আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ইসরায়েল 'যুদ্ধবিরতি লঙ্ঘন' করছে এবং 'আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে'- ইরানের প্রেসিডেন্ট

লেবাননে বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলি হামলাকে “প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে, হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আলোচনার টেবিলে থাকতে চায় লেবানন: মন্ত্রী

    লেবাননের সোশাল অ্যাফেয়ার্স মিনিস্টার বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য লেবাননের “আলোচনার টেবিলে একটি আসন” থাকাটা জরুরি।

    হানিন সায়েদ বলেন, দেশটি মনে করে, “যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছিল”।

    একইসাথে “কী ধরনের শান্তি ও যুদ্ধবিরতি চুক্তি প্রয়োজন তা নিয়ে লেবানন সরকারের আলোচনা করাটা জরুরি”।

    বুধবার বৈরুতে ইসরায়েলি হামলাকে “গুরুতর লঙ্ঘন” বলে মনে করেন তিনি।

    এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি অভিযোগ পাঠানো হবে বলে জানিয়েছেন লেবানিজ এই মন্ত্রী।

  2. বৈরুতের কিছু অংশ খালি করার নির্দেশ ইসরায়েলের

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

    একইসাথে, হেজবুল্লাহর "সামরিক অবকাঠামোতে" আরও হামলা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

    ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচেই আদরাই ওই এলাকার বাসিন্দাদের বলেছেন, ইসরায়েল "আপনাদের কোনো ক্ষতি করতে চায় না... তাই, আপনাদের নিরাপত্তার কথা ভেবে, আপনাদের অবশ্যই অবিলম্বে সরে যেতে হবে"।

  3. তৃতীয়বারের মতো সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করলো বিরোধী দল

    ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন থেকে তৃতীয়বারের মতো ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী।

    বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এই ঘোষণা দেন বিকেলে।

    বিকেলে ‘স্থানীয় সরকার(পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। কণ্ঠভোটে এটি পাস হয়।

    এই বিলের প্রতিক্রিয়ায় ওয়াক আউটের ঘোষণা দেন মি. রহমান।

    এর আগে, এই সংসদ অধিবেশন শুরুর প্রথমদিনে ১২ই মার্চ প্রথমবারের মতো এবং পহেলা এপ্রিল দ্বিতীয়বারের মতো ওয়াকআউট করেছিল বিরোধী দল।

  4. যুদ্ধবিরতির পর থেকে অন্তত নয়টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে

    ইরানি সরকার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে কি না সে বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

    তবে বিবিসি ভেরিফাই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজের সীমিত চলাচল পর্যবেক্ষণ করেছে।

    মেরিন ট্র্যাফিকের জাহাজ ট্র্যাকিং এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত নয়টি জাহাজ এই প্রণালি পার হয়েছে।

    এগুলোর মধ্যে দুইটি তেল ও রাসায়নিক ট্যাংকারও রয়েছে।

    বহুজাতিক সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করতো।

    সামুদ্রিক নিউজ আউটলেট লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিডের মতে, এই যুদ্ধ জাহাজের আগের চলাচলকে প্রায় স্থবির করে দিয়েছে এবং প্রায় ৮০০টি জাহাজ এই অঞ্চলে আটকা পড়েছে।

  5. ইসরায়েল 'যুদ্ধবিরতি লঙ্ঘন' করছে এবং 'আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে'- ইরানের প্রেসিডেন্ট

    লেবাননে বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলি হামলাকে “প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    তিনি বলেন, “ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না।”

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে মি. পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে “প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ” হিসেবে বর্ণনা করেন।

    “এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না” মনে করেন ইরানি প্রেসিডেন্ট। একইসাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের হাত এখনো (বন্দুকের) ট্রিগারেই আছে।”

  6. আলোচনা সফল হওয়ার ব্যাপারে আশাবাদী লন্ডনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার

    যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে ব্যাপক মতবিরোধ থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী এই যুদ্ধবিরতিটি এখন নাজুক অবস্থায় রয়েছে।

    তবে লন্ডনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ডক্টর মুহাম্মদ ফয়সাল বিবিসিকে বলেছেন, এই সপ্তাহান্তে দুই পক্ষই ইসলামাবাদে আলোচনায় বসবে বলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী।

    তাদের লক্ষ্য হলো, দুই সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধের সাময়িক অবস্থাকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দেওয়া।

    তিনি দাবি করেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও যুদ্ধবিরতি “মোটামুটি ভালোভাবে” কার্যকর হয়েছে।

    এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য উল্লেখ করে তিনি বলেন, যদিও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করে আসছে।

    পাকিস্তানি এই হাইকমিশনার স্বীকার করেছেন, দুই পক্ষের মধ্যে মতামতের “বিরাট দূরত্ব” রয়েছে।

    আগামী শনিবার প্রতিনিধি দলগুলো সরাসরি মুখোমুখি বসে আলোচনা করবে কি না, সে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রকাশ্যে ব্যাপক দূরত্ব থাকলেও এই আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদী পাকিস্তানি হাইকমিশনার।

    তিনি মনে করেন, যদি তারা ইসলামাবাদে বৈঠকে যোগ দিতে পারে তাহলে তারা কোনো একটি সাধারণ সমাধানে পৌঁছাতে সক্ষম হবেন।

  7. লেবাননে বৃহস্পতিবার শোক দিবস পালন, বৈরুতে ভয়াবহ ইসরায়েলি হামলার ছবি

    গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর সেখানকার সর্বশেষ কিছু ছবি পেয়েছে বিবিসি।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশজুড়ে চালানো এই হামলায় ২০৩ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হেজবুল্লাহর লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত এমন স্থানে ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।

    লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই ঘটনাকে একটি “ম্যাসাকার" বা গণহত্যা হিসেবে অ্যাখ্যায়িত করেছেন।

    নিহতদের স্মরণে বৃহস্পতিবার দেশটির সরকার সারা দেশে সরকারি ছুটি এবং শোক দিবস ঘোষণা করেছে।

  8. ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন হাজারেরও বেশি মানুষ নিহত: ফরেনসিক মেডিসিন সংস্থার প্রধান

    ইরানের ফরেনসিক মেডিসিন সংস্থার প্রধান আব্বাস মাসজেদি আরানি জানিয়েছেন, গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে “তিন হাজারের বেশি” মানুষ নিহত হয়েছেন।

    আব্বাস মাসজেদি বলেন, হামলায় ব্যবহৃত উন্নত সমরাস্ত্রের প্রভাবে নিহতদের মধ্যে প্রায় “৪০ শতাংশের” মরদেহ চেনার উপায় ছিল না।

    তবে এসব ব্যক্তিদের ডিএনএ ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ চালিয়ে যাচ্ছে ফরেনসিক মেডিসিন সংস্থা।

    গত ৭ইএপ্রিল পর্যন্ত, যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায় যে, অন্তত ২৫৪ জন শিশুসহ এক হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

    তারা আরও জানিয়েছে যে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ১,২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং আরও ৭১৪ জনের মৃত্যুর তথ্য শ্রেণিবিন্যাস করা হয়নি।

  9. শেরপুর-৩ আসনে সংসদ নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

    ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

    বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন তিনি।

    সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন।

    একইসাথে প্রভাব বিস্তার করে জোর করে সিল মারা এবং এই অনিয়মের প্রতিবাদ করলে তার এজেন্টদের মারধরের অভিযোগও করেছেন জামায়াতে ইসলামীর এই প্রার্থী।

  10. লেবাননে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য: প্রতিরক্ষামন্ত্রী

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিকে শক্তিশালী করতে যুক্তরাজ্য “সাধ্যমতো চেষ্টা করবে” বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি।

    ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বিবিসির প্রতিরক্ষা সংবাদদাতা জোনাথন বীলের করা প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি টিকে থাকবে কি না জানতে চাইলে এমন জবাব দেন তিনি।

    তিনি বলেন, “আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আমরা চাই এটি কার্যকর থাকুক।”

    “আমরা লেবাননে এই উত্তেজনার তীব্র নিন্দা জানাই। আমরা চাই ইসরায়েল-লেবানন সংঘাতকেও এই যুদ্ধবিরতির শর্তাবলীর আওতায় আনা হোক,” বলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি।

    ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে বড় আকারের ব্রিটিশ সামরিক বাহিনী মোতায়েন করা “ব্রিটেনের জাতীয় স্বার্থের” অনুকূলে নয় বলেও মন্তব্য করেছেন মি. হেইলি।

    “মধ্যপ্রাচ্যের মতো যখন কোনো সংকট অত্যন্ত বিপজ্জনক ও ভয়াবহ রূপ নেয়, তখন অনেকেই প্রশ্ন তোলেন, কেন সেখানে যুক্তরাজ্যের সামরিক সম্পদ ও সব সদস্যদের মোতায়েন করা হচ্ছে না, আমি তাদের এই প্রশ্ন বুঝতে পারছি,” বলেন তিনি।

    “কিন্তু এটি ব্রিটেনের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়,” বলেন তিনি।

    যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি বলেন, “সবচেয়ে বড় হুমকিগুলো প্রায়ই অদেখা এবং নিঃশব্দ হয়।”

  11. যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সৌদি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথোপকথন

    সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের অ্যাকাউন্টে জানিয়েছে, দুই মন্ত্রী বর্তমান পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে পর্যালোচনা করেছেন।

    এছাড়া “এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়েও” তারা আলোচনা করেছেন।

    সাম্প্রতিক যুদ্ধ এবং পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে ইরানের হামলার পর এটিই দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

  12. আসাম, কেরলা ও পন্ডিচেরিতে বিধানসভা ভোট চলছে

    ভারতের দুই রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার বিধানসভা ভোট চলছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং দক্ষিণ ভারতের কেরলা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে এক দফায় ভোট গ্রহণ চলছে।

    আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০টি আসনে এবং পন্ডিচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত আসামে ভোটের হার ৫৯.৬৩ শতাংশ। কেরালা এবং পন্ডিচেরিতে ভোট পড়েছে যথাক্রমে ৪৯.৭০ শতাংশ ও ৫৬.৮৩ শতাংশ।

    চলতি বিধানসভা ভোট বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এই ভোট ক্ষমতায় টিকে থাকার লড়াই।

    আবার পন্ডিচেরিতে এনডিএ জোটের অংশ বিজেপি। মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর নেতৃত্বাধীন সর্বভারতীয় এনআর কংগ্রেসের (এআইএনআরসি) সঙ্গে জোটে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে গেরুয়া শিবির।

    কেরলায় মূলত লড়াই বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর মধ্যে। কেরলায় নিজেদের আসন বাড়াতে মরিয়া বিজেপি।

  13. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানে বৈঠকের খবর সংক্রান্ত পোস্ট মুছে দিলেন ইরানি রাষ্ট্রদূত

    যুদ্ধ অবসানে আলোচনার জন্য ইরানি একটি প্রতিনিধি দলের বৃহস্পতিবার ইসলামাবাদে রওনা হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম।

    ইরানি রাষ্ট্রদূত তার পোস্টে লিখেছিলেন, এই আলোচনা “ইরানের প্রস্তাবিত ১০টি পয়েন্ট বা দফার” ওপর ভিত্তি করে হবে।

    তবে এই দফাগুলো কী কী, সেটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য রয়েছে।

    তবে কেন রাষ্ট্রদূত তার পোস্টটি মুছে ফেলেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

    আগামী শনিবার যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

  14. ‘যেখানেই প্রয়োজন’ সেখানেই হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে ইসরায়েল, নেতানিয়াহুর হুমকি

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    এর আগে, ইসরায়েল জানিয়েছিল, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

    তবে ইরান বলছে, লেবাননে ইসরায়েলের এই ক্রমাগত হামলা যুদ্ধবিরতি চুক্তির একটি “গুরুতর লঙ্ঘন”।

    নেতানিয়াহু বলেন, “আমাদের বার্তা পরিষ্কার; যারাই ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে”।

    “যতক্ষণ না আমরা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, ততক্ষণ যেখানে প্রয়োজন সেখানেই হেজবুল্লাহর ওপর আমাদের হামলা চলবে,” ঘোষণা করেন নেতানিয়াহু।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হেজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেমের ভাতিজা ও সচিব আলি ইউসুফ হারশিকে হত্যার ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছেন।

  15. লেবাননে সামরিক তৎপরতা যুদ্ধবিরতির জন্য ‘মারাত্মক ঝুঁকি’: জাতিসংঘ মহাসচিব

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব “গত আটই এপ্রিল লেবাননজুড়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন” এবং “সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার” আহ্বান জানিয়েছেন।

    বিবৃতিতে বলা হয়, এই হামলার ফলে “শিশুসহ শত শত বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে”।

    “বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ায় গভীর উদ্বেগ” প্রকাশ করেছেন মহাসচিব।

    একইসাথে লেবানন সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    তিনি সতর্ক করে বলেছেন, লেবাননে এই সামরিক তৎপরতা “যুদ্ধবিরতি এবং ওই অঞ্চলে একটি স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করছে”।

    “এই সংকটের কোনো সামরিক সমাধান নেই” বলেও মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব।

  16. ইসরায়েলি হামলায় ২০৩ জন নিহতের তথ্য জানালো লেবানন

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দেশজুড়ে ২০৩ জন নিহত এবং এক হাজার জনেরও বেশি আহত হয়েছেন।

    এমন এক সময়ে এই খবরটি এলো যখন ইরান বলছে, দেশজুড়ে চলমান ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির একটি "গুরুতর লঙ্ঘন"।

  17. ‘বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও ইরানি আলোচক দল পাকিস্তান যাচ্ছে

    যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করতে বৃহস্পতিবার একটি ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে।

    পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন।

    আগামী শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে তাদের বৈঠক করার কথা রয়েছে।

    পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম এক্স এ এক পোস্টে জানিয়েছেন, এই আলোচনা “ইরানের প্রস্তাবিত ১০টি পয়েন্ট বা দফার” ওপর ভিত্তি করে হবে।

    তবে এই ১০টি পয়েন্ট কী কী, সেটি নিয়ে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।

    মোঘাদাম আরও বলেন, “কূটনৈতিক উদ্যোগকে বানচাল করার জন্য ইসরায়েলি বাহিনীর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানি মানুষের মনে সংশয় থাকা সত্ত্বেও এই আলোচনা অনুষ্ঠিত হবে।”

  18. বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া ও অভিবাসন ব্যয় কমাতে একমত দুই দেশ

    বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের অন্যতম বড় গন্তব্য মালয়েশিয়ায় যাওয়ার ব্যয় কমিয়ে আনতে বাংলাদেশ সরকারের সাথে একসাথে কাজ করতে সম্মত হয়েছে মালয়েশিয়ার সরকার। একইসঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় দ্রুত খুলে দেওয়ার বিষয়েও একমত হয়েছে দুই দেশ।

    বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়াতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের সাক্ষাতের পর এক যৌথবিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

    বিবৃতিতে জানানো হয়, শ্রমিকদের ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ। কাঠামোগত সমস্যার সমাধান করে মধ্যস্বত্বভোগীর সংখ্যা ও অভিবাসন ব্যয় কমানো, বিশ্বস্ত ও যোগ্য নিয়োগ এজেন্সি ব্যবহার এবং আটকে থাকা অবশিষ্ট কর্মীদের দ্রুত নিয়োগে সহায়ক ব্যবস্থা গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

    মালয়েশিয়া থেকে মাহদী আমিন বিবিসি বাংলাকে জানান, বাংলাদেশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়েই বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

    এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভার শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

    মাহদী আমিন বাংলাদেশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমকে শুভেচ্ছা পৌঁছে দেন এবং তার পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন।

    এছাড়া, উভয় পক্ষ শ্রম সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা করেছে এবং শ্রমিকদের শোষণ রোধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

    বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করা হয়। উভয়পক্ষই পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

    এছাড়াও জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে শিক্ষক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতাসহ শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করা হয়।

    উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেছে এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

  19. ‘আসল চুক্তি’ না মানা পর্যন্ত ‘একই অবস্থানে’ থাকবে যুক্তরাষ্ট্রের বাহিনী: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সতর্ক করে একটি পোস্ট দিয়েছেন।

    তিনি বলেছেন, যদি "আসল চুক্তি" পুরোপুরি মেনে চলা না হয়, তাহলে এমন ভয়াবহ বড় হামলা শুরু হবে যা কেউ আগে কখনো দেখেনি।

    তার পুরো বক্তব্যটি হলো, “যুক্তরাষ্ট্রের সকল জাহাজ, বিমান এবং সামরিক সদস্য - প্রয়োজনীয় গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং শত্রুদের মোকাবিলার জন্য যা যা দরকার তার সবকিছুসহ ইরানের আশেপাশে মোতায়েন থাকবে। যতক্ষণ না আমাদের মধ্যে হওয়া ‘আসল চুক্তি’ পুরোপুরি কার্যকর হচ্ছে, ততক্ষণ তারা সেখান থেকে সরবে না।"

    "যদি কোনো কারণে এই চুক্তি অমান্য করা হয়, যদিও তার সম্ভাবনা খুব কম, তবে আবারও ‘হামলা শুরু হবে’, যা হবে আগের চেয়ে অনেক বড়, শক্তিশালী এবং বিধ্বংসী।”

    ট্রাম্প আরো লিখেছেন, “অনেক আগেই এই বিষয়ে একমত হয়েছিল যে, যতই মিথ্যে প্রচারণা চালানো হোক না কেন, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে। বর্তমানে আমাদের সামরিক বাহিনী বিশ্রাম নিচ্ছে এবং পরবর্তী প্রস্তুতির জন্য নিজেদের তৈরি করে নিচ্ছে। আমেরিকা আবারও তার আগের অবস্থানে ফিরে এসেছে!”

  20. হেজবুল্লাহ সেক্রেটারি জেনারেল নাইম কাসেমের সহকারীকে হত্যার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হেজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেমের সহকারীকে হত্যা করেছে।

    ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচেই আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বিবৃতিতে জানান, বৈরুতে গত রাতের বিমান হামলায় নাঈম কাসেমের ব্যক্তিগত উপদেষ্টা আলি ইউসুফ হারশি নিহত হয়েছেন।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই গতকাল লেবাননের বিভিন্ন স্থানে ভয়াবহ ও ব্যাপক হামলা চালায় ইসরায়েল।

    এই হামলার তীব্র সমালোচনা করেছে ইরান। যুদ্ধবিরতির শর্ত লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য বলে তেহরানের পক্ষ থেকে জোর দিয়ে বলা হচ্ছে।