লাইভ, একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোটিংয়ে তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

    মঙ্গলবার বিকালে রাজশাহীতে বিএনপি'র জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে।

    এ বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার বিকালে রাজশাহীতে বিএনপি'র জনসভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

    "আমরা একটি কথা বলি- করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। যারা এই স্লোগানে বিশ্বাস করে না, যারা এই নীতিতে বিশ্বাস করে না, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের কাছে গোয়েন্দাদের খবর আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন দেশের কয়েকটি জায়গায় কয়েকটি কল কারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে," বলেন তারেক রহমান।

    গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, "পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে যে, যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে। অর্থ সরবরাহ করে তারা কাদের সাহায্যে করছে?"

    "এই যে কতগুলা লোক আছে, একটি দল আছে, যারা ভ্রান্তি ছড়ায় দেশের মধ্যে। যারা বিভিন্ন টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল নির্বাচনের আগে, জনগণের কাছে মিথ্যা কথা বলে- এই দুই পক্ষ এক হয়েছে। একজন পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে,” বলেন তারেক রহমান।

  2. হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

    হাম আক্রান্ত একটি শিশু হাত ধরে আছে একজন

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০৪।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে যে, গত একদিনে ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।

    একই সময়ে বিভিন্ন জেলায় নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৮ শিশু। তাদের মধ্যে ৪২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

    গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৭৬৮ জনে দাঁড়িয়েছে।

  3. ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু

    হাসপাতালে ক্রমেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ৩৫৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, গত একদিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দু'জন ঢাকায়, দু'জন বরিশালে এবং একজন রংপুরে মারা গেছেন।

    একই সময়ে, ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৩৬৬ জন।

    এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ১৫ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে থেকে জানা যাচ্ছে।

  4. শিগগিরই পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজ শুরু হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান

    পদ্মা ও তিস্তা নদীতে শিগগিরই ব্যারাজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি'র জনসভায় তিনি এ কথা বলেন।

    "আমরা দেখেছি, কীভাবে আমাদের পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, কীভাবে এই নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের দুটি বড় নদী-উত্তরাঞ্চলের তিস্তা এবং রাজশাহীর পদ্মায় ব্যারেজ তৈরি করব, যাতে পানির সমস্যা দূর করতে পারি," বলেন প্রধানমন্ত্রী।

    তারেক রহমান জানান, পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের কাজ শুরু করার পর যত দ্রুত সম্ভব সেগুলো শেষ করার চেষ্টা করবে তার সরকার।

    "বাংলাদেশের মানুষের পানির হিস্যা আদায় করার জন্য যতদূর আমাদের যেতে হয়, আমরা ততদূর যাব। কিন্তু ইনশাআল্লাহ, বাংলাদেশের পানির হিস্যা আমরা নিয়ে আসার চেষ্টা করব," বলেন প্রধানমন্ত্রী।

    নির্বাচনী ইশতেহারে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো পূরণ করার জন্য দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানান সরকার প্রধান।

    "আপনারা কী চান, আপনাদের নির্বাচিত সরকার বিএনপি এই পরিকল্পনা বাস্তবায়ন করুক? তাহলে ইনশাআল্লাহ, আগামী পাঁচ বছর বিএনপিকে এই সমর্থন আপনাদের অব্যাহত রাখতে হবে," বলেন তারেক রহমান।

  5. আবার তেহরান সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান

    পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির

    যুক্তরাাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য মঙ্গলবার তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

    গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর মধ্যস্থতাকারী হিসেবে আলোচনার জন্য তেহরানে এটি তার পঞ্চম সরকারি সফর।

    এবার এমন একটি সময় তিনি ইরান সফরে গেছেন, যার একদিন আগে তেহরান সফরে শেষে দেশে ফিরে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

    সফরকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বিদায় নেওয়ার আগে, সব সময় ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে গেছেন মি. লাভরভ।

    এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ‘গোপন’ বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে।

    প্রসঙ্গত, গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানে হামলা শুরু করেছিল।

  6. ২৬শে অক্টোবর জাপান যাচ্ছেন তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
    ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

    চার দিনের সফরে আগামী ২৬শে অক্টোবর জাপানে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আগামী ২৭শে অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

    মঙ্গলবার দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

    প্রধানমন্ত্রীর এই সফরে দু'দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসরকারি বিমান পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা বা সহযোগিতা স্মারকের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

    "আমরা আটটির মতো সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছি। আমরা আশা করছি, এর মধ্যে তিন-চারটি স্বাক্ষরিত হবে," বলেন পররাষ্ট্রসচিব।

  7. দিলীপ আগারওয়ালাকে এক দিনের রিমান্ডে পাঠালো আদালত

    স্বর্ণ

    স্বর্ণ ও হীরা চোরাচালান ও অর্থ পাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    মঙ্গলবার তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আনোয়ার কবীর বাবুল রিমান্ড আবেদন বাতিল করে জামিন প্রার্থনা করেন।

    পরে শুনানি শেষে একদিনের রিমান্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

    এর আগে, সোমবার সন্ধ্যায় মি. আগারওয়ালাকে ঢাকার বনানী এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

    তার বিরুদ্ধে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সোনা ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের মামলা রয়েছে।

    সেখানে বলা হয়েছে, বিপুল পরিমাণ সোনা ও হীরা সংগ্রহের ক্ষেত্রে এর উৎস ও সরবরাহকারীদের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালার।

    একই মামলায় ২০২৪ সালের তেসরা সেপ্টেম্বর প্রথমবার গ্রেফতার হয়েছিলেন মি. আগারওয়ালা। পরে তিনি জামিনে মুক্তি পান।

  8. গুগল ক্লাউড সেবায় বিভ্রাট, ইউরোপে ব্যাংকিংসহ ডিজিটাল সেবা ব্যাহত

    গুগলের ‘একাধিক’ ক্লাউড সেবায় সমস্যা

    গুগল জানিয়েছে, তাদের ‘একাধিক’ ক্লাউড সেবায় নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে। "বিদ্যুৎ সংক্রান্ত কোনো ঘটনার কারণে" এই সমস্যা তৈরি হয়েছে বলেও তারা জানিয়েছে।

    গুগল তাদের ক্লাউড স্ট্যাটাস পেজে দেওয়া এক বার্তায় বলেছে, “ইউরোপ-ওয়েস্ট ২ অঞ্চলে আমাদের একাধিক সেবায় সমস্যা দেখা দিয়েছে”।

    “আমাদের প্রকৌশল দল বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।”

    প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রিটিশ সামার টাইম সকাল ৭টা থেকে, অর্থাৎ বাংলাদেশ সময় প্রায় দুপুর ১২টা থেকে এ সমস্যা শুরু হয়।

    গুগল ক্লাউড হলো হাতে গোনা কয়েকটি বড় ক্লাউড কম্পিউটিং প্রদানকারীর মধ্যে অন্যতম, যা মূলত আমাদের ডিজিটাল জীবনকে সচল রাখে।

    অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) এবং মাইক্রোসফট অ্যাজিউর -এর মতো বড় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি, গুগল ক্লাউড বিভিন্ন অবকাঠামো ও পরিষেবা- যেমন স্টোরেজ, ডেটা ব্যবস্থাপনা এবং ডেভেলপার টুল সরবরাহ করে, যা আমাদের দৈনন্দিন ব্যবহৃত পরিষেবাগুলোকে সচল ও কার্যকর রাখতে সহায়তা করে।

    তাদের গ্রাহকরা নির্দিষ্ট কিছু "রিজিয়ন" বা অঞ্চলের মাধ্যমে এই পরিষেবা বা টুলগুলো ব্যবহার করতে পারেন; এগুলো হলো এমন ভৌগোলিক স্থান, যেখানে একটি বা একাধিক ডেটা সেন্টার থাকে।

    এক্ষেত্রে, যে ঘটনার কারণে বিভিন্ন কোম্পানি ও প্ল্যাটফর্ম সমস্যার সম্মুখীন হয়েছে, তা মূলত গুগলের 'ইউরোপ-ওয়েস্ট ২' সাইটে সৃষ্ট বিঘ্নের ফল। লন্ডনে অবস্থিত এই সাইটটিতে বর্তমানে "একাধিক পরিষেবা" ব্যাহত হচ্ছে বলে গুগল জানিয়েছে।

    যেসব সেবায় সমস্যা

    ওয়েবভিত্তিক বিভিন্ন প্রোগ্রামের সমস্যার বিষয়ে ব্যবহারকারীদের দেওয়া প্রতিবেদন সংগ্রহ করে এমন ওয়েবসাইট ডাউনডিটেক্টরে দেখা যাচ্ছে, মঙ্গলবার বেশ কয়েকটি ওয়েবসাইটে সমস্যা বেড়েছে।

    তবে তালিকায় থাকা সব প্রতিষ্ঠান গুগল ক্লাউডের সেবা ব্যবহার করে কি না, তা জানা যায়নি।

    ব্রিটেনের অনলাইন ব্যাংক রেভোলুট ‘সেবা বিঘ্নিত’ হওয়ার কথা জানিয়েছে। তবে প্রতিষ্ঠানটি বলছে, গ্রাহকদের ‘অর্থ ও তথ্য নিরাপদ রয়েছে’।

    হ্যালিফ্যাক্স ব্যাংকও জানিয়েছে, তাদের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে ‘কিছু গ্রাহক সমস্যার মুখে পড়ছেন’।

    এছাড়া ব্রিটেনের ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রসিকিউশন ও ডিফেন্সের ব্যারিস্টাররা “বিচার ও অন্যান্য শুনানির কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না”।

    সংস্থাটি বলেছে, “সকাল ১০টা থেকে ইংল্যান্ড ও ওয়েলসের বড় অংশজুড়ে ক্লাউড ভিডিও প্ল্যাটফর্ম (সিভিপি) বন্ধ রয়েছে। আজ আমাদের অনেকেই, প্রসিকিউশন ও ডিফেন্স উভয় পক্ষের আইনজীবী হিসেবে, বিচার ও অন্যান্য শুনানির কার্যক্রম চালিয়ে যেতে পারছি না। “মামলার জট কমানোর ক্ষেত্রে আমাদের কাজ এতে বাধাগ্রস্ত হচ্ছে”।

  9. অস্ট্রেলিয়ার এমপি'র ওপর কথিত হামলায় সন্দেহভাজন ব্যক্তি তার 'পূর্ব পরিচিত ছিলেন'

    ঘটনা তদন্ত করছে পুলিশ

    অস্ট্রেলিয়ার সংসদ সদস্য হেলেন হেইনসের ওপর কথিত হামলার ঘটনায় গ্রেফতার হওয়ার সন্দেহভাজন ব্যক্তি তার 'পূর্ব পরিচিত ছিলেন' বলে তথ্য পাওয়া যাচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    তবে হামলার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    ৪৩ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে 'বিপজ্জনকভাবে গাড়ি চালানো, ইচ্ছাকৃতভাবে আঘাত করে গুরুতর আহত করা এবং কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তার ক্ষতি করার' অভিযোগ আনা হয়েছে।

    অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমে অভিযুক্ত ব্যক্তির নাম ব্রেন্ডান নুজেন্ট বলে উল্লেখ করেছে।

    তার বাবা রড নুজেন্ট সাংবাদিকদের জানিয়েছেন, এমপি হেলেন হেইনস তাদের পারিবারিক বন্ধু। '২০ বছরেরও বেশি সময় ধরে' তারা একে অপরকে চেনেন।

    তবে ঠিক কী কারণে অভিযুক্ত ব্যক্তি হামলা চালিয়েছেন, সেবিষয়টি এখনও পরিষ্কার নয়।

    সোমবার একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ৬৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান এমপি হেলেন হেইনস।

    বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনও ' পুরোপুরি আশঙ্কামুক্ত না হলেও অনেকটাই স্থিতিশীল' বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    এদিকে, ঘটনার পরপরই সন্দেহভাজন ব্যক্তি পুলিশের হাতে আটক হন।

    ঘটনাটি 'পরিকল্পিত হামলা' বলে মন্তব্য করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। অভিযোগটি তদন্ত করছে পুলিশ।

  10. রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

    গত ১৫ই অক্টোবর রিয়াদে সৌদি নেতৃত্বাধীন জোটের এক সংবাদ সম্মেলনে সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া এই স্থিরচিত্রটি যেদখানো হয় এবং দাবি করা হয় যে, গত ৭ই অক্টোবর সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো একটি হামলার চিত্র এটি
    ছবির ক্যাপশান, গত ১৫ই অক্টোবর রিয়াদে সৌদি নেতৃত্বাধীন জোটের এক সংবাদ সম্মেলনে সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া এই স্থিরচিত্রটি যেদখানো হয় এবং দাবি করা হয় যে, গত ৭ই অক্টোবর সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো একটি হামলার চিত্র এটি

    সৌদি আরবে হুথিদের হামলা অব্যাহত থাকার মধ্যেই দেশটির রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।

    এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে বিবিসি ফার্সির একটি খবরে বলা হয়েছে।

    সোমবার সৌদি কর্মকর্তারা জানান, হুথিদের সঙ্গে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার পর তারা ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলনে সশরীরে অংশগ্রহণ বাতিল করছেন।

    এই বিনিয়োগ সম্মেলনটি ২৬ থেকে ২৯শে অক্টোবর (৪ থেকে ৭ই নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    এদিকে, ইয়েমেনেও লড়াই তীব্র হয়েছে। সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর একটি সামরিক শিবিরে হুথিদের হামলায় ৫০ জনের বেশি সেনা নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছেন। দক্ষিণ ইয়েমেনে সদ্য নিয়োগ পাওয়া সেনাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

  11. কানাডার সঙ্গেই থাকছে আলবার্টা

    সোমবার গণভোট অনুষ্ঠিত হয়

    কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টার স্বাধীনতা প্রশ্নে আগাম যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেখানে কানাডার সঙ্গে থাকার পক্ষে রায় দিয়েছেন প্রদেশটির বাসিন্দারা।

    সোমবারের গণভোটের প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আলবার্টার ভোটারদের চারভাগের প্রায় তিনভাগই স্বাধীনতার দাবিতে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

    এই রায়কে স্বাগত জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেছেন, আগাম ভোটের ফলাফলের মাধ্যমে আলবার্টার বাসিন্দারা তাদের ‘সিদ্ধান্তের কথা পরিষ্কারভাবে’ জানিয়ে দিয়েছেন।

    তবে আলবার্টার বিচ্ছিন্নতাবাদী নেতা জেফরি রাথ বিবিসিকে জানিয়েছেন যে, আগাম গণভোটে হেরে গেলেও তারা আলবার্টার স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাবেন।

    এমন এক সময়ে এই গণভোটের আয়োজন করা হল, যখন প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে তাদের সঙ্গে একীভূত করার হুমকি দিয়ে আসছেন।

  12. ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

    ইশরাক হোসেন

    মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

    এর আগে, অস্ত্রহাতে মাদকবিরোধী অভিযানের নেমে ব্যাপক সমালোচনার মধ্যে সোমবার প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মি. হোসেন। রাষ্ট্রপতি সেটি গ্রহণ করাই ওইদিন থেকেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিমন্ত্রীর পদ ছেড়ে ইশরাক হোসেন। তবে সোমবারের সংবাদ সম্মেলনে মি. হোসেন দাবি করেছেন যে, তিনি স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    তিনি এটাও বলেন যে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে ভুল করেননি, বরং অভিযান নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করেছে।

    এ অবস্থায় তাকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা চলতে থাকায় বিএনপি যেন বিব্রত না হয়, সেজন্য তিনি নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগ করার ইচ্ছাপোষণ করেছেন বলে দাবি করেন মি. হোসেন।

    তবে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও বিএনপি চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।

  13. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • নানা গুঞ্জন, আলোচনা-সমালোচনার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি 'স্বেচ্ছায়' সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন।
    • প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও বিএনপি চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।
    • ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। এ অবস্থায় সাধারণ মানুষের জানমাল ও সম্পদ রক্ষার স্বার্থে কিছু শহরে মেয়রদেরকে আংশিকভাবে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।
    • বাংলাদেশে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সরকার।
    • বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুজ্বরে মৃত্যুর সংখ্যা সাড়ে তিনশ' ছাড়িয়ে গেছে।
    • হাম ও এর উপসর্গে বাংলাদেশে গত সাত মাসে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে।
    • অবশেষে দেশে ফিরছেন কম্বোডিয়ার অভিবাসন পুলিশের হাতে আটক ৩০ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে তাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে।
    • ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
    • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    • ইয়েমেনের দক্ষিণ-মধ্য শাবওয়া প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৫৩ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন ইয়েমেন সরকারের কর্মকর্তারা।
    • যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মধ্যেই সোমবার ইরান সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যুদ্ধ থামানোর প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি তেহরানে গেছেন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।