আকাশপথে বাড়তে থাকা পণ্য পরিবহনের খরচের বোঝা শেষ পর্যন্ত গ্রাহকদেরই বহন করতে হবে: বাণিজ্য সংস্থা, জেমা ক্রু, ব্যবসা বিষয়ক প্রতিবেদক

ছবির উৎস, EPA
যুক্তরাষ্ট্রের শত শত ফ্রেইট ফরওয়ার্ডিং বা প্য পরিবহনকারী কোম্পানির প্রতিনিধিত্বকারী সংস্থা এয়ারফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ব্র্যান্ডন ফ্রিড জানিয়েছেন, পণ্য পরিবহনে ব্যাঘাত “ব্যাপক এবং বড় পরিসরে” ছড়িয়ে পড়েছে।
তিনি বিবিসি রেডিও ফোরের টুডে প্রোগ্রামে বলেন, এমিরেটস, ইতিহাদ ও কাতার এয়ারওয়েজের মতো মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো সাধারণত বিশ্বের মোট পণ্যের পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ বহন করে। তবে বর্তমানে তারা সক্ষমতার তুলনায় কম পরিসরে পরিচালিত হচ্ছে, যার ফলে জট ও বিলম্ব তৈরি হচ্ছে।
ফ্রিড বলেন, এর প্রভাব এখন “বিশ্বব্যাপী অনুভূত হতে শুরু করেছে।”
তার ভাষায়, জেট জ্বালানির দাম বৃদ্ধি, পণ্য পরিবহনের রুট পরিবর্তন, ঝুঁকির বিমা এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার খরচ—সবকিছু মিলিয়ে সমস্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি জানান, পরিস্থিতি ভেদে ভিন্নতা থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু ক্ষেত্রে আকাশপথে পণ্য পরিবহনের ভাড়া ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
ফ্রিড বলেন, “একটি শিল্প হিসেবে আমরা এটা কেবল নির্দিষ্ট সময় পর্যন্তই সামলে নিতে পারি। শেষ পর্যন্ত এর খরচ প্রকৃত গ্রাহককেই বহন করতে হবে।”










