পত্রিকা: 'আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার: যুক্তরাষ্ট্র'

আজ রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় গুরুত্ব পেয়েছে মিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার খবর, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফরের নানা খবর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে নানা ধরনের সংবাদ।
টাইমস অফ বাংলাদেশের খবর- US says AL ban Bangladesh's internal matter অর্থাৎ যুক্তরাষ্ট্র বলেছে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
এ খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বলেছে, আওয়ামী লীগে ওপর নিষেধাজ্ঞাসহ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়। সেই সঙ্গে ওয়াশিংটন জানিয়েছে, ঢাকার নতুন নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী অবস্থানে রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্ক ফরেন প্রেস সেন্টারে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন।
আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে কী-না, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌম অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট পদক্ষেপের পরামর্শ দেবে না।
ওই কর্মকর্তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য না করে বলেন, বাংলাদেশের সঙ্গে এবং বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে 'খুব ভালো অবস্থানে' রয়েছে।

End of বিবিসি বাংলায় আরও পড়ুন

নিউ এইজ পত্রিকার খবর - Over 900 bodies recovered from rivers in 20 months অর্থাৎ নদী থেকে ২০ মাসে ৯০০টির বেশি মরদেহ উদ্ধার।
গত ২০ মাসে দেশের বিভিন্ন নদী থেকে ৯২০টি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এর মধ্যে ২০২৫ সালে ৫৪১টি এবং চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশজুড়ে খুন, ধর্ষণ, অপহরণ ও ডাকাতির মতো অপরাধ বাড়তে থাকার মধ্যে নদী থেকে বিপুলসংখ্যক মরদেহ উদ্ধারের ঘটনা উদ্বেগ তৈরি করেছে।
অপরাধ বিশ্লেষক ও মানবাধিকারকর্মীদের মতে, পেশাদার অপরাধীরা হত্যার পর আলামত নষ্ট করতে নদীকে নিয়মিত ব্যবহার করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তাদের মতে, মরদেহের সঙ্গে ভারী কিছু বেঁধে নদীতে ফেলে দিলে হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় পায়।
পাশাপাশি নদীর স্রোতে মরদেহ দূরে ভেসে যাওয়ায় ঘটনাস্থল শনাক্ত করা এবং হত্যার তদন্ত করাও কঠিন হয়ে পড়ে।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
সমকাল পত্রিকার খবর - নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ। খবরে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও অনেক প্রার্থী নিয়োগপত্র পাননি, যা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা।
ভেরিফিকেশন বা প্রশাসনিক যাচাই-বাছাই শেষে বিপুলসংখ্যক প্রার্থীর নাম নিয়োগপত্রের তালিকায় না থাকায় তারা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
'কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫' নামে সুপারিশপ্রাপ্তদের একটি প্ল্যাটফর্ম পাঁচ দফা দাবি জানিয়েছে—যার মধ্যে রয়েছে বাদ পড়া প্রার্থীদের নথি পুনরায় যাচাই এবং নিজেদের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ।
বাদ পড়া প্রার্থীর সঠিক সংখ্যা নিশ্চিত না হলেও, প্রার্থীদের একাংশের দাবি অনুযায়ী এ সংখ্যা প্রায় আড়াই হাজার, আবার অন্য হিসাবে তা ২ হাজার ২০০-র বেশি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, নিয়োগপত্র নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাদের ভাষ্য, ১ অক্টোবরের মধ্যে কেউ নিয়োগপত্র না পেলে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ে ধাপে ধাপে তা দেওয়া হবে। যাচাই-বাছাই বা ভেটিং প্রক্রিয়া নিয়মিত কার্যক্রমেরই অংশ বলেও জানানো হয়েছে।

কালের কণ্ঠ পত্রিকার খবর- জাসদ অফিস থেকে 'আওয়ামী লীগ' সন্দেহে প্রায় তিন শ আটক।
খবরে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে 'আওয়ামী লীগ' সন্দেহে বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেল ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, 'ওই অফিস থেকে প্রায় তিন শ লোককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।
এর মধ্যে অর্ধেক লোকজনকে শাহজাহানপুর থানায় নেওয়া হয়। তাঁদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে।'
তাঁদের শাহজাহানপুর থানায় কেন নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'পল্টন থানায় এত লোকজনকে নিয়ে রাখার জায়গা নেই।

আজকের পত্রিকার খবর - এলপিজিতেও সংকট দাম আরও বাড়তি। এ খবরে বলা হয়েছে, দেশে এলপিজি আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ সিলিন্ডারজাত গ্যাসের সংকট দেখা দিয়েছে।
এই সুযোগে সরকারের নির্ধারিত দামের চেয়ে স্থানভেদে ১২ কেজির সিলিন্ডারে ৬০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। সিলিন্ডারের আকারভেদে দাম বেড়েছে অন্তত ৩৮ শতাংশ।
সরকারের দাম নির্ধারণকারী সংস্থা বিইআরসি বলছে, দেশে এলপিজির কোনো সংকট নেই এবং সরবরাহ কমানোর কারণ খতিয়ে দেখা হবে।
তবে কোম্পানিগুলোর দাবি, ডিলার, পরিবেশক ও খুচরা বিক্রেতারা মজুত করে বাড়তি মুনাফা করছেন।
অন্যদিকে ডিলারদের অভিযোগ, আগামী মাসে দাম বাড়ার আশঙ্কায় কোম্পানিগুলো সরবরাহ কমিয়েছে।
পাইপলাইনের গ্যাসের সংকট ও নতুন সংযোগ বন্ধ থাকায় রান্না থেকে শুরু করে রেস্তোরাঁ ও ছোট ব্যবসায় সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরতা বেড়েছে।
ফলে সংকটের দায় যে পক্ষেরই হোক, বাড়তি দামের কারণে শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরাই। এ পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্বল নজরদারি ও তদারকিকে দায়ী করছেন ভোক্তারা।

বণিক বার্তা পত্রিকার খবর- বাংলাদেশের আইসিটি খাতে ভূরাজনৈতিক দ্বন্দ্ব। এ খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রযুক্তি বাজার দ্রুত বড় হচ্ছে। ব্যবসা, ব্যাংকিং, টেলিযোগাযোগ, শিল্প ও সরকারি সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ায় ক্লাউড, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণের চাহিদাও বাড়ছে।
ফলে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠছে।
এখন পর্যন্ত মার্কিন, ইউরোপীয় ও ভারতীয় কোম্পানিগুলোর শক্ত অবস্থান থাকলেও টেলিযোগাযোগে দীর্ঘদিনের অভিজ্ঞ চীনা প্রযুক্তি কোম্পানিগুলো সফটওয়্যার, ক্লাউড, ডেটা সেন্টার ও আর্থিক প্রযুক্তিতে ঢুকছে।
অর্থাৎ, বাংলাদেশের দ্রুত বাড়তে থাকা প্রযুক্তি বাজারকে ঘিরে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ভারতের কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায়িক প্রতিযোগিতা বাড়ছে, যার সঙ্গে ভূরাজনীতিরও যোগ তৈরি হচ্ছে।
২০২৪ সালে দেশের আইসিটি বাজারের আকার ছিল প্রায় ৮০০ কোটি ডলার। পূর্বাভাস অনুযায়ী, ২০৩২ সালে তা ২ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।

