বিবাহ-বহির্ভূত প্রেম, নির্যাতনে অভিযুক্ত ক্রিকেটার শামি

স্ত্রীর সঙ্গে মহম্মদ শামির সেলফি

ছবির উৎস, Facebook/Hasin Jahan

ছবির ক্যাপশান, স্ত্রীর সঙ্গে মহম্মদ শামির সেলফি

তিন ফর্ম্যাটেই ভারতের জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য, ফাস্ট বোলার মহম্মদ শামির বিরুদ্ধে অজস্র মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার এবং বাড়িতে নির্যাতন চালানোর মারাত্মক অভিযোগ এনেছেন তার স্ত্রী হাসিন জাহান।

নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই সঙ্গে মহম্মদ শামির সঙ্গে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেয়ের কথোপকথনের স্ক্রিনশট ও তাদের ছবিও প্রমাণ হিসেবে পেশ করেছেন।

ভারতের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে হাসিন জাহান আরও জানিয়েছেন, তার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার এখন এই পর্যায়ে পৌঁছেছে যে স্বামীর বিরুদ্ধে আইনি রাস্তা নেওয়া ছাড়া তার আর কোনও উপায় নেই।

এদিকে এই মুহুর্তে ইন্ডিয়া-এ দলের হয়ে দেওধর ট্রফি খেলতে ব্যস্ত মহম্মদ শামিও বুধবার সকালে ফেসবুকে সংক্ষিপ্ত পোস্ট দিয়ে দাবি করেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে যে সব খবর রটানো হচ্ছে তা সর্বেব মিথ্যা।

এগুলো তার 'চরিত্র হনন করার ষড়যন্ত্র' এবং তার 'খেলা খারাপ করার অপচেষ্টা' বলেও দাবি করেছেন মহম্মদ শামি।

তবে হাসিন জাহান অবশ্য তার অভিযোগ থেকে পিছু হঠবেন, এখনও এমন কোনও ইঙ্গিত দেননি। বরং তিনি জানাচ্ছেন, ভারতের সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরের পরও দেশে ফিরে মহম্মদ শামি তাকে মারধর করেছেন।

"ওর পরিবারের সবাই আমাকে নির্যাতন করত। শামির মা ও ভাই-ও আমার ওপর অত্যাচার চালাত, আর সেটা চলত রাত দুটো-তিনটে পর্যন্ত। ওরা আমাকে মেরেও ফেলতে চেয়েছিল", বলেছেন হাসিন জাহান।

পাশাপাশি যে সব মেয়ের সঙ্গে শামি সম্পর্ক রাখেন বলে তিনি দাবি করেছেন, তাদের অনেকের ছবি ও ফোন নম্বর পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দিয়েছেন।

সঙ্গে দিয়েছেন ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে শামির একান্ত গোপনীয় কথাবার্তার স্ক্রিনশট।

ক্রিকেটার মহম্মদ শামি

ছবির উৎস, MICHAEL BRADLEY

ছবির ক্যাপশান, ক্রিকেটার মহম্মদ শামি

হাসিন জাহান দাবি করেছেন, পাঁচ বছর আগে ২০১৩-র এপ্রিলে মহম্মদ শামির সঙ্গে যখন তার বিয়ে হয়, সে মাসেই তিনি স্বামীর এসব অবৈধ সম্পর্কের কথা জানেত পারেন।

কিন্তু এতদিন ধরে বুঝিয়ে-সুঝিয়েও তাকে সঠিক রাস্তায় ফেরানো সম্ভব হয়নি। বরং তার ওপর অত্যাচারের মাত্রা ও শাসানি ক্রমেই বেড়েছে বলে হাসিন জাহান দাবি করেছেন।

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পথে দুবাইতে যাত্রাবিরতি নিয়ে ও পাঁচতারা হোটেল বুক করে শামি মেয়েদের সঙ্গে রাত কাটিয়েছেন, এ কথা জানার পরই তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় বলে তিনি জানান।

এর আগে ২০১৬র ডিসেম্বরে এই মহম্মদ শামির স্ত্রীর পোশাক নিয়ে ফেসবুক ও টুইটারে কিছু লোক বিরূপ মন্তব্য করার পর তিনি সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের সমালোচনা করেছিলেন।

তখন মহম্মদ কাইফের মতো সাবেক বহু ক্রিকেটারও শামির সমর্থনে এগিয়ে এসেছিলেন।

উত্তরপ্রদেশের আমরোহার ছেলে মহম্মদ শামি গত বেশ কয়েক বছর ধরে বাংলার হয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট খেলছেন, সেই সুবাদে তিনি সপরিবারে কলকাতাতেই থাকেন।

এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় বহু তারকার বিরুদ্ধেই বিবাহ-বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে।

আমাদের পেজে আরও পড়তে পারেন: