আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, পাইলটদের মধ্যে ‘মারামারি’র পর সৌদি আরবে নামলো ইসরায়েলগামী বিমান

দুই পাইলটের মধ্যে ‘হাতাহাতি’র পর দুবাই থেকে তেল আভিভগামী একটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে অবতরণ করানো হয়েছে। এদিকে, হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে তেহরানের শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. ঢাবি'র শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে মোছা হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে মুছে ফেলা হচ্ছে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক।

    আজ বুধবার দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম মোছার কার্যক্রম শুরু হয়।

    যদিও বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি অধ্যাপক আবদুস সালাম এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য দিতে পারেননি।

    তিনি বিবিসি বাংলাকে বলেন, "অনেকদিন আগে সিনেট মিটিং হয়েছিলো। তখন নামকরণ নিয়ে একটা আলোচনা হয়। কোনো সিদ্ধান্ত হয় নাই তখন। একটা কমিটি মনে হয় করে দিয়েছে। (বলা হয়েছে যে) সেখান থেকে যে ডিসিশন আসে...সেটা পরে দেখা যাবে। আজ কোনো এরকম ইস্যু আমার জানামতে নাই।"

  2. ইরাকে সর্বশেষ ঘাঁটি থেকেও সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের শেষ সামরিক ঘাঁটিগুলো থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ পদক্ষেপের ফলে নিরাপত্তা শূন্যতা সৃষ্টি, ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধি এবং আইএসের (ইসলামিক স্টেট) পুনরুত্থানের আশঙ্কা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

    বুধবারের এই প্রত্যাহার ২০২৪ সালে জো বাইডেনের প্রেসিডেন্ট থাকার সময় অর্জিত একটি চুক্তির ভিত্তিতে সম্পন্ন হয়েছে, যা বাস্তবায়ন করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতিতেও জড়িয়ে রয়েছে।

    ইরাকে আগ্রাসন চালিয়ে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার ২৩ বছর পর মার্কিন সেনা প্রত্যাহারের এই পদক্ষেপ নেওয়া হলো। ২০১১ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহার করেছিল, তবে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য এরও কম তিন বছর পরে তারা আবার ফিরে আসে।

    ইরাকে দুই দশকের বেশি সময় ধরে মার্কিন সামরিক উপস্থিতির সময় প্রায় ৪,৫০০ মার্কিন সেনা নিহত হয়েছে। চলতি বছরে ইরাকে নিহত ১৮ জন মার্কিন সেনার মধ্যে সাতজন ইরানের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।

    তেহরান ও তার মিত্ররা মার্কিন বাহিনীর এই প্রত্যাহারকে বিজয় হিসেবে বর্ণনা করলেও, কিছু ইরাকি বিশ্লেষক সতর্ক করে বলেছেন যে নিরাপত্তা শূন্যতার কারণে আইএসসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পুনরায় সক্রিয় হওয়ার পথ তৈরি হতে পারে।

  3. রাড্ডায় ভাংচুর: সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না, 'তদন্ত চলছে'

    ঢাকার মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    "রাড্ডা ক্লিনিকের ঘটনায় তদন্ত চলছে। একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে এবং তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া, রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নাই। যারা ওখানে গেছে, তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটি আমরা কখনোই আমলে নিবো না। তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওইখানে একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কি না, সেটা তদন্তাধীন।"

    বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    এ সময় কন্টেন্ট সালমান মুক্তাদিরের কাছে বিএনপি'র লোকজন চাঁদা চেয়েছে মর্মে ওঠা অভিযোগ সম্বন্ধে মন্ত্রী বলেন, "এখানে কোনো চাঁদাবাজের ঘটনা ছিল না, সেটি তিনি নিজেই বলেছেন। তার কাছে চাঁদা চাননি, সেটি তিনি নিজেই বলেছেন। কিন্তু তার পরক্ষণেই বলছেন যে বিএনপি চাঁদাবাজ। এ জাতীয় বক্তব্যের তীব্র নিন্দা জানাই।"

    স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "সরকারকে ঢালাওভাবে দোষারোপ করার জন্য এবং উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার করবে জনগণ"।

  4. পাইলটদের মধ্যে ‘মারামারি’র পর সৌদি আরবে নামলো ইসরায়েলগামী বিমান

    দুবাই থেকে তেল আভিভগামী একটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে অবতরণ করানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, উড়োজাহাজটির দুই পাইলটের মধ্যে ‘সংঘর্ষ’ বা ‘হাতাহাতি’ হয়েছিল।

    ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটি বুধবার ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ফ্লাইট-পর্যবেক্ষণ ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, যাত্রার প্রায় দুই ঘণ্টা পর বিমানটি একটি জরুরি সংকেত পাঠায়।

    কয়েক মিনিট পর সেটি ছিনতাইয়ের ঘটনা জানানোর জন্য ব্যবহৃত একটি সংকেতে পরিবর্তিত হয়। পরে আবার সাধারণ জরুরি সংকেতে ফিরে যায়।

    ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, পাইলট ও সহ-পাইলটের মধ্যে একটি ‘বাগ্‌বিতণ্ডা’ বা ‘সংঘর্ষের’ জেরেই জরুরি সংকেত পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

    প্রায় ১৫০ জন আরোহী নিয়ে ফ্লাইট এফজেড১০৭৩ তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে সেটি সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের অধিকাংশই ছিলেন ইসরায়েলি।

    বিমানে থাকা একজন ইসরায়েলি যাত্রী সাংবাদিকদের বলেন, কেবিন ক্রুরা যাত্রীদের কাছে সহায়তা চান। পরে কয়েকজন যাত্রী একজন পাইলটকে নিয়ন্ত্রণে আনতে এবং তাকে বেঁধে রাখতে সহায়তা করেন।

    এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সৌদি আরব থেকে ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।

    দুবাই থেকে তেল আবিবগামী ওই ফ্লাইটে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমে আরও তথ্য প্রকাশিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জেরুজালেম পোস্টকে বলেন, একজন পাইলট অপর পাইলটকে ছুরি দিয়ে আঘাত করেন। তবে ককপিটের কাছাকাছি থাকা কয়েকজন যাত্রী হামলাকারীকে ককপিট থেকে সরিয়ে দিতে সক্ষম হন।

    ওই প্রত্যক্ষদর্শীর দাবি, বিমানের পেছনের দিকে আরও দুইজন পাইলট অবস্থান করছিলেন।

    তিনি বলেন, “আমি তাদের দিকে চিৎকার করে বলেছিলাম যেন তারা দ্রুত গিয়ে বিমানের নিয়ন্ত্রণ নেয়।”

    একই যাত্রী আরও জানান, আহত পাইলটকে বিমানে থাকা একজন দন্তচিকিৎসক জীবনরক্ষাকারী চিকিৎসা সহায়তা দেন।

  5. হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান

    ইরান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি জবাব পেয়েছে ইরান।

    ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফাতেমে মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, “আজকের মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর (আব্বাস আরাঘচি) নিউইয়র্ক সফর এবং সেখানে অনুষ্ঠিত একাধিক বৈঠক ও সাক্ষাতের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত শর্ত উপস্থাপনের বিষয়টিও ছিল।”

    মোহাজেরানি আরও বলেন, মি. আরাঘচি যুক্তরাষ্ট্রের পক্ষের প্রস্তাব প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে উপস্থাপন করেছেন।

    তবে যুক্তরাষ্ট্রের জবাবের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

    এর আগে রয়টার্স এক অবহিত সূত্রের বরাতে জানায়, মঙ্গলবার রাতে দোহায় কাতারি মধ্যস্থতাকারীর কাছ থেকে সাত দিনের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব গ্রহণ করেন আব্বাস আরাঘচি।

    ওই কর্মকর্তার মতে, পরিকল্পনাটির বিভিন্ন ধাপ বাস্তবায়নের ক্রম নিয়ে দুই পক্ষের মধ্যে প্রধান মতপার্থক্য রয়েছে।

  6. ঢাকায় আওয়ামী লীগের ৪০ জনকে গ্রেফতারের দাবি পুলিশের

    বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    আজ বুধবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

  7. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিরোধী দল যদি সংবিধান সংশোধনের আলোচনায় আসে, আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি জুলাই জাতীয় সনদের কিছু অংশে তারা ব্যত্যয় ঘটাতে চান, সেটাও আলোচনা হতে পারে”।
    • ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র বলেছেন, বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডের মামলায় “মার্কিন সরকারের কর্মকর্তাদের ৪৮ বিলিয়ন (৪৮০০ কোটি) ডলার ক্ষতিপূরণ পরিশোধের দণ্ড দেওয়া হয়েছে”।
    • বাংলাদেশে হাম ও এ রোগের উপসর্গে মৃতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে।
    • বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।
    • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে মি. আলমগীর দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ।
    • যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিমানঘাঁটিতে সন্দেহজনক গতিবিধির ঘটনায় “স্পষ্টতই কোনো বিদেশি পক্ষ জড়িত ছিল” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
    • বাংলাদেশর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন 'ভয়ঙ্কর আসামি' উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, তাকে ফেরত চায় বাংলাদেশ।
    • যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কেনার চুক্তির পর এবার এয়ারবাস থেকে আরো ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য অক্টোবর মাসে চুক্তি হবে বলে জানিয়েছে সরকার।
    • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলে “কেউ তেল বিক্রি করতে পারবে না” এবং ইরানের “নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।”
  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।