বাংলাদেশে নিখোঁজ শিক্ষক মুবাশ্বার হাসানের বোন তামান্না তাসনীম: 'কোন শব্দই এই কষ্টকে ব্যাখ্যা করতে পারবে না'

বাংলাদেশে গত কয়েকমাসেই কয়েকজন ব্যবসায়ী, রাজনীতিক, সাংবাদিক ও শিক্ষক নিখোঁজ হয়েছেন
ছবির ক্যাপশান, বাংলাদেশে গত কয়েকমাসেই কয়েকজন ব্যবসায়ী, রাজনীতিক, সাংবাদিক ও শিক্ষক নিখোঁজ হয়েছেন
Published

বাংলাদেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড: মুবাশ্বার হাসান নিখোঁজ হয়েছিলেন আজ থেকে ঠিক এক মাস আগে। বাংলাদেশে আরও অনেক ব্যবসায়ী, রাজনীতিক, সাংবাদিক ও শিক্ষক এভাবে নিখোঁজ হয়ে গেছেন।

গত একমাস ধরে ড: হাসানের পরিবার ও শুভার্থীরা পুলিশ ও সরকারের কাছে তাকে খুঁজে বের করার দাবি করেছে।

ড: হাসানের বোন তামান্না তাসমীনের কাছে বিবিসি বাংলা জানতে চেয়েছিল, ভাইয়ের সন্ধানে তারা যখন বিভিন্ন কর্তৃপক্ষের কাছে যাচ্ছেন, তখন তাদের কী বলা হচ্ছে?

তামান্না তাসমীন বলছেন, ''আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময়েই বলছে, তারা চেষ্টা করছেন। ক্লু খোজার চেষ্টা করছেন, তাকে খুঁজছেন। কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের কিছু জানতে পারেননি। তারা শুধু বলেছেন যে তদন্ত চলছে।''

নিখোঁজ শিক্ষক ও গবেষক ড. মোবাশ্বার হাসান
ছবির ক্যাপশান, নিখোঁজ শিক্ষক ও গবেষক ড. মোবাশ্বার হাসান

কিন্তু এই একমাস পরেও পরিবারের সদস্যরা ধারণা করতে পারছেন না, কেন মুবাশ্বার হাসান নিখোঁজ হতে পারেন। তারা কোন কারণও খুঁজে পাচ্ছেন না। আগে কখনো পরিবারের সদস্যরা ভাবতে পারেননি, এ ধরণের কোন বিপদ তাদের হতে পারে।

তামান্না তাসমীন বলছেন, ''এখন যখন কোন নিখোঁজ ব্যক্তির অনেকদিন পরে ফিরে আসার খবর শুনতে পাই, তখন আমাদের ভালো লাগে। মনে হয়, ও তো একদিন এভাবে ফিরে আসবে।''

তিনি বলছেন, ''শব্দ দিয়ে বোঝানো যাবে না, এরকম পরিস্থিতিতে একটি পরিবার কিভাবে থাকে। যারা এরকম পরিস্থিতির শিকার হয়নি তারা বুঝতে পারবে না। একেকটা ফোন কল, একেকটা ডোরবেল আশা নিয়ে আসে। ডোরবেল শুনলেই মনে হয়, হয়তো সে ফিরে আসলো। ফোন আসলেই মনে হয়, কেউ হয়তো ফোন করবে আপনার ছেলেকে পাওয়া গেছে। কোন শব্দই এই কষ্টকে ব্যাখ্যা করতে পারবে না।''

সর্বশেষ গত সোমবার নিখোঁজ হয়েছেন সাবেক একজন রাষ্ট্রদূত এম. মারুফ জামান। বাংলাদেশে সম্প্রতি যেসব নিখোঁজের ঘটনা ঘটেছে, কোন কোন ক্ষেত্রে এর পেছনে সরকারেরই কোন সংস্থার হাত আছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

সেক্ষেত্রে সরকারের কাছে তারা কি আশা করেন?

তামান্না তাসমীন বলছেন, ''রাষ্ট্রের ভূমিকা আছে কিনা, তা আমার জানা নেই। আমি শুধু চাই, কেউ যদি তাকে আটকে রাখে, আমি শুধু চাই, তাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরত দিন। আমাদের কোন ব্যাখ্যার দরকার নেই, কোথায় ছিল এতদিন, তাও জানতে চাইবো না। শুধু ও জীবিত অবস্থায় ফেরত আসুক, শুধু মানুষটা আসুক।''

বিবিসি বাংলার আরো খবর: