লাইভ, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তেহরানে লাখো মানুষ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। স্থান সংকুলান না হওয়ায় জানাজা শুরুর এক ঘণ্টা আগেই মসজিদ কমপ্লেক্সটির সবকটি ফটক বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর রোববার আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২১শে জুলাই

    আদালত

    ছবির উৎস, Getty Images

    ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

    এবিষয়ে আদেশ হওয়ার জন্য আগামী ২১শে জুলাই দিন ধার্য করেছে আদালত।

    রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিচারক বি এম তারিকুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।

    শুনানির আগে কারাগার থেকে মি. রহমানকে আদালতে হাজির করা হয়। আদালতের কাছে তিনি নিজেকে নির্দোষ করে করেন।

    ২০২৩ সালের কোরবানি ঈদের আগে মি. রহমানের ছেলে ১৫ লাখ টাকায় ছাগল কিনলে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। ঘুস ও দুর্নীতির অভিযোগ ওঠে মতিউর রহমানের বিরুদ্ধে।

    পরে অভিযোগ তদন্ত করে ২০২৪ সালে মি. রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দু'টি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

    ২০২৫ সালের ১৪ই জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মি. রহমানকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারেই আছেন।

  2. 'ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি' ডোনাল্ড ট্রাম্পের দাবি

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তবে, সেনাবাহিনীকে সম্পূর্ণ গুড়িয়ে দেয়া বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন, তার ব্যাখ্যা দেননি মি. ট্রাম্প।

    এদিকে, আজই স্থানীয় সময় সকাল আটটায় তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে মি. ট্রাম্প বলেছেন, “মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মত সুসংহত আর কোনদিনই ছিল না।”

    বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনানদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

    ৪০ মিনিট দীর্ঘ ভাষণে মি. ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদে আমেরিকার অর্থনৈতিক সক্ষমতা ও স্বাধীনতা, সেনাবাহিনীর ক্ষমতা ও সাফল্যের প্রশংসা এবং ‘কমিউনিস্টদের’ সমালোচনা করেন।

    প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ দেন মি. ট্রাম্প।

    অনুষ্ঠানে আতশবাজি ফোটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়।

  3. আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তেহরানে জনসমুদ্র

    আলী খামেনির জানাজা

    ছবির উৎস, Majid Saeedi/Getty Images

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। জানাজা শুরুর আগেই প্রিয় নেতাকে বিদায় জানাতে আসা মানুষের ক্রমবর্ধমান ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।

    রোববার ভোর থেকেই জানাজাস্থল তেহরানের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও আর আশপাশের এলাকায় সমবেত হতে থাকেন লাখো নারী-পুরুষ।

    স্থান সংকুলান না হওয়ায় জানাজা শুরুর এক ঘণ্টা আগেই মসজিদ কমপ্লেক্সটির সবকটি ফটক বন্ধ করে দেওয়া হয় বলে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে।

    পরে মসজিদের আশেপাশের সড়ক ও উন্মুক্ত স্থানগুলোতে অবস্থান নেন জানাজার নামাজ পড়তে আসা মানুষেরা। জানাজার আগে সেসব জায়গাও কানায় কানায় ভরে যায়।

    জানাজা উপলক্ষে গোটা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারি লক্ষ্য করা গেছে।

    স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়।

    শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি জানাজা নামাজের নেতৃত্ব দেন।

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি জানায় অংশ নেন।

    আরও ছিলেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি।

    তারা ছাড়াও জানাজা নামাজের সামনের সারিতে উপস্থিত ছিলেন আলী খামেনির তিন ছেলে - মাসুদ, মাইসাম এবং মুস্তফা।

    তবে, অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে তাদের আরেক ভাই ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি বলে জানা যাচ্ছে।

    তবে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির একজন উপদেষ্টা মোহাম্মদ আলি আবতাহি অভিযোগ করেছেন, বিরোধী রাজনীতিক ও সাবেক কর্মকর্তাদের জানাজা অনুষ্ঠানে যোগ দিতে দেয়া হয়নি।

    ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    চার মাসেরও বেশি সময় পর তার দাফন সম্পন্ন হতে যাচ্ছে। এজন্য ছয় দিনের রাষ্ট্রীয় শোকপালন ও শেষ বিদায়ের নানা অনুষ্ঠান পালনের ঘোষণা দিয়েছে তেহরান।

    গত শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাবেক এই আয়াতুল্লাহর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

    শনিবার সকাল স্থানীয় সময় ভোর ছয়টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে দর্শনার্থীরা রোববার বিকেল পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

    কয়েক দফা জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে আগামী বৃহস্পতিবার আলী খামেনিকে দাফন করার কথা রয়েছে।

    খামেনির শব জনসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হয়েছে

    ছবির উৎস, leader.ir

  4. আলী খামেনির জানাজায় ছিলেন না ইরানের শীর্ষনেতা মোজতবা খামেনি

    আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নামাজে সামনের সারিতেই ছিলেন তার তিন পুত্র

    ছবির উৎস, IRIB

    ছবির ক্যাপশান, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নামাজে তার অন্য তিন ছেলেকে সামনের সারিতেই দেখা গেছে

    রোববার সকালে তেহরানের কেন্দ্রীয় মসজিদে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, সেখানে দেখা যায়নি তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।

    অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে তিনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি বলে জানা যাচ্ছে।

    তবে তার অন্য তিন ভাই মেইসাম, মাসুদ এবং মুস্তফা বাবার জানাজায় অংশ নিয়েছেন। তাদেরকে জানাজা নামাজের সামনের সারিতেই দেখা গেছে।

    ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    হামলায় আলী খামেনি ছাড়াও তার জামাতা এবং নাতনিসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

    এরপর মোজতবা খামেনিকে ইরানে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়।

  5. সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

    তারেক রহমান

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশে সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

    রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

    এতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

    বিষয়টি অনতিবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

    প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি অনুষ্ঠান এবং রাজনৈতিক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ড তৈরি করার প্রচলন রয়েছে।

    বিষয়টি নিয়ে নানা সময়ে আলোচনা ও সমালোচনাও হয়েছে।

  6. দীর্ঘদিন পর জনসম্মুখে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

    ইরানের বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি

    ছবির উৎস, IRNA

    ছবির ক্যাপশান, আলী খামেনির জানায় ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি (বামদিক থেকে দ্বিতীয়)

    অনেকদিন পর জনসম্মুখে দেখা গেল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে।

    রোববার সকালে তেহরানের একটি মসজিদে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মি. ভাহিদি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।

    যুদ্ধের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসি'র তৎকালীন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর জেনারেল ভাহিদিকে বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয় বলে জানা যায়।

    এরপর জেনারেল ভাহিদিকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে।

    দেশটির সরকারি বার্তাসংস্থা আইআরএনএ প্রকাশিত একটি ভিডিওতেও জেনারেল ভাহিদিকে কালো টুপি মাথায় দিয়ে জানাজা অনুষ্ঠানে দেখা গেছে।

  7. এটি আমেরিকার স্বর্ণযুগের সূচনামাত্র: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

    ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ওয়াশিংটন ডিসি’র ন্যাশনাল মলে দেওয়া ওই ভাষণে তার শাসনামলের নানান অর্জন তুলে ধরে মি. ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র তার স্বর্ণযুগে প্রবেশ করেছে।

    “এটি কেবল আমেরিকার স্বর্ণযুগের ভোর, যার নিয়তি লিখে দিয়েছেন ঈশ্বর,” বলেন ট্রাম্প।

    পূর্ব নির্ধারিত এই ভাষণ শোনার জন্য অসংখ্য মার্কিন নাগরিক সভাস্থলে একত্রিত হন। বৈরি আবহাওয়ার মধ্যেই তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়।

    গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বিদ্যুৎ চমকানির মধ্যেই মি. ট্রাস্প ন্যাশনাল মলে এসে পৌছালে হাজার হাজার মানুষ তাকে হাত তালি দিয়ে স্বাগত জানান।

    প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প তার শাসনামলের অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন।

    এর মধ্যে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ভোট দেওয়ার জন্য নাগরিকত্ব ও পরিচয়পত্রের প্রমাণ বাধ্যতামূলক করে আইনটি পাস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

    সেইসঙ্গে আরও জানান যে, অসুস্থতা, সামরিক মোতায়েন বা অন্যান্য ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া ডাকযোগে ভোটের ব্যালট পাঠানো নিষিদ্ধ করবে তার সরকার।

    ভাষণে বারবার ‘সাম্যবাদের প্রেতাত্মা’ শব্দটি উচ্চারণ করতে শোনা যায় ট্রাম্পকে। সাম্যবাদকে ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন সেটা “অবশ্যই ছেঁটে ফেলতে হবে” বলে মন্তব্য করেন তিনি।

    আর্টেমিস ২-এর ক্রুদেরকে মঞ্চে হাজির করেন ট্রাম্প। এরপর তাদের হাতে বিশেষ পতাকা তুলে দেওয়া হয়।

    প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ দেন ট্রাম্প, তারপর “ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন," বলে ভাষণ শেষ করেন।

    অনুষ্ঠানে আতশবাজি ফুটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়।

    আতশবাজি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আতশবাজি ফুটিয়ে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের ছবি
  8. তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত

    জানাজা

    তেহরানের কেন্দ্রীয় মসজিদে স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়েছে।

    ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি জানাজা নামাজের নেতৃত্ব দেন। গতকালই জানিয়ে দেয়া হয়েছিল যে মোজতবা খামেনি পিতার জানাজা পড়াবেন না।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই জানাজা উপলক্ষে শুক্রবার থেকেই তেহরান মসজিদে কড়া নিরাপত্তা জারি করা হয়।

    আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার চার মাসেরও বেশি সময় পর, দেশটিতে তার জন্য ছয় দিনের রাষ্ট্রীয় শোকপালন ও শেষ বিদায়ের শোভাযাত্রা ঘোষণা করা হয়।

    শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাবেক এই আয়াতুল্লাহর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

    শনিবার সকাল স্থানীয় সময় ভোর ছয়টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, সেখানে দর্শনার্থীরা রোববার বিকেল পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

    ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি ধর্মীয় পরিবারে ১৯৩৯ সালের ১৯শে এপ্রিল জন্ম হয়েছিল আলী খামেনির। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

    এই মাশহাদেই বৃহস্পতিবার তাকে দাফন করা হবে।

    তার বাবা সৈয়দ জওয়াদ খামেনি ছিলেন স্থানীয়ভাবে সুপরিচিত একজন শিয়া পণ্ডিত। মা খাদিজে মির্দামাদীও একজন ধার্মিক নারী ছিলেন।

  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে