মোবাইল ফোন ব্যবহারে ১ শতাংশ সারচার্জ

ছবির উৎস, Getty

Published

বাংলাদেশ সরকার মোবাইল ফোনের সেবার উপর এক শতাংশ হারে সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড এই প্রস্তাব করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রী সভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়।

বৈঠকের পর মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেছেন, মোবাইল ফোনে সারচার্জ বাবদ যে রাজস্ব আসবে, তা শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য ব্যয় করা হবে।

সরকারের রাজস্ব বিভাগ আশা করছে বছরে এই সারচার্জ থেকে ১৪০ কোটি টাকা পাওয়া যাবে।

এ সংক্রান্ত সরকারী গেজেট প্রকাশের পরপরই সারচার্জ আরো শুরু হবে। মোবাইল ফোন অপারেটরাই এক শতাংশ হারে সারচার্জ কেটে রাখবে।

চলতি অর্থ বছরের বাজেট পাশের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোন ব্যবহারের এই সারচার্জ আরোপের প্রস্তাব করেছিলেন।

বাংলাদেশে প্রায় দশ কোটি মানুষ মোবাইল ফোন ব্যাবহার করে।