সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল, বিবিসিকে জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সমঝোতা স্মারকটি ইতিমধ্যে স্বাক্ষর হওয়ায়, জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে বিবিসি উর্দুকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি সাক্ষরের জন্য সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা এখনো রয়েছে, তবে "আমি ঠিক জানি না কখন যাব"।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • সমঝোতা স্মারকটি ইতিমধ্যে স্বাক্ষর হওয়ায়, জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে বিবিসি উর্দুকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
    • ইরানের সঙ্গে চুক্তি সাক্ষরের জন্য সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা এখনো রয়েছে, তবে "আমি ঠিক জানি না কখন যাব" এই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
    • মৌলিক আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে- তবে তাদেরকেও "অন্য সবার মতোই এই শান্তি প্রক্রিয়া মেনে চলতে হবে” বলে মন্তব্য করেছেন তিনি।
    • যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকে ইরান "নিজের মর্যাদা বিকিয়ে দেয়নি" বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
    • চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে ইরানের ওপর আবারও "কঠোর অবরোধ" আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
    • বাংলাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা সরকারি তথ্যেই এক লাখ ছাড়িয়েছে। এছাড়া একশ দিনেরও কম সময়ের ব্যবধানে এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।
    • বাংলাদেশ-ভারত সীমান্তের কুড়িগ্রামের রৌমারিতে পুশ ইন চেষ্টার শিকার যে নয়জন চারদিন ধরে দুই দেশের সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছিলেন, তাদের মধ্যে দুই শিশুসহ চারজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
    • সংসদ সদস্যরা যার যার ধর্মীয় রীতিতে জাতীয় সংসদের স্পিকার বা সভাপতির চেয়ারের প্রতি সম্মান জানাবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
    • আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে ২১শে জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসবেন, আর তার জন্য শহরের অন্যতম ব্যস্ত রাস্তা রেড রোড সাত দিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।
    • মমতা ব্যানার্জীর বাছাই করা দলনেতা নয়, তৃণমূল কংগ্রেসের 'বিদ্রোহী' বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকেই বিরোধী দলনেতা ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।
    • যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারক সইয়ের পর বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. 'ইসরায়েলকেও এই শান্তি প্রক্রিয়া মেনে চলতে হবে': জেডি ভ্যান্স

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে- তবে তাদেরকেও "অন্য সবার মতোই এই শান্তি প্রক্রিয়া মেনে চলতে হবে” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের মনোভাব সম্পর্কে ভ্যান্স বলেন, "আমরা মনে হয় একটি চুক্তির মাধ্যমে বড় ধরনের সাফল্যের দ্বারপ্রান্তে আছি, আর ঠিক তখনই বৈরুতের কোনো বেসামরিক জনবহুল এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটছে।" তিনি আরও বলেন, "এটি গ্রহণযোগ্য নয়।"

    ভ্যান্স বলেন, তিনি ইসরায়েলের সাথে আরও ঘনিষ্ঠ সমন্বয় এবং এমন একটি "আঞ্চলিক কাঠামো" চান, যা হেজবুল্লাহর কাছে অর্থ পৌঁছানো বন্ধ করতে পারে।

    এছাড়া "ডোনাল্ড জে. ট্রাম্পই পুরো বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল," বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।

  3. ‘যাওয়ার পরিকল্পনা আছে, তবে সময় নিশ্চিত নয়’ সুইজারল্যান্ড সফর নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

    সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ইরানের সঙ্গে চুক্তি সাক্ষরের জন্য সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা এখনো রয়েছে, তবে "আমি ঠিক জানি না কখন যাব" এই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি জানান, আলোচনা খুবই কৌশলগত হওয়ায়, এই বিষয়ে কাজ করার জন্য সঠিক ব্যাক্তির সেখানে থাকাটা গুরুত্বপূর্ণ।

    "আমরা মনে করছি, আলোচনাগুলো এই সপ্তাহের শেষের দিকে কোনো এক সময়ে শুরু হবে," বলেন মি. ভ্যান্স।

    উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠানটি শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল। তবে সমঝোতা স্মারকটি ইতিমধ্যে সই হয়ে যাওয়ায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।

    যদিও পরবর্তী আলোচনার জন্য মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সুইজারল্যান্ডে দেখা করার কথা রয়েছে।

  4. আচরণ পরিবর্তন না করা পর্যন্ত ইরানকে চাপে রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    মৌলিক আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    ভবিষ্যতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে কী বাধা দেবে- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইরানের "বিলিয়ন বিলিয়ন" ডলারের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, তাই পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের "প্রচুর অর্থের" প্রয়োজন হবে।

    যুক্তরাষ্ট্র ইরানকে একটি "অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির" মধ্যে রেখেছে এবং "যতক্ষণ না তারা তাদের আচরণে মৌলিক পরিবর্তন আনছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই চাপ শিথিল করব না," বলেন তিনি।

    ভ্যান্স বলেন যে, আচরণ পরিবর্তনের অর্থ হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা।

    ইরান যদি তাদের আচরণ পরিবর্তনের প্রমাণ দিতে পারে এবং তা যদি "যাচাইযোগ্য" হয়, কেবল তখনই তারা বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবে, বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসেডিন্ট।

  5. কোনো চাপের কাছে মর্যাদা বিকিয়ে দেয়নি ইরান: পেজেশকিয়ান

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকে ইরান "নিজের মর্যাদা বিকিয়ে দেয়নি" বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    স্বাক্ষরিত নথির ফার্সি সংস্করণের একটি ছবিসহ সামাজিক মাধ্যম এক্স-এ এসব কথা লিখেছেন তিনি।

    যেখানে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে, "এই লেখাগুলো এমন একটি জাতির কণ্ঠস্বরের প্রতিফলন, যারা কোনো হুমকি বা চাপের কাছে তাদের মর্যাদা এবং স্বাধীনতা বিকিয়ে দেয়নি।"

    তিনি বলেন, "আজ যা নথিবদ্ধ হলো, তা জাতীয় সহনশীলতা, রাজনৈতিক যৌক্তিকতা এবং দায়িত্বশীল কূটনীতির ফসল।"

  6. সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল, বিবিসিকে জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ক্যারি ডেভিস, পাকিস্তান প্রতিনিধি

    পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার

    ছবির উৎস, BD Ministry of Foreign Affairs

    ছবির ক্যাপশান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার (ফাইল ছবি)

    সমঝোতা স্মারকটি ইতিমধ্যে স্বাক্ষর হওয়ায়, জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে বিবিসি উর্দুকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

    পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথমে বিবিসিকে জানিয়েছিলেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জেনেভায় তার সফর স্থগিত করছেন।

    তিনি বলেন, "একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।"

    বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যখন সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্ট থেকে কিছু অংশ সরিয়ে ফেলেন, তখনই এই ইভেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।

    মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, "পাকিস্তানসহ-মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনা উদযাপনে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার সূচনা করতে ১৯শে জুন ২০২৬ তারিখে সুইজারল্যান্ডে অনুষ্ঠানের আয়োজন করবে।"

    বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে ইভেন্টটি এখনো বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়।

    মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীদের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

  7. হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

    ঢাকার সরকারি হাসপাতালগুলোর হাম ওয়ার্ড এখনও রোগিতে পরিপূর্ণ

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকার সরকারি হাসপাতালগুলোর হাম ওয়ার্ড এখনও রোগিতে পরিপূর্ণ

    বাংলাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা সরকারি তথ্যেই এক লাখ ছাড়িয়েছে। এছাড়া একশ দিনেরও কম সময়ের ব্যবধানে এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বার্তা অনুযায়ী, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত তিন মাসে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৭৭৩ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৯ হাজার ৯০৪ জন।

    এই সময়ে নিশ্চিত হাম রোগে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৭৩ জনের মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এদিকে হাম সংক্রান্ত সবশেষ বার্তায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত এই রোগের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

  8. কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখা থেকে সরানো হয়েছে শিশুসহ চারজনকে

    বাংলাদেশ-ভারত সীমান্তের শূণ্যরেখায় গত রবিবার থেকে অবস্থান করছিলেন দুই শিশুসহ ছয়জন

    ছবির উৎস, SHURJO

    ছবির ক্যাপশান, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় গত রোববার থেকে অবস্থান করছিলেন দুই শিশুসহ ছয়জন, বুধবার তোলা ছবি

    বাংলাদেশ-ভারত সীমান্তের কুড়িগ্রামের রৌমারিতে পুশ ইন চেষ্টার শিকার যে নয়জন চারদিন ধরে দুই দেশের সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছিলেন, তাদের মধ্যে দুই শিশুসহ চারজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

    তবে তাদেরকে কোথায় নেওয়া হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

    স্থানীয়রা বলছেন, গয়টাপাড়া সীমান্তে ছয়জন এবং ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

    “গতকাল (বুধবার) রাতেও ছয়জনকে সীমান্তে দেখছিলাম কিন্তু আজকে সকালে এসে দেখলাম দুইজন বসে আছে। বাকিদের কোথায় নেওয়া হয়েছে আমার ধারণা নেই,” বিবিসি বাংলাকে বলেন গয়টাপাড়া সীমান্ত সংলগ্ন এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য সোনা মিয়া।

    দুই শিশুসহ চারজনের না থাকার বিষয়টি নিশ্চিত করলেও তাদেরকে কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

    বিবিসি বাংলাকে তিনি জানান, বর্তমানে রৌমারি উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুইজন এবং ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজন শূন্যরেখায় অবস্থান করছেন।

    উল্লেখ্য, গত রোববার সকালে কুড়িগ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তের এই দুই পয়েন্ট দিয়ে নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ।

  9. শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: হেগসেথ

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে ইরানের ওপর আবারও "কঠোর অবরোধ" আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    প্রয়োজনে সামরিক অভিযান চালানোর সতর্কতাও দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

    সাম্প্রতিক চুক্তির অংশ হিসেবে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিতে সম্মত হয়েছে, যা এতদিন ইরানি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছিল।

    হেগসেথ বলেন, "ইরান যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে" এবং তাদের ভাষায় "পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা" ত্যাগ না করে, তবে "প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত।"

    কিছু ইউরোপীয় দেশ হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নিতে প্রস্তুত বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

    এছাড়া ব্রিটেনকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে হেগসেথ বলেছেন, দেশটিকে অবশ্যই "আরও এগিয়ে আসতে হবে।"

  10. যোগ দিবস উদযাপন করতে সাত দিন বন্ধ রেড রোড, হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

    কলকাতার রেড রোড - ফাইল ছবি

    ছবির উৎস, Indranil Aditya/NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, কলকাতার রেড রোড - ফাইল ছবি

    আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে ২১শে জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসবেন, আর তার জন্য শহরের অন্যতম ব্যস্ত রাস্তা রেড রোড সাত দিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

    এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন পিটিশনার। আদালত সরকারি সিদ্ধান্তে হস্তক্ষেপ না করলেও বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে অনুষ্ঠান শেষ হতেই রাস্তা খুলে দিতে হবে।

    ঈদের নামাজের সবথেকে বড়ো জমায়েত হতো এই রেড রোডে। হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলত যে কেনো রাস্তা বন্ধ করে নামাজ পড়া হবে।

    গত মাসে বিজেপির সরকার আসার পরে ঈদের নামাজের জমায়েত রেড রোডের বদলে পাশ্ববর্তী ব্রিগেড প্যারেড ময়দানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন রেড রোড বন্ধ করে যোগাসনের অনুষ্ঠান হওয়ায় সামাজিক মাধ্যমে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

    প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য ওই রাস্তাটি সাত দিন বন্ধ রাখা নিয়ে দায়ের হওয়া মামলাটি শোনার সময়ে আদালতও প্রশ্ন করে যে কেন যোগ দিবসের অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা গেল না? তবে প্রশ্ন তুললেও শেষমেষ রাস্তা বন্ধের সিদ্ধান্তের উপর কোনও প্রকার স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট।

    গত ১৪ই জুন থেকেই বন্ধ করা হয়েছে রেড রোড। এই ব্লকেজ চলবে ২১শে জুন পর্যন্ত।

    অনুষ্ঠান চলাকালীন বিকল্প রাস্তার ব্যবস্থা সুনিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

  11. রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

    কক্সবাজারের শরণার্থী শিবিরে দশ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে
    ছবির ক্যাপশান, কক্সবাজারের শরণার্থী শিবিরে দশ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে

    কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য এক কোটি ৪০ লাখ ইউরো অর্থ সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

    বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অর্থ রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সহায়তা ও সুরক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীকেও সহায়তা করবে।

    আজ ঘোষিত ইইউ-এর এই অর্থায়ন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সুরক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে বিদ্যমান ২৩ মিলিয়ন (দুই কোটি ৩০ লাখ) ইউরোর কয়েক বছরের (২০২৪-২০২৭) একটি চুক্তির অংশ।

    বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, "বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ।"

    এই সহায়তা রোহিঙ্গা পরিবারগুলোকে তাদের প্রয়োজনীয় সুরক্ষা সেবা পাওয়া, মৌলিক চাহিদা পূরণ এবং একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের আশা ধরে রাখতে সাহায্য করবে বলে মন্তব্য করেন বাংলাদেশে ইউএনএইচসিআরের রিপ্রেজেনটেটিভ ইভো ফ্রেইসেন।

    ২০শে জুন বিশ্ব শরণার্থী দিবসের ঠিক আগে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই সহায়তার ঘোষণা করা হলো।

  12. নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন সংসদ সদস্যরা

    জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    সংসদ সদস্যরা যার যার ধর্মীয় রীতিতে জাতীয় সংসদের স্পিকার বা সভাপতির চেয়ারের প্রতি সম্মান জানাবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই সংসদের স্পিকার বা সভাপতির চেয়ারের প্রতি সম্মান জানানোর বিষয় নিয়ে কথা বলেন তিনি।

    স্পিকার জানান, সংসদের কার্যপ্রণালি বিধিতে সংশোধন করে ২০০৬ সালেই ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

    “যেহেতু শব্দটি বাদ দেওয়া হয়েছে সেহেতু মাননীয় সদস্যবৃন্দ আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন,” বলেন তিনি।

    গত ১৬ই জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এবং এর পরদিন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক- সংসদের সভাপতির প্রতি ঝুঁকে সম্মান জানানোর বিষয়টি সুরাহার অনুরোধ জানান।

    নিয়ম অনুযায়ী, সংসদের বৈঠক চলমান থাকা অবস্থায়- সংসদ কক্ষ ত্যাগ করার সময় কিংবা আসন গ্রহণের সময় সংসদের সভাপতি বা স্পিকারের প্রতি সম্মান জানাতে হয়।

  13. জাতীয় সংসদে আবারও আলোচনায় মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, পর্দা

    সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ

    ছবির উৎস, bangladesh television

    ছবির ক্যাপশান, সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ

    বিরোধী দল জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন এবং পর্দা চাওয়ায় লজ্জা পাচ্ছেন বলে জানিয়েছেন ভোলা- ১ আসনের সংসদ সদস্য বিজেপি নেতা আন্দালিভ রহমান পার্থ।

    বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে আলোচনা শুরুর আগে পয়েন্ট অর্ডারে এসব কথা বলেন তিনি।

    মি. পার্থ বলেন, “এটা আমাকে অনেক লজ্জা দেয় যে একজন মেম্বার অব পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে জনগণের বিভিন্ন দাবির কথা বলবে- সেখানে একজন মেম্বার অব পার্লামেন্ট দাড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেলো, নাকি মাইক্রোওয়েভ পেলো, না কার্টেইন (পর্দা) পেলো সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। যেখানে আবার বলা হয় আমরা গাড়ি নেব না, আমরা প্লট নেব না।”

    এসময় বিরোধী দলের ওই সংসদ সদস্যকে নিজের তরফ থেকে একটা মাইক্রোওয়েভ দিতে চান বলে জানান তিনি।

    “যদি ওনার পর্দা আর মাইক্রোওয়েভ চান তাহলে আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে যদি ওয়াশিং মেশিনটা উনি দেয় এবং হোম মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) থাকলে আমি বলতাম উনি যদি পর্দাটা কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছাই দিতে পারতাম,” বলেন মি. পার্থ।

    পরে এ নিয়ে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাজেট সেশনের ওপর বক্তব্য রাখতে গিয়ে একজন সদস্য নিজেদের সুবিধা-অসুবিধার কথা বলেছেন। সামান্য বিষয় নিয়ে সংসদে তর্ক-বিতর্ক না বাড়ানোরও আহ্বান জানান তিনি।

    “আমি মনে করি, এটা সংসদে না বললেও ভালো হতো। কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেননি,” বলেন স্পিকার।

    বুধবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে- সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোয় একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। এছাড়া ফ্ল্যাটগুলোর দরজা-জানালায় পর্দা লাগানোরও দাবি জানান তিনি।

  14. ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইরানের বিষয়ে “যথেষ্ট কঠোর নন” বলে যে সমালোচনা করা হচ্ছে, তার জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ–এ তিনি লিখেছেন, “এই বোকারা যারা মনে করে আমি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর ছিলাম না, যখন শেয়ারবাজার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তেলের দাম কমছে, তারা হয় হিংসুক, খারাপ মানুষ, অথবা নির্বোধ।”

