বাংলাদেশে ম্যাগি নুডলস নিয়ে সতর্ক অবস্থানে বিএসটিআই

ভারতে গত মার্চ মাসে ম্যাগি নুডলসে উচ্চমাত্রায় সীসার অস্তিত্ব পায় উত্তর প্রদেশ কর্তৃপক্ষ
ছবির ক্যাপশান, ভারতে গত মার্চ মাসে ম্যাগি নুডলসে উচ্চমাত্রায় সীসার অস্তিত্ব পায় উত্তর প্রদেশ কর্তৃপক্ষ
Published

ভারতের উত্তর প্রদেশে ম্যাগি নুডলস নামে একটি জনপ্রিয় খাদ্যপণ্যে উচ্চমাত্রার সীসা পাওয়া যাওয়ার পর উত্তরখন্ডের কর্তৃপক্ষও এখন এই পণ্যটি পরীক্ষার কথা বলছে।

বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণের সরকারী প্রতিষ্ঠান বিএসটিআইও বলছে সতর্কতা হিসেবে তারা ম্যাগী নুডলস সহ বেশ কয়েকটি নুডলস পরীক্ষা করার উদ্যোগ নেয়া হয়েছে।

ভারতে গত মার্চ মাসে নিয়মিত পরীক্ষায় ম্যাগি নুডলসে সীসার অস্তিত্ব পায় ইউপি কর্তৃপক্ষ।

পণ্যটির প্রস্তুতকারক নেসলে ইন্ডিয়া এই পরীক্ষার ফলাফল বর্জন করলেও খবরটিতে ভারতজুড়ে তোলপাড় চলছে।

বাংলাদেশে ম্যাগি নুডলস অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্যপণ্য
ছবির ক্যাপশান, বাংলাদেশে ম্যাগি নুডলস অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্যপণ্য

বাংলাদেশে পন্যের মান নিয়ন্ত্রণের সরকারী প্রতিষ্ঠান বিএসটিআইএর মহাপরিচালক ইকরামুল হক বিবিসির সাথে আলাপকালে বলছিলেন, বাংলাদেশে ম্যাগি নুডলস তৈরি করে নেসলে বাংলাদেশ। আর যেহেতু নেসলে ইন্ডিয়ার তৈরি ম্যাগি নুডলসে সীসা পাওয়া গেছে তাই ওই খবরে তারা ততটা উদ্বিগ্ন নন।

তবে সতর্কতা হিসেবে ম্যাগি নুডলসসহ বেশ কয়েক প্রকারের নুডলস বাজার থেকে নিয়ে পরীক্ষা করা শুরু করেছে বিএসটিআই। কিছুদিন পরেইা ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন ইকরামুল হক।

মিঃ হক আরও জানিয়েছেন তারা পণ্যের বিষয়ে জানতে নেসলের সাথে যোগাযোগ করেছেন এবং নেসলেও বলেছে তাদের পণ্যে ক্ষতিকারক কিছু নেই।

কিন্তু ম্যাগি নুডলস পরীক্ষা করেই পণ্যে ক্ষতিকারক উপাদান আছে কি নেই সে বিষয়ে নিশ্চিত হবেন বলে জানিয়েছেন বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হক।