বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- সমঝোতা স্মারকটি ইতিমধ্যে স্বাক্ষর হওয়ায়, জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে বিবিসি উর্দুকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
- ইরানের সঙ্গে চুক্তি সাক্ষরের জন্য সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা এখনো রয়েছে, তবে "আমি ঠিক জানি না কখন যাব" এই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
- মৌলিক আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে- তবে তাদেরকেও "অন্য সবার মতোই এই শান্তি প্রক্রিয়া মেনে চলতে হবে” বলে মন্তব্য করেছেন তিনি।
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকে ইরান "নিজের মর্যাদা বিকিয়ে দেয়নি" বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
- চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে ইরানের ওপর আবারও "কঠোর অবরোধ" আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- বাংলাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা সরকারি তথ্যেই এক লাখ ছাড়িয়েছে। এছাড়া একশ দিনেরও কম সময়ের ব্যবধানে এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।
- বাংলাদেশ-ভারত সীমান্তের কুড়িগ্রামের রৌমারিতে পুশ ইন চেষ্টার শিকার যে নয়জন চারদিন ধরে দুই দেশের সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছিলেন, তাদের মধ্যে দুই শিশুসহ চারজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
- সংসদ সদস্যরা যার যার ধর্মীয় রীতিতে জাতীয় সংসদের স্পিকার বা সভাপতির চেয়ারের প্রতি সম্মান জানাবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
- আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে ২১শে জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসবেন, আর তার জন্য শহরের অন্যতম ব্যস্ত রাস্তা রেড রোড সাত দিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।
- মমতা ব্যানার্জীর বাছাই করা দলনেতা নয়, তৃণমূল কংগ্রেসের 'বিদ্রোহী' বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকেই বিরোধী দলনেতা ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।
- যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারক সইয়ের পর বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।