লাইভ, সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

বাংলাদেশের ৫৫তম বাজেট ঘোষণা করা হচ্ছে আজ। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সামাজিক খাতে সবচেয়ে বেশি ব্যয়ের পরিকল্পনা

    বাজেট

    ছবির উৎস, Getty Images

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বলেছেন, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে ব্যয়ের সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে সামাজিক অবকাঠামো খাতে।

    তিনি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ এ খাতে মোট ব্যয়ের ২৯ দশমিক ৭৪ শতাংশ ব্যয় করা হবে।

    এছাড়া, জনশৃঙ্খলা ও নিরাপত্তাসহ সাধারণ সেবায় ২৬ দশমিক ১৩ শতাংশ, কৃষি, স্থানীয় সরকার, সড়ক, বিদ্যুৎ ও জ্বালানিসহ ভৌত অবকাঠামো খাতে ১৮ দশমিক ৬৬ শতাংশ এবং সুদে ১৩ দশমিক ৫৯ শতাংশ ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

    ভর্তুকি, নিট ঋণদান ও অন্যান্য খাতে ব্যয় হবে ১১ দশমিক ৮৮ শতাংশ।

    অন্যদিকে, পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন বাজেট বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সরকার।

    অর্থমন্ত্রী উল্লেখ করেন, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট ব্যয়ের ৭২ দশমিক সাত শতাংশ ছিল পরিচালন ব্যয় এবং ২৭ দশমিক তিন শতাংশ ছিল উন্নয়ন ব্যয়।

    কিন্তু নতুন বাজেটে পরিচালন ব্যয়ের অংশ কমিয়ে ৬৬ দশমিক তিন শতাংশে নামিয়ে আনা হয়েছে, আর উন্নয়ন ব্যয়ের অংশ বাড়িয়ে ৩৩ দশমিক সাত শতাংশ করা হয়েছে।

  2. সরকারের আয় কোথা থেকে আসবে?

    গ্রাফ

    ছবির উৎস, Getty Images

    ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সরকারের মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা।

    এর মধ্যে সবচেয়ে বড় অংশ অর্থাৎ ৮৬ দশমিক ৯০ শতাংশ আসবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর রাজস্ব থেকে।

    এছাড়া, এনবিআর বহির্ভূত কর রাজস্ব থেকে তিন দশমিক ৬০ শতাংশ এবং কর বহির্ভূত রাজস্ব থেকে নয় দশমিক ৫০ শতাংশ আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

    রাজস্ব আদায় বাড়াতে সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে:

    • কর নীতি ও কর ব্যবস্থাপনা পৃথকীকরণ
    • আয়কর ই-রিটার্নের আদলে ই-ভ্যাট রিটার্ন চালু
    • স্বয়ংক্রিয় করার মাধ্যমে উৎসে কর যাচাইয়ের সময় কমানো
    • জনবান্ধব কর প্রশাসন গড়ার মাধ্যমে করের আওতা বৃদ্ধি
    • কাস্টমসের পূর্ণাঙ্গ অটোমেশন
    • রপ্তানির সম্ভাবনাময় সকল খাতকে কাস্টমস বন্ডের আওতায় শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানির সুবিধা প্রদান
  3. সংসদে বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী

    সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

    ছবির উৎস, Screengrab

    বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বিকেল তিনটায় প্রস্তাবিত বাজেট পাঠ করতে শুরু করেন তিনি।

    প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে নয় লাখ ৩৮ হাজার কোটি টাকা।

    বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট এটি।

  4. বিকেল ৩টায় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

    জাতীয় সংসদ ভবন

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট ঘোষণা করা হচ্ছে আজ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, সরকারের লক্ষ্য বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।

    গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম এটি এবং বাংলাদেশের ৫৫তম বাজেট।

    ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

    এই বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণা আসতে পারে।

    এছাড়া ২৫ লাখ নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বেশ কয়েকটি নতুন কর্মসূচি যুক্ত করার পাশাপাশি বিদ্যমান কর্মসূচিগুলোতে বরাদ্দ বাড়ানো হতে পারে।

    পাশাপাশি বিদেশে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

    আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা ধরা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

  5. মন্ত্রিসভায় নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তার অনুমোদন

    আগামী অর্থবছরের বাজেটে প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

    ছবির উৎস, PMO Bangladesh

    ছবির ক্যাপশান, আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

    বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে জানানো হয়।

    অর্থ বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের পর আজ বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন।

    তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের সংসদে এটি প্রথম বাজেট।

  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে