উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত আট মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ছবির উৎস, AFP via Getty Images
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদ্রাসার অন্তত আটজন শিক্ষার্থীর মৃত্যুর খবর বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
তিনি বলছেন, "এখন পর্যন্ত বিভিন্ন বয়সী আট শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। এদের কেউ সাত, আট, এগার বা বারো বয়সী শিশু রয়েছে। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।"
ঘটনার সময় ওই মাদ্রাসায় ঠিক কতজন শিক্ষার্থী ছিল সেটি এখনো নিশ্চিত নয় উল্লেখ করে মিজ আক্তার বলেন, "সেখানে সকালে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী গিয়েছিলো। কিন্তু দুপুরে টিফিনের সময় বেশিরভাগই বাড়ি চলে গিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে আমাকে।"
ফায়ার সার্ভিস এখন উদ্ধার কার্যক্রম বন্ধ করেছে বলে জানান তিনি।









