লাইভ, বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ছাড়াল

বাংলাদেশে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে। এখন পর্যন্ত মারা গেছে ৩০৭ জন। এদিকে, বিশ্বের উল্লেখযোগ্য খবরের মধ্যে, সৌদি আরবে হুতি হামলার প্রেক্ষাপটে রিয়াদে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন থেকে বড় বড় তেল কোম্পানিগুলো নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন রাকিব হাসনাত, সম্পাদনায় কাদির কল্লোল

  1. বিমানবন্দরে হুথি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

    সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান
    ছবির ক্যাপশান, সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান

    ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দর এবং তেল ও গ্যাস স্থাপনায় প্রাণহানির ঘটনার জবাবে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী।

    “সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনা গুরুতর। আমাদের জবাবও সমানভাবে কঠোর হতে হবে,” রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল (ডব্লিউপিসি) এনার্জি কংগ্রেসে বলেছেন সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান।

    সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।

    এর এক দিন আগে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র ওই বিমানবন্দরের অন্য একটি টার্মিনালে আঘাত হানে। ওই হামলায় ১৩ জন নিহত হন এবং টার্মিনালটি বন্ধ করে দিতে হয়।

    হুথিরা জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি আরবের ‘নৃশংস আগ্রাসনের’ জবাবে তারা এসব হামলা চালিয়েছে।

    এদিকে হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাজধানী সানায় একটি বাড়িতে সৌদি বিমান হামলায় এক শিশু নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

    সৌদি নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলসহ বিভিন্ন এলাকায় হুথিদের বিরুদ্ধে লড়াইরত সরকারপন্থী বাহিনীকে বিমান সহায়তা দিয়ে আসছে।

    ২০১৪ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ইয়েমেন ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। ওই বছর হুথিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করে।

    পরে ২০১৫ সালে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। সে বছর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সরকারের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক হস্তক্ষেপ করে।

  2. ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ছাড়িয়েছে, আরও ৪ জনের মৃত্যু

    দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে
    ছবির ক্যাপশান, দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে

    বাংলাদেশে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে। এখন পর্যন্ত মারা গেছে ৩০৭ জন।

    গত চব্বিশ ঘণ্টায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৭ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে সোমবার এসব তথ্য দেওয়া হয়েছে।

    পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে প্রায় ৬৩ হাজার পুরুষ ও ৩৮ হাজার নারী।

    অন্যদিকে যেই ৩০৭ জন মারা গেছে, তাদের মধ্যে পুরুষ ১৪৭ জন ও নারী ১৫৫ জন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

    সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

    ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ফলে জনমনে এক ধরনের উদ্বেগও তৈরি হয়েছে।

    কীটতত্ত্ববিদরা বলছেন, অক্টোবর মাস ডেঙ্গু সংক্রমণের সবচেয়ে উপযোগী সময়। এ মাস থেকে প্রতিদিনই সংক্রমণ বাড়বে।

  3. ‘বিএনপিকে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায় ভুল করেনি’, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

    প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতারা
    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতারা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেছেন, “বিএনপিকে ভোট দিয়ে যে হিন্দু সম্প্রদায়ের লোকজন ভুল করেনি, তা এই সরকার ক্ষমতার গ্রহণের পরপর বারবার প্রমাণ হচ্ছে। সরকারের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা থাকবে”।

    তারা এ-ও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, “জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাঁদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না”।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

    এতে বলা হয় যে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে যার যে অধিকার রয়েছে, তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে তার দায়িত্ব।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ক্ষমতায় আসার পর হিন্দুদের কল্যাণে সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন হিন্দু নেতারা। পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    এ প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা নিজেরাই বলেছেন এই অল্প সময়ের মধ্যে যতটুকু কাজ হয়েছে, আমরা তা করেছি। আরও কিছু বিষয়ে আমরা চেষ্টা করছি। এ থেকেই প্রমাণ হয়, আমাদের সদিচ্ছা রয়েছে”।

    দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার বাবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন। ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনেও ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছেন।

    প্রধানমন্ত্রী বলেন, “জাতির ক্রান্তিলগ্নে যখন আমরা ধর্মকে বিবেচনায় আনিনি, তখন অন্য কাজে কেন ধর্মকে বিবেচনা করব? দেশটা সবাই মিলে স্বাধীন করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও সবাই অংশ নিয়েছি”।

  4. অর্থনীতির ওঠানামা সামলানোর উপায় দেখিয়ে নোবেল পেলেন রবার্ট হল ও উডফোর্ড

    চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
    ছবির ক্যাপশান, চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

    যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।

    বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। আনুষ্ঠানিকভাবে ‘দ্য সেভেরিগেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’ নামে পরিচিত এই পুরস্কার এ বছরের সর্বশেষ নোবেল পুরস্কার। এর অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।

    এই দুই বিজয়ী নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যা কার্যকর অর্থনৈতিক স্থিতিশীলতা নীতি বাস্তবায়নের সক্ষমতা বাড়িয়েছে। এসব মডেলের মাধ্যমে উপযুক্ত সময়ে রাজস্ব ও মুদ্রানীতি গ্রহণ করা সম্ভব, যা অর্থনীতিতে ক্ষতিকর ওঠানামার তীব্রতা কমাতে পারে।

    অর্থনীতি পুরস্কার নির্বাচন কমিটির চেয়ারম্যান জন হাসলার এক বিবৃতিতে বলেন, “বিজয়ীদের গবেষণা এমন একটি স্থিতিশীল তাত্ত্বিক ভিত্তি দিয়েছে, যেই মডেল বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকার অর্থনৈতিক মডেল ব্যবহার করছে”।

    তিনি আরও বলেন, “জ্বালানি সংকট কিংবা পরিবারের ভোগব্যয়ের আকস্মিক পরিবর্তনের মতো অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় তাঁদের গবেষণা আমাদের আরও ভালোভাবে প্রস্তুত করেছে”।

    ১৯৬৯ সালে প্রথমবারের মতো অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া হয়। তবে এটি আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে নির্ধারিত মূল পাঁচটি পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এই পুরস্কারটি পরে চালু করে।

    এ পর্যন্ত অর্থনীতিতে নোবেলজয়ীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। এ পুরস্কারজয়ী নারীর সংখ্যা মাত্র তিনজন। সর্বশেষ ২০২৩ সালে ক্লডিয়া গোল্ডিন যুক্তরাষ্ট্রে সময়ের সঙ্গে মজুরি ও কর্মসংস্থানে লিঙ্গের প্রভাব নিয়ে গবেষণার জন্য এ পুরস্কার পান।

    ক্ল্যারিভেটের অধীন ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক ইনফরমেশনের বিশ্লেষণে মুদ্রানীতি, তথ্যপ্রযুক্তির অর্থনীতি এবং বিবর্তনভিত্তিক অর্থনৈতিক তত্ত্ব নিয়ে কাজ করা গবেষকদের সম্ভাব্য পুরস্কারজয়ী হিসেবে বিবেচনা করা হয়েছিল।

    গত বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। প্রযুক্তি ও উৎপাদনপদ্ধতির উদ্ভাবন কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জীবনযাত্রার মান বাড়াতে পারে, সে বিষয়ে ‘ক্রিয়েটিভি ডিসট্রাকশন’ তত্ত্ব নিয়ে কাজের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়।

  5. সারাদেশে পূজামণ্ডপে নিরাপত্তা, প্রতিমা বিসর্জনে ড্রোন ও হেলিকপ্টার

    ঢাকায় পূজা প্রস্তুতির দৃশ্য, ছবিটি গত ৬ই অক্টোবরের
    ছবির ক্যাপশান, ঢাকায় পূজা প্রস্তুতির দৃশ্য, ছবিটি গত ৬ই অক্টোবরের

    পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানিয়েছে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে নজরদারি করার পরিকল্পনা নিয়েছে তারা।

    এছাড়া অপরাধপ্রবণ এলাকা, জনবহুল স্থান ও বড় বড় মণ্ডপগুলোর যাতায়াত রাস্তায় কৌশলগত পয়েন্টগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হবে বলে জানিয়েছে তারা।

    সরকারি বার্তা সংস্থা বাসস-এর কাছে এসব পরিকল্পনা তুলে ধরেছে এসআরবি’র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

    তিনি বাসসকে বলেছেন, “ মণ্ডপকেন্দ্রিক নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মোটরবাইক রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব, উসকানি ও অপপ্রচার রোধে সাইবার উইংয়ের কঠোর নজরদারি থাকবে”।

    এছাড়া পূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টার নজরদারির জন্য কন্ট্রোল রুম স্থাপন, সার্বক্ষণিক সেবার জন্য হটলাইন চালু, মণ্ডপকেন্দ্রিক নিয়মিত টহল এবং বিশেষ মোটরবাইক রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট বসানোর কথা জানিয়েছেন তিনি

    প্রসঙ্গত, আগামী ১৬ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমী শেষে ২১শে অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে দুর্গোৎসবের সমাপ্তি হবে।

  6. রাজনৈতিক আশ্রয়, বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ

    ইউরোপীয় ইউনিয়ন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় সভা
    ছবির ক্যাপশান, ইউরোপীয় ইউনিয়ন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় সভা

    বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন 'সেইফ কান্ট্রি' (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার।

    “বাংলাদেশে স্থিতিশীল সরকার ও স্থিতিশীল পরিস্থিতির বিরাজ করার ফলে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে পরিস্থিতির উন্নয়ন ঘটেছে এবং বাংলাদেশকে 'সেইফ কান্ট্রি' (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে,” প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক দ্বিপক্ষীয় সভায় আজ একথা বলেছেন ম্যাগনাস ব্রুনার।

    সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন 'ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসন' বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার।

    সভায় ম্যাগনাস ব্রুনার জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বৈধভাবে প্রায় ৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন। তিনি জানান, অবৈধ অভিবাসন ও মানবপাচার দমনের পাশাপাশি বৈধ পথে অভিবাসন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

    মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন যে, অনিয়মিত অভিবাসন রোধ ও অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ইতোমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

  7. সৌদি আরবে হুতি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

    বিপি

    সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে রিয়াদে চলমান একটি আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন থেকে বড় বড় তেল কোম্পানিগুলো নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।

    রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর যুক্তরাজ্যের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি ঘোষণা করেছে যে, তারা সৌদি আরবে ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের এনার্জি কংগ্রেসে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে।

    ওই হামলার পরেও সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, রিয়াদে ১১ থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হয়েছে।

    এটি শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।

    এর আগে বিপি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মেগ ও'নিলকে সম্মেলনের বক্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে, বিপি'র একজন মুখপাত্র জানিয়েছেন যে, কোম্পানিটি এ ইভেন্টে যোগ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু যাতায়াত বা ভ্রমণের ব্যাঘাতের কারণে তারা সরাসরি উপস্থিত হতে পারেনি।

    ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকা এক্সনমোবিল, টোটাল এনার্জিজ এবং শেল-এর প্রধান নির্বাহী কর্মকর্তার্তারাও অংশগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

    শেল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং রয়টার্সের মন্তব্যের অনুরোধে টোটাল এনার্জিজ ও এক্সনমোবিল তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

    গত চার দিনে অন্তত তিনবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে, যাতে শনি ও রবিবার মিলিয়ে এ পর্যন্ত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এসব হামলায় এ পর্যন্ত ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

    প্রথম হামলার পর থেকেই রিয়াদ বিমানবন্দর বন্ধ রয়েছে।

    সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, রবিবারেও বিমানবন্দরে হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

    এদিকে, মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসনও সৌদি আরবে বা সৌদি আকাশসীমা দিয়ে যাতায়াত না করার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।

  8. রোববারের উল্লেখযোগ্য ঘটনাগুলো

    • সৌদি আরবের বিমানবন্দরের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানিয়েছে সরকার। নিহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোঃ নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে মো: শাহেদ আহম্মেদ।
    • রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
    • বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন নিয়ে নতুন একটি পরিপত্র জারি করেছে বিএনপি সরকার।
    • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
    • নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রধান নদীর বন্যায় ঘরবাড়ি, সেতু ভেসে গেছে এবং একটি জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, মধ্য গোর্খা জেলার বুধি গণ্ডকী নদীর তীর থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
    • ঢাকার সেগুনবাগিচার দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত দুইজনকে তিন দিন ও বাকি দুইজনকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
    • সিপিআইএমএল (লিবারেশন)এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে রোববার আবার আটক করেছে পুলিশ।
    • সকল বিমান সংস্থাকে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে হুথি গোষ্ঠী। হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই সর্তকর্তার কথা জানায়।
    • সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুইজন বাংলাদেশিসহ ১২ জন হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।