ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার কার্যক্রম অব্যাহত, প্রাণহানি বাড়ার শঙ্কা

ভূমিকম্পে শেষ খবর পর্যন্ত ১৬৪ নিহত এবং ৯০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালিন প্রেসিডেন্ট। তবে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। এদিকে, বাংলাদেশের নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর আবার টুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম চলছে। প্রাণহানি অনেক বেশি হতে পারে বলে বলা হচ্ছে।
    • ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। একইসাথে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ জনে।
    • ভেনেজুয়েলাকে কাঁপিয়ে দেওয়া পরপর দুটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে।
    • ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে কারাকাসের উত্তরে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন দেশটির অন্তর্বতী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। শহরটিতে একশোরও বেশি ভবন ভূমিকম্পে ধসে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়।
    • ভেনেজুয়েলায় গত সন্ধ্যায় দুইটি ভূমিকম্পের পরে আরো ৩০টি আফটারশক বা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।
    • ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা দুইটি ভূমিকম্পের পর দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীরা আবারো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ প্রবেশাধিকার ফিরে পেয়েছেন।
    • ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, অগ্রাধিকার হলো “জীবন রক্ষা করা”। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।
    • ভেনেজুয়েলার ভূমিকম্পের পরবর্তী পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডসসহ বিশ্বের বিভিন্ন দেশ সহায়তা পাঠানোর কথা জানিয়েছে।
    • ভেনেজুয়েলা এমন একটি ভূকম্পন সক্রিয় অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান– এই দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার আঘাত হানা দুটি ভূমিকম্পের মধ্যে দ্বিতীয় এবং তুলনামূলকভাবে বড় ভূমিকম্পটি এই প্লেটগুলোর সীমান্তসংলগ্ন অঞ্চলে “অগভীর স্ট্রাইক-স্লিপ ফল্টিং”-এর ফলে ঘটেছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়।
    • বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর আবার টুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত।
    • ইমেরিটাস অধ্যাপক হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর নিয়োগ বাতিল করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় অধ্যাপক আব্দুল্লাহ বলেছেন, “এটা অত্যন্ত অসম্মানজনক, নিন্দনীয়।"

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম চলছে, প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা

    ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম চলছে

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম চলছে

    ভেনেজুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ১৬৪ জন এবং আহত ৯৭১ জন।

    এদিকে, উদ্ধার কাজ চলার সাথে সাথে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে।

    তারা ধারণা করছে, সম্ভাব্য প্রাণহানির সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।

    দেশটির রাজধানী কারাকাসের অন্যতম রাজনৈতিক উপবিভাগ, চাকাও পৌরসভার মেয়র জানিয়েছেন, ওই এলাকায় ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় মেয়র গুস্তাভো দুকে বলেন, জরুরি উদ্ধারকারী দলগুলো বর্তমানে আরও চারজনকে উদ্ধারের জন্য কাজ করছে।

    উদ্ধার কার্যক্রমের বর্ণনা করেন মেয়র দুকে।

    ১৯ বছর বয়সী এক তরুণীর কথা উল্লেখ করে দুকে বলেন, তিনি "কংক্রিটের স্ল্যাবগুলোর মাঝে আটকে আছেন এবং আমাদের দলের সাথে যোগাযোগ রাখছেন, এবং আমরা তাকে উদ্ধার করতে যাচ্ছি।"

    তিনি জানান, ইতিমধ্যেই উদ্ধার হওয়া ব্যক্তিদের একটি বড় অংশের কাছে তাদের পরিচয়পত্র (আইডি) নেই, এবং তারা সচেতন বা জ্ঞান ফিরে পাওয়ার পর হাসপাতালে তাদের পরিচয় নিশ্চিত করতে বলা হচ্ছে।

    তিনি আরো জানান, জ্ঞান হারানো রোগীদের পরিচয় শনাক্ত করার চেষ্টায় ধসে পড়া ভবনগুলোর অন্যান্য বাসিন্দাদের সাথে তাদের ছবি শেয়ার করা হচ্ছে।

    এর আগে, দুকে জানিয়েছিলেন, চাকো পৌরসভায় অন্তত ১১ জন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

  3. লা গুয়াইরায় একশোরও বেশি ভবন ভূমিকম্পে ধসে পড়েছে: জাতিসংঘ

    লা গুয়াইরায় ভূমিকম্পে ধ্বংসস্তুপ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, লা গুয়াইরায় ভূমিকম্পে ধ্বংসস্তুপ

    ভেনেজুয়েলার লা গুয়াইরাতে একশোরও বেশি ভবন ভূমিকম্পে ধসে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়।

    দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জাতিসংঘের নগরাঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে সকল দলকে মোতায়েন করার অনুমতি দিয়েছেন। যাতে তারা উদ্ধারের কার্যক্রমে আসা অন্যান্য দলগুলোকে লজিস্টিক ও অন্যান্য সহায়তা দিতে পারে।

    সর্বশেষ আপডেটে বলা হয়েছে, আন্তর্জাতিক দলগুলো প্রধান কেন্দ্র বা ফোকাস এলাকা হিসেবে লা গুয়াইরা এবং কারাকাসের ওপর মনোযোগ দেবে।

    অন্যদিকে ভেনেজুয়েলার অন্যান্য সকল এলাকা সিভিল প্রটেকশন বা নাগরিক সুরক্ষা এবং স্থানীয় দলগুলোর মাধ্যমে সামলানো হচ্ছে।

    রদ্রিগেজ এর আগে জানিয়েছিলেন, লা গুয়াইরাতে "ডজন ডজন" ভবন ধসে পড়েছে।

    তিনি এটিকে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হিসেবে বর্ণনা করেন এবং একে একটি "দুর্যোগপূর্ণ এলাকা" বলে ঘোষণা করেন।

  4. ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে 'নিন্দনীয়', 'অসম্মানজনক' বললেন ডা. আবদুল্লাহ

    অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

    ছবির উৎস, ABM ABDULLAH/FACEBOOK

    ছবির ক্যাপশান, অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

    ইমেরিটাস অধ্যাপক হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে।

    একই সঙ্গে ওই পদের বিপরীতে তার তোলা সব সম্মানি ও ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন অধ্যাপক আব্দুল্লাহ।

    “এটা অত্যন্ত একটা অসম্মানজনক। এটা অত্যন্ত নিন্দনীয়, অসম্মানের। এটা অশোভন একটা কাজ করছে এরা” বলেন অধ্যাপক আব্দুল্লাহ।

    ২০২২ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চিকিৎসককে আজীবনের জন্য ‘ইমেরিটাস অধ্যাপক’ পদে নিয়োগ দিয়েছিলেন।

    মেডিসিনের সুপরিচিত এই চিকিৎসক বিবিসি বাংলাকে বলেন, “সাধারণত আজীবনের জন্য দেওয়া হয়। সম্মানিত পোস্ট এটা, এটাতো কোনো চাকরি-বাকরি না। আফটার রিটায়ারমেন্ট প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দেখে দেয়। আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটিতে আমিই প্রথম। অন্য ইউনিভার্সিটিতেও আছে।”

    তিনি জানান, এই পদে কোনো বেতন-ভাতা দেওয়া হয় না, একটা অনারেরিয়াম দেওয়া হয়।

    বেশ ক্ষোভের সাথেই অধ্যাপক আব্দুল্লাহ বলেন, “বাতিলটাও করতে পারে না, এটা অন্যায়, অযৌক্তিক। আর টাকা ফেরত চেয়েছে এটা আরো অযৌক্তিক। দুইটার কোনোটাই করতে পারে না তারা। করছে আর কি, গায়ের জোরে।”

    তাকে “আত্মপক্ষ সমর্থণের কোনো সুযোগ দেওয়া হয়নি” বলেও উল্লেখ করেন তিনি।

    এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

  5. লা গুয়াইরায় ১০ তলা হোটেল এখন ধ্বংসস্তূপে পরিণত, আগে ও পরের ছবি

    হোটেল এডুয়ার্ডস একসময় ১০ তলা উঁচু একটি ভবন ছিল

    ছবির উৎস, Google/X.com

    ছবির ক্যাপশান, হোটেল এডুয়ার্ডস একসময় ১০ তলা উঁচু একটি ভবন ছিল

    ভেনেজুয়েলার লা গুয়াইরা অঙ্গরাজ্যে অবস্থিত ‘হোটেল এডুয়ার্ডস’এর ভূমিকম্পে ধসে পড়ার দৃশ্য বিশ্লেষণ করেছিল বিবিসি ভেরিফাই।

    একসময় এটি ১০ তলা উঁচু একটি ভবন ছিল।

    আগে ও পরের ছবিগুলো থেকে ক্ষয়ক্ষতির ভয়াবহতা বোঝা যাচ্ছে। ভবনটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

    ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাটি হলো কারাকাসের উত্তরে অবস্থিত এই লা গুয়াইরা।

    হোটেল এডুয়ার্ডস ভবনটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

    ছবির উৎস, Google/X.com

    ছবির ক্যাপশান, হোটেল এডুয়ার্ডস ভবনটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে
  6. ভেনেজুয়েলায় ভূমিকম্পের পরে সহায়তায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

    পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলায় ভূমিকম্পে সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে ‘জোরালো ও দ্রুত’:মার্কো রুবিও

    ভেনেজুয়েলার ভূমিকম্পের পরবর্তী পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সাথে কথা বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে এই কথা জানিয়েছেন।

    গণমাধ্যমের সাথে আলাপচারিতায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভার্জিনিয়া এবং লস অ্যাঞ্জেলস থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে।

    বিধ্বস্ত হওয়া ভবনগুলোতে অনুসন্ধানের জন্য ভেনেজুয়েলার প্রচুর সাহায্যের প্রয়োজন হবে বলেও মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর একটি রানওয়েতে ফাটল ধরেছে বলেও উল্লেখ করেন মি. রুবিও।

    এদিকে, বিশ্বের বিভিন্ন দেশ ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

    ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য জার্মানি ছয়টি সামরিক বিমান পাঠাতে প্রস্তুত রয়েছে। সুইজারল্যান্ড ৮০ জন উদ্ধারকর্মী, আটটি উদ্ধারকারী কুকুর এবং ১৮ টন সরঞ্জাম পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

    নেদারল্যান্ডস জানিয়েছে, তারা ভেনেজুয়েলায় একটি উদ্ধারকারী দল পাঠানোর জন্য দুই মিলিয়ন ইউরো(এক দশমিক সাত মিলিয়ন পাউন্ড) বরাদ্দ করবে।

    স্পেন এবং ফ্রান্সও উদ্ধারকর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছে। ভেনেজুয়েলাকে সাহায্য করতে চীন এবং ভারত প্রস্তুত বলে জানিয়েছে।

  7. ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় সামাজিক মাধ্যম এক্স আবার চালু করা হয়েছে

    ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত ভবন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত ভবন

    ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা দুইটি ভূমিকম্পের পর দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীরা আবারো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ প্রবেশাধিকার ফিরে পেয়েছেন।

    বিবিসি নিউজ মুন্ডো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

    ২০২৪ সালের অগাস্টে একটি রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে দেশটিতে এই সোশাল সাইটটি সেন্সর বা সকলের জন্য অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

    সেন্সরশিপ এড়ানোর বিষয়ে অভিজ্ঞ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো জানিয়েছে, ইন্টারনেট এবং ফোন অপারেটর ক্যানটিভি(সিএএনটিভি), থান্ডারনেট, ডিজিটেল এবং মুভিস্টার এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

    তবে ইন্টারনেট ব্যবহারকারীরা এক্সে প্রবেশ করতে পারছেন কিনা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

    এর আগে, মানুষ যাতে তথ্য পেতে পারে সেজন্য জাতিসংঘের ভেনেজুয়েলা বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-সন্ধানী দল, দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে “সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সমস্ত গণমাধ্যমের ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার” আহ্বান জানিয়েছিল।

  8. ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করছেন ভেনেজুয়েলার মানুষ

    কাউকে কাউকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ক্ষতিগ্রস্ত ভবন থেকে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন একজন

    ভেনেজুয়েলায় পরপর দুবার আঘাত হানা ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতির ছবি সামনে আসছে।

    দেশটিতে সাধারণ মানুষদের কাউকে কাউকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ব্যক্তিগত জিনিসপত্র বের করে আনতে দেখা যাচ্ছে।

    আবার কেউ কেউ চারপাশের ধ্বংসস্তূপের সেই ভয়াবহ দৃশ্য দেখছেন।

    ভেনেজুয়েলায় এখন সকাল আটটার কিছু বেশি সময়, ভূমিকম্পের প্রভাব বোঝা যাচ্ছে এখন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলায় এখন সকাল আটটার কিছু বেশি সময়, ভূমিকম্পের প্রভাব বোঝা যাচ্ছে এখন
    ভূমিকম্পে ধ্বংসস্তূপ একটি বহুতল ভবন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ একটি বহুতল ভবন
    ক্ষতিগ্রস্থ ভবনের দিকে যাচ্ছেন ভেনেজুয়েলান এক নাগরিক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ক্ষতিগ্রস্থ ভবনের দিকে যাচ্ছেন ভেনেজুয়েলান এক নাগরিক
    সম্পূর্ণ বিধ্বস্ত একটি ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে
  9. ভেনেজুয়েলায় ৩০টি আফটারশকের তথ্য জানালেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট

    ভেনেজুয়েলায় গত সন্ধ্যায় দুইটি ভূমিকম্প হয়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলায় গত সন্ধ্যায় দুইটি ভূমিকম্পের পরে আরো ৩০টি আফটারশক বা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে

    ভেনেজুয়েলায় গত সন্ধ্যায় দুইটি ভূমিকম্পের পরে আরো ৩০টি আফটারশক বা ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

    রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেনেজোলানা দে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ কথা জানান তিনি।

    এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে পৌঁছেছে যাদের নথিভুক্ত করা হয়েছে।

    একইসাথে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ জনে।

    মি. রদ্রিগেজ আরো জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও ঘরবাড়ি পুনর্গঠনে সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তায় ২০০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করা হয়েছে।

  10. ইরান যুদ্ধের আগের পর্যায়ে নামলো জ্বালানি তেলের দাম

    জ্বালানি তেল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জ্বালানি তেল, প্রতীকী ছবি

    বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ইরান যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেমে এসে এখন প্রায় ৭২ ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে।

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত চলাকালে এক পর্যায়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারেরও বেশি ছাড়িয়ে গিয়েছিল।

    গত সপ্তাহে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর থেকে তেলের দাম দ্রুত কমেছে।

    অন্যদিকে, হরমুজ প্রণালিতে আটকে থাকা তেলবাহী ট্যাংকারগুলো এখন আবার চলাচল শুরু করেছে।

    তেলশিল্পের কিছু পর্যবেক্ষক বলছেন, অপরিশোধিত তেলের দাম আরও কমতে পারে।

  11. ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে

    ভূমিকম্পের পর সাধারণ মানুষ শহরের রাস্তায় আশ্রয় নিয়েছেন
    ছবির ক্যাপশান, ঘরবাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় বা খোলা জায়গায় অবস্থান করছেন অনেকে

    ভেনেজুয়েলায় গত সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে।

    দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন বলে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

    ভূমিকম্পের ১২ ঘণ্টা পরও দেশটির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো অস্পষ্ট।

    এর আগে, সাত দশমিক দুই ও সাত দশমিক পাঁচ মাত্রার দুটি ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন দেলসি রদ্রিগেজ।

    ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাটি হলো কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা এবং সেখানে ‘বেশ কয়েকটি’ ভবন ধসে পড়েছে বলে জানিয়েছিলেন তিনি।

    ভূমিকম্পের পর সাধারণ মানুষ শহরের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন
    ছবির ক্যাপশান, ভূমিকম্পের ১২ ঘণ্টা পরও দেশটির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো অস্পষ্ট
  12. ভেনেজুয়েলায় আফটারশকের ভয়ে বাইরে রাত কাটাচ্ছেন হাজারো মানুষ

    ভেনেজুয়েলায় খেলাধুলা করার একটি পাকা কম্পাউন্ডে রাত কাটাচ্ছে মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভেনেজুয়েলায় মাঠ, রাস্তা বা খোলা স্থানে রাত কাটাচ্ছে মানুষ

    ভেনেজুয়েলাকে কাঁপিয়ে দেওয়া পরপর দুটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাসসহ বিভিন্ন এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

    সম্ভাব্য আফটারশক বা ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার আশঙ্কা থাকায় অনেকেই রাস্তায় তাঁবু স্থাপন করার সিদ্ধান্ত নিচ্ছেন।

    অন্যরা বাগানে বা ফুটপাথে গদি, মাদুর বা চাদর পেতে রাত কাটাচ্ছেন—তারা অপেক্ষা করছেন কখন নিজেদের বাড়িতে ফিরে যাওয়া নিরাপদ হবে তা জানতে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে, বড় ধরনের আফটারশকের শঙ্কা এখনো রয়েছে।

  13. বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা

    ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

    ছবির উৎস, screengrab

    ছবির ক্যাপশান, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

    বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর আবার টুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত।

    ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সাংবাদিকদের এই তথ্য জানান।

    আগামী ২৮শে জুন থেকে ভিসার আবেদন করা যাবে বলেও জানান তিনি।

    ২০২৪ সালের পাঁচই অগাস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও এবং ভিসা কেন্দ্রের সামনে বিভিন্ন ব্যানারে একাধিকবার বিক্ষোভ করতে দেখা গেছে। এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে

    পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয় যে মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না।

    এর প্রায় দুই বছর পর ভারত টুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে।

    হাইকমিশনার জানান, বাংলাদেশে পাঁচটি ভিসা সেন্টারেই ভিসার আবেদন করা যাবে। ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় এই আবেদন করা যাবে।

  14. কারাকাস বিমানবন্দর বন্ধ

    ভেনেজুয়েলা সরকার সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করার ঘোষণা দিয়েছে, যেটি কারাকাস শহরকে সেবা দেয়।

    অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন যে টার্মিনালে “গুরুতর ক্ষতি” হয়েছে এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে।

    যাত্রীরা সামাজিক মাধ্যমে বিমানবন্দরের টার্মিনালে অনুভূত শক্তিশালী কম্পনের মুহূর্তগুলোর ভিডিও শেয়ার করেছেন, যেখানে স্থাপনাগুলোর গুরুতর ক্ষয়ক্ষতি দেখা যায়।

  15. ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্য

    ভেনিজুয়েলার লা গুয়াইরায় ভূমিকম্পের পর আগুন ধরে যাওয়া একটি ভবন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভেনিজুয়েলার লা গুয়াইরায় ভূমিকম্পের পর আগুন ধরে যাওয়া একটি ভবন

    ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে কারাকাসের উত্তরে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন দেশটির অন্তর্বতী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

    যেখানে কয়েক ডজন ভবন ধসে পড়েছে জানিয়ে তিনি এটিকে “দুর্যোগ এলাকা” এবং “একটি প্রকৃত ট্র্যাজেডি” হিসেবে উল্লেখ করেছেন।

    ভূমিকম্পে ৩২ জন নিহত হওয়ার তথ্যের প্রসঙ্গে তিনি বলেন, এতে “লা গুয়ারা রাজ্য থেকে আসতে পারে এমন কোনো সংখ্যাই অন্তর্ভুক্ত নয়”।

    এর আগে তিনি জানিয়েছিলে ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত ও ৭০০ জনের বেশি আহত হয়েছেন।

  16. জীবন রক্ষাই অগ্রাধিকার: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

    ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বক্তব্য দিচ্ছেন

    ছবির উৎস, Delcy Rodriguez/X

    ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, অগ্রাধিকার হলো “জীবন রক্ষা করা”। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।

    রদ্রিগেজ বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র, ডোমিনিকান রিপাবলিক, মেক্সিকো ও এল সালভাদরসহ বিভিন্ন দেশ থেকে উদ্ধারকর্মীরা ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করবে।

    তিনি আরও জানান, যারা তাদের বাড়িঘর হারিয়েছেন, তাদের জন্য হোটেল ও আশ্রয়স্থল প্রস্তুত রাখা হয়েছে, এবং জনসেবার জন্য অপরিহার্য নয়- এমন সব শ্রেণিকক্ষ কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম স্থগিত করা হয়েছে।

  17. তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহায়তার আশ্বাস চীনের

    চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়।

    আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বাংলাদেশে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা চান তারেক রহমান।

    জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

    চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এ খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান।

  18. কারাকাসের রাস্তায় আতঙ্ক আর বিভ্রান্তি

    ভূমিকম্পের পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় নেমে আসা মানুষের মধ্যে আতঙ্ক আর বিভ্রান্তি দেখা যায়।

    বাড়িঘর কেঁপে ওঠার পর এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা বাইরে বেরিয়ে আসেন।

    কেউ কেউ তাদের ভাইবোন ও পোষা প্রাণীকে জড়িয়ে ধরেন, কেউ রাস্তার ওপরই বসে পড়েন।

    উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজছেন।

    কর্তৃপক্ষ অনেক প্রাণহানির আশঙ্কা করছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয়।

    রাস্তায় কয়েকজন দাঁড়িয়ে আছেন, একটি শিশুকে কোলে জড়িয়ে আছে একটি কিশোর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাড়িঢ়র কাঁপতে শুরু করার পরই রাস্তায় নেমে আসেন অনেকে
    একজন নারীর কোলে একটি কালো বিড়াল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আপনজন আর পোষা প্রাণী সঙ্গে নিয়ে রাস্তায় অপেক্ষা করতে দেখা যায় অনেককে
    শিশুদের নিয়ে রাস্তায় বসে আছেন নারীরা, পেছনে দাঁড়িয়ে আছেন অনেকে

    ছবির উৎস, Getty Images

    একজন নারী মুখে হাত দিয়ে রাস্তায় বসে আছে

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, ভূমিকম্পের আকস্মিকতায় স্তব্ধ হয়ে পড়েন কেউ কেউ
    রাস্তায় শুয়ে আছেন একজন বৃদ্ধ, পাশে শিশু কোলে কয়েকজন নারী বসা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ভূমিকম্পে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাস্তায় বা খোলা জায়গায় অবস্থান করতে দেখা যায় মানুষজনকে
    একটি দোকানে সব মালামাল মাটিতে লুটিয়ে পড়েছে

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ভূমিকম্পের কাঁপুনিতে একটি দোকানে সব মালামাল মাটিতে লুটিয়ে পড়েছে
    বিধ্বস্ত একটি ভবনের সামনে দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছেন কয়েকজন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ভূমিকম্পে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে অনেক ভবন
  19. যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশগুলোর সহায়তার প্রতিশ্রুতি

    একটি ধসে পড়া ভবনের সামনে দাঁড়িয়ে আছেন একজন উদ্ধারকর্মী

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, অনেক ভবন ধসে পড়েছে রাজধানী কারাকারে

    যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধার দল এবং চিকিৎসা ও মানবিক সহায়তার সরঞ্জাম পাঠাবে বলে জানিয়েছেন দেশটির বৈদেশিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেরেমি লিউইন।

    তিনি জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্টের একটি দুর্যোগ সহায়তা দল ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের অংশীদারদের সঙ্গে কাজ করছে।

    লাতিন আমেরিকার বিভিন্ন দেশও সহায়তার প্রস্তাব দিয়েছে।

    এল সালভাদরের প্রেসিডেন্ট নাইয়িব বুকেলে বলেছেন, তার দেশ ৫০ টন সরঞ্জাম ও সরবরাহ প্রস্তুত করেছে, পাশাপাশি ৩০০ উদ্ধারকর্মী “কারাকাসের উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুত” আছে।

    ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া আজিন জানিয়েছেন, তার দেশও ভেনেজুয়েলায় তাৎক্ষণিকভাবে পাঠানোর জন্য সহায়তা প্রস্তুত করেছে।

    এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, তার দেশ তাদের ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র’কে সহায়তা দিতে কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা তারা মূল্যায়ন করবে।

    মেক্সিকোর পররাষ্ট্র সচিব রবার্তো ভেলাস্কো আলভারেজও ভেনেজুয়েলাকে “তার প্রয়োজন অনুযায়ী পূর্ণ সংহতি ও সহায়তা” দেওয়ার প্রস্তাব করেছেন।

  20. ভেনেজুয়েলায় ভূমিকম্পের কারণ কী ছিল?

    ভেনেজুয়েলার একটি শহরের ছবি যেখানে অনেক ভবন এবং পেছনে পাহাড়ের সারি দেখা যাচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ভেনেজুয়েলা এমন একটি ভূকম্পন সক্রিয় অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান– এই দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার আঘাত হানা দুটি ভূমিকম্পের মধ্যে দ্বিতীয় এবং তুলনামূলকভাবে বড় ভূমিকম্পটি এই প্লেটগুলোর সীমান্তসংলগ্ন অঞ্চলে “অগভীর স্ট্রাইক-স্লিপ ফল্টিং”-এর ফলে ঘটেছে।

    এটি এমন একটি পরিস্থিতি, যখন ফল্ট বা প্লেটগুলোর মধ্যকার ফাটলগুলো অনুভূমিকভাবে সরে যায়। এই সরে যাওয়া দ্রুত ঘটলে ভূমিকম্প সৃষ্টি হয়।

    ইউএসজিএস বলেছে, আজকের এই দুটি ভূমিকম্প “সম্ভবত একটি জটিল ভঙ্গুরতা-বিস্তার প্রক্রিয়ার ইঙ্গিত দেয়”।

    তারা আরও যোগ করেছে, বড় ধরনের আফটারশকের শঙ্কা এখনো রয়েছে।