ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিককে বৈরুতে সহকর্মীদের শ্রদ্ধা

ছবির উৎস, Reuters
ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক আমাল খলিলের স্মরণে লেবাননের বৈরুতে জড়ো হয়েছেন সাংবাদিক ও বিক্ষোভকারীরা।
বুধবার ইসরায়েলি হামলায় প্রাণ হারান লেবাননের সাংবাদিক আমাল খলিল। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বৈরুতের শহীদ স্কয়ারে জড়ো হয়ে নীরবতা পালন করেন তার সহকর্মীরা।
এছাড়া ‘আল-আখবার’ নামে যে পত্রিকায় আমাল খলিল কাজ করতেন, বৃহস্পতিবার সেই পত্রিকার প্রথম পাতায় তার মাইক্রোফোন হাতে হাসিমুখের একটি ছবি ছাপানো হয়েছে।
ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও ধারাবাহিকভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছেন লেবাননের প্রেসিডেন্ট। তিনি এই হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
লেবানিজ কর্মকর্তাদের দাবি, দক্ষিণ লেবাননে একটি বিমান হামলার পর আমাল খলিল যখন নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিলেন, তখন তাঁকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়।
অভিযোগ রয়েছে, হামলা চালানোর পর উদ্ধারকর্মীদেরও তার কাছে পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এই অভিযোগ অস্বীকার করলেও ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইসরায়েল।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজে এর তথ্যমতে, বর্তমান যুদ্ধ চলাকালে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত আরও সাতজন সাংবাদিক নিহত হয়েছেন।











