লাইভ, নেপালে ৮০০ জনেরও বেশি নিখোঁজ, মৃতের সংখ্যা বেড়ে ২৭০

নেপালে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ২৭০টি মৃতদেহ উদ্ধার করার তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ। পাঁচশ জনের বেশি পর্যটকসহ ৮০০ জনের বেশি এখনো নিখোঁজ সেখানে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন সজল দাস, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারো, অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই।”

    এই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

    বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে মক্কা চুক্তি নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, মক্কা প্যাক্ট ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ। তবে এ নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি।

    এখানে যুক্ত হওয়ার বিষয়টি নির্ভর করছে এই প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। যদি সদস্য দেশগুলো এই প্যাক্টে বাংলাদেশকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

    এই চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

  2. নেপালে আরো বন্যা ও ভূমিধসের আশঙ্কা

    নেপালে আকস্মিক বন্যায় ভেসে যাওয়া নদীর তীরের একটি এলাকা

    ছবির উৎস, Reuters

    নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজাস্টার স্টাডিজের পরিচালক বসন্ত রাজ অধিকারী বিবিসি নিউজডেকে বলেছেন, আজ অথবা আগামীকাল ব্ন্যার “দ্বিতীয় ও তৃতীয় ঢেউ” আঘাত হানার ঝুঁকি রয়েছে।

    তিনি বলেন, “আমরা এখনো জানি না”।

    পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চীনের এমন সহকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন জানিয়ে তিনি বলেন, “ভারী বৃষ্টিপাত নেই, কিন্তু ভূমিধস ঘটতে পারে।”

    তিনি আরও বলেন, তারা হিমালয় অঞ্চলের প্রাকৃতিক ঝুঁকিগুলো পর্যবেক্ষণ করে আসছেন। “এখানে জলবায়ু পরিবর্তন সত্যিই ঘটছে,” তিনি ব্যাখ্যা করেন।

    “আমরা পর্যবেক্ষণ করছিলাম, কিন্তু নির্দিষ্ট কোন দিনে এমনটি ঘটবে, তা আমরা জানতাম না।”

    নেপালে বন্যার কাদায় ডুবে যাওয়া কয়েকটি ভবন

    ছবির উৎস, Anadolu via Getty Images

  3. বাংলাদেশে সংসদের তৃতীয় অধিবেশন শুরু, আলোচনা হতে পারে যেসব বিষয়ে

    বাংলাদেশের জাতীয় সংসদ ভবন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন

    বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে।

    বৃহস্পতিবার বেলা তিনটা থেকে সংসদের অধিবেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা।

    সংসদের এই অধিবেশনে দিনের কর্মসূচিতে জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের নানা প্রস্তাবের পাশাপাশি গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬ উত্থাপনের কথা রয়েছে।

    গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণের এই বিল উত্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    এছাড়া ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬ এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদে উত্থাপন করবেন বলেও জানানো হয়েছে।

  4. ব্রেকিং, নেপালে মৃতের সংখ্যা বেড়ে ২৭০

    সোশ্যাল মিডিয়ায় দেওয়া সর্বশেষ আপডেটে নেপাল পুলিশ জানিয়েছে, বুধবারের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ২৭০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

  5. নেপালে এখনো প্রায় ১০০ চীনা নাগরিক নিখোঁজের দাবি

    বৃহস্পতিবার সকালে ড্রোন থেকে তোলা একটি দৃশ্যে নেপালের একটি এলাকার ধ্বংসযজ্ঞের মাত্রা ধরা পড়েছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার সকালে ড্রোন থেকে তোলা একটি দৃশ্যে নেপালের একটি এলাকার ধ্বংসযজ্ঞের মাত্রা ধরা পড়েছে

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের মতে, নেপালে আকস্মিক বন্যার পর প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

    লিন বলেন, চীন নেপালের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। তিনি আরও বলেন, নেপালের প্রয়োজন অনুযায়ী চীন জরুরি সহায়তাও প্রদান করবে।

    চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতের গিরং কাউন্টিতে ভূমিধসজনিত দুর্যোগে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সর্বশেষ হালনাগাদে জানিয়েছে, নেপালে আরও ৮২৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

    বর্তমানে স্পষ্ট নয়, এই সংখ্যাগুলো চীনের দেওয়া পরিসংখ্যানের সঙ্গে আংশিকভাবে মিলে যায় কি না।

  6. নেপাল ‘চরম পরিস্থিতির’ মধ্যে রয়েছে, ‘আরও অনেক সহায়তা প্রয়োজন’ - রেড ক্রস প্রধান

    নেপালের নুয়াকোট জেলায় বুধবারের আকস্মিক বন্যার পরবর্তী পরিস্থিতি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নেপালের নুয়াকোট জেলায় বুধবারের আকস্মিক বন্যার পরবর্তী পরিস্থিতি

    নেপালে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেছেন, বুধবারের বন্যায় আক্রান্ত অঞ্চলগুলোতে এখনো “চরম পরিস্থিতি” বিরাজ করছে।

    তিনি বিবিসি রেডিও ৫ লাইভ ব্রেকফাস্টকে বলেন, নেপালের উত্তরাঞ্চলের কিছু এলাকায় “শুধু হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো সম্ভব, কারণ বন্যায় সেতু ও সড়ক ধ্বংস হয়ে গেছে।”

    “আমাদের দল সেখান থেকে কিছুটা দক্ষিণে অবস্থান করছে এবং তারা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য সেখানে যেতে পেরেছে।”

    ফিশার বলেন, “আমাদের কাছে খুবই স্পষ্ট যে সেখানে জরুরি প্রয়োজন অত্যন্ত তীব্র” এবং বহু মানুষকে গত রাতে “খোলা আকাশের নিচে” রাত কাটাতে হয়েছে, তবে “এর চেয়ে অনেক, অনেক বেশি সহায়তা প্রয়োজন।”

    তিনি আরও যোগ করেন, অনেক গ্রাম ও বাজার এলাকা “ভেসে গেছে” এবং মৃতের সংখ্যা “আরও বাড়তে পারে” বলে তিনি আশঙ্কা করছেন।

    নেপালের নুয়াকোট জেলার দেবীঘাট গ্রামে কাদায় ভরা একটি এলাকা দিয়ে একজন উদ্ধারকারী হেঁটে যাচ্ছেন

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, নেপালের নুয়াকোট জেলার দেবীঘাট গ্রামে কাদায় ভরা একটি এলাকা দিয়ে একজন উদ্ধারকারী হেঁটে যাচ্ছেন
  7. মৃতের সংখ্যা বেড়ে ১৭৭: নেপাল পুলিশ

    সর্বশেষ হালনাগাদে নেপাল পুলিশ জানিয়েছে, গতকালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখন পর্যন্ত ১৭৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

    তারা আরও জানায়, ৩৩ জন চিকিৎসাধীন আছেন এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য এখন পর্যন্ত তিন হাজার ৩১৮ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

  8. নেপালে ৮০০ জনের বেশি মানুষ নিখোঁজ

    নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেছে অনেক বাড়িঘর

    ছবির উৎস, AFP via Getty Images

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, ভোতেকোশি-ত্রিশুলি বন্যার পর ৮২৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন।

    সংস্থাটি জানিয়েছে, এই সংখ্যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য, পর্যটক ও সাধারণ জনগণ অন্তর্ভুক্ত রয়েছে।

    নিখোঁজ পর্যটকের সংখ্যা ৫২৯ জনেরও বেশি বলে জানানো হয়েছে।

  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে