করোনা ভাইরাস: একদিনে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গেলো, শনাক্তও সর্বোচ্চ

করোনা
ছবির ক্যাপশান, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
Published

বাংলাদেশ করোনাভাইরাস সংক্রমণে একদিনে মৃত্যুর সংখ্যা রেকর্ড ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৬জন। একই সাথে শনাক্তের হারেও হয়েছে নতুন রেকর্ড।

মৃতদের মধ্যে ৩৯জন পুরুষ এবং ২৭জন নারী। সব মিলিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯৩৮৪ জন।

গত আটই মার্চ বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত চব্বিশ ঘন্টাতেই ছিল একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের দিন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪৩১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭২১৩ জন শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২১.০২ শতাংশ।

আরো পড়ুন:

এনিয়ে টানা তৃতীয় দিনের মতো সংক্রমণ সাত হাজারের বেশি হলো।

রবিবার প্রথমবারের মত দৈনিক শনাক্ত সাত হাজার অতিক্রম করেছিল।

গত বছরের মার্চের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।

তবে এবছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।

এমনকি মৃত্যুর সংখ্যাও বেশ কিছুদিন দশের নিচে ছিল। কিন্তু তাতেও দেখা দেয় ঊর্ধ্বগতি।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে এক সপ্তাহের জন্য বাংলাদেশে লকডাউন জারি করেছে সরকার।

চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।