আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, আলোচনা ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার, অংশ নেয়ার প্রশ্নে এখনো সিদ্ধান্ত নেয়নি ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এদিকে,ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. জাপানে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    জাপানে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

    কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি'র খবরে বলা হয়েছে, সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল চারটা ৫৩ মিনিটের দিকে জাপানের উত্তরাঞ্চলে ওই ভূমিকম্প হয়।

    এর তীব্রতা এতটাই বেশি ছিল যে, উৎপত্তিস্থল থেকে কয়েকশ' কিলোমিটার দূরে অবস্থিত টোকিও শহরও কেঁপে ওঠে।

    ভূমিকম্পের ফলে হওয়া ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।

    তবে পরিস্থিতি সামাল দিতে একটি সংকটকালীন দুর্যোগ ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

  2. হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল করতে দেওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

    হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোকে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে দেওয়ার জন্য ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

    তুরস্কে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  3. দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

    শিক্ষা মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করবে, তারা ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    "আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না। এখনো করছি। আজকেও একজনকে বিদায় দিয়েছি," বলেন মি. মিলন।

    সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানিয়েছেন যে, পরবর্তী এসএসসি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে নেওয়া যায় কি-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি

  4. ইইউ'র সঙ্গে 'অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি'র বিষয়ে প্রাথমিক স্বাক্ষর শেষ করল বাংলাদেশ

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে 'অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি'র (পিসিএ) বিষয়ে ইনিশিয়াল সাইনিং বা প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন করেছে বাংলাদেশ।

    সোমবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে দু'পক্ষের মধ্যে ইনিশিয়াল সাইনিং হয়।

    এসময় বাংলাদেশের পক্ষে সচিব মুহাম্মদ নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি ইনিশিয়াল সাইনিং করেন।

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপিয়ান কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ কাজা কাল্লাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  5. যিশু খ্রিস্টের মূর্তির ওপর হামলাকারী ইসরায়েলি সেনার নিন্দা করলেন নেতানিয়াহু

    দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সৈন্য হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের মূর্তিতে আঘাত করার যে ঘটনা ঘটিয়েছেন, সেটির নিন্দা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    অনলাইনে ঘটনাটির একটি ছবির ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে নিন্দা জানালেন নেতানিয়াহু।

    সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ওই ঘটনা সম্পর্কে জানার পর তিনিসহ বেশিরভাগ ইসরায়েলি 'হতবাক ও মর্মাহত' হয়েছেন।

    ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে এবং অপরাধীর বিরুদ্ধে 'যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা' নেওয়া হবে বলে জানান তিনি।

    "মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র দেশ যারা সকলের ধর্ম পালনের স্বাধীনতা দেয়। ওই ঘটনার জন্য এবং এর ফলে যারা কষ্ট পেয়েছেন, তাদের সবার প্রতি দুঃখ প্রকাশ করছি," যোগ করেন নেতানিয়াহু।

    এর আগে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ওই সৈন্যের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

  6. কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ

    সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি নথিপত্র রয়েছে, তাদেরকে দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এমন নির্দেশনা দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    সেখানে আরও বলা হয়েছে, বৈঠকে তারা দু'দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার মিয়ানমারের নাগরিক তথা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    এসময় সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রসঙ্গ তুলে সেটির প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।

    জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র বা প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিমও সৌদিতে পাঠানো হয়েছে।

    "যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে," বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

    এক্ষেত্রে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশনা প্রদান করেন তিনি।

  7. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিশ্বাসের লেশমাত্র নেই, ফ্র্যাঙ্ক গার্ডনার, বিবিসি'র নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যদি আদৌ তারা আলোচনায় বসে।

    আট দিন আগে ইসলামাবাদে আশার যে ক্ষীণ আলোটুকু দেখা গিয়েছিল, সেটা আরও সংকুচিত হয়ে গেছে।

    এর কারণ ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত তুলেছে ইরান।

    যুক্তরাষ্ট্র ইরানের সব উপসাগরীয় বন্দরের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। অবরোধ ভাঙার চেষ্টা করলে মার্কিন বাহিনীর সদস্যরা ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ এমভি তুসকাকে আটক করেছে।

    এ ঘটনাকে 'সামুদ্রিক জলদস্যুতা' বলে বর্ণনা করেছে ইরান।

    চলমান সংঘাতের অবসান ঘটানোর জন্য কোনো ধরনের বোঝাপড়ায় পৌঁছানোর ক্ষেত্রে এই পরিস্থিতি মোটেও অনুকূল নয়।

    ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হলো আগে থেকেই বিপর্যস্ত ইরানি অর্থনীতিকে এমনভাবে চেপে ধরা, যাতে তেহরান পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালি-উভয়ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের দাবির কাছে নিয়ে নতি স্বীকার করে।

    এটি এখনও কার্যকর হতে পারে, অনেকে এমন কথা ভাবলেও বিশ্লেষকরা বলছেন, ইরান এই ধরনের প্রকাশ্য চাপের মুখে খুব কমই নতি স্বীকার করে। বরং এটি তার অবস্থানকে আরও কঠোর করছে।

  8. ইরানি জাহাজ আটকের ঘটনায় চীনের উদ্বেগ

    ইসলামাবাদে পুনরায় শান্তি আলোচনার শুরুর আগে মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন।

    নতুন করে সংঘাতের পরিবেশ তৈরি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন।

    বার্তা সংস্থা এএফপি'র খবরে এ কথা জানানো হয়েছে।

    এর আগে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধকে 'দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক' বলে আখ্যা দিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ধারণা করা হয়, ইরানের রপ্তানি করা তেলের প্রায় ৯০ শতাংশ কিনে থাকে চীন।

  9. শান্তি আলোচনা ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

    বিদেশি প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সেরেনা হোটেল ও এর পাশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

    সেই সঙ্গে, হোটেলটি ছেড়ে যাওয়ার জন্য সাধারণ অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    গত ১১ই এপ্রিল এই হোটেলেই প্রথম দফায় শান্তি আলোচনা হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে। যদিও ওই আলোচনা সফল হয়নি।

    সোমবার পুনরায় এখানে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

    সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদ পৌঁছাবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

    কিন্তু ইরান জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনা অংশ নেওয়ার বিষয় তারা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

  10. যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: ইরানি মুখপাত্র

    যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

    এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

    "এই মুহূর্তে...পরবর্তী দফায় আলোচনায় বসার পরিকল্পনা আমাদের নেই এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও চূড়ান্ত হয়নি," বলেন মি. বাঘাই।

    এমন একটি সময় তিনি এই তথ্য জানালেন যখন দ্বিতীয় দফায় শান্তি আলোচনার জন্য সোমবার ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।

    এর মধ্যেই ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

    এসব ঘটনায় দু’পক্ষের মধ্যকার আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাটি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  11. লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল

    আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল।

    রোববার রাতে দক্ষিণ লেবাননে এই হামলার ঘটনা ঘটে।

    আইডিএফের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।

    দক্ষিণ লেবাননের কিছু নির্দিষ্ট এলাকা থেকে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে তারা।

    এরপর স্থানীয়দের অনেকেই পরিবারসহ অন্যত্র সরে যেতে শুরু করেছেন।

  12. মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান

    ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

    এই খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

    তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

    এর আগে, রোববার ইরানি পতাকাবাহী পণ্যবাহী একটি জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী।

    এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছিল তেহরান।

  13. সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন যারা

    শত শত আবেদন যাচাই-বাছাইয়ের পর অবশেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে সরকারি দল বিএনপি।

    সোমবার বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

    তালিকায় জায়গা পেয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়াও মনোনিত হয়েছেন, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা এবং হেলেন জেরিন খান।

    আরও জায়গা পেয়েছেন নিলোফার চৌধুরী মনি, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার ও ফেরদৌসী আহমেদ।

    তালিকায় আরও নাম রয়েছে- বিথীকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

    উল্লেখ্য যে, বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি।

    এর মধ্যে গত নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা সবাই মিলে একটি সংরক্ষিত আসনে নারী মনোনয়ন দিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

  14. বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন তারেক রহমান

    বাংলাদেশের ১৩ তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল 'বগুড়া সিটি করপোরেশন'। সোমবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

    বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

    প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার প্রথম বগুড়া সফরে গেলেন মি. রহমান।

    সোমবার ভোর সোয়া ছয়টার দিকে গুলশান এভিনিউ’র বাসা থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

    সকাল দশটার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এরপর বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন বহু তলভবন উদ্বোধন করেন।

    পরে বেলা ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করেন।

    দেশের অন্য সিটি করপোরেশনগুলো হলো: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ সিটি করপোরেশন।

  15. ইরানি জাহাজ আটকের আগে ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে: যুক্তরাষ্ট্র

    ইরানি পতাকাবাহী পণ্যবাহী যে জাহাজটি মার্কিন নৌবাহিনী আটক করেছে, সেটিকে সরে যাওয়ার জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

    সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

    বিবৃতিতে বলা হয়েছে, বার বার সতর্ক করার পরও সেটি না মানার কারণে রোববার মার্কিন নৌ সেনারা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যায় এবং ইরানি জাহাজটিতে আটক করে।

    ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। সেখানে মার্কিন সেনাদেরকে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে ইরানি জাহাজের ডেকের ওপর নামতে দেখা যাচ্ছে।

  16. ইরানি জাহাজ জব্দের খবরে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম

    মার্কিন নৌবাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

    ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ইতোমধ্যেই চার দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে ৯৪ দশমিক ৬৬ মার্কিন ডলারে।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মূল্যও পাঁচ দশমিক ছয় শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে।

    গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

    এর পর থেকেই জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে ওঠানামা করতে দেখা যাচ্ছে।

    হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হয়ে থাকে। যুদ্ধের কারণে সেটি রীতিমত বন্ধ হয়ে গেছে।

  17. মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন আজ সন্ধ্যায়

    ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    সামাজিক মাধ্যমের এক পোস্টে এই তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, গতবারের মতো এবারও মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের দুই ‘গুরুত্বপূর্ণ’ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

    তবে দ্বিতীয় দফার আলোচনায় ইরান অংশ নিবে কি-না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।

    সোমবার মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  18. হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না তেহরান, বিবিসিকে ইরানের জ্যেষ্ঠ রাজনীতিবিদ

    যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত মেনে ইরান ‘কখনোই’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হবে না বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি।

    “কখনোই না…এটি আমাদের মৌলিক অধিকার,” বলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার মি. আজিজি।

    “এমনকি কোন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করবে, সেটাও ইরানই নির্ধারণ করবে,” যোগ করেন তিনি।

  19. কার্গো জাহাজ জব্দের ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা

    ওমান উপসাগর থেকে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

    জাহাজ জব্দের ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান।

    এটি এমন একটি সময় ঘটলো, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে মধ্যস্থাকারী দেশ পাকিস্তান।

    রোববার হোয়াইট হাউজ জানিয়েছে, ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    তবে সেই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইরান।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।

    এর মধ্যেই ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দু’পক্ষের মধ্যকার আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাটি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  20. রোববার যে সব খবর ছিল

    • ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যতদিন নৌ অবরোধ বহাল থাকবে ততদিন ইরান পাকিস্তানে কোনো আলোচক দল পাঠাবে না।
    • এদিকে পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সাথে সম্ভাব্য আলোচনায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি টিম পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে।
    • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় পর্বের জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।
    • ট্রুথ সোশ্যালের এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি না হলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার খর্ব করার কোন অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নেই।
    • হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে আজ রোববার দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি।
    • বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সপ্তাহের দুই দিন বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হবে।
    • সোমবার থেকে ঢাকাসহ সারাদেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।
    • বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি’র দাম বাড়ানো হয়েছে। এক লাফে কেজি প্রতি এলপিজির দাম বাড়ানো হয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।
    • বর্তমান সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
    • জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রায় অর্ধশত নেতাকর্মী।