লাইভ, সংসদে দেশের শীর্ষ ২০জন ঋণখেলাপির তালিকা প্রকাশ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন। নিহত হওয়ার খবর জানিয়ে কর একটি বিজ্ঞপ্তি ইরানি সংবাদ মাধ্যমেও প্রকাশ করা হয়েছে। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. তনু হত্যার দশ বছর পর তিন সেনা সদস্যের ডিএনএ পরীক্ষার নিদের্শ আদালতের

    সোহাগী জাহান তনু
    ছবির ক্যাপশান, সোহাগী জাহান তনু

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তিনজন সদস্যের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।

    কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এ আদেশ দেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই এর তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

    তনু হত্যার মামলার তদন্ত অগ্রগতি জানাতে সোমবার সকালে আদালতে হাজির হতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিলে মামলার অগ্রগতির বিষয়ে তথ্য তুলে ধরেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মি. ইসলাম।

    তবে, সেনাবাহিনীর যে কর্মকর্তাদের সাথে ডিএনএ মেলানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের সবাই অবসরে রয়েছেন। একই সঙ্গে তাদের পরিচয়ও জানানো হয়নি।

    আদালত সূত্রে জানায়, তনু হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়ার পরই সোমবার ওই তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে মামলার তদন্তের বিষয়ে আদালতে লিখিত প্রতিবেদন দেন। এতে বিচারক সন্দেহভাজন ৩ জনের ডিএনএ করার নির্দেশ দেন।

    তদন্তকারী কর্মকর্তা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, আগেই তনুর ব্যবহারের কিছু কাপড় থেকে ৩ জন ব্যক্তির ডিএনএ প্রোফাইল করা হয়। এগুলো পরে আর ম্যাচিং করা হয়নি। তাই আজ আদালত বলেছে, সন্দেহভাজন তিনজনের ডিএনএ টেস্ট করতে।

    ২০১৬ সালের মার্চ মাসে কুমিল্লা সেনানিবাসের ভেতরে থেকে তনুর মৃত্যুদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় ধরেও প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছিল।

  2. তারেক রহমানের ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ছবির উৎস, PMO

    ছবির ক্যাপশান, তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ।

    সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উভয়ের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস।

  3. লেবাননে ইসরায়েলের ভুল টার্গেট, বিরোধী রাজনৈতিক দলের নেতা সস্ত্রীক নিহত

    রোববার লেবাননে হেজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হলে এতেবিরোধী একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা নিহত হন।

    ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বিবিসিকে জানিয়েছে, হামলা মূল লক্ষ্যকে টার্গেট করতে ব্যর্থ হয়েছে।

    ওই হামলায় লেবাননের অন্যতম খ্রিস্টান সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টির সিনিয়র নেতা পিয়েরে মুভাদ এবং তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ নিহত হয়েছেন।

    এই হামলার জন্য দুঃখ প্রকাশ করছে আইডিএফ।

    লেবাননের যে ভবনে হামলা হয়েছে সেটি ছিল একটি অ্যাপার্টমেন্ট। যেটি বেইরুতের পূর্বে অবস্থিত। যেখানে মূলত খ্রিস্টানদের বসতি ছিল।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে একজন পুরুষ এবং দুইজন নারী নিহত হয়েছেন।

    স্থানীয় মেয়র বলেছেন, যে ভবনে হামলা চালানো হয়েছে সেই ভবনের নিচতলায় বসবাস করতেন তারা।

    আইডিএফ জানিয়েছে, ভুল টার্গেটে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করছে করছে তারা।

    এই ঘটনায় লেবানিজ ফোর্সেস পার্টি বলেছে, পিয়েরে মুভাদ কোন যোদ্ধা ছিলেন না। সামরিক লক্ষ্যবস্তুও ছিলেন না। নিহতের আগে তিনি পরিবারের সঙ্গে বাড়িতে ঈস্টার সানডে উদযাপন করেছিলেন।

  4. ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের হামলা

    ইরানের আসালুয়েহ'র এই পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল (ফাইল ছবি)

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইরানের আসালুয়েহ'র এই পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল (ফাইল ছবি)

    ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে।

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এই তথ্য জানান।

    সেখানে তিনি বলেছেন যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ইরানের অবকাঠামোগুলোতে পুরোদমে হামলা অব্যহত রাখে।

    মি. কাৎজ জানান, আসালুয়েহর এই পেট্রোকেমিক্যাল স্থাপনাটি দেশটির মোট পেট্রোকেমিক্যালের প্রায় অর্ধেক উৎপাদন করত।

    ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, এর আগে গত সপ্তাহে আরো একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়েছিল। এই দুইটি কারখানায় ইরানের প্রায় ৮৫ শতাংশ পেট্রোকেমিক্যাল রপ্তানি করে থাকে।

    ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি ইসরায়েল দুইটি পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালিয়েছে।

  5. সংসদে দেশের শীর্ষ ২০জন ঋণখেলাপির তালিকা প্রকাশ

    বাংলাদেশের জাতীয় সংসদ ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন

    ত্রয়োদশ জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    সোমবার এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

    এসব কোম্পানির কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।

    মন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠান হলো—এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড, সোনালি ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড ও রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

    মন্ত্রী আরও জানান, বর্তমান সংসদ সদস্য ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

  6. হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, চারজনের মরদেহ উদ্ধার

    হাইফার বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা চলছে

    ছবির উৎস, IDF

    ছবির ক্যাপশান, হাইফার বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা চলছে

    ইসরায়েলের হাইফার একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। সেখানের বিধ্বস্ত একটি ভবন থেকে উদ্ধারকারী দল চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

    নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভবনটিতে একটি বোমা অবিষ্ফোরিত অবস্থায় ছিল। যা উদ্ধারকাজকে শুরুতেই বেশ জটিল করে তোলে।

    ধ্বংসস্তুপের বিপরীতে থাকা ভবনের বাসিন্দা মর বারেল বলেছেন, ইসরায়েলের শক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানি হামলার হুমকি নিয়েই প্রতিনিয়ত চলতে হচ্ছে ইসরায়েলিদের।

    জনমত জরিপে দেখা গেছে, গত পাঁচ সপ্তাহেরও বেশি সময় চলা এই যুদ্ধের প্রতি ইসরায়েলিদের সমর্থন আস্তে আস্তে কমতে শুরু করেছে।

  7. বেসরকারি অবকাঠামোয় হামলা হলে কঠোর জবাব দেবে ইরান: আব্বাস আরাঘচি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছে সেটি যদি সত্যিই বাস্তবায়ন করতে চায় তাহলে তার কঠোর পাল্টা জবাব দিতে প্রস্তত ইরান”।

    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর জ্যাঁ নোয়েল ব্যারোর সাথে টেলিফোনে আলাপকালে এই কথা বলেন মি. আরাঘচি।

    আরাঘচি বলেন, “যুদ্ধাপরাধ ও গণহত্যাকে বেশ নরমালাইজ করতেই এই হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র”।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে। কূটনীতিকভাবে এই সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছে ইরান।

  8. যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর প্রস্তাবের জবাব তৈরি করেছে ইরান- রাষ্ট্রীয় গণমাধ্যম

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ করতে কাজ করা মধ্যস্থতাকারীদের জন্য একটি জবাব প্রস্তুত করা হয়েছে।

    সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের ইতি টানতে একটি শান্তি প্রস্তাবের রূপরেখা পাকিস্তান তৈরি করে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় করেছে।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা -এর উদ্ধৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে ১৫ দফা প্রস্তাব দিয়েছে, তা “কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না”।

    তিনি আরও বলেন, সংঘাতের অবসান করতে একদিকে তারা আলোচনাও করতে চায় অন্য দিকে আবার হামলার আল্টিমেটামও দিচ্ছে।

    মি. বাঘাই বলেন, “ইরান তার নিজের স্বার্থ বিবেচনা করেই জবাব প্রস্তুত করছে”।

    তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলেছি আমরা কি চাই। আমরা কোন রেডলাইন অতিক্রম করিনি। আমাদের অবস্থান এখনো পরিষ্কার”।

  9. সংরক্ষিত নারী আসনের ভোট ১২ই মে

    বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন

    ছবির উৎস, BBC/MUKIMULA AHSAN

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ ১২ই মে অনুষ্ঠিত হবে। আটই এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন ইসি।

    দুপুরে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

    মি. আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার দিনই মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় জানিয়ে দেওয়া হবে।

    বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে সংসদে নারী আসন বণ্টন করা হয়।

    সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন। সাধারণত দলগুলো যাদের প্রার্থী করেন, তারাই নারী সংসদ সদস্য নির্বাচিত হন।

    আরো পড়তে পারেন:

  10. আইআরজিসি'র গোয়েন্দা প্রধানকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি'র গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমির হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসি'র গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরো একটি বড় ধাক্কা।

    সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ সময়ই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে।

    তবে এবার ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর ঘোষণা করেছে।

    খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার চার দিন পর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন। কাজেমি গত বছরের ১৫ই জুন ইসরায়েলি হামলায় নিহত হন।

  11. শরিফ বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার সমালোচনায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান

    তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

    ছবির উৎস, Hammihan newspaper

    ছবির ক্যাপশান, তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাংশে হামলার ঘটনা ঘটেছে

    মার্কিন কংগ্রেসম্যান ইরানি বংশোদ্ভূত ইয়াসমিন আনসারি তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার সমালোচনা করেছেন।

    সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, কেন আমরা এক কোটি মানুষের শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালাচ্ছি?

    আনসারি লিখেছেন, শরিফ বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির মতোই গুরুত্বপূর্ণ।

    তিনি আরও বলেন, “শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অসংখ্য প্রকৌশলী তৈরি করেছে, যারা পরে সিলিকন ভ্যালিতে গিয়ে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রের কিছু সবচেয়ে সফল প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন''।

    সিলিকন ভ্যালি হল সানফ্রান্সিসকো শহরের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি বিখ্যাত প্রযুক্তি অঞ্চল, যেখানে বিশ্বের অনেক শীর্ষ প্রযুক্তি কোম্পানির অবস্থান।

  12. আমেরিকা-ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

    আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি

    ছবির উৎস, Iranian state media

    ছবির ক্যাপশান, আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

    তার নিহত হওয়ার খবর জানিয়ে একটি বিজ্ঞপ্তি ইরানি সংবাদ মাধ্যমেও প্রকাশ করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, “সকালে তিনি নিহত হয়েছেন। এবং এ জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও দায়ী করা হয়েছে এই বিবৃতিতে।

    তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। তারা জানিয়েছে বিষয়টি তারা খতিয়ে দেখছে।

    মি. খাদেমি এর আগের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছিলেন। কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে এক ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন।

    গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগেই মি. খাদেমি অভিযোগ করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর একটি মঞ্চ প্রস্তুত করছে।

  13. রোববার উল্লেখযোগ্য খবর যা ছিল

    • রোববার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খুলে না দেওয়া হলে মঙ্গলবার ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে।
    • ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রু'কে গত দু'দিন খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তাকে উদ্ধার করা হয়েছে বলে রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্ধার হওয়া মার্কিন ক্রু 'নিরাপদ ও সুস্থ' আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার গুলিতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়।
    • ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানের মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। মূলত নিখোঁজ বিমানের পাইলটদের উদ্ধারের সময়ই এই ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছে।
    • সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান।
    • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। তিনি বলেন, বিদ্যমান সব চুক্তিই ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
    • গত ১৫ই মার্চ থেকে ২২দিনে সারাদেশে হাম ও হাম সন্দেহে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে সাড়ে সাত হাজারেরও বেশি শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    • সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হলে পরে সেটি কণ্ঠভোটে বিলটি পাস হয়।
    • জ্বালানি সাশ্রয়ে সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ছয়টার পরিবর্তে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
    • বাংলা নববর্ষে এবার যে শোভাযাত্রা হবে সেটি নাম আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা থাকছে না। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।
  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: