আবারও ভোটার এলাকা পরিবর্তন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও তার ভোটার আসন পরিবর্তন করেছেন। অন্যদিকে ভারত থেকে বাংলাভাষী মুসলিম একজন মহিলাকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার ঘটনায় আসামের রাজ্য সরকারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। এদিকে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি একটি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান।

সরাসরি কভারেজ

রিপোর্টং করেছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে সোমবার জাতীয় শোক দিবস পালন করছে নেপালিরা। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, ১৩ দিনের শোকপর্বের শেষ দিনে নিহতদের স্মরণে দেশটির বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানো হয়।
    • সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে তাদের জ্বালানি রপ্তানি ও বাণিজ্য যেন 'জিম্মি' হয়ে না পড়ে, সেজন্য তারা বিকল্প পথ তৈরি করছে।
    • বাংলাদেশের জাতীয় সংসদে আজ আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। আজ সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
    • ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়মতান্ত্রিক ব্যবস্থার আওতায় আনতে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
    • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগরে নিয়েছেন। এটি ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩১৪ জন।
    • ভারত থেকে বাংলাভাষী মুসলিম একজন মহিলাকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার ঘটনায় আসামের রাজ্য সরকারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট।
    • সহকারী শিক্ষকদের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী। এজন্য দুই মাস সময় লাগতে পারে বলে তিনি জানান।
    • "যদি ৩০ দিনের মাঝে আপিল করা না হয়, তাহলে পরবর্তীতে আর কোনো আপিল গ্রহণ করার সুযোগ হবে না, সেটা যে কারো আপিল-ই হোক, সেটা হোক শেখ হাসিনার, হোক মাওলানা আবুল কালাম আজাদের," আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
    • ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের একটি জাহাজের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি একটি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
    • আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থায় (আইএইএ) ইউরোপীয় দেশগুলোর নতুন খসড়া প্রস্তাব অনুমোদন পেলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।
    • ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় এবং বিমানবন্দরগুলো টানা দ্বিতীয় দিনের মতো কার্যক্রম স্থগিত রাখায় প্রায় দুই লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে নেপালে জাতীয় শোক দিবস পালন

    নেপালের নুওয়াকোট জেলার ধুঙ্গেতে ১৩ দিনের বৌদ্ধ শোকানুষ্ঠানের শেষ দিন প্রদীপ জ্বালানো হয়েছে।
    ছবির ক্যাপশান, নেপালের নুওয়াকোট জেলার ধুঙ্গেতে ১৩ দিনের বৌদ্ধ শোকানুষ্ঠানের শেষ দিন প্রদীপ জ্বালানো হয়েছে।

    আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে সোমবার জাতীয় শোক দিবস পালন করছে নেপালিরা। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, ১৩ দিনের শোকপর্বের শেষ দিনে নিহতদের স্মরণে দেশটির বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানো হয়।

    এ দিন নেপালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তবে বন্যাকবলিত এলাকাগুলোতে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলায় শোকের আনুষ্ঠানিকতা সীমিত রাখা হয়েছে।

    নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমালয়ের একটি উপত্যকায় আকস্মিক বন্যায় একের পর এক গ্রাম ভেসে যাওয়ার পর এখন পর্যন্ত অন্তত এক হাজার ২৮৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

    ধারণা করা হচ্ছে, হিমবাহ ধসে এই বন্যার সৃষ্টি হয়েছিল।

    বন্যার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

    নেপালের ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এনইওসি) ফণীন্দ্র পৌডেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বন্যাকবলিত এলাকাগুলোতে এখনো উদ্ধার অভিযান চলছে। তাই সরকারের পক্ষ থেকে আলাদা কোনো কর্মসূচির আয়োজন করা হবে না।

    এদিকে, সোমবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তার এক সহকারী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শোকপর্বের শেষ দিন উপলক্ষে সরকারি কার্যালয়ের পাশাপাশি বিদেশে নেপালের মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

  3. যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে জ্বালানি রপ্তানি ও বাণিজ্য 'জিম্মি' হতে দেবে না ইউএই

    সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ
    ছবির ক্যাপশান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ

    সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে তাদের জ্বালানি রপ্তানি ও বাণিজ্য যেন 'জিম্মি' হয়ে না পড়ে, সেজন্য তারা বিকল্প পথ তৈরি করছে।

    বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আবুধাবিতে একটি ফোরামে তিনি বলেন, "আমাদের জ্বালানি রপ্তানি, বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম জিম্মি হয়ে থাকতে পারে না।"

    বক্তব্যে ইরানের সঙ্গে ইউএই'র সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনাকে উড়িয়ে দেননি তিনি। তবে তিনি বলেন, ইরানের হামলার পর দুই দেশের মধ্যে আস্থা পুনরুদ্ধার করতে কয়েক দশক সময় লাগতে পারে।

    ইরান ইস্যুতে উপসাগরীয় আরব দেশগুলো যৌথ প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করেন তিনি।

  4. সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠিত

    জাতীয় সংসদ

    জাতীয় সংসদে আজ আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে।

    আজ সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

    স্থায়ী কমিটিগুলো হল-হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩) সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, এ এম মাহবুব উদ্দিনকে (নোয়াখালী-১) সভাপতি করে।

    সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি, মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে (বগুড়া-৬) সভাপতি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩) সভাপতি করে জাতীয় সংসদের পিটিশন কমিটি গঠন করা হয়। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

  5. গাজী নজরুলের সদস্যপদ শূন্য ইস্যুতে জামায়াত নেতাকে 'বুদ্ধি' দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, বাংলাদেশের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ শূন্য করা ইস্যুতে জামায়াত নেতা শফিকুর রহমানকে 'বুদ্ধি' দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সাংগঠনিক তদন্তে 'নৈতিক স্খলন' প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জুলাই মাসে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্যপদ শূন্য করার জন্য চিঠি দিয়েছে দলটি।

    সম্প্রতি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসাবে গাজী নজরুল ইসলামের নাম রাখা হয়েছিল।

    সোমবার এই প্রসঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে, মাননীয় স্পিকারকেও চিঠি দিয়েছে...তার সদস্য পদ শূন্য করার জন্য। এখানে বিধি মোতাবেক দল থেকে বহিষ্কার হলে তার পদ শূন্য হয় না, ১৭ অনুচ্ছেদ সেখানে আসে না, যদি তিনি নিজে পদত্যাগ না করেন।''

    বাংলাদেশের আইন অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে বা বিরত থাকলে সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায়।

    সেই প্রসঙ্গ টেনে জামায়াতের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ''আপনারা যদি সত্যি সত্যিই চান যে তার আসনটি শূন্য হোক, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে দলের পক্ষে ভোট দেয় নাই আপনাদের? এবং ভোট দানে বিরত ছিল। সেই জায়গায় ৭০ অনুচ্ছেদ কিন্তু আসে।''

    ''সেই জায়গায় কগনিজেন্সি নিয়ে যদি আপনারা স্পিকার বা নির্বাচন কমিশনে চিঠি দেন, আমরা সেই হিসেবে বিধি মোতাবেক সাংবিধানিকভাবে সহযোগিতা করতে পারি। এই বুদ্ধিটা বিনা পয়সায় দিলাম,'' বলেন মি. আহমদ।

    এরপর বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এর জবাবে বলেন, ''"গ্রামে একটা কথা চালু আছে, কোনো দুর্বল মানুষের ওপর প্রতিশোধ নিতে হলে তাকে মেম্বার দিসেবে দাঁড় করিয়ে দাও। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আমাদের এরকম কিছু টিপস দেন, আমরা সেটা এঞ্জয় করি। এইজন্য সেদিন বলছিলাম, উনি থাকলে সংসদ প্রাণবন্ত হয়, সেটা হোক পজিটিভ বা নেগেটিভ। কিছু একটা হয়।''

    গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, ''আমরা এখন তাকে ফ্লোর ক্রসিং-এর কথা বলবো কেন? আমরা তো তাকে বহিষ্কার করেছি। আমরা তো সেটা বলতে পারি না যে তিনি আমাদের দলের সদস্য হয়ে ফ্লোর ক্রসিং করেছেন। আমাদের সিদ্ধান্ত ভায়োলেট করেছে। তবে আমরা আগেই অনাপত্তি বলেছিলাম, যেহেতু আমাদের কোর্টে আসে নাই।

    কিন্তু মহান জাতীয় সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস হাউজে, যাকে আমরা নৈতিক কারণে বহিষ্কার করে চিঠিও দিয়েছি, কোনো কমিটিতে না রাখাটা উত্তম ছিল। সেটা নৈতিকতার দিক থেকে বেটার। কিন্তু এখন রিথিংক করার সুযোগ আছে। কারণ বিভিন্ন সময় পুনর্মূল্যায়ন হয়, অদলবদল হয়, ড্রপ হয়, অ্যাড হয়। আমি মনে করি, নৈতিকতার দৃষ্টিকোণ থেকে এটা একতা এক্সাম্পল হবে যদি ওনাকে কোথাও না রাখা হয়।''

    পরবর্তীতে বিরোধী দলের আপত্তির কারণে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে গাজী নজরুল ইসলামের নাম বাদ দিয়ে স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়।

    এই বিষয়ে আরো পড়তে পারেন:

    সংসদে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম
    ছবির ক্যাপশান, সংসদে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম
  6. ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়মতান্ত্রিক ব্যবস্থার আওতায় আনতে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

    জাতীয় সংসদে উত্থাপিত এক নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নীতিমালা অনুমোদনের পর অটোরিকশার নিবন্ধন, রুট নির্ধারণ, চালক নিয়ন্ত্রণ, চলাচল ব্যবস্থাপনা ও আইন প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা পর্যায়ক্রমে নেওয়া হবে।

    তিনি বলেন, দেশে বর্তমানে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে। এসব যান চার্জ দিতে দেশের মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় পাঁচ শতাংশ প্রয়োজন হয়, যা আরও বেশি হতে পারে।

    "বিপুল এই চাহিদার বিপরীতে বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র প্রায় তিন হাজার ৩০০টি। আর, শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে বলে আমাদের ধারণা। ফলে জাতীয় গ্রিড ও স্থানীয় বিতরণ ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।"

    মন্ত্রী এক পরিসংখ্যানের বরাতে আরও জানান, ২০২৫ সালে ৬৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯১১১ জন নিহত হন। আর দুর্ঘটনাযুক্ত যানবাহনের মাঝে ব্যাটারিচালিত অটোরিকশা ছিল ১৩ দশমিক ৫৪ শতাংশ।

    "এই বাস্তবতায় প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে ডিএমপি অভিযান চালাচ্ছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারী গ্যারেজেও অভিযান চলছে।"

  7. আবারও ভোটার এলাকা পরিবর্তন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগরে নিয়েছেন।

    আফতাবনগর এলাকাটি ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।

    এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ধানমণ্ডি-কলাবাগান এলাকার অর্থাৎ ঢাকা-১০ আসনের ভোটার ছিলেন।

    ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ।

    আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করেছে, এমনটাই জানানো হয়েছে তার ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পাতা থেকে।

    আসিফ মাহমুদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়, সেখানকারই ভোটার ছিলেন তিনি। কিন্তু সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-১০ আসনের ভোটার হন তিনি।

    তখন তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, যেহেতু ঢাকা থেকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে চান, সে কারণে তিনি ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন।

    আরও পড়তে পারেন...

  8. ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি

    ডেঙ্গি বা ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
    ছবির ক্যাপশান, ডেঙ্গি বা ডেঙ্গু রোগের বাহক এডিস মশা

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩১৪ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মাঝে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ডেঙ্গুতে মৃত চারজনের দুইজন খুলনা বিভাগে, বাকি দুইজন ঢাকা বিভাগে।

    যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের বেশিরভাগই ১৬ থেকে ৪০ বছর বয়সী এবং আক্রান্তদের প্রায় ৬৫ শতাংশ হলো পুরুষ।

    এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হলো। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪৪ হাজার।

    ডেঙ্গু নিয়ে আরও পড়তে পারেন...

  9. বাংলাদেশে ডিপোর্ট করা মুমতাজ বেগমের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ

    গৌহাটি হাইকোর্ট
    ছবির ক্যাপশান, গৌহাটি হাইকোর্ট

    ভারত থেকে বাংলাভাষী মুসলিম একজন মহিলাকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার ঘটনায় আসামের রাজ্য সরকারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট।

    ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য কোনও রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দিতে বলার ঘটনা এই প্রথম।

    মুমতাজ বেগমের পরিবার গৌহাটি হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করার পর জানতে পারে যে তাকে জোর করে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    এই মামলায় হাইকোর্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও পক্ষভুক্ত করে।

    আদালত জানিয়েছে, মহিলাকে বাংলাদেশে খুঁজে বার করে তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে ‘চেষ্টা চালাতে’ নির্দেশ দেওয়া হবে।

    মুমতাজ বেগমকে বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসামের নগাঁও ফরেনার্স ট্রাইব্যুনালের ভূমিকাতেও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট।

    হেবিয়াস কর্পাস মামলার ভিত্তিতে শুনানি করতে গিয়ে বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের বেঞ্চ বলেছে, ফরেনার্স ট্রাইব্যুনাল যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তাতে আদালত মনে করেছে যে “আইনের অপপ্রয়োগের মাধ্যমে বিদ্বেষপ্রসূত পদক্ষেপের বিষয়টি নথি থেকেই স্পষ্ট।”

  10. অন্তত দুই মাস প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে: ববি হাজ্জাজ

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
    ছবির ক্যাপশান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে এবং এই সিদ্ধান্ত আজ সাতই সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

    এই প্রক্রিয়া শেষ হতে দুই মাস লাগতে পারে বলে তিনি জানান।

    "সাড়ে ১৪ হাজার নতুন নিয়োগ আছে তো। তাদের প্লেসমেন্ট হবার পর এটি আবার চালু হবে। এটা টেম্পোরারি। তবে অন্তত দুই মাস তো লাগবেই পুরো প্রসেসটায়, এটা আমার ধারণা," বলেন তিনি।

    এর আগে তিনি আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

  11. মাওলানা আজাদের আপিল ইস্যুতে যা বললেন আইসিটি'র চিফ প্রসিকিউটর

    চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম
    ছবির ক্যাপশান, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

    "যদি ৩০ দিনের মাঝে আপিল করা না হয়, তাহলে পরবর্তীতে আর কোনো আপিল গ্রহণ করার সুযোগ হবে না, সেটা যে কারো আপিল-ই হোক, সেটা হোক শেখ হাসিনার, হোক মাওলানা আবুল কালাম আজাদের।"

    আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদের আপিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সাবেক নেতা মাওলানা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন। জামায়াতের এই নেতা বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করে পরিচিতি পেয়েছিলেন।

    গত বছর অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময় তার সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    ১৩ বছর পলাতক থাকার পর এই বছরের ২১শে জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমপর্ণ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালাস চেয়ে আপিল করেন।

    আজ সাতই সেপ্টেম্বর সেই আপিল আদেশের রায়ের দিন ধার্য ছিল। তবে এদিন চূড়ান্ত কোনো আদেশ হয়নি।

    চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আরও বলেন, "যেকোনো পলাতক আসামি, অথবা যারা জেলে আছে, তাকে অবশ্যই ৩০ দিনের মাঝে আপিল ফাইল করতে হবে, পলাতক থাকার কারণে হোক, অন্য কোনো কারণে হোক, কেউ যদি ৩০ দিনের মাঝে এসে ফাইল দায়ের না করেন, তাহলে ওই আসামির জন্য আর আপিল করার সুযোগ থাকবে না।"

    "মওলানা আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো ট্রাইব্যুনাল থেকে। কিন্তু তিনি যেকোনো কারণেই হোক, দীর্ঘদিন দেশে অনুপস্থিত ছিলেন। তিনি আপিলটা ফাইল করতে পারতেন বা করেননি। এখন আমাদের আইনের ২১'র তিনে বলা আছে, রায় ঘোষণার ৩০ দিনের মাঝে আপিল করতে হবে। সেখানেও এটাও বলেছে যে যদি ৩০ দিনের মাঝে আপিল না করা হয়, তাহলে আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না," যোগ করেন তিনি।

  12. যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবারের মতো ‘ডেস্ট্রয়ার-বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

    ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী

    ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের একটি জাহাজের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি একটি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

    টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজায়ী বলেন, “৪৮ ঘণ্টা আগে প্রথমবারের মতো আমরা একটি আমেরিকান জাহাজের বিরুদ্ধে একটি ইরানি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাই। এই বিশেষ ক্ষেপণাস্ত্রটি আমেরিকানদের জন্য নরক তৈরি করেছিল এবং তারা পালিয়ে যায়।”

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবির সরাসরি জবাব দেয়নি।

    তবে গতকাল এক্সে দেওয়া একটি পোস্টে তারা লিখেছে, “বিপ্লবী গার্ডদের জন্য বার্তা স্পষ্ট: যদি আপনারা আমাদের দুটি জাহাজে গুলি চালান, তাহলে আমরা আপনাদের ওপর আরও অনেক বেশি অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব এবং আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করব।”

    বিবৃতিতে আরও বলা হয়, “আমরা আমেরিকান বাহিনীকে রক্ষা করতে দ্বিধা করব না এবং প্রয়োজন হলে ইরানের সীমিত ও ঝুঁকিপূর্ণ তেলবাহী জাহাজের বহর ধ্বংস করব।”

    বিপ্লবী গার্ডের সাবেক এই কমান্ডার ওই অঞ্চলে জাহাজ চলাচলের সম্ভাব্য পরিণতি সম্পর্কে বলেন, “ইরানের সঙ্গে পরামর্শ না করে পরিচালিত জাহাজগুলোকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে এবং সেগুলোকে অন্যান্য পরিণতির মুখোমুখি হতে হবে, যার মধ্যে রয়েছে বীমা-সংক্রান্ত সমস্যা এবং পরবর্তী সময়ে চলাচলে জটিলতা।”

  13. আইএইএ-কে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

    ইসমাইল বাঘাই

    আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থায় (আইএইএ) ইউরোপীয় দেশগুলোর নতুন খসড়া প্রস্তাব অনুমোদন পেলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।

    ইউরোপীয় দেশগুলো এবং আইএইএ পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শন চায়, বিশেষ করে যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলোর। ওই প্রস্তাব পাস হলে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর পথ তৈরি করতে পারে।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইউরোপীয় দেশগুলো "যখনই অন্য ক্ষেত্রে ব্যর্থ হয়, তখন তারা পারমাণবিক ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে; অথবা উল্টোভাবে, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মহাপরিচালক নিজেই ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য এমন অপব্যবহারের সুযোগ করে দেন।"

    ইরান, চীন ও রাশিয়ার অবস্থান সঠিক দাবি করে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে "পথ বন্ধ হয়ে গেছে" এবং সংস্থাটির পক্ষে পরিদর্শন করা সম্ভব নয়।

  14. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: আড়াই লাখের বেশি মানুষ ইন্দোনেশিয়ায় আটকা

    আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ছবি তুলছেন একজন ব্যক্তি
    ছবির ক্যাপশান, আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে শুক্রবার গভীর রাতে অগ্ন্যুৎপাত শুরু হয়

    ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় এবং বিমানবন্দরগুলো টানা দ্বিতীয় দিনের মতো কার্যক্রম স্থগিত রাখায় প্রায় দুই লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।

    জাকার্তা থেকে ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দূরে অবস্থিত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে শুক্রবার গভীর রাতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে লাভার ফোয়ারা সৃষ্টি হয় এবং আগ্নেয় ছাই জাকার্তা ও লামপুং প্রদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে।

    পুরো সপ্তাহান্তজুড়ে আগ্নেয়গিরিটি ভূকম্পনগতভাবে সক্রিয় ছিল।

    আগ্নেয় ছাই তাদের আশপাশের আকাশসীমায় শনাক্ত হওয়ার পর জাকার্তার সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আরও তিনটি বিমানবন্দর সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের বন্ধ থাকার মেয়াদ বাড়িয়েছে।

  15. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মা’র ভোগ-দখল করার অধিকার নিয়ে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,২০২৬' বাংলাদেশের জাতীয় সংসদে পাস হয়েছে। তবে কোরআন-সুন্নাহ বিরোধী উল্লেখ করে এটির প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা।
    • 'জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬' পাস হয়েছে জাতীয় সংসদ অধিবেশনে।
    • দিল্লির সত্য নিকেতন মার্কেট এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে তিন শিশু মারা গেছে, ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা। ভবন ধসের কারণ সম্পর্কে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, ওই ভবনের বেসমেন্টে খনন কার্যক্রম চলছিল।
    • ইউক্রেন সফরে আসা ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে এই প্রতিনিধিরা মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন।
    • হরমুজ প্রণালির দক্ষিণ রুট অতিক্রম করার সময় অন্তত তিনটি তেলের ট্যাংকার এবং একটি এলএনজিবাহী জাহাজ রেভল্যুশনারি গার্ড সতর্ক করার পর নিজেদের পথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
    • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন কারাবন্দি মারা গেছেন। তাদের প্রত্যেককেই কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।
    • বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা প্রতিবছর ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এর মধ্যে পাঁচ হাজার প্রতিবার নগদ বহন করা যাবে।
    • গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে আটটি ইসলামি দেশ।
    • ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ হয়ে গেছে এবং খেলার নিয়ম বদলে গেছে।
    • রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারির বিরোধিতা করে গত বছর আন্দোলনে অংশগ্রহণকারী জাতীয় রাজস্ব বোর্ডের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছেন রাষ্ট্রপতি।
  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।