টি ঘটনায় ১৩৩ জন নিহত ও ২৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি–এইচআরএসএস’।
  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে