লাইভ, ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে হামলা বন্ধ করেছে, তবে লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের লঙ্ঘনের জবাব রক্ষামূলকভাবে দিতে তারা “পূর্ণ প্রস্তুত” রয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. ইরানে ৪০ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

    ইরানে ৪০ দিন ধরে ইন্টারনেট সংযোগ কার্যত বিচ্ছিন্ন

    ছবির উৎস, Netblocks

    ছবির ক্যাপশান, ইরানে ৪০ দিন ধরে ইন্টারনেট সংযোগ কার্যত বিচ্ছিন্ন

    ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানিরা এখনো ইন্টারনেট ব্যবহারে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন।

    বুধবার ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ৪০ দিন হলো।

    নেটব্লকস বলছে, “যুক্তরাষ্ট্র ও ইরান, উভয় দেশই নিজেদের জয়ী দাবি করলেও যুদ্ধকালীন সেন্সরশিপ এখনো চলছে। ইরানি জনগণ আবারও বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।”

    দেশজুড়ে ইন্টারনেট সেবা প্রায় পুরোপুরি বন্ধ থাকলেও, কিছু কিছু মানুষ স্যাটেলাইট ইন্টারনেট ‘স্টারলিংক’ এবং অন্যান্য বিকল্প পদ্ধতি ব্যবহার করে কোনোমতে ইন্টারনেট ব্যবহার করছেন।

    তবে এর জন্য তাদের অনেক ঝুঁকি ও উচ্চমূল্য দিতে হচ্ছে।

    ইরানে স্টারলিংক ডিভাইস ব্যবহার করা বা সঙ্গে রাখা দণ্ডনীয় অপরাধ।

    এই অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে।

    ইরানি কর্তৃপক্ষ বর্তমানে এই ডিভাইসগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে।

    এছাড়া স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের খরচও অনেক বেশি।

    টেলিগ্রাম অ্যাপে এক জিবি স্টারলিংক ডেটা প্রায় ছয় ডলারে (প্রায় চার দশমিক ৫০ পাউন্ড) বিক্রি হচ্ছে।

    ইরানের সাধারণ মানুষের এটি অত্যন্ত ব্যয়বহুল। কারণ তাদের গড় মাসিক বেতন মাত্র ২০০ থেকে ৩০০ ডলারের মতো।

  2. যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানfলেন লেবাননের প্রেসিডেন্ট

    লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

    এই আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।

    প্রেসিডেন্ট আউন বলেন, “এই শান্তি যেন লেবাননের জন্য স্থিতিশীল এবং দীর্ঘস্থায়ী হয়।এই শান্তি প্রক্রিয়া হতে হবে লেবাননের সার্বভৌমত্বের নীতির ভিত্তিতে যেন দেশটি পুরো ভূখণ্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায় এবং যে কোনো দখলদার মুক্ত হয়।”

    সেইসঙ্গে তিনি স্পষ্ট করেন, “যুদ্ধ বা শান্তি এবং বৈধ শক্তি ব্যবহারের অধিকার কেবল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর হাতেই সীমাবদ্ধ থাকতে হবে।”

  3. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের বিল সংসদে পাস

    জাতীয় সংসদ
    ছবির ক্যাপশান, সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬ অধ্যাদেশের বিল জাতীয় সংসদে পাস হওয়ার ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে

    ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ বিলসহ অন্তর্বর্তী সরকারের পাঁচটি অধ্যাদেশের বিল ত্রয়োদশ জাতীয় সংসদে পাস হয়েছে।

    সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬ অধ্যাদেশের বিল জাতীয় সংসদে পাস হওয়ার ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।

    আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার।

    পাস হওয়া অন্যান্য বিলগুলোর মধ্যে রয়েছে- ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ(সংশোধন) আইন, ২০২৬’।

  4. সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় থাকবে কি না নিষ্পত্তি হবে আপিল বিভাগে: অ্যাটর্নি জেনারেল

    সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইন কর্মকর্তারা

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলন করছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

    সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় থাকবে কি না সে বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

    বুধবার দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    মঙ্গলবার ১৮৫ পৃষ্ঠার হাইকোর্টের ওই পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।

    হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন তিনি।

    রায়ে সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    একইসাথে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী বাতিল করে বিচারিক আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের পূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

    উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত অধ্যাদেশ করা হয়েছিল। এই অধ্যাদেশটি ত্রয়োদশ জাতীয় সংসদে বাতিল করা হয়।

    দুপুরে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা যেটা মনে করি যেহেতু আইনগতভাবে,সাংবিধানিকভাবে এই রায়টির মধ্যে হাইকোর্ট বিভাগ স্পষ্টত উল্লেখ করেছেন যে, তারা স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত ডিরেকশনগুলো দিয়েছেন। এগুলোই কিন্তু সাংবিধানিক প্রশ্ন, আইনি প্রশ্ন যেগুলো সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগে আপিলের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হবে। আমি মনে করি, এতো বড় একটা সাংবিধানিক বিষয় আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমেই এটা হওয়া উচিত।”

    তবে, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় না থাকলে শূন্যতা তৈরি হবে কি না এমন প্রশ্নে তিনি জানান, তিনি মনে করেন না যে শূন্যতা তৈরি হবে।

  5. মনোনয়নপত্র জমা দিলেন মমতা ব্যানার্জী, বাদ যাওয়া ভোটারদের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জী বুধবার দক্ষিণ কলকাতার সার্ভে বিল্ডিংয়ে তার মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জী বুধবার দক্ষিণ কলকাতার সার্ভে বিল্ডিংয়ে তার মনোনয়নপত্র জমা দিলেন।

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জী বুধবার দক্ষিণ কলকাতার সার্ভে বিল্ডিংয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    আসন্ন বিধানসভা নির্বাচনে একই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে লড়বেন শুভেন্দু অধিকারী।

    মনোনয়নপত্র জমা দিয়ে মমতা ব্যানার্জী রাজ্যবাসীর কাছে অনুরোধ করেন, ভবানীপুর কেন্দ্রসহ রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের যেন তারা সমর্থন করেন।

    রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৯১ লাখ ভোটারদের নাম বাদ যাওয়া নিয়েও আজ প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, বৈধ কিন্তু বাদ যাওয়া ভোটারদের বিচারের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন।

    দীর্ঘদিন ধরেই ভবানীপুর তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই এলাকায় মুখ্যমন্ত্রী বসবাস করেন। কিন্তু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর, ভবানীপুর কেন্দ্র থেকে ৪৪০০০ এরও বেশি ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলে মমতা ব্যানার্জির অভিযোগ।

  6. তেহরানে পরিচ্ছন্নতা অভিযান চলছে, খবর ইরানি গণমাধ্যমের

    ইসরায়েলি হামলায় বিধ্বস্ত পশ্চিম তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভবন

    ছবির উৎস, Sobhan Farajvan/Pacific Press/LightRocket via Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় বিধ্বস্ত পশ্চিম তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভবন

    তেহরানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং পুনর্গঠনের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

    এই সংবাদমাধ্যমটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাথে সংশ্লিষ্ট।

    তেহরানের একজন মেয়রের বরাত দিয়ে এই সংবাদ সংস্থাটি জনিয়েছে, রাস্তাঘাট থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে এবং যান চলাচলের জন্য রাস্তাগুলো খুলে দেওয়া হচ্ছে।

    একইসাথে কিছু কিছু জায়গায় পুনর্গঠন কাজ শুরু করতে মাটি সমান করার কাজও চলছে।

  7. দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

    দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা চলছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা

    দক্ষিণ লেবাননে বুধবার সকালে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    এটি থেকেই বোঝা যাচ্ছে, ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিটি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

    চুক্তিটি ঘোষণার পরপরই আজ সকালে দেশটির দক্ষিণাঞ্চলের টায়ার এবং নাবাতিয়েহ এলাকায় এই হামলা চালানো হয়।

    যুদ্ধবিরতির চুক্তি ইরানসমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সঙ্গে চলা সংঘাতকেও অন্তর্ভুক্ত করে- এই দাবি অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    তবে লেবানন সরকার এবং হেজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    তবে এই চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল যে, চুক্তির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত ছিল।

    সাম্প্রতিক কিছু প্রতিবেদন থেকে জানা গেছে, হেজবুল্লাহ যে কোনো চুক্তির মধ্যে লেবানন ফ্রন্টকেও অন্তর্ভুক্ত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছিল।

    অন্যদিকে, ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, তারা লেবাননের সীমান্তের ভেতরে একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করতে চায়।

    ইতোমধ্যে ইসরায়েলি সৈন্যরা লেবাননে ঢুকেছে এবং আশঙ্কা করা হচ্ছে, এর ফলে দেশটির কিছু অংশ ইসরায়েলের দখলে চলে যেতে পারে।

  8. ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলি বাহিনীর

    লেবাননে ইসরায়েলি হামলা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে হামলা বন্ধ করেছে, তবে লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে।

    এক বিবৃতিতে তারা বলেছে, ইরানে তারা “হামলার একটি পর্যায় শেষ করেছে” এবং রাজনৈতিক নেতৃত্বের “নির্দেশনা অনুযায়ী” এখন যুদ্ধবিরতি পালন করছে।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের “লঙ্ঘন বা হামলার জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত।”

    তবে লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে “আইডিএফ নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক স্থল অভিযান অব্যাহত রাখছে” বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

    উল্লেখ্য, যুদ্ধবিরতির আলোচনায় সহযোগিতা করা ইরান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ—উভয়েই বলেছেন, এই চুক্তির আওতায় লেবাননও রয়েছে, যেখানে ইরানের মিত্র হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েল লড়াই চালিয়ে যাচ্ছে।

    তবে আজ বুধবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের টায়ার শহরের বাসিন্দাদের জন্য নতুন একটি সরে যাওয়ার নির্দেশ জারি করে।

    এতে বলা হয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে “অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে” জাহরানি নদীর উত্তরে চলে যেতে হবে।

  9. গত ২৪ ঘণ্টার উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
    • এই খবরে বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
    • যুদ্ধবিরতির ঘোষণা আসার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে "আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।"
    • বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানায় দেশজুড়ে সব বিদ্যুৎকেন্দ্রের চারপাশে মানববন্ধন গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানায় ইরানের শাসকরা। ইরান হুমকি দেয় যে হামলা হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে দেওয়া হবে।
    • নিরাপত্তা পরিষদে বাহরাইনের তোলা হরমুজ প্রণালিতে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
    • ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার ও জ্যাক প্যারিস দেশটি ত্যাগের অনুমতি পেয়েছেন।
    • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের ব্যবহৃত রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ব্যবহার করে এমন আটটি সেতুতে তারা হামলা করেছে।
    • চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফিরতে শুরু করেছে নাসা'র আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়লেন তারা।
    • বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে।
    • বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ঢাকার লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।
    • হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।
    • ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে