মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি

১৪ টি উড়োজাহাজ কেনার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

সরাসরি কভারেজ

  1. ৩০শে এপ্রিল বৃহস্পতিবারের উল্লেখযোগ্য খবর

    • যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত।
    • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বলেছেন, বাংলাদেশের মানুষের পরিচয় একাত্তর, এ নিয়ে বারবার কথা বলতেই হবে।
    • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, "আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সব কিছুতে আপস করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি।"
    • সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংসদে যে রাজাকার-আলবদরের কথা উঠছে, সেটি 'ভেরি ডেড ইস্যু'।
    • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের জন্য আগামী দুই বছর কঠিন হবে।
    • আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
    • ইরানের সঙ্গে গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
    • জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
    • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর জানতে বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন...

  2. মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি

    বোয়িংয়ের ৭৮৭ মডেলের একটি উড়োজাহাজ

    যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

    বৃহস্পতিবার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে দুই প্রতিষ্ঠান।

    বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে ১৪ টি উড়োযান কেনা হবে তার মধ্যে ১০টি ৭৮৭ ড্রিমলাইনার মডেলের।

    আর চারটি ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ বলেন, “জ্বালানি-সাশ্রয়ী ও প্রযুক্তিগতভাবে উন্নত এই নতুন উড়োজাহাজগুলো বিমানের বহরের আধুনিকায়ন ঘটাবে।"

    ট্রাম্পের শুল্কের চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে বোয়িংয়ের বিমান কেনার আলোচনা সামনে আসে।

  3. একাত্তর আমাদের পরিচয়, এ নিয়ে কথা বলতেই হবে: মির্জা ফখরুল

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ছবির ক্যাপশান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বলেছেন, বাংলাদেশের মানুষের পরিচয় একাত্তর, এ নিয়ে বারবার কথা বলতেই হবে।

    বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল এ কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা লড়াই করেছি।"

    তিনি বলেন, “সেই একাত্তরকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই একাত্তরকে যদি খাটো করার চেষ্টা করে তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়। সেইজন্যই আমার সহকর্মী সালাহউদ্দিন সাহেব যেটা বলেছেন, একাত্তর নিয়ে কথা আমাদের বলতেই হবে।

    “কারণ এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের ‘আইডেন্টিফিকেশন’, এটা আমাদের ‘আইডেন্টি’। আমি বারবার একটা কথা বলছি, একাত্তর হচ্ছে আমাদের পরিচয়। এজনই আমরা এ কথাটা বারবার বলি।”

  4. নির্বাচনের স্বার্থে তখন অনেক কথা বলিনি: সালাহউদ্দিন আহমদ

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সব কিছুতে আপস করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে।”

    বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংস্কারের নামে’ নির্বাচন ঠেকানোর আশঙ্কা থেকেই তাদের ওই অবস্থান নিতে হয়েছে।

    তিনি আরও বলেন, “নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। বিএনপি এবং আমাদের সাথে যারা আছে, আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না।”

    জুলাই জাতীয় সনদ নিয়ে বিরোধীদের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সনদ থেকে সরে যায়নি, বরং সেটাকেই ‘আঁকড়ে’ আছে।

  5. রাজাকার-আলবদর 'ভেরি ডেড ইস্যু': সংসদে তাহের

    সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

    সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংসদে যে রাজাকার-আলবদরের কথা উঠছে, সেটি 'ভেরি ডেড ইস্যু' বা 'খুব পুরোনো বিষয়'।

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শেষ কার্যদিবসে তিনি এ কথা বলেন।

    এখন যারা জামায়াতের নেতৃত্বে আছেন তারা কেউ রাজাকার বা আলবদর ছিলেন না, দাবি করেন মি. তাহের।

    একাত্তরে ভারতে যাওয়া শরণার্থীদের সহায়তা করেছেন জানিয়ে মি. তাহের নিজেকে 'শিশু মুক্তিযোদ্ধা' বলেও উল্লেখ করেন।

  6. আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

    সংসদে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের জন্য আগামী দুই বছর কঠিন হবে।

    বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।

    "অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে, অনেক পদক্ষেপ নেবো যেগুলো জনপ্রিয় নাও হতে পারে," বলেন মি. মাহমুদ।

    যোগ করেন, "কঠিন অবস্থা থেকে বের হতে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে।"

    এসব প্রচেষ্টায় বিরোধী দলের সহযোগিতা চান তিনি।

  7. এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসবে: স্বাস্থ্যমন্ত্রী

    বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

    আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানিয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে উল্লেখ করা হয়েছে।

    খবরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ আমরা কাভার করে নিয়েছি। আগামী এক সপ্তাহে শতভাগ শিশু হামের টিকার আওতায় চলে আসবে।"

    "এরইমধ্যে অনেক জায়গায় শতভাগ হয়ে গেছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় এখন একটাও হামের রোগী নাই," যোগ করেন তিনি।

  8. রাজা চার্লসকে কি কোহিনূর ফেরত দিতে বলেছেন মামদানি?

    রাজা চার্লসের সাথে মেয়র মামদানির সাক্ষাৎ
    ছবির ক্যাপশান, নিউইয়র্ক সিটিতে আয়োজিত অনুষ্ঠানে জোহরান মামদানি রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন

    ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতের আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি রাজাকে অমূল্য কোহিনূর হীরা ফেরত দিতে বলবেন।

    ১০৫ ক্যারেটের হীরাটি ব্রিটিশ রাজ মুকুটের অন্যতম অংশ। কিন্তু ভারত এর মালিকানা দাবি করে আসছে। তাদের দাবি, এটি ব্রিটিশ শাসনামলে চুরি করা হয়েছিল।

    রাজা চার্লস ও রানি ক্যামিলা চার দিনের যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে নিউইয়র্ক যান। নাইন ইলেভেনে হামলার শিকার মানুষদের সম্মানে এক অনুষ্ঠানে অংশ নেন তারা।

    এর কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে ভারতীয় বংশোদ্ভূত মামদানি বলেন, "অনুষ্ঠানের বিষয়বস্তুর বাইরে আলাদাভাবে যদি রাজার সঙ্গে কথা হতো, তাহলে সম্ভবত আমি তাঁকে কোহিনূর হীরাটি ফেরত দিতে উৎসাহিত করতাম।"

    সেখানে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তাদের সঙ্গে দেখাও করেছেন। কিন্তু তিনি হীরাটির প্রসঙ্গ তুলেছিলেন কিনা তা স্পষ্ট নয়।

    ছবিতে দেখা যায়, ওই প্রকাশ্য অনুষ্ঠানে মেয়র ও রাজা করমর্দন করছেন। মামদানির কার্যালয় বা বাকিংহাম প্যালেস কেউই তাদের আলাপচারিতা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

    ভারত বারবার কোহিনূর ফেরত চেয়ে আসছে এবং এটিকে তাদের "ইতিহাসে গভীরভাবে প্রোথিত একটি মূল্যবান শিল্পকর্ম" হিসেবে বর্ণনা করেছে।

    বহু ভারতীয় এই রত্নটি ব্রিটেনের অধিকারে থাকাকে ঔপনিবেশিক লুণ্ঠন ও অবিচারের প্রতীক হিসেবে দেখে।

    আরো পড়তে পারেন:

    ব্রিটিশ রাজমুকুট
    ছবির ক্যাপশান, ১০৫ ক্যারেটের হীরাটি বর্তমানে রানী এলিজাবেথ-এর ব্যবহৃত মুকুটে বসানো আছে
  9. চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে অপপ্রচার হয়েছে - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    চট্টগ্রাম মহানগর পানির ওপর ভাসছে- সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে এমন প্রচার করা হয়েছে উল্লেখ করে একে 'ভিত্তিহীন' বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

    মি. আলম জানান, বুধ এবং বৃহস্পতিবার তিনি চট্টগ্রাম ঘুরে এসেছেন।

    "চার পাঁচটি জায়গায় জলজট তৈরি হয়েছে, জলাবদ্ধতা নয়," বলেন প্রতিমন্ত্রী।

    জলাবদ্ধতার খবরে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশে নগরবাসী খুশি হয়েছে বলেও জানান তিনি।

  10. পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নতুন অধ্যায় রচিত হচ্ছে: মোজতবা খামেনি

    মোজতবা খামেনির ছবি সংবলিত ব্যানার

    ইরানের সঙ্গে গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

    পার্সিয়ান গাল্ফ ডে বা পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন।

    ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তেহরান 'নৌপথের শত্রু'কে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে।

    হরমুজ প্রণালিতে নতুন বিধি-বিধান ও ব্যবস্থাপনা 'শান্তি ও অগ্রগতির' পাশাপাশি সকল উপসাগরীয় রাষ্ট্রের জন্য 'অর্থনৈতিক সুবিধাও' বয়ে আনবে বলে মোজতবা খামেনির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।

  11. গাজার জন্য ত্রাণবাহী নৌবহর আটকে দিলো ইসরায়েল

    গাজার জন্য ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকে দেয় ইসরায়েল
    ছবির ক্যাপশান, গাজার জন্য ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকে দেয় ইসরায়েল

    গাজার মানুষের জন্য ত্রাণসামগ্রী বহনকারী একটি নৌবহরকে থামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা এই অভিযোগ তুলেছেন।

    এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে ত্রাণ কার্যক্রমের উদ্যোক্তারা বলছেন, ইসরায়েলি অবরোধের আওতায় থাকা গাজা থেকে শত শত কিলোমিটার দূরে ছিল জাহাজগুলো।

    বলা হচ্ছে, নৌবহরের ৫০টি জাহাজের মধ্যে ১১টির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

    গত বছরের অক্টোবরে ইসরায়েল একই ধরনের একটি নৌবহর থামিয়েছিল, যার ফলে সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ আরও ৪৫০ জন গ্রেফতার হন।

  12. হরমুজের নাম 'ট্রাম্প প্রণালি' দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

    ট্রুথ সোশ্যালে শেয়ার করা হরমুজ প্রণালির একটি মানচিত্র যেখানে এর নাম 'ট্রাম্প প্রণালি' লেখা রয়েছে
    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা মানচিত্র

    সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালির নাম 'স্ট্রেইট অফ ট্রাম্প' বা 'ট্রাম্প প্রণালি' লেখা রয়েছে।

    এর আগে এক বক্তৃতায়ও ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি।

    সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে, "কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি"।

  13. পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

    সংসদে কথা বলছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

    বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

    বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান তিনি।

    জ্বালানি নিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে"।

    উদ্ভুত পরিস্থিতিতে জ্বালানি বিষয়ক যে বিশেষ কমিটি করা হয়েছে, আগামী রোববার তারা বৈঠকে বসবে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

  14. ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, বেজে উঠল সাইরেন

    আকাশে রকেট হামলা প্রতিহত করার দৃশ্য
    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

    জারিয়াত উত্তর ইসরায়েলে, লেবানন সীমান্তের কাছে অবস্থিত।

    এর আগে দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

    তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল।

    এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী।

  15. জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুম, নির্যাতনের ১৮৫৫ মামলা দায়ের: আইনমন্ত্রী

    বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

    এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় এক হাজার ৫৬টি মামলা রুজু হয়েছে বলেজানান তিনি।

    মন্ত্রীবলেন, প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করাহচ্ছে যাতে বিচারপ্রক্রিয়ায় কোনো আইনি দুর্বলতা না থাকে।

    আর জামিন প্রসঙ্গে তিনি জানান, এটা প্রদান সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারভুক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনের মাধ্যমে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।

  16. সাবেক সেনা কর্মকর্তা ও এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর আরও চার দিনের রিমান্ড

    সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আটকের পর গাড়িতে বসে আছেন
    ছবির ক্যাপশান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী

    সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

    বার্তা সংস্থা বাসস জানিয়েছে, তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড দেওয়া হলো।

  17. রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

    বিএনপি সরকার রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করেছেবলে সংসদে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আরো মামলা প্রত্যাহারের কার্যক্রম চলছে বলেও জানিয়েছেন তিনি।

    পাবনা-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মুহাম্মাদ আলী আছগারের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এই তথ্য জানান।

    মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না- জানিয়ে মন্ত্রী বলেন, এর ফলে সারাদেশে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই।

    তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্যমতে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট এক লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  18. গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত-এনসিপিসহ ১১ দলের কর্মসূচি

    জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের ব্রিফ করছেন, তার পাশে আছেন জোটের অন্য নেতারাও
    ছবির ক্যাপশান, সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    তারা জানিয়েছে, ১৬ই মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বাকি ছয় বিভাগে সমাবেশ হবে ঈদুল আজহার পরে।

    ঘোষণা অনুযায়ী, ১৩ই জুন চট্টগ্রামে, ২০শে জুন খুলনায়, ২৭শে জুন ময়মনসিংহে, ১১ই জুলাই রংপুরে, ১৮ই জুলাই বরিশালে এবং ২৫শে জুলাই সিলেটে সমাবেশ করবে ১১ দল।

    এরপর অক্টোবরের দিকে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি।

    বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

    তিনি জানান, কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি, জ্বালানি সংকট নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ কমানোর দাবিও তোলা হবে।

  19. যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ‘ব্যর্থ হতে বাধ্য’: ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার বলেছেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।

    এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, “আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো নৌ-অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টা… ব্যর্থ হতে বাধ্য।”

    তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ “শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে”।

  20. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুই জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং আরো তিন জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।
    • বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। সেইসঙ্গে, লিটারে দুই টাকা করে বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলের দাম। এখন থেকে খোলা তেলের লিটার ১৭৯ টাকা দরে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।
    • জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সংসদে প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
    • সাবেক অন্তর্বর্তী সরকারের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিটি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।
    • ভারী বর্ষণে সুনামগঞ্জের হাওড়াঞ্চলসহ তিন জেলায় যেসব কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র 'সামরিকভাবে বিজয় লাভ করেছে' বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নকালে তিনি এমন দাবি করেন।
    • ইরান যুদ্ধ এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন (২৫০০ কোটি) মার্কিন ডলার খরচ হয়েছে বলে দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছেন পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট।
    • ইরান যুদ্ধ শুরুর পর বাজেট নিয়ে প্রথমবার প্রশ্নের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বাজেট বাড়ানোর বিষয়টির যৌক্তিকতা তুলে ধরার জন্য বুধবার তাকে যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে অংশ নিতে হয়েছে।
    • গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান।
    • ইয়েমেনিরা বাব এল-মান্দেব প্রণালি বন্ধ করার অপেক্ষা করছে, দাবি করেছেন ইরানি একজন কর্মকর্তা।
    • উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিনে দু'জন ইহুদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
    • যুদ্ধের কারণে বন্ধ ঘোষণা করার প্রায় দু'মাস পর রাশিয়া ও চীনের সঙ্গে আবার বিমান চলাচল শুরু হতে যাচ্ছে ইরান।
    • ইরানি নেতাদের সতর্ক করে দ্রুত তাদের 'শুভবুদ্ধি উদয় হওয়ার' প্রত্যাশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, তিনি ইরানের ওপর দীর্ঘ অবরোধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। একই সঙ্গে, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে চার হাজারেরও বেশি মানুষকে ইরানের সরকার গ্রেফতার করেছে বলেও জানানো হয়েছে।
    • পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে, বুধবার ভোট নেওয়া হয় রাজ্যের আটটি জেলার ১৪২টি আসনে। দ্বিতীয় দফাও প্রথম দফার মতোই রেকর্ড পরিমাণ, ৯৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পড়েছে।