'অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে' বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি
পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতে বিজেপি যদি সরকার গঠন করে, তাহলে তারা 'জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে' বলে ঘোষণা দিয়েছে।
শুক্রবার প্রকাশিত বিজেপির নির্বাচনী ইশতেহারে ওই ঘোষণা করা হয়েছে। এদিন কলকাতায় এক সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ 'বিজেপির সংকল্প পত্র'' নাম দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।
তারা ক্ষমতায় এলে রাজ্যের সব সরকারি চাকরিতে নারীদের জন্য ৩৩ শতাংশ বা এক তৃতীয়াংশ চাকরি সংরক্ষিত করা হবে বলেও বিজেপি এদিন ঘোষণা করেছে।
এছাড়াও নারীদের জন্য মাসিক ভাতা বাড়িয়ে তিন হাজার টাকা করার কথা বলা হয়েছে। রাজ্যের বেকার যুবক-যুবতীরা মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন বলে ঘোষণা করেছে দলটি।
বর্তমানে রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার 'লক্ষ্মীর ভান্ডার' নামে একটি প্রকল্পে দেড় হাজার টাকা মাসিক ভাতা দিয়ে থাকে নারীদের। আবার 'যুবসাথী' নামেও যুবক-যুবতীদের জন্য একটি প্রকল্প আছে।
বিজেপি ক্ষমতায় এলে তারা রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদেরও কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, তাদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার কথাও বলেছে। এই মুহুর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের তুলনায় অনেক কম হারে ডিএ পেয়ে থাকেন।
পশ্চিমবঙ্গে ভোট হবে আগামী ২৩শে ও ২৯শে এপ্রিল - বিজেপি যদি সেই নির্বাচনে জিততে পারে তাহলে তারা প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতা দখল করবে।