লাইভ, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দুপুরে সচিবালয়ে ক্ষমতাসীন দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধন্ত নেয়া হয়। পরে সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. নির্বাচন কমিশনে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

    জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের কাছে মনোনয়নপত্র জমা দেন

    ছবির উৎস, নির্বাচন কমিশন

    ছবির ক্যাপশান, হামিদুর রহমান আজাদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন

    রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

    সাবেক সামরিক কর্মকর্তা অলি আহমদ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি।

    মি. আহমদ একজন মুক্তিযোদ্ধা এবং ১৯৯১ সালের বিএনপি সরকারের সাবেক মন্ত্রী।

    দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর ২০০৬ সালে তিনি দল থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি নামে নতুন দল গঠন করেন।

    রাষ্ট্রপতি নির্বাচনে সিইসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছেন।

    তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

    মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ই অগাস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ই অগাস্ট।

    রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ই অগাস্ট জাতীয় সংসদে।

    সংসদ সদস্যরা এ নির্বাচনে ভোট দেবেন।

  2. রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন বিএনপির

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

    দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে ক্ষমতাসীন দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধন্ত নেয়া হয়। পরে সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    তিনি জানিয়েছেন, ইতোমধ্যে দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য পদ ত্যাগ করেছেন মি. আলমগীর।

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় দলটির মনোনয়নে নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার মেয়াদের দেড় বছরের মতো সময় বাকি থাকতেই পদত্যাগ করেন গত ২৪শে জুলাই।

    এরপর থেকেই রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই বিবেচনায় ছিল বলে দলটির একাধিক নেতা বিবিসিকে জানিয়েছিলেন

    তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    নির্বাচন কমিশন আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

    এ বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে।

    বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

    যদিও শুরুতে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী প্রথমে কোনো প্রার্থী না দেওয়ার কথা বলেছিল, পরে তাদের ১১ দলীয় জোট থেকে শরিক দল এলডিপির নেতা অলি আহমদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

    বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আজ বিএনপি এবং ১১ দল - উভয়ের মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।

    আরো পড়তে পারেন:

  3. বুধবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। চলমান বিদ্যুৎ সংকট পরিস্থিতির মধ্যেই সরকারের দিক থেকে আজ এ নির্দেশনা এলো। বিদ্যুৎ বিভাগ একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
    • ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় জন পুলিশ কর্মকর্তাকে 'অসদাচরণ ও পলায়নের' মতো অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জরি করা হয়েছে।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর বিরুদ্ধে 'সমকামিতার' অভিযোগ ওঠার পর তাদের আবাসিক হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তারা ওই দুই শিক্ষার্থীর সিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
    • রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের অংশ হিসেবে বিবেচিত জাহাজগুলোর চলাচল বন্ধে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনার জবাবে ইউরোপীয় জাহাজ জব্দ করার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার দূরপ্রাচ্যে নৌ মহড়া পর্যবেক্ষণের সময় পুতিন রুশ জাহাজের চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধকে ‘জলদস্যুতা’ বলে অভিহিত করেন।
    • সামাজিক মাধ্যমে সুভাষ চন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর পোস্ট করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলন করে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরে রাজবংশী সম্প্রদায়ের একাংশের তরফ থেকে সুভাষ বসুকে নিয়ে কিছু 'আপত্তিকর' পোস্ট ঘিরে উত্তপ্ত বাদানুবাদ চলছিল সামাজিক মাধ্যমে।
    • কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের একটি ভবন ধসে পড়ার প্রায় ৩৬ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩২ বছর বয়সী একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় ১০ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানো হয়।
    • দিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দফার আন্দোলনের ‘হুঁশিয়ারি’ দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার অভিযোগ, বুধবার সভার জন্য একটি হল খুঁজছিলেন তারা, কিন্তু পাননি। তার অভিযোগ, ‘ওপর থেকে চাপ’ দেওয়ার কারণেই কেউ হল ভাড়া দিতে সম্মত হননি। সেই প্রসঙ্গেই যন্তর মন্তরে আবার আন্দোলনের কথা বলেন তিনি।
    • মুম্বাইয়ে ভূমিধসের কারণে একটি ভবন ধসে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও সাতজন আহত হয়েছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের ঘাটকোপারের চেরাগনগরে অবস্থিত এক আবাসিক ভবনে ঘটনাটি ঘটে।
    • পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে ইসহাক দার লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় তিন পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন।”

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে