আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, বোয়িংয়ের পর এবার এয়ারবাস থেকে ১০টি বিমান কেনার চুক্তি করছে বাংলাদেশ

এয়ারবাস থেকে আরো ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, এ জন্য আগামী অক্টোবর মাসে চুক্তি হবে বলে জানানো হয়েছে। এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলে “কেউ তেল বিক্রি করতে পারবে না”। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু

    বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৪২ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গুতে মারা গেছেন তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে একজন, সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে মারা গেছে তিনজন।

    গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে খুলনা বিভাগে ২৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮, চট্টগ্রাম বিভাগে ৩০১জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৯জন, বরিশাল বিভাগে ২১৩জন, রাজশাহী বিভাগে ১৭৯জন, ময়মনসিংহ বিভাগে ১২০জন, রংপুর বিভাগে ৫৬ জন ও সিলেট বিভাগে ছয় জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

  2. বঙ্গভবনে রাষ্ট্রপতি সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সাক্ষাৎ

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রাষ্ট্রপতি হিসেবে মি. আলমগীর দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ।

    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের মহাসচিব ও শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি ভাষণটিকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে উল্লেখ করেন।

  3. যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় 'বিদেশি শক্তির' সম্পৃক্ততা রয়েছে দাবি মার্কো রুবিও’র

    যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিমানঘাঁটিতে সন্দেহজনক গতিবিধির ঘটনায় “স্পষ্টতই কোনো বিদেশি পক্ষ জড়িত ছিল” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বিমানঘাঁটিটি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে।

    ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে এই মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য না দিয়ে তিনি বলেছেন, “আমাকে সতর্ক থাকতে হবে। অনেক কারণেই এমন কিছু বিষয় আছে, যা আমি এখন বলতে পারি না। শুধু এটুকু বলব, যুক্তরাজ্যে গত সপ্তাহান্তে যা ঘটেছে, যা ঘটতে পারত, তা অত্যন্ত গুরুতর একটি বিষয়”।

    “এতে স্পষ্টতই কোনো বিদেশি পক্ষের হাত রয়েছে”, যোগ করেন তিনি।

    মি. রুবিও বলেন, “এখনই এ বিষয়ে বিস্তারিত বলতে চাই না। তবে যুক্তরাজ্যের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা অত্যন্ত সহযোগিতা করেছে এবং বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করেছে”।

    তিনি বলেন, “এই খবর নিয়ে অনেকেই উদ্বিগ্ন যে কয়েকজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, এবং কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। অবশ্যই এসব বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি”।

    প্রসঙ্গত, রোববার ব্রিটিশ সামার টাইম (বিএসটি) অনুযায়ী রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গ্লস্টারশায়ার পুলিশ একটি ফোনকল পায়, যেখানে আরএএফ ফেয়ারফোর্ডের দিকে এগিয়ে যাওয়া তিনটি “সন্দেহজনক যানবাহনের” কথা জানানো হয়।

    এই ফোনকলের কিছুক্ষণ পর, রাত ১টা ৩৬ মিনিটে, এক স্থানীয় কৃষক জানান যে তিনি ঘাঁটির কাছে “হুডি ও মুখোশ পরা বড় একটি দলের” উপস্থিতি সম্পর্কে পুলিশকে ফোন করেছিলেন।

    এরপর বিস্ফোরক ও সন্ত্রাসবাদসংক্রান্ত অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেফতারও করা হয়, তবে পরে তাদের জামিনে মুক্তিও দেওয়া হয়েছে।

    গ্লস্টারশায়ারে ব্যাপক পুলিশি অভিযান পরিচালনা করা হয় এবং এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়।

    ঘাঁটির কাছে এখনো নিরাপত্তা বেষ্টনী বজায় রয়েছে। এদিকে পার্শ্ববর্তী এলাকার যে ৮৫টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল, গ্লস্টারশায়ার পুলিশ সোমবার তাদের জানিয়েছে যে তারা নিজেদের বাড়িতে ফিরতে পারেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে, সন্দেহভাজনদের “দীর্ঘ সময় ধরে নজরদারিতে রাখা হয়েছিল”; তবে বিবিসি জানতে পেরেছে যে এ অভিযানটি “গোয়েন্দা তথ্যনির্ভর” ছিল না।

    ব্রিটিশ এই বিমান ঘাঁটিটির সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর দীর্ঘ ইতিহাস জড়িত এবং সাম্প্রতিক সময়ে এটি ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য মার্কিন যুদ্ধবিমানগুলোর যাত্রাবিরতির ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে।

    ঘাঁটিটি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) মালিকানাধীন হলেও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তির আওতায় দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে মার্কিন বিমান বাহিনী (ইউএসএএফ)।

    ঐতিহাসিকভাবে, এই ঘাঁটি থেকে উড্ডয়ন করা বিমানগুলো উপসাগরীয় যুদ্ধ, কসোভো যুদ্ধ এবং ইরাক যুদ্ধে অংশ নিয়েছে।

  4. শেখ হাসিনা 'ভয়ঙ্কর আসামি', তাকে ফেরত চায় বাংলাদেশ: জাহেদ উর রহমান

    বাংলাদেশর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন 'ভয়ঙ্কর আসামি' উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, তাকে ফেরত চায় বাংলাদেশ।

    মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন তারেক রহমানের এই উপদেষ্টা।

    তিনি বলেন, “শেখ হাসিনা একজন ভয়ঙ্কর আসামি। উনি খুন করেননি, এটাকে ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি বলে। এটা আলাদা মাত্রার অপরাধ। এটার বিচার আর্ন্তজাতিক আদালতে করা যায়”।

    শেখ হাসিনা ভারতে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “এরকম একজন আসামি যিনি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তিনি ভারতে আছেন। আমরা তাকে চাইছি। উনি মাঝে মাঝে বলেন উনি নিজেই ফেরত আসবেন। আমরা তাকে চাইছি। ভারতকেই হস্তান্তর করতে হবে”।

    জাহেদ উর রহমান বলেন, “যখন ভারতের হাই কমিশনারে সাথে আমার সৌজন্য বৈঠক হয়েছে, তখন আমি এই কথাটা তাকে বলেছি। বাংলাদেশ এই অস্বস্তির কথাটা ভারতকে জানাচ্ছে। আমি আশা করি ভারত এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে”।

  5. বোয়িংয়ের পর এবার এয়ারবাস থেকে ১০টি বিমান কেনার চুক্তি করছে বাংলাদেশ

    যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কেনার চুক্তির পর এবার এয়ারবাস থেকে আরো ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য অক্টোবর মাসে চুক্তি হবে বলে জানিয়েছে সরকার।

    মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে একটি ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এই তথ্য জানান।

    এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমানকেনার চুক্তি করে সরকার। তার কয়েকদিন আগে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে সরকার।

    বিমানমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে ১৫টি আছে ওয়াইড বডি আর ন্যারো বডি ১১টি”।

    তিনি বলেন, “অনেকে প্রশ্ন করে এত বোয়িং আমরা কেন কিনলাম? সামর্থ্য আছে কি-না। চুক্তি স্বাক্ষর করা মানেই যে এখনই নেওয়া বিষয়টি তা না। এই চুক্তি সাক্ষরের পর প্রথম এয়ার ক্রাফটই আসবে ২০৩১ সালে। যদিও আমরা অনুরোধ করছি, অন্তত একটা হলেও আমাদের ২০২৭-২৮ সালের মধ্যে দিত”।

    মন্ত্রী জানান, বাকি যে বিমানগুলো সেগুলো কিনতে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত লাগবে। তবে এই বিমান কেনার জন্য এখনই টাকা পরিশোধ করতে হচ্ছে না। যে বিমানগুলো আসবে সেগুলো বিমানের আয়ের টাকা দিয়েই কেনা যাবে।

    বিমানমন্ত্রী বলেন, “বিমানের বহর বাড়িয়ে এভিয়েশন খাতকে আমরা উন্নত করতে চাই। ফ্লিট বাড়লে, যাত্রীর সংখ্যা বাড়লে সব মিলিয়ে টিকেটের দামও কমাতে পারি। আমি মনে করি বোয়িংয়ের মতো এয়ারবাস কেনার চুক্তিও যথার্থ হবে”।

  6. ডলারের আরো কমলো ইরানের মুদ্রার দাম

    ইরানের উন্মুক্ত বাজারে ডলারের দাম আরো বেড়েছে এবং বিপরীতে কমেছে ইরানি মুদ্রা টোমানের দাম।

    মঙ্গলবারের লেনদেনে ডলারের বিনিময় হার নতুন রেকর্ড গড়ে দুই লাখ ৫০ হাজার টোমানে পৌঁছায়।

    ইরানের মুদ্রা বিনিময় হার ঘোষণাকারী বিভিন্ন চ্যানেলের তথ্য উদ্ধৃত করে বিবিসি ফার্সির খবরে বলা হয়েছে, আজকের লেনদেনে প্রতি ইউরোর দাম দুই লাখ ৮৪ হাজার টোমান অতিক্রম করেছে এবং ব্রিটিশ পাউন্ডের দাম তিন লাখ ৩১ হাজার টোমানের ওপরে লেনদেন হয়েছে।

    অর্থনীতিতে ইতিবাচক সম্ভাবনার অভাব, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অনিশ্চিত অবস্থা এবং যুদ্ধের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা অনেক স্থবির পুঁজিকে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের মতো সমান্তরাল বাজারে প্রবাহিত করেছে।

    বহু মাস ধরে বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ইরানের অনেক ব্যবসায়ী বলছেন, বিনিময় হার বৃদ্ধির কারণে তাদের জন্য পণ্য বিক্রি করা অসম্ভব হয়ে পড়েছে। কারণ গ্রাহক থাকলেও একই পণ্য তাদেরকে আরও বেশি দামে কিনতে হচ্ছে।

  7. ইরান যদি তেল বিক্রি করতে না পারে, মধ্যপ্রাচ্যে কেউই পারবে না: গালিবাফ

    ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলে “কেউ তেল বিক্রি করতে পারবে না” এবং ইরানের “নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।”

    পার্লামেন্টে অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের জনগণকে “অবরোধ ও হুমকিতে কখনোই ভীত হওয়া উচিত নয়। যদি আমেরিকান শত্রুর হিসাব-নিকাশের যন্ত্র এই মৌলিক সত্যটি বুঝতে না পারে, তবে তারা ইরানি জাতির পক্ষ থেকে কঠোর আঘাত পাওয়ার চক্রেই আটকে থাকবে।”

    ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এর আগে বলেছিলেন, ৪০ দিনের যুদ্ধের চেয়েও ভয়াবহ কোনো যুদ্ধে জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।

  8. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • ঢাকার শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে আনুমানিক ২০টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও বোমাসদৃশ উপাদান পাওয়া গেছে।
    • হাম উপসর্গে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে এবং এ সময়ের মাঝে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট দুই হাজার ৩৬ জন।
    • অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন।
    • সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত অবশিষ্ট ৮১৭ প্রার্থীর নিয়োগ সংক্রান্ত ‘ভেরিফিকেশন’ ও তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে, এবং সে কাজ পহেলা অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।
    • ভারতের তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক জোড়াফুল কোন দল পাবে - তিন মাসের মধ্যে এ বিবাদ নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।