বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব. ) মো. মোজাফফর হোসেনকে আটকের পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
- বাংলাদেশে নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আগামী ২৩শে জুলাই বাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
- যুক্তরাষ্ট্র রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান।
- যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে লোহিত সাগরে তেল পরিবহনের পথ অবরুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথিদের ইরান নির্দেশ দিয়েছে বলে তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
- সৌদি আরব ও কুয়েতের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
- এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করছে "তারা অনেকে ছাত্রই না, পরীক্ষার্থী না" বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- রোহিঙ্গা ও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে আসার পরে ভারতীয় নথি জোগাড় করে দেওয়ার এক নেটওয়ার্কের খোঁজে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গসহ চার রাজ্যের ১৩টি জায়গায় অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
- গত ১৯ দিন ধরে দিল্লিতে অনশনতরত ভারতের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাই কোর্ট। সরকারকে অবিলম্বে তার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
- কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছেই অবস্থিত গৌরীপুর জামা মসজিদ বা বাঁকরা মসজিদ বন্ধের ঘটনায় শুক্রবার প্রতিবাদের ডাক দিলেন পশ্চিমবঙ্গের সাবেক গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
- ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।
- কানাডাজুড়ে এখন ৮০০টিরও বেশি দাবানল জ্বলছে এবং সেই ধোঁয়ায় বাতাসের মান খারাপ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
- মিয়ানমার উপকূলে পাঁচ শতাধিক মানুষ নিয়ে দুটি নৌকা ডুবে যাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।