সোমবার সারাদিন যা যা ঘটেছে:
- ঢাকার শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে আনুমানিক ২০টি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও বোমাসদৃশ উপাদান পাওয়া গেছে।
- সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন।
- দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে এবং এ সময়ের মাঝে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ৩৬ জন।
- অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি নিয়ে দেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুইটি প্রেস ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন তিনি।
- সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগ সংক্রান্ত ‘ভেরিফিকেশন’ ও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে, এবং সে কাজ পহেলা অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।
- ভারতের তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক জোড়াফুল কোন দল পাবে - তিন মাসের মধ্যে এ বিবাদ নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
- দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই এবং এজন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে।
বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।











