আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

শেরেবাংলা নগরে ২০ ককটেল-পেট্রল বোমা এবং রায়েরবাজারে বোমাসদৃশ উপাদান উদ্ধার

ঢাকার শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে আনুমানিক ২০টি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও বোমাসদৃশ উপাদান পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

বিবিসি বাংলার লাইভ পাতায় আজ রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনা করছেন সাইয়েদা আক্তার।

  1. সোমবার সারাদিন যা যা ঘটেছে:

    • ঢাকার শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে আনুমানিক ২০টি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও বোমাসদৃশ উপাদান পাওয়া গেছে।
    • সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন।
    • দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে এবং এ সময়ের মাঝে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ৩৬ জন।
    • অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি নিয়ে দেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুইটি প্রেস ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন তিনি।
    • সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগ সংক্রান্ত ‘ভেরিফিকেশন’ ও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে, এবং সে কাজ পহেলা অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।
    • ভারতের তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক জোড়াফুল কোন দল পাবে - তিন মাসের মধ্যে এ বিবাদ নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
    • দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই এবং এজন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. সর্বশেষ বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা থাকার কথা নাকচ করে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দেশের বিমান চলাচল খাতের প্রয়োজন বিবেচনায় নিয়েই বিমান বহর সম্প্রসারণ করা হচ্ছে।

    সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "এভিয়েশন হাব হতে হলে আমাদের বিমান বহর সম্প্রসারণ করতে হবে। এখানে কোনো গোপন এজেন্ডা নেই। বাংলাদেশ তার প্রয়োজনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।"

    বাংলাদেশ বিমান চলাচল খাতের উন্নয়ন, আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ এবং দেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ধরনের উড়োজাহাজের সমন্বয়ে বিমান বহর সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন হুমায়ুন কবির। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের কয়েক দিন পর প্রতিমন্ত্রী এ মন্তব্য করলেন।

    ওই সফরের সময় জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার জন্য একটি সম্পূরক চুক্তি স্বাক্ষর করে।

    নতুন এ ক্রয়াদেশে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ রয়েছে। এর ফলে চলতি বছর বোয়িংয়ের কাছে বিমানের ক্রয়াদেশ মোট ২৫টি উড়োজাহাজে দাঁড়িয়েছে।

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন।

  3. শেরেবাংলা নগরে ২০ ককটেল-পেট্রল বোমা এবং রায়েরবাজারে বোমাসদৃশ উপাদান উদ্ধার

    ঢাকার শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে আনুমানিক ২০টি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও বোমাসদৃশ উপাদান পাওয়া গেছে।

    বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এবং এসআরবি-২ এর স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান।

    এসআরবি আগে র‍্যাব নামে পরিচিত ছিল।

    এসআরবি-২-এর স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান জানিয়েছেন, তারা আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ খবর পেয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠ এলাকায় যান এবং তাদের বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষ হয় রাত আটটা নাগাদ।

    তিনি বলেন, "আমরা সন্দেহজনক একটি ব্যাগে বোমাসদৃশ-ককটেলসদৃশ উপাদান দেখেছি। এরপর জায়গাটি ঘেরাও করে এসআরবি'র বম্ব ডিসপোজাল টিমকে খবর দেই। টিম এসে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেছে যে, এর মধ্যে ককটেল ও পেট্রোল বোমা রয়েছে। এরপর ওই জায়গাটি খালি করে বাণিজ্যমেলা মাঠেই ওগুলো নিষ্ক্রিয় করেছি।"

    "গণভবনের পেছনে পুরাতন বাণিজ্য মেলা মাঠের পাশে রাস্তাসংলগ্ন ওয়াকওয়ের পাশে এগুলো পাওয়া গেছে। ওখানে একটু ঝোপঝাড়ের মতো আছে," যোগ করেন তিনি।

    তবে, পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে উদ্ধার হওয়া সব বোমা আজ নিষ্ক্রিয় করেনি এসআরবি।

    কারণ নিয়ম অনুযায়ী রাতের বেলা এগুলো নিষ্ক্রিয় করা যায় না। বাকিগুলো আগামীকাল নিষ্ক্রিয় করা হবে, বলে জানান ইন্তেখাব চৌধুরী।

    তিনি আরও জানান, রায়ের বাজারে বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও "সাধারণ জনগণ একই ধরনের কিছু জিনিস শণাক্ত করেছে। ওই একই বোম্ব ডিজপোজাল ইউনিট ওখানে গিয়েছে আবার। সেখানে অভিযান চলছে।"

