লাইভ, জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে পরবর্তী ১৫টি ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তর এবং একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

    ইমরান খান

    ছবির উৎস, Getty Images

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

    সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ আদালত বলেছে, যে কোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবার অধিকার একটি মৌলিক অধিকার।

    আদালত ইমরান খানের স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে যেখানে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল এবং ডা. উজমা খানকেও অন্তর্ভুক্ত করা হবে।

    আদালত পরবর্তী শুনানিতে ইমরান খানের চিকিৎসা প্রতিবেদন উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে।

    সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মহাসচিব সালমান আকরাম রাজা এবং ইমরান খানের বোন উজমা খান যে আবেদন করেছিলেন, তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।

    সুপ্রিম কোর্ট তার আদেশে আরও বলেছে, ইমরান খানের চিকিৎসায় যে সব ব্যয় হবে, তা তার পরিবার বহন করবে।

    আদালত তার আদেশে বলেছে, ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করার সময় সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটানো যাবে না।

    আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট সুপ্রিম কোর্টে যে চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের ‘গুরুতর’ উপসর্গ দেখা গেছে।

    ইমরান খানের চিকিৎসা প্রতিবেদনে কী বলা হয়েছে?

    ইমরান খানের চিকিৎসা প্রতিবেদনে উদ্বেগের মাত্রা ‘লেভেল থ্রি প্লাস’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত গুরুতর বলে বিবেচিত হয়।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সর্বশেষ ১০ই অগাস্ট একটি মেডিকেল বোর্ড পরীক্ষা করে। ওই মেডিকেল বোর্ডে চক্ষু, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অন্তর্ভুক্ত ছিলেন।

    সুপ্রিম কোর্টে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বয়স প্রায় ৭৩ বছর। তিনি মাথায় ভারী অনুভূতি এবং দ্রুত হৃদস্পন্দনের অভিযোগ করেছেন। তবে চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী, তার বুকে ব্যথা, চাপ অনুভূত হওয়া বা শ্বাসকষ্টের কোনো অভিযোগ ছিল না।

    প্রতিবেদনে এ-ও উল্লেখ করা হয়েছে যে, মেডিকেল বোর্ড রক্তচাপ এবং উদ্বেগ নিয়ন্ত্রণে ওষুধ গ্রহণের পরামর্শ দিয়েছিল।

    ইমরান খান

    ছবির উৎস, AFP via Getty Images

  2. জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা

    ফিফা

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে পরবর্তী ১৫টি ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় এই শাস্তি পেলেন তিনি।

    "ফিফা টায়ার - ১ ম্যাচ, আন্তর্জাতিক ও ন্যাশনাল টিমের পরবর্তী ১৫ ম্যাচের জন্য আল আমিনকে নিষিদ্ধ করা হয়েছে" বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

    একইসঙ্গে, আরেক ফুটবলার মিরাজুলকে দুই ম্যাচের জন্য ফিফা নিষিদ্ধ করেছে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে।

    জুনে মালদ্বীপের ওই ম্যাচের খেলার সময় উভয় দলের খেলোয়াররা মারামারিতে জড়িয়ে পড়েন।

    ওই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর ফিফা বাংলাদেশের ম্যানেজার ও ফুটবলার মিরাজুলকে আর্থিক জরিমানা করে এক দফা শাস্তি দিয়েছিল।

    আর আল আমিনকে এবার ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করলো ফিফা। সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের জন্য এটিই সবচেয়ে বড় নিষেধাজ্ঞা।

    এর আগে ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল।

  3. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ইরানের সঙ্গে চলমান আলোচনায় ‘বাধা হয়ে দাঁড়ালে’ যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • বাংলাদেশের মন্ত্রিসভা দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।এর ফলে ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সকলকার্যক্রম শুরু করা হবে।
    • বাংলাদেশের মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এটি আইনে পরিণত হলে র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি নামে নতুন একটি বাহিনী গঠিত হবে।
    • বিন্না ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যায় তা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়। এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
    • ভারতীয় জনতা পার্টি তাদের বেশ কয়েকজন পুরোনো নেতাকে নতুন দায়িত্বে ফিরিয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সুনীল বনসল।
    • বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি অনুমান নির্ভর হওয়ায় তারা এ নিয়ে কোনো রিয়েকশন দিচ্ছেন না।
    • বাংলাদেশে ‘সন্দেহজনক হাম’ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭টি শিশুর মৃত্যু হয়েছে।
    • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভার রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে এবং এসব ই-রিকশা শুধুমাত্র সৌর বিদ্যুৎ দিয়েই রিচার্জ করতে হবে।
    • পশ্চিমবঙ্গের জনপ্রিয় হিন্দু-তীর্থক্ষেত্র বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গুরুতর জখম হয়ে অসুস্থ একাধিক।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে