লাইভ, যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে আরব সাগরে তিনটি ইরানি ট্যাংকার

দুই মাসের মধ্যে এই প্রথম ইরানি তিনটি ট্যাংকার মার্কিন নৌ অবরোধ ভেঙে আরব সাগরে প্রবেশ করতে পেরেছে। এদিকে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে মূলত বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মার্কিন নৌ অবরোধ পেরিয়ে আরব সাগরে ঢুকেছে ইরানের তিন তেলবাহী জাহাজ

    আরব সাগরে একটি জাহাজ

    ছবির উৎস, Anadolu via Getty Images

    গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো ইরানের তিনটি তেলবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো।

    বিবিসি যাচাই করে দেখেছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির এই তিনটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজ তেলভর্তি অবস্থায় অবরোধরেখা অতিক্রম করে আরব সাগরে প্রবেশ করেছে।

    জাহাজগুলোর অবস্থান শনাক্ত করার ব্যবস্থা চালু থাকলেও, সেগুলো কোথায় যাচ্ছে সে তথ্য প্রকাশ করা হচ্ছে না।

  2. ‘বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত’- বলছে হিউম্যান রাইটস ওয়াচ

    পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত চৌকিতে বহু মানুষ রোজ জড়ো হচ্ছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য (ফাইল ছবি)

    ছবির উৎস, Uttarayan Chakrabarti/BBC

    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য জড়ো হচ্ছেন অনেকেই (ফাইল ছবি)

    যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে মূলত বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

    মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। অন্যদিকে, ঠেলে পাঠানো ওই ব্যক্তিদের বাংলাদেশে ঢুকতে বাধা দিচ্ছে বাংলাদশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এতে করে বহু পরিবার দুই দেশের সীমান্তের শূন্য রেখায় (জিরো লাইন) আটকা পড়েছে।

    বিজিবির তথ্য অনুযায়ী, গত পহেলা জুন থেকে বিএসএফের ২১টি পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় শিশুসহ ২০০ জনের বেশি মানুষকে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ঠেলার চেষ্টা করা হয়েছিল।

    এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যকে উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে বিজেপি সরকারের "ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট" নীতির আওতায় শত শত “বাংলাদেশি অনুপ্রবেশকারীকে” আটক করা হয়েছে এবং প্রায় পাঁচ হাজার মানুষকে "ফিরে যেতে" বাধ্য করা হয়েছে।

    সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাকশী গাঙ্গুলী বলেন, "মৌলিক মানবাধিকারকে উপেক্ষা করে ভারতীয় কর্তৃপক্ষ নির্মমভাবে পরিবারগুলোকে জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে বা সীমান্তে আটকে রাখছে"।

    তিনি আরও বলেন যে ভারত সরকারের উচিত এই জোরপূর্বক বহিষ্কার বন্ধ করা, আইনি প্রক্রিয়া নিশ্চিত করা, নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা ও মুসলমানদের প্রতি বৈরিতাপূর্ণ আচরণ বন্ধ করা।

    হিউম্যান রাইটস ওয়াচ আরও জানায়, তারা এমন নয়জনের সাক্ষাৎকার নিয়েছে, যারা দেখেছেন যে বিএসএফ রাতের অন্ধকারে লোকজনকে সীমান্তে এনে কাঁটাতারের বেড়ার কাটা অংশ দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কয়েকটি ঘটনায় বিজিবি প্রবেশে বাধা দিলে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের আবার ফিরিয়ে নেয়।

  3. মঙ্গলবার সারাদিন যা ঘটেছে:

    • প্রধানমন্ত্রীর দায়িত্বে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেছেন তারেক রহমান।
    • সংস্কার না করে শুধু সংবিধান সংশোধনের জন্য সংসদে কমিটি গঠন করা হলে সেই সংসদীয় কমিটিতে বিরোধী দল কোনো প্রতিনিধি দেবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।
    • ঢাকার আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজনদের ধরতে গিয়ে চাপাতির আঘাতে জখম হয়েছেন থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা।
    • স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের করে "কোনো ভুল কাজ করা হয়নি"।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও ‘দায়িত্বশীল’ হওয়ার পরামর্শ দিয়েছেন।
    • মার্চের পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নামলো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। যুক্তরাষ্ট্র–ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত হচ্ছে এমন আশার জায়গা থেকে তেলের দাম কমেছে।
    • ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের খুব বেশি আর্থিক মূল্য না থাকলেও, "মনস্তাত্ত্বিক কারণে" যুক্তরাষ্ট্রের সেই মজুতকৃত ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া উচিত।
    • ইরান সতর্কতা উচ্চারণ করে বলেছে যে, লেবাননে ইসরায়েলের যেকোনো হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: