পোপ লিও ক্যান্সারে আক্রান্ত, এ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর

Published
পড়ার সময়: ৪ মিনিট

পোপ চতুর্দশ লিও-র ডান ফুসফুসের নিম্নাংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের পর তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে বলে ভ্যাটিকান জানিয়েছে।

মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ৯০ মিনিটের একটি অস্ত্রোপচার হয়েছে ৭১ বছর বয়সী পোপের।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় পরীক্ষা করা টিস্যুতে পোপের ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা নিশ্চিত হয়েছে।

এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, অপারেশনটি সফল হয়েছে এবং স্বল্প সময়ের পর্যবেক্ষণের পর পোপ তার কক্ষে ফিরে গেছেন।

আপনার মনে প্রশ্ন আসতে পারেন, ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা কী? পোপের অস্ত্রোপচার কতটা গুরুতর ছিল এবং তার সুস্থ হতে কত সময় লাগবে?

ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা কী?

ভ্যাটিকান সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি নডিউল বা ছোট পিণ্ড শনাক্ত হয়।

এটি একটি ছোট ক্ষতের মতো, যা বিনাইন অর্থাৎ সাধারণত নিরীহ প্রকৃতির।

আমেরিকান থোরাসিক সোসাইটি বলছে, এমন নোডিউল বা পিণ্ড পাঁচ শতাংশেরও কম ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারে রূপ নেয়।

যদিও বয়স, নডিউলের আকার এবং ধূমপানের মতো বিষয়ের ওপর নির্ভর করে এর ঝুঁকি বাড়ে।

নোডিউলগুলো স্বাভাবিক ফুসফুসের টিস্যুর চেয়ে বেশি ঘন হয় এবং সিটি স্ক্যানে সাদা দাগ হিসেবে দেখা যায়।

আমেরিকান থোরাসিক সোসাইটির মতে, একে সাধারণত 'ছায়া' বা 'ফুসফুসের উপর দাগ' বলা হয়।

তবে, পোপ লিও-র অস্ত্রোপচারের সময় পরীক্ষা করা টিস্যুতে নিশ্চিত হওয়া যায় যে, পিণ্ডটি ছিল ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা।

এটি এক ধরনের ক্যান্সার যা ফুসফুসে শ্লেষ্মা উৎপাদনকারী কোষ থেকে শুরু হয়।

হলি সি প্রেস অফিস কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে ডাক্তার লুইজি কার্বোন এবং স্টেফানো মার্গারিটোরা বলেছেন, "অস্ত্রোপচারের সময় করা হিস্টোলজিক্যাল পরীক্ষায় ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমার রোগনির্ণয় নিশ্চিত হয়েছে, যা অস্ত্রোপচারের আগে স্বাস্থ্য পরীক্ষার সময় থেকে সন্দেহ করা হয়েছিল।"

অ্যাডেনোকার্সিনোমা হলো ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে সাধারণ রূপ এবং এটি বিশেষ করে তাদের মধ্যে বেশি দেখা যায় যারা কখনও ধূমপান করেননি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিএস)-এর মতে, অধূমপায়ীদের মধ্যে চিহ্নিত হওয়া ফুসফুসের ক্যান্সারের প্রায় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ হলো অ্যাডেনোকার্সিনোমা।

পোপ লিও ২০২৫ সালের মে মাসে পোপ নির্বাচিত হয়েছেন, যিনি পোপ হিসেবে তুলনামূলকভাবে তরুণ।

তিনি টেনিসসহ বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন এবং তিনি ধূমপান করেন না, অথবা অতীতে কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন বলে জানা যায় না।

অপারেশনটি কতটা গুরুতর ছিল?

ভ্যাটিকান জানিয়েছে, শল্যচিকিৎসকরা ভিডিও-সহায়ক কৌশল ব্যবহার করে পোপের ডান ফুসফুসের নিম্ন খণ্ডটি অপসারণ করেছেন।

এক মেডিকেল বুলেটিনে ডাক্তার লুইজি কার্বোন ও স্টেফানো মার্গারিটোরা বলেছেন, টিউমারটির "সম্পূর্ণ অপসারণ নিশ্চিত করার জন্য" এ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।

অস্ত্রোপচারটি প্রায় ৯০ মিনিট ধরে চলেছে, যদিও পোপকে অপারেশন কক্ষে প্রায় তিন ঘণ্টা থাকতে হয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন যে প্রক্রিয়াটি সফল হয়েছে এবং কোনো জটিলতা দেখা দেয়নি।

কিছুক্ষণ পর্যবেক্ষণের পর পোপ রোমের জেমেলি হাসপাতালে নিজের কক্ষে ফিরে আসেন।

ভ্যাটিকান জানিয়েছে, পরে তিনি তার সচিব এবং ভ্যাটিকানের অন্য কর্মীদের সঙ্গে নৈশভোজ ও সন্ধ্যা কাটান।

ভ্যাটিকান জানিয়েছে, পরবর্তী পরীক্ষার ফলাফল পাওয়া মাত্রই প্রকাশ করা হবে।

পোপের সুস্থ হতে কত সময় লাগবে?

