জাহালমকে নিয়ে সিনেমা, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা

জাহালম
ছবির ক্যাপশান, জাহালম
Published

বাংলাদেশে একটি ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির মামলায় অভিযুক্ত ব্যক্তির বদলে তিন বছর জেল খেটে সম্প্রতি মুক্তি পেয়েছিলেন জাহালম। বাংলাদেশের দূর্নীতি দমন কমিশন, দুদকের আবেদনের পর তাকে নিয়েই সিনেমা বানানোর উদ্যোগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশন বা দুদকের মামলাতেই ২০১৬ সালের ৬ই ফেব্রুয়ারি গ্রেফতার হয়েছিল পাটকল শ্রমিক জাহালম—অভিযোগ প্রায় ১৮ কোটি টাকার জালিয়াতি মামলা।

পরে মানবাধিকার কমিশন তদন্ত করে দেখতে পায় যে ভুল আসামি হিসেবেই প্রায় তিন বছর ধরে কারাগারে আছে জাহালম।

এরপর বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রচারের পর চলতি বছর ৩রা ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান 'নির্দোষ' জাহালম।

ভুল স্বীকার করে দুর্নীতি দমন কমিশনও।

আর এ খবরটিই টেলিভিশনে দেখে জাহালমের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন পরিচালক মারিয়া তুষার।

সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে ছবিটি নির্মাণের কাজ শুরু করতে তিনি জাহালমের সাথে দেখা করবেন।

এ খবর গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর জাহালমকে নিয়ে নাটক বা সিনেমা বানানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক।

আবেদনে বলা হয়েছে, "জাহালম ইস্যু বিচারাধীন বিষয়, আর বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য বা সিনেমা তৈরি করা আদালতের অবমাননার সামিল।"

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিবিসি বাংলাকে বলেছেন তাদের আবেদনের প্রেক্ষাপটে শুনানির পর আদালত জাহালমকে নিয়ে নাটক, চলচ্চিত্র কিংবা স্বল্প দৈর্ঘ্য ছবি নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে।

মিস্টার খান বলছেন জাহালমের ঘটনায় দায় কার সেটাই এখনো ঠিক হয়নি। কারা দায়ী সেটা ঠিক না হওয়া পর্যন্ত তো বিচারাধীন বিষয় নিয়ে কিছু করা আদালত অবমাননার সামিল।

তিনি অবশ্য জানান যে সিনেমার উদ্যোক্তা ইতোমধ্যেই তার সিনেমা বানানোর পরিকল্পনা স্থগিত করেছেন বলে তারা জেনেছেন।

বাংলাদেশে বিনাবিচারে কারাবন্দী লোকের সংখ্যা কত তা অজানা
ছবির ক্যাপশান, বাংলাদেশে বিনাবিচারে কারাবন্দী লোকের সংখ্যা কত তা অজানা

নিষেধাজ্ঞা কতদিন বহাল থাকবে

আইনজীবী খুরশিদ আলম খান বিবিসি বাংলাকে বলছেন গত ১৩ই মার্চ ঢাকার দুটি পত্রিকায় জাহালমকে নিয়ে ছবি বানানোর খবর প্রকাশিত হয়েছিলো। এর পরদিন দুদক ওই সিনেমার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী আদালতে আবেদন করা হয়েছিলো।

"বিচারিক আদালতে চেক জালিয়াতির বিষয়ে ৩৩ মামলা ও জাহালমকে নিয়ে উচ্চ আদালতে সুয়োমোটো রুল আছে। এগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।"

আর সিনেমা বানালে সমস্যা কী?

দুদকের আইনজীবী বলছেন জাহালমকে ছবি বা চলচ্চিত্র নির্মাণ কেউ করতেই পারেন এবং সে অধিকার যে কারোরই আছে।

"তবে এখানে বিষয় জাহালম হলেও এখানে একটি গল্প থাকবে। সংলাপ থাকবে। সঙ্গত কারণেই আবু সালেক (যার নামে ব্যাংক থেকে চেক নেয়া হয়েছিলো) এবং তার ৩৩ মামলার বিষয়ও আসবে। আর সেক্ষেত্রে দুদক ও ব্যাংকের বিষয় চলে আসবে। অথচ এসব কিছুই এখনো বিচারাধীন। ফলে বিচার সম্পর্কেও নেতিবাচক কথাবার্তা আসার সম্ভাবনা রয়েছে।"

মিস্টার খান বলছেন তারা এ সংক্রান্ত শুনানিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও পক্ষভুক্ত করার আবেদন করেছেন আদালতের কাছে।

"জালিয়াতি ও সুয়োমোটো রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশ মোতাবেক কোনো ছবি, নাটক বা স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করা যাবেনা।"

বাংলাদেশের সুপ্রিম কোর্ট
ছবির ক্যাপশান, বাংলাদেশের সুপ্রিম কোর্ট

কে এই জাহালম ?

টাঙ্গাইলের নাগরপুরের জাহালম ছিলেন একজন পাটকল শ্রমিক এবং কাজ করতেন নরসিংদীর একটি পাটকলে।

দুর্নীতি দমন কমিশনের এ মামলার জের ধরে নরসিংদী থেকে তাকে আটক করা হয়েছিলো আবু সালেক হিসেবে।

ব্যাংক জালিয়াতির মামলায় একজন আসামী ছিলো আবু সালেক।

পরে মানবাধিকার কমিশনের তদন্তে বেরিয়ে আসে যে জাহালম নিরপরাধ এবং তিনি আবু সালেক নন।

এর ধারাবাহিকতায় পরে আদালতের নির্দেশে সব মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর চলতি বছরের ৩রা ফেব্রুয়ারি মুক্তি পান জাহালম।