  4. হাম উপসর্গে আরও তিন মৃত্যু

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

    গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা এক হাজার ২১৪ জন। এই সময়ের মাঝে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন।

    গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৬৯ জন।

    গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

    গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

  5. ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, বেশিরভাগই ঢাকার বাইরে

    দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে এবং এ সময়ের মাঝে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ৩৬ জন।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    নতুন করে ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের তিন জন ঢাকার দুই সিটি কর্পোরেশনে। এছাড়া, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে।

    আার, আক্রান্তদের প্রায় ৬০ শতাংশ-ই হলেন পুরুষ।

    এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়লো ২৩৩ জনে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭৩০ জন।

    ডেঙ্গু নিয়ে আরও পড়তে পারেন...

  6. দুদকের প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

    অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি নিয়ে দেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুইটি প্রেস ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন তিনি।

    মি. ভুইয়ার আইনজীবী জহিরুল ইসলাম মুসা সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল ওই রিট ফাইল হয়েছে।

    তিনি বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী করা এ রিটে গত দোসরা ও ১৩ই সেপ্টেম্বর দুদকের দুইটি প্রেস ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করা হয়েছে।

    ওই দুই প্রেস ব্রিফিংয়ে দুদক গণমাধ্যমকে জানিয়েছিল, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং এ নিয়ে অনুসন্ধান ও তদন্ত শুরুর সিদ্ধান্ত হয়েছে।

    রিটে একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে, অনুসন্ধান বা তদন্ত চলমান থাকা অবস্থায় এ ধরনের আর কোনো প্রেস ব্রিফিং যাতে দুদক না করতে পারে।

    মি. ইসলাম বলেছেন, দুদকের করা ওই দুই সংবাদ সম্মেলনের কারণে আসিফ মাহমুদের সম্মানহানি হয়েছে। তাই, তারা রিটে একটি 'পাবলিক রিট্র্যাকশন' চেয়েছেন।

    অর্থাৎ, দুদক আরেকটি প্রেস ব্রিফিং করে তাদের ভুল স্বীকার করবে এবং আনুষ্ঠানিকভাবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে সঠিক তথ্য জানাবে যে "এ ধরনের প্রেস ব্রিফিং করার কোনো অথরিটি তাদের নাই এবং তদন্ত বা অনুসন্ধান শেষ হওয়ার আগ পর্যন্ত বা আনুষ্ঠানিক মামলা না হওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত করা বা প্রাথমিক সত্যতা পাওয়া গেছে - বক্তব্য দেওয়ার কর্তৃত্ব তাদের নেই।"

  7. সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের গ্রেফতারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সোমবার দুপুরে সচিবালয়ে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর সংশোধনী প্রস্তাব সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    এ আইনের অপব্যবহার সুযোগ আছে কী-না প্রশ্নের জবাবে তিনি বলেন, "যারা ল'মেকার (আইন প্রনেতা) তারা এটি প্রয়োগ করে না। এনফোর্সাররা (আইন প্রয়োগকারী) এটা মাঝেমধ্যে অপব্যবহার করতে পারে। সেজন্য কী কী প্রোটেকশান দরকার, স্পেশালি মিডিয়ার জন্য, সেগুলো আপনারা সাজেশন করেন। কিন্তু এই আইনটার প্রয়োজনীয়তা আশা করি আপনারা স্বীকার করবেন।"

    "আপনাদের প্রস্তাবমতে, মিডিয়া ব্যক্তিত্বের ক্ষেত্রে যদি অভিযোগ আসে, গ্রেফতারের ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়া যদি প্রয়োজন হয়, সেটা আমরা বা আমি নিজেও সমর্থন করি," যোগ করেন তিনি।

    "মিডিয়াকে টার্গেট করে এই আইনটি করতে চাই না আমরা এবং কোনো সাংবাদিক এটার শিকার হোক, এই আইনের অপপ্রয়োগ হোক, তা আমরা চাই না।

    যাতে সংবাদপত্র, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়ার কোনো সাংবাদিক অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য একটা প্রস্তাবও এখানে করা হয়েছে যে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে, গ্রেফতারের আগে আদালতের অনুমতি নিতে হবে। সেটা আমরা উপযুক্ত মনে করেছি।"

  8. 'প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়াদের ভেরিফিকেশন চলছে, পহেলা অক্টোবরের পর সিদ্ধান্ত'

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগ সংক্রান্ত ‘ভেরিফিকেশন’ ও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে, এবং সে কাজ পহেলা অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।

    এরপর তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে। অর্থাৎ কতজন নিয়োগের জন্য বিবেচিত হবেন, তা যাচাই শেষে চূড়ান্ত হবে।

    সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

    শিক্ষামন্ত্রী বলেন, "প্রার্থীদের ভেরিফিকেশন বা যাচাই-বাছাই বিভিন্ন পর্যায়ে রয়েছে এবং ওই সময়ের মধ্যে কোনোটি অমীমাংসিত থাকলে সঠিকটি সংখ্যা জানা যাবে।"

    তিনি বলেন, নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর মধ্যে ১৩ হাজার ৮৫৪ জন চূড়ান্ত আবেদন জমা দিয়েছেন, আর ৫৩০ জন দেননি।

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল গত আটই ফেব্রুয়ারি প্রকাশিত হয়। সেখানে ১৪ হাজার ৩৮৪ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

    তিন পার্বত্য জেলা বাদে মোট ৬১টি জেলায় নয়ই জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  9. তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুল কে পাবে - তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

    ভারতের তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক জোড়াফুল কোন দল পাবে - তিন মাসের মধ্যে এ বিবাদ নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ সোমবার জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে দুই পক্ষকে সব তথ্যপ্রমাণ ও নথি জমা দিতে হবে।

    এজন্য উভয় পক্ষকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটির শুনানি করছে। এতে মমতা ব্যানার্জীর হয়ে আইনজীবী কপিল সিবাল এ মামলা লড়ছেন।

    অন্তর্বর্তী নির্দেশে ফ্রিজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক। তার বদলে মমতা ব্যানার্জীর দল পেয়েছে ফুটবল খেলোয়াড় চিহ্ন ও ঋতব্রত ব্যানার্জীর দল পেয়েছে খাম চিহ্ন।

    আসন্ন দুর্গাপূজার মরসুম শেষ হলেই রাজ্যে পৌরসভা ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে শাসকদল বিজেপি।

    পৌরসভা নির্বাচন যদি পরবর্তী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হয়, তাহলে মমতা ব্যানার্জীকে জোড়াফুল চিহ্ন ছাড়াই লড়তে হতে পারে।

  10. স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই এবং এজন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

    সোমবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকায় এনসিপির জরুরি বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    নাহিদ ইসলাম বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনা সম্ভব নয়।"

    “স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি তার দায়িত্ব পালনে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সাথে প্রতারণামূলক কথা বলেছেন এবং আইনশৃঙ্খলা পরিবেশ ইস্যুতেও পরিস্থিতিকে কেন্দ্র করে সংসদে যখন তাকে প্রশ্ন করা হয়, তাকে জবাবদিহিতার আওতায় আনা হতো, তিনি তখন এটা পল্টনের বক্তব্য, এটা রাজপথের বক্তব্য এবং নানা কিছু বলে তিনি কথা এড়িয়ে যেতেন, এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করতেন।”

    “আজকে জনগণের কাছে স্পষ্ট যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই,” বলেন মি. ইসলাম।

    সাম্প্রতিক সময়ে মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এই দু’টি ঘটনা হয়তো মিডিয়া বা নানা কারণে, রাজধানীতে হওয়ার কারণে আমাদের সামনে এসেছে। সারা দেশের পরিস্থিতি কিন্তু এইটা।”

  11. রোববার সারাদিন যা যা ঘটেছে

    • কওমি ধারার সাতটি ইসলামি দল বৈঠক করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
    • মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্র, কিশোরগঞ্জের জলমহাল দখল সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবি।
    • আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগের শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
    • ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন, সেটিকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • 'ফেসবুকে এসে অভিযোগ করলেও হামলার ঘটনায় থানায় মামলা কেন করেননি?' স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে মি. মুক্তাদির অভিযোগ করেছেন, হামলার ঘটনার পরপরই তিনি ক্যান্টনমেন্ট থানায় যান এবং রোববার ভোর পর্যন্ত সেখানে ছিলেন। তার দাবি, সে সময় তার মামলা নেওয়া হয়নি।
    • বাংলাদেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত নয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে অকালে প্রাণ হারানো শিশুর সংখ্যা এক হাজার ৯৬-তে দাঁড়িয়েছে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্ততপক্ষে দুই হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত এটাই একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার রেকর্ড।
    • যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে 'বড় ঘটনা' ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের সমাধান কেবলমাত্র 'আলোচনার মাধ্যমেই সম্ভব' বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দু'টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সেখানে এলোপাথাড়ি গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন।
    • বিদেশে পাচার করার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশীয় প্রজাতির ১১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
    • কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে রোববার দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়ার জন্য মূলপাতায় ক্লিক করুন।

  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।