প্রথম আলো পত্রিকার খবর- গুঁড়িয়ে দেওয়া সেই স্বাস্থ্যকেন্দ্রের ফটকে দেওয়া হলো টিকা। খবরে বলা হয়েছে, মিরপুরের রাড্ডা এমসিএইচ এফপি সেন্টার ভাঙচুরের পরও বাইরে ফাঁকা জায়গায় বসে শিশুদের টিকাদান ও চিকিৎসাসেবা চালু রেখেছেন স্বাস্থ্যকর্মীরা।
এতে গরমে শিশুদের ভোগান্তি হলেও টিকা নিতে এসেছেন অভিভাবকেরা। কেন্দ্রটির স্বাস্থ্যকর্মীরা ২১ শিশুকে টিকা এবং ৫১ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন।
ভাঙচুরের ঘটনায় ক্ষোভ জানিয়ে এক অভিভাবক বলেন, এমন ঘটনা ঠিক হয়নি।
মাথার ওপর ত্রিপল, নিচে কয়েকটি চেয়ার-টেবিল। সামনে লাইন ধরে শিশুসন্তান নিয়ে বসে আছেন মায়েরা।
এই অস্থায়ী ব্যবস্থায় গতকাল শনিবার শিশুদের টিকা দেওয়া হয়েছে রাজধানীর মিরপুর ১-এ অবস্থিত স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের মূল ফটকের সামনে।
গতকাল সরেজমিনে দেখা যায়, অস্থায়ী টিকাদানকেন্দ্রে কেউ চেয়ারে বসে অপেক্ষা করছেন, কেউ শিশুদের নিয়ে দাঁড়িয়ে আছেন। খোলা জায়গায় গরমে অস্বস্তিতে পড়ছে শিশুরা। স্বাস্থ্যকর্মীদেরও কাজ করতে ভোগান্তি হচ্ছে।

দেশ রূপান্তর পত্রিকার খবর - মধ্যপ্রাচ্যের ৩ দেশের সঙ্গে সম্পর্ক গভীরে জোর।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল চার দিনে মোট ৮০টি কর্মসূচিতে অংশ নিয়েছে।
এর মধ্যে প্রধানমন্ত্রী নিজে সাধারণ পরিষদে ভাষণ দেওয়াসহ প্রায় ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
জাতিসংঘের মূল কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি বিশ্বে শান্তি, ন্যায়বিচার ও মানবতা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
দ্বিপক্ষীয় বৈঠকে তুরস্ক, ইরান, পাকিস্তান, ভুটান, হাইতি, ক্রোয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও সুইডেনের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।
বৈঠকগুলোতে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

মানবজমিন পত্রিকার খবর - নয়া কৌশলে নাশকতার ছক, ৩০ সেকেন্ডের মিশন। খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ও আশপাশের এলাকায় অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতার ঘটনা ঘটাচ্ছে বলে গোয়েন্দা সূত্রের দাবি।
ইতিমধ্যে এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের ভাষ্য, নতুন কৌশলে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে মিছিল, স্লোগান, ভিডিও ধারণ এবং দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে অংশগ্রহণকারীরা।
পরে ধারণ করা ভিডিও গোপন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিদেশে পাঠানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
শনিবার ধানমণ্ডির ২৭ নম্বর এলাকায় এমন একটি ঝটিকা মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। গোয়েন্দা সূত্রের দাবি, এসব ঘটনাকে প্রাথমিকভাবে 'টেস্ট কেস' হিসেবে দেখা হচ্ছে এবং সামনে আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনা থাকতে পারে।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর - Cyber law: Draft changes could enable DSA-like abuses অর্থাৎ সাইবার আইন: প্রস্তাবিত পরিবর্তনে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো অপব্যবহারের সুযোগ।
খবরে বলা হয়েছে, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের সংশোধনীতে ভুল তথ্য, মানহানি, কনটেন্ট বন্ধ করা এবং গ্রেপ্তারের মতো বিধান রাখা হলে সেগুলো মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতা দমনে অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীরা।
গতকাল ঢাকায় ব্রডকাস্ট জার্নালিস্টস সেন্টারের আয়োজনে এক সেমিনারে বক্তারা বলেন, যথাযথ সুরক্ষা ও জবাবদিহির ব্যবস্থা না থাকলে প্রস্তাবিত আইনটি আগের ডিজিটাল নিরাপত্তা আইনের মতো অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, আইনটির খসড়া এখনো চূড়ান্ত হয়নি এবং আলোচনায় ওঠা উদ্বেগগুলো সরকার বিবেচনা করবে।
ভুল তথ্যকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত কি না, তা নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে অস্পষ্ট সংজ্ঞা ও যথাযথ প্রক্রিয়ার অভাব থাকলে আইনের অপব্যবহার হতে পারে বলে তিনি স্বীকার করেন।