ভ্যাটিকান জানিয়েছে, পোপের সুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।

তিনি রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যা আনুষ্ঠানিকভাবে অগস্টিনো জেমেলি পলিক্লিনিক নামে পরিচিত।

এটি ক্যাথলিক ইউনিভার্সিটি অফ দ্য স্যাক্রেড হার্টের অধিভুক্ত একটি ক্যাথলিক শিক্ষাদানকারী হাসপাতাল।

হাসপাতালটির দশম তলায় পোপদের জন্য একটি বিশেষ কক্ষ রয়েছে, যেখানে একটি ব্যক্তিগত উপাসনালয়ও আছে।

লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিস, শ্বাসকষ্টজনিত দীর্ঘ অসুস্থতার পর ২০২৫ সালের এপ্রিলে মৃত্যুর আগে সেখানে বেশ কয়েকবার চিকিৎসা গ্রহণ করেছিলেন।

সেন্ট জন পল দ্বিতীয় জেমেলিতে এত বেশি সময় কাটাতেন যে, তিনি ভ্যাটিকান এবং পোপের গ্রীষ্মকালীন বাসস্থান ক্যাসেল গান্দোলফোর নামানুসারে এর বিখ্যাত ডাকনাম দিয়েছিলেন "ভ্যাটিকান থ্রি"।

পোপ কি এখনো ভ্রমণ করবেন ও অনুষ্ঠানে যোগ দেবেন?

হাসপাতালে ভর্তি হওয়ার আগে পোপ মঙ্গলবার থেকে ২০শে অক্টোবর পর্যন্ত জনসমক্ষে উপস্থিতির সব অনুষ্ঠান বাতিল করেছেন।

আসন্ন অস্ত্রোপচার সত্ত্বেও, লিও সোমবার সকালে তার সমস্ত পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেন।

সোমবার প্রকাশিত ভ্যাটিকানের কার্যসূচি থেকে জানা গেছে, তিনি সেদিন সকালে আর্জেন্টিনা, নিকারাগুয়া, জাপান, নাইজেরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত বিশপদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রোম-ভিত্তিক একটি দাতব্য সংস্থার সঙ্গে বৈঠকে তিনি বলিষ্ঠ ও স্পষ্ট কণ্ঠে সদস্যদের তাদের কাজের জন্য ধন্যবাদ জানান বলে রয়টার্স জানিয়েছে।

লিও, যিনি ক্যাথলিক চার্চের ১৪০ কোটি সদস্যের নেতৃত্ব দেন, এই সপ্তাহে তার বেশ কয়েকটি জনসমক্ষে নির্ধারিত কর্মসূচি ছিল, যার মধ্যে বুধবার সেন্ট পিটার্স স্কোয়ারে একটি গণপ্রার্থনাও অন্তর্ভুক্ত ছিল।

ভ্যাটিকান জানিয়েছে, তার বদলে কার্ডিনাল লুইস টাগলে এ গণপ্রার্থনা পরিচালনা করবেন।

পোপ লিও ছয় থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফর করবেন।

অস্ত্রোপচার এবং সেরে ওঠার সময়কাল এই ভ্রমণকে প্রভাবিত করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এ ভ্রমণে পেরুতে বিভিন্ন বিমানযাত্রা, হেলিকপ্টার ভ্রমণ এবং উচ্চভূমি পরিদর্শন অন্তর্ভুক্ত থাকবে।

তবে, পোপ রোববার বলেছেন যে তিনি ভ্রমণ করার ইচ্ছা পোষণ করেন।

সুস্থ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন পোপ ?

পোপ হলেন বিশ্বের ক্যাথলিকদের সর্বোচ্চ পার্থিব কর্তৃপক্ষ এবং তার কোনো প্রতিনিধি নেই, যিনি তার অসুস্থতার সময় স্বয়ংক্রিয়ভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

পোপ শারীরিকভাবে অসুস্থ থাকাকালীন সময়ে ভ্যাটিকানের আমলাতন্ত্র তার কার্যক্রম চালিয়ে যায়, যদিও পোপের অনুমোদন প্রয়োজন এমন সিদ্ধান্তগুলো সাধারণত তখন স্থগিত রাখা হয়।

কোনো পোপের মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে, কার্ডিনাল কলেজের ডিন, বর্তমানে ফিলিপাইনের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে, তার উত্তরসূরি নির্বাচনের জন্য কনক্লেভ আয়োজনের দায়িত্বে থাকেন।