লাইভ, মদিনার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি জোটের, হুথিদের অস্বীকার

নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ছয় দিনে সৌদি আরবগামী ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে, বাংলাদেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিংয়ে জান্নাতুল তানভী, সম্পাদনায় কাদির কল্লোল

  1. প্রায় আড়াই বছর পর মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

    শ্রমিক
    ছবির ক্যাপশান, ২০২৪ সালের ৩১শে মে মালয়েশিয়া সরকার বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয়

    প্রায় আড়াই বছর পর আবারও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্র্রক্রিয়া শুরু হচ্ছে।

    বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

    এতে বলা হয়েছে, একটি বড় মাইল ফলক হলো, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনাখরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।

    এতে বলা হয়েছে, মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড(বোয়েসেল), ২৫টি বেসকারি সংস্থা এবং আরো ৩১২টি রিক্রুটিং এজেন্সি অর্থাৎ মোট ৩৩৮টি এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে।

    মালয়েশিয়ার নির্ধারিত যোগ্যতার মাপকাঠির ভিত্তিতে এটি করা হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

    তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সি নিজেদের উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে এবং নিজেদের জব অর্ডার বা চাহিদা সংগ্রহ করতে পারবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া শেষ করতে পারবে এবং অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

    এক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৩১শে মে মালয়েশিয়া সরকার বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয়।

  2. ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন
    ছবির ক্যাপশান, টিকা বেশ ব্যয়সাধ্য বলেও জানান স্বাস্থ্য মন্ত্রী

    ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

    বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

    দেশে প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    ডেঙ্গুর টিকা আনার বিষয়ে কোন পরিকল্পনা আছে কীনা সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীকে এমন প্রশ্ন করলে তিনি জানান, মৃত্যুঝুঁকি বিবেচনা করে টিকার বিষয়ে এখনো চিন্তা করা হয়নি।

    “এখনো চিন্তা করি নাই। দেয়ার ইজ এ রিস্ক অন দ্যাট। ভ্যাক্সিনে যাওয়াটা তো... একটা রোগী যদি কলাপ্স করে তাহলে তো জবাব দেয়া যাবে না। কাজেই আমরা দেখতেছি” বলেন মি. হোসেন।

    টিকা বেশ ব্যয়সাধ্য বলেও জানান তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা আলাপ করতেছি, দেখেন আপনি যতই টিকা দেন, কতবার দিবেন, দুইবার লাগে। কস্টলি, সারা বাংলাদেশ খানা-খন্দে ভরা। আমাদেরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মন দিতে হবে।”

  3. যন্তর মন্তরে কেন বিক্ষোভ নয়- দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

    আন্দোলনস্থল নিয়ে বক্তব্য সুপ্রিম কোর্টের
    ছবির ক্যাপশান, যন্তরমন্তরকে নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ সু্প্রিম কোর্টের

    দিল্লির যন্তর মন্তরে কোনো আন্দোলন করা যাবে না বলে দিল্লি পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। দিল্লি পুলিশ এবং ভারত সরকারকে এবিষয়ে নোটিশ ধরিয়ে জবাব চেয়েছে শীর্ষ আদালত।

    ককরোচ জনতা পার্টির আন্দোলনের মধ্যেই দিল্লিতে বহু বছর ধরে ধর্নাস্থল হিসাবে পরিচিত যন্তর মন্তর চত্বরে গিয়ে আর কেউ নিজেদের দাবি জানাতে বা কোনও আন্দোলন সংগঠিত করতে পারবেন না বলে বিজ্ঞপ্তি দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    তারা বিকল্প তিনটি স্থানও বেছে দেয় আন্দোলনকারীদের জন্য। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। যার পরিপ্রেক্ষিতে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট।

    “কোন যুক্তিতে এবং কোন দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমরা দেখব” আদালতে জানান বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেন, "প্রশাসন ও দিল্লি পুলিশকে নোটিস ইস্যু করা হচ্ছে। তাদের জবাব দিতে হবে। সন্তোষজনক জবাব না পেলে আইন আইনের পথে চলবে।”

    বিজ্ঞপ্তি দেওয়ার পরেও জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে পৌঁছে যাওয়ার জন্য সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। তারমধ্যেই যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত।

  4. মোদী সরকারকে 'স্বৈরাচার' বলে সমালোচনা করলেন সিজেপি নেতা দীপকে

    প্রেসক্লাবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, নেহা বোরা ও প্রকাশ রাজ বক্তব্য দেন সংবাদ সম্মেলনে
    ছবির ক্যাপশান, দিল্লিতে সিজেপির সংবাদ সম্মেলন

    ককরোচ জনতা পার্টির(সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে মোদি সরকারের ব্যাপক সমালোচনা করে একটি ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে অভিহিত করেছেন।

    বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

    তিনি বলেন, “নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।”

    গত কয়েক দিনে সিজেপি কর্মী, বামপন্থী ছাত্র সংগঠন, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যদের ওপর পুলিশের নেয়া কড়া পদক্ষেপ ও আটকের ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

    তিনি বলেন, “আপনারা যদি এ ধরনের মানুষদের আটক করতেই চান তাহলে জরুরি অবস্থা ঘোষণা করুন। আর কতকাল আপনারা মানুষকে বোকা বানিয়ে রাখবেন?”

    মাত্র দুইদিন আগে, সিজেপির কো-কনভেনর আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে পৌঁছানোর কারণে গ্রেফতার হন।

    পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

    এর উদাহরণ টেনে মি. দীপকে বলেন, “জাতীয় পতাকা ওড়ানো কবে থেকে অপরাধ হয়ে গেল? ব্রিটিশ আমলে এমনটি ঘটতো, আর এখন মোদি ও শাহের পুলিশও একই কাজ করছে। আজ এমন একটা সময় এসেছে যে আমাদের নিজেদের দেশেই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে না।”

    “নরেন্দ্র মোদির কাছে ঠিক কী কারণে জ্ঞানেশ কুমার জাতীয় পতাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন?” প্রশ্ন তোলেন তিনি।

    “তারা নিজেদের প্রদেশে জাতীয় পতাকা ওড়াননি। তাই আশুতোষ ও সৌরভ যখন জাতীয় পতাকা ওড়াল, তখন আপনাদের তো সমস্যা হওয়ারই কথা” বলেন তিনি।

    অভিজিত দীপকে বলেন, “এই দেশ গান্ধীর আদর্শ এবং বাবা সাহেবের সংবিধান অনুযায়ী চলবে।”

    যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে তুলে দেওয়া এবং সিজেপি নেতাদের গ্রেফতারের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী শুক্রবার, ১৬ই অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে।

    গত মাসের শেষের দিকে সিজেপি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। পরে এই প্রতিবাদ সমাবেশে শুরু হয়।

  5. ‘ভবনটি শিশুদের ভার সইতে পারেনি’, পেশোয়ারে স্কুলের ছাদ ধসে পড়ার ঘটনায় তদন্ত শুরু

    ক্ষতিগ্রস্ত একটি শ্রেণিকক্ষে উদ্ধারকারীরা
    ছবির ক্যাপশান, ভবন ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি শ্রেণিকক্ষে প্রায় ১০০ শিক্ষার্থী উপস্থিত ছিল

    পেশোয়ারে স্কুল ভবন ধসে পড়ার ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

    খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এতে বলা হয়েছে, তিন সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন বেসরকারি স্কুল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান জাভেদ ইকবাল।

    তদন্ত কমিটি পেশোয়ারের দির কলোনিতে শ্রেণিকক্ষের ছাদ ধসে পড়ার পেছনের ঘটনা ও পরিস্থিতি খতিয়ে দেখবে।

    “ঘটনার কারণগুলো নির্ধারণ করা হবে এবং এতে কোনো অবহেলা, নির্মাণ ত্রুটি অথবা অন্য কোনো কারণ জড়িত ছিল কি না, সেটিও নিশ্চিত করা হবে।”

    পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে যথাযথ সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি।

    এদিকে পেশোয়ারের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, স্কুল ভবনটি “শিক্ষার্থীদের ওজন সহ্য করতে না পেরে ধসে পড়েছে।”

    পেশোয়ারের জ্যেষ্ঠ পুলিশ সুপার(অপারেশনস) ফারহান আহমেদ জানান, দীর কলোনিতে অবস্থিত আল-খায়ের স্কুলটি “খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল।”

    পুলিশের ধারণা অনুযায়ী, স্কুলটিতে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করত এবং ভবন ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি শ্রেণিকক্ষে প্রায় ১০০ শিক্ষার্থী উপস্থিত ছিল।

    পুলিশ কর্মকর্তা মি. আহমেদ আরো জানান, এই ভবনটি এর আগে কখনো পরিদর্শন করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখবে পুলিশ।

  6. মদিনার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি জোটের, হুথিদের অস্বীকার

    মদিনা

    সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বৃহস্পতিবার দাবি করেছে, তারা মদিনায় হুথিদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

    সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক পোস্টে বলেছেন, সৌদি আরব “মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।”

    এদিকে জোটটি বৃহস্পতিবার সকালে জানায়, তারা পূর্বাঞ্চলেও একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

    অন্যদিকে হুথি আনসার আল্লাহ আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সৌদি ভূখণ্ডে এ ধরনের কোনো হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, মদিনার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার যে অভিযোগ সৌদি আরব করেছে, তা “মিথ্যা”।

    ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ লিখেছেন, “ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে, তারা আজ সৌদি আরবের ভূখণ্ডে কোনো অভিযান পরিচালনা করেনি এবং মদিনায় হামলার দাবি একটি নির্লজ্জ এবং মিথ্যা অপপ্রচার।”

    তিনি আরও বলেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেটি “নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে”।

    বৃহস্পতিবার গভীর রাতে সারি আরও দাবি করেন, সাদা প্রদেশের আকাশসীমায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি টাইফুন যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে। তিনি বলেন, বিমানটিকে “সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এটি ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে।”

    চলতি মাসের শুরুর দিকে সৌদি নেতৃত্বাধীন জোট মদিনার আল-তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে একটি “সন্ত্রাসী হামলার” কথা জানিয়েছিল এবং এর জন্য হুথিদের দায়ী করেছিল।

    জোটটি বলেছিল, ওই হামলায় “মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী একটি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল” এবং “এর ফলে একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে বিদ্যুৎ ব্যবস্থায় এর কোনো প্রভাব পড়েনি।”

    সে সময় হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম হুথিদের একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিল, ওই হামলা হুথিরা চালায়নি।

    গত মাসে রিয়াদ হুথিদের বিরুদ্ধে ড্রোন দিয়ে মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টার অভিযোগও করেছিল। তবে হুথিরা সেই অভিযোগ অস্বীকার করে।

  7. বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

    অভিনেতা ইমরান খান
    ছবির ক্যাপশান, অভিনেতা ইমরান খান

    নির্বাচনী সংস্কারের দাবিতে একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড তারকা আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ২৮শে অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

    যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান খানের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে, যা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের দেশটিতে যাওয়া ও অবস্থানের সুযোগ দেয়। তবে ওসিআই কার্ডধারীরা ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

    বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, “প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আন্দোলনে অংশ নিয়েছিলেন ইমরান খান।”

    পুলিশ জানিয়েছে, বিক্ষোভে অংশ নিয়ে আইন লঙ্ঘনের অভিযোগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ইমরান খানকে একটি নোটিশ দিয়েছে।

    ২০০৮ সালের জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘জানে তু... ইয়া জানে না’ চলচ্চিত্রের জন্য পরিচিত এই অভিনেতা এখনো ওই নোটিশের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

  8. ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

    ডেঙ্গু আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন
    ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছে তাদের মধ্যে পাঁচ বছর বয়স থেকে ৭৫ বছর বয়সী ব্যক্তি রয়েছেন

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরো এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ১০ জন মারা গেছে তাদের মধ্যে ঢাকায় আট এবং চট্টগ্রামে দুইজন মারা গেছে।

    এদের মধ্যে পাঁচ বছর বয়স থেকে ৭৫ বছর বয়সী ব্যক্তি মারা গেছেন।

    এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে।

    একইসময়ে, হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন এক লাখের বেশি মানুষ।

  9. পাকিস্তানে স্কুলে ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

    স্কুলের ভেতর মানুষের ভিড়
    ছবির ক্যাপশান, পেশোয়ারে স্কুলের ছাদ ধসের পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে

    পাকিস্তানের পেশোয়ারে আল-খায়ের স্কুলে ছাদ ধসের পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।

    যাদের মধ্যে ৩৩ জন শিশু এবং একজন শিক্ষক রয়েছেন।

    স্থানীয় লেডি রিডিং হাসপাতাল ৩৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে নাসিরুল্লাহ খান বাবর হাসপাতাল একজন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

    বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে এবং দুপুরের দিকে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়।

  10. মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট

    মদিনার একটি এলাকায় ক্রজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

    তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।

    ইসলামের অন্যতম পবিত্র এই শহরটিকে লক্ষ্যবস্তু করা হবে না বলে এর আগে জানিয়েছিল হুথিরা।

    এই জোটের একজন মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় লিখেছেন, “মদিনা এলাকায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।”

  11. ঢাকা থেকে ছয় দিনে সৌদি আরব যেতে পারেনি ১০৩টি ফ্লাইট

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

    নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইট বাতিলের কারণে গত শনিবার থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।

    বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস বাংলার ১০টি, সৌদি এয়ারলাইন্সের আটটি এবং রিয়াদ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।

    এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্টের একটি, এমিরেটসের ১৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

    এছাড়াও কাতার এয়ারওয়েজের আটটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার তিনটি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।

    গত শনিবার রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হওয়ার পর থেকে বিমানবন্দরটি বন্ধ আছে। পরে দাম্মাম বিমানবন্দরেও হামলা হওয়ার পর সেখানেও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

  12. গতকাল বুধবারের উল্লেখযোগ্য খবর:

    • সৌদি আরামকো তেল কোম্পানির সদরদপ্তরে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
    • কোকরোচ জনতা পার্টি বা সিজেপি-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে মানুষজনকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।
    • অপারেশন ক্লিন হার্ট এর মতো অভিযান করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে ঢাকায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • চাকরির কথা বলে বাংলাদেশ থেকে ৩০ জনকে নেওয়া হয় রাশিয়ায়। সেখানে তাদেরকে তুলে দেওয়া হয় দেশটির সেনাবাহিনীর হাতে। যাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে রাশিয়া-ইউক্রেন এর যুদ্ধক্ষেত্রে। এই ঘটনার বিস্তারিত জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি।
    • গাজীপুরের টঙ্গীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ কারখানায় লাগা আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
    • বাংলাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।
    • বোমা হামলা এবং ছিনতাইয়ের হুমকির জেরে জয়পুরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশির পর বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দেয়।
    • ভারতের বিহারের বৈশালী জেলার রাঘোপুর থানা এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। তাদের মধ্যে রয়েছে ১৫ বছরের কম বয়সী ন’জন মেয়ে এবং চার জন ছেলে।
    • খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির একটি প্রস্তাব পাকিস্তানের জাতীয় পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে ।
  13. বিবিসি বাংলার লাইভ