লাইভ, কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পাওয়া যায়নি: পুলিশ

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টা পার হওয়ার পরেও নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পায়নি পুলিশ। বাকি সাতজনের পরিবার যোগাযোগ করায় তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. দুর্নীতির অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান আবদুল হান্নান কাতারে গ্রেফতার

    দুর্নীতি দমন কমিশন (দুদক)

    দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করা হয়েছে।

    ইন্টারপোলের মাধ্যমে পাঠানো অনুরোধের প্রেক্ষিতে সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

    মি. হান্নান ২০২১ সালের ১২শে জুন থেকে ২০২৪ সালের ১১ই জুন পর্যন্ত বিমান বাহিনীর প্রধান পদে দায়িত্ব পালন করেন।

    ওই সময় ক্ষমতার অপব্যবহার করে তিনি ও তার পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

    এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে ২০২৫ সালের ২৭শে জুলাই দু'টি আলাদা মামলা করে দুদক।

    দুদকের পক্ষ থেকে তখন সাংবাদিকদের জানানো হয়েছিল যে, মি. হান্নানের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় তিন কোটি ২৮ লাখ টাকার সম্পদের খোঁজ তারা পেয়েছে। সেইসঙ্গে, তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে প্রায় ২৭ কোটি ৬৩ লাখ টাকার 'সন্দেহজনক' লেনদেনের অভিযোগ রয়েছে।

    এসব অভিযোগ অনুসন্ধানের মধ্যেই ২০২৫ সালের পাঁচই মে মি. হান্নান ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত।

    এরপর তাদের জমি, বাড়ি ও তিনটি ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

    সেইসঙ্গে, কাতারে অবস্থিত মি. হান্নানকে ইন্টারপোলের সহায়তায় গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল দুদক।

  2. সাতক্ষীরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আমিনী গ্রেফতার

    ওয়াহিদুজ্জামান শামীমকে সম্প্রতি পিটিয়ে হত্যা করা হয়
    ছবির ক্যাপশান, ছবিতে ওয়াহিদুজ্জামান শামীম, যাকে সম্প্রতি পিটিয়ে হত্যা করা হয়েছে

    ধর্ম অবমাননার অভিযোগ তুলে সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনায় প্রধান অভিযুক্ত ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।

    গত শনিবার রাতে পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে একই জেলার কালীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। হত্যার ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

    গত মঙ্গলবার মি. শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে 'পরিকল্পিতভাবে' হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

    নিহত শামীমকে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তার স্বজনরা।

    হত্যার ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেখানে মি. আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

  3. কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পাওয়া যায়নি: পুলিশ

    আগুনে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টের একাংশ
    ছবির ক্যাপশান, আগুনে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টের একাংশ

    কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টা পার হওয়ার পরেও নিহত ১০ জনের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান পায়নি পুলিশ।

    বাকি সাতজনের পরিবার যোগাযোগ করায় তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

    পুলিশ বলছেন, আগুনে নিহতদের সবার মরদেহ এমনভাবে পুড়ে গেছেন যে, সেগুলো দেখে সঠিকভাবে বোঝার উপায় নেই, কোনটা কার মরদেহ।

    “সেজন্যই যে সাতজনের পরিবার প্রাথমিকভাবে তাদের স্বজনদের লাশ শনাক্ত করেছেন, সেগুলোর ডিএনএ স্যাম্পল কালেক্ট করে পরীক্ষার জন্য আমরা ঢাকায় পাঠিয়েছি। পরিচয় নিশ্চিত হওয়ার পর লাশগুলো যার যার পরিবারের কাঞে হস্তান্তর করা হবে,” বলেন এসপি মি. রহমান।

    যে তিনজনের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে, তাদের স্বজনরা যোগাযোগ করলে একইভাবে ডিএনএ পরীক্ষা করে মরদেহ করা হবে বলে জানান তিনি।

    মরদেহগুলো এখন কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তর হওয়ার আগ পর্যন্ত সেখানেই থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার।

    এদিকে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় টুপটুপ রিসোর্টের মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    গত শনিবার রাতে পুলিশ বাদী হয়ে করা মামলাটিতে চারজনের নাম উল্লেখ করে বাকি ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    আগুনের ঘটনার পর আটক রিসোর্টের ব্যবস্থাপক জাহিদুল ইসলামকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

    গত শনিবার সকালের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের প্রায় সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

    কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, সেটি এখনো নিশ্চিত করে জানাতে পারেননি ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।