    এই মন্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে, এই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচিকে পর্যাপ্তভাবে সীমাবদ্ধ করে না এবং একই সঙ্গে ইরানকে হরমুজ প্রণালিকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার চালিয়ে যাওয়ার সুযোগ দেয়।

  15. ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের রায়ে ধাক্কা মমতা ব্যানার্জীর

    কলকাতা হাইকোর্ট

    ছবির উৎস, Exotica.im/Universal Images Group via Getty Images

    ছবির ক্যাপশান, কলকাতা হাইকোর্ট

    মমতা ব্যানার্জীর বাছাই করা দলনেতা নয়, তৃণমূল কংগ্রেসের 'বিদ্রোহী' বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকেই বিরোধী দলনেতা ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

    কালীঘাটে নিজ বাসভবনে মিটিংয়ের পরে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। কিন্তু সই জাল মামলায় এই সিদ্ধান্ত বিতর্কের মধ্যে জড়িয়ে যায়।

    এর পরেই বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত ব্যানার্জী বেশিরভাগ তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে একটি বিদ্রোহী ব্লক গঠন করেন ও সেই ব্লকের তরফে বিরোধী দলনেতা ঘোষণা করা হয় ঋতব্রত ব্যানার্জীকে।

    এই মর্মে অন্তর্বর্তী আদেশ জারি করেছেন বিচারপতি কৃষ্ণা রাও। বিরোধীদের একটি এফিডেভিট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

    যেদিন বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা, সেই দিনই এই নির্দেশ আসা রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    এর ফলে রাজনৈতিক গুরুত্ব কমতে পারে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। এই মামলার পরবর্তী শুনানি ২৮শে জুলাই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

  16. যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হবে সুইজারল্যান্ডে, তেহরান ‘ভাবছে’

    যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা চুক্তির বাস্তবায়ন নিয়ে শুক্রবার থেকে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হবে।

    আয়োজনকারী দেশ সুইজারল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, “বর্তমান পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গে আগামীকাল বুর্গেনস্টকে সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হবে।”

    বিবৃতিতে আরও বলা হয়, “এই বৈঠকের সময়সূচি ও বিস্তারিত বিষয়ে বর্তমানে আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না”।

    এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা “এখনো বিবেচনায় রয়েছে”।

    সরকারের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “আগামী কয়েক ঘণ্টার মধ্যে কূটনৈতিক চ্যানেল ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মাধ্যমে আলোচনা অব্যাহত থাকার প্রত্যাশা করা হচ্ছে”।

    উল্লেখ্য, চুক্তিটির আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল—তবে চুক্তির একটি ইলেকট্রনিক সংস্করণ ইতোমধ্যে দুই দেশই স্বাক্ষর করেছে এবং গতকাল ট্রাম্প চুক্তিটির একটি মুদ্রিত অনুলিপিতে স্বাক্ষর করেছেন।

  17. বিশ্ববাজারে আরো কমলো জ্বালানি তেলের দাম

    জ্বালানি তেল

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্র ও ইরান গত রাতে একটি সমঝোতা স্মারকে সই করার পর আজ সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে।

    বুধবার সামান্য বাড়লেও, গত এক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা জোরোলো হওয়ায় জ্বালানি তেলের দাম কমছিল।

    সমঝোতা চুক্তিতে যুদ্ধের অবসান এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার কথা বলা হয়েছে। এই খবরের প্রভাব বিশ্ববাজারেও পড়েছে।

    বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ওয়েল সপ্তাহের শুরুতে প্রায় ৮৬.৮০ ডলারে লেনদেন হয়েছিল। এটি বর্তমানে ৭৪.৮০ ডলারে লেনদেন হচ্ছে।

  18. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • জর্ডান সরকার দেশটিতে অবৈধভাবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। বুধবার জর্ডানে বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না; বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে"। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
    • বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি এ-ও বলেছেন, ভারতের সাথে সীমান্তের স্পর্শকাতর স্থানেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন রয়েছে।
    • যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে মূলত বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
    • গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো ইরানের তিনটি তেলবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো।
    • সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। বুধবার সংসদ অধিবেশনে তিনি এ দাবি করেন।
    • বিভিন্ন মামলার জটিলতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এর বাস্তবায়নে তিনি সন্তুষ্ট না হলে আবারও ইরানের ওপর বোমা হামলা চালানো হতে পারে।
  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: