লাইভ, মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান
ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল
ছবির উৎস, EPA
আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল।
রোববার রাতে দক্ষিণ লেবাননে এই হামলার ঘটনা ঘটে।
আইডিএফের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।
দক্ষিণ লেবাননের কিছু নির্দিষ্ট এলাকা থেকে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
এরপর স্থানীয়দের অনেকেই পরিবারসহ অন্যত্র সরে যেতে শুরু করেছেন।
মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান
ছবির উৎস, Allen J. Schaben / Los Angeles Times via Getty Images
ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
এই খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, রোববার ইরানি পতাকাবাহী পণ্যবাহী একটি জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী।
এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছিল তেহরান।
সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন যারা
ছবির উৎস, BBC/Shyadul Islam
শত শত আবেদন যাচাই-বাছাইয়ের পর অবশেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে সরকারি দল বিএনপি।
সোমবার বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তালিকায় জায়গা পেয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়াও মনোনিত হয়েছেন, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা এবং হেলেন জেরিন খান।
উল্লেখ্য যে, বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি।
এর মধ্যে গত নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা সবাই মিলে একটি সংরক্ষিত আসনে নারী মনোনয়ন দিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন তারেক রহমান
ছবির উৎস, PMO
ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার প্রথম বগুড়া সফরে গেলেন তারেক রহমান
বাংলাদেশের ১৩ তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল 'বগুড়া সিটি করপোরেশন'। সোমবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার প্রথম বগুড়া সফরে গেলেন মি. রহমান।
সোমবার ভোর সোয়া ছয়টার দিকে গুলশান এভিনিউ’র বাসা থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
সকাল দশটার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এরপর বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন বহু তলভবন উদ্বোধন করেন।
পরে বেলা ১২টার দিকে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করেন।
দেশের অন্য সিটি করপোরেশনগুলো হলো: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ সিটি করপোরেশন।
ইরানি জাহাজ আটকের আগে ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে: যুক্তরাষ্ট্র
ছবির উৎস, US Central Command
ইরানি পতাকাবাহী পণ্যবাহী যে জাহাজটি মার্কিন নৌবাহিনী আটক করেছে, সেটিকে সরে যাওয়ার জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বিবৃতিতে বলা হয়েছে, বার বার সতর্ক করার পরও সেটি না মানার কারণে রোববার মার্কিন নৌ সেনারা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যায় এবং ইরানি জাহাজটিতে আটক করে।
ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। সেখানে মার্কিন সেনাদেরকে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে ইরানি জাহাজের ডেকের ওপর নামতে দেখা যাচ্ছে।
ইরানি জাহাজ জব্দের খবরে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম
ছবির উৎস, AFP via Getty Images
মার্কিন
নৌবাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর প্রকাশিত হওয়ার পর
বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম
ইতোমধ্যেই চার দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে ৯৪ দশমিক ৬৬ মার্কিন ডলারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মূল্যও পাঁচ দশমিক ছয় শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে।
গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
এর পর থেকেই জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে ওঠানামা করতে দেখা যাচ্ছে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হয়ে থাকে। যুদ্ধের কারণে সেটি রীতিমত বন্ধ হয়ে গেছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে পৌঁছাবেন আজ সন্ধ্যায়
ছবির উৎস, Pool/Reuters
ছবির ক্যাপশান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের
নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যমের এক পোস্টে
এই তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা
বিবিসিকে নিশ্চিত করেছেন যে, গতবারের মতো এবারও মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের
দুই ‘গুরুত্বপূর্ণ’ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।
তবে দ্বিতীয়
দফার আলোচনায় ইরান অংশ নিবে কি-না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।
সোমবার মার্কিন নৌ বাহিনীর
হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের
বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না তেহরান, বিবিসিকে ইরানের জ্যেষ্ঠ রাজনীতিবিদ
যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত মেনে ইরান ‘কখনোই’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হবে
না বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি।
“কখনোই না…এটি আমাদের মৌলিক অধিকার,” বলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের
(আইআরজিসি) সাবেক কমান্ডার মি. আজিজি।
“এমনকি কোন
জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করবে, সেটাও ইরানই নির্ধারণ করবে,” যোগ করেন
তিনি।
কার্গো জাহাজ জব্দের ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা
ছবির উৎস, US Central Command/X
ছবির ক্যাপশান, মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের মুহূর্ত
ওমান উপসাগর থেকে ইরানের
পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা
তৈরি হয়েছে।
জাহাজ জব্দের ঘটনাকে ‘সশস্ত্র
জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান।
এটি এমন একটি সময় ঘটলো,
যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসানোর চেষ্টা
করছে মধ্যস্থাকারী দেশ পাকিস্তান।
রোববার হোয়াইট হাউজ জানিয়েছে,
ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট
জেডি ভ্যান্স।
তবে সেই
আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।
এর মধ্যেই ইরানি পতাকাবাহী
কার্গো জাহাজ আটকের খবর দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দু’পক্ষের মধ্যকার আলোচনা
পুনরায় শুরুর প্রচেষ্টাটি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রোববার যে সব খবর ছিল
ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যতদিন নৌ অবরোধ বহাল থাকবে ততদিন ইরান পাকিস্তানে কোনো আলোচক দল পাঠাবে না।
এদিকে পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সাথে সম্ভাব্য আলোচনায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি টিম পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় পর্বের জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।
ট্রুথ সোশ্যালের এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি না হলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার খর্ব করার কোন অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নেই।
হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে আজ রোববার দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সপ্তাহের দুই দিন বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হবে।
সোমবার থেকে ঢাকাসহ সারাদেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি’র দাম বাড়ানো হয়েছে। এক লাফে কেজি প্রতি এলপিজির দাম বাড়ানো হয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।
বর্তমান সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রায় অর্ধশত নেতাকর্মী।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।