আর্জেন্টিনা, ফ্রান্স, মরক্কো - বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কার খেলা কখন, প্রতিপক্ষ কে?

ছবিতে দেখা যাচ্ছে হ্যারি কেইন, আরলিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও ওসমান দেম্বেলেকে (বাম থেকে ডানে)

ছবির উৎস, Getty Images

Published
পড়ার সময়: ৩ মিনিট

আর্জেন্টিনা-মিশরের চরম উত্তেজনাপূর্ণ ম্যাচের পর টাইব্রেকে কলম্বিয়া - সুইজারল্যান্ডের গোলশূন্য ম্যাচের নিষ্পত্তি – ‌এর মধ্য দিয়েই শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন। একদিনের বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। খেলোয়াড় ও কোচরা যে এরই মধ্যে প্রতিপক্ষের জন্য কৌশল ও পরিকল্পনা সাজাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

৪৮টি দলের মধ্য থেকে গ্রুপ পর্ব, রাউন্ড অফ থার্টি টু, রাউন্ড অফ সিক্সটিন পেরিয়ে কোয়ার্টার-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা দলগুলো হলো– বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড, মরক্কো ও সুইজারল্যান্ড।

দলগুলোর মধ্যে ফ্রান্স, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবচেয়ে বেশি ১৪টি করে গোল করেছে।

এরপর আছে বেলজিয়াম। এ দলটি এবার শুরু থেকে খুব একটা আলোচনায় ছিল না। কিন্তু নেদারল্যান্ডস, পর্তুগাল, ব্রাজিলের মতো ফেভারিট দলগুলো বাদ পড়লেও এখন পর্যন্ত ১৩ গোল করা বেলজিয়াম ঠিকই জায়গা করে নিয়েছে শেষ আটে।

টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ১২ গোল করা নরওয়ে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়েছে।

চতুর্থ সর্বোচ্চ ১১ গোল করা ইংল্যান্ডও বরাবরের মতো ফেভারিট হিসেবে আলোচনায় রয়েছে।

এই দলগুলোর মধ্যে একমাত্র আফ্রিকান দেশ মরক্কো। যারা গত বিশ্বকাপের পর এবারও সবার নজর কেড়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল দলটি।

এছাড়া অন্য দুই ইউরোপিয়ান দল স্পেন ও সুইজারল্যান্ডও শেষ আটের লড়াইয়ে জায়গা করে নিয়েছে। এর মধ্যে স্পেনকে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট বলে মনে করছেন বোদ্ধারা।

বল দখলের লড়াইয়ে দেখা যাচ্ছে হুলিয়ান আলভারেজ ও মোহাম্মদ সালাহকে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাউন্ড অফ সিক্সটিনে আর্জেন্টিনা- মিশর ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নেয় লিওনেল মেসির দল

জেনে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কোন দলের ম্যাচ কখন-

শুক্রবার, ১০ই জুলাই

ফ্রান্স বনাম মরক্কো

বাংলাদেশ সময় রাত ২টা

ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস

শনিবার, ১১ই জুলাই

স্পেন বনাম বেলজিয়াম

বাংলাদেশ সময় রাত ১টা

ভেন্যু: সোফি স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া

রোববার, ১২ই জুলাই

নরওয়ে বনাম ইংল্যান্ড

বাংলাদেশ সময় রাত ৩টা

ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস

রোববার, ১২ই জুলাই

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড

বাংলাদেশ সময় সকাল ৭টা

ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি

মিশরের বিপক্ষে জয়ের পর আবেগাপ্লুত লিওনেল মেসিকে হাত মুষ্টিবদ্ধ করে কাঁদতে দেখা যাচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মিশরের বিপক্ষে জয়ের পর আবেগাপ্লুত লিওনেল মেসি

আগেই উল্লেখ করা হয়েছে আফ্রিকার একমাত্র দেশ হিসেবে শেষ আটে টিকে আছে মরক্কো। লাতিন আমেরিকার দেশ হিসেবে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর বাকি ছয়টি দেশ ইউরোপের।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ আটের সাতটি দলই ছিল ইউরোপের। এর বাইরে একমাত্র দল ছিল ব্রাজিল। লাতিন অঞ্চলের দেশটিই সেবার চ্যাম্পিয়ন হয়েছিল।

মাঠের খেলায় ভালো প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত এশিয়ার কোনো দলই জায়গা করে নিতে পারেনি শেষ আটে।

২০২২ বিশ্বকাপের পর এবারও সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আছেন কিলিয়ান এমবাপ্পে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০২২ বিশ্বকাপের পর এবারও সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আছেন কিলিয়ান এমবাপ্পে
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই আলো কেড়ে নিয়েছেন নরওয়ের তারকা আরলিং হালান্ড

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই আলো কেড়ে নিয়েছেন নরওয়ের তারকা আরলিং হালান্ড