লাইভ, টোল দিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করা 'সব জাহাজ অবরোধের' ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালি দিয়ে পার হতে সব জাহাজকে টোল দিতে হবে, ইরানের এমন ঘোষণার পর টোল দিয়ে চলাচল করা 'সব জাহাজ অবরোধের' ঘোষণা ট্রাম্পের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অনেকগুলো বিষয়েই উভয় পক্ষ একমত হয়েছিল, কেবল দুই বা তিনটি বিষয়ে মতানৈক্য হওয়ায় আলোচনা ভেস্তে গেছে। এদিকে, সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

    বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শফিক আহমেদ মারা গেছেন।

    রোববার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

    মি. আহমেদের ছেলে মাহবুব শফিক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

    এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

  2. টোল দিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করা 'সব জাহাজ অবরোধের' ঘোষণা ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে নতুন হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এর এক পোস্টে তিনি বলেছেন, “আলোচনায় অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি”।

    প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে বলেন, “ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না”।

    যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

    তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমায় সেই জাহাজগুলোকে আটকে দিতে যেগুলো ইরানকে টোল দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো ধ্বংস করার কথাও জানান তিনি”।

    ট্রাম্প হুঁশিয়ারি দেন, “যে ওই অবৈধ টোল দেবে সে নিরাপদে চলতে পারবে না। আর ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে”।

    পরে তিনি বলেন, “খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে”।

  3. দুপুরে জামিনের পর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

    জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

    ছবির উৎস, Shirin Sharmin Chaudhury/FB

    ছবির ক্যাপশান, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

    জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

    রোববার সন্ধ্যায় জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর নিয়মানুযায়ী তিনি কারামুক্তি পান।

    গাজীপুরের কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার তিনি জামিনে মুক্তি পেয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার।

    এর আগে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

    মিজ চৌধুরীকে গত মঙ্গলবার ভোরে ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ওইদিনই আদালতে নেওয়া হলে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

  4. যুদ্ধ এখন পর্যন্ত ৩,৩০০ জন নিহত হয়েছে: ইরান

    ইরান জানিয়েছে, হামলা শুরুর পর দেশটিতে এখন পর্যন্ত ৩,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরান জানিয়েছে, হামলা শুরুর পর দেশটিতে এখন পর্যন্ত ৩,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

    ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

    ইরানের বিচার বিভাগের অধীনস্থ সংস্থা লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন সর্বশেষ তথ্যে বলেছে, হামলায় এখন পর্যন্ত ৩,৩৭৫ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

    তাদের মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তেহরান, হরমুজগান ও ইসফাহান প্রদেশে।

    সর্বশেষ তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শত শত শিশু নিহত হয়েছে। এর মধ্যে এক বছরের কম বয়সী সাত জন শিশু, এক থেকে ১২ বছরের ২৫৫ জন এবং ১৩ থেকে ১৮ বছরের ১২১ জন রয়েছে।

    এছাড়া নিহতদের মধ্যে আফগান, সিরীয়, তুর্কি, পাকিস্তানি, চীনা, ইরাকি ও লেবানিজ নাগরিকরাও রয়েছে বলে জানানো হয়েছে।

  5. হাম ও উপসর্গ নিয়ে গত একদিনে ১০ শিশুর মৃত্যু

    ঢাকার হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

    ছবির উৎস, BBC/MUKIMUL AHSAN

    ছবির ক্যাপশান, ঢাকার হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

    গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে এক হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হামে ১৫০ জন আক্রান্ত হয়েছেন।

    আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু এবং সন্দেহজনক হামে ছয়জনের মৃত্যু হয়েছে।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ই মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন। নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৬৩৯ জন।

    এদিকে, ১৫ই মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন সাত হাজার ৬৫৬ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও চার জন এবং ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।

  6. হাইতির জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যুর শঙ্কা

    হাইতির ঐতিহাসিক এই পর্যটনকেন্দ্রে এই দুর্ঘটনাটি ঘটে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হাইতির ঐতিহাসিক এই পর্যটনকেন্দ্রে এই দুর্ঘটনাটি ঘটে (ফাইল ছবি)

    হাইতির ঐতিহাসিক একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ঘটনাটি শনিবার লাফেরিয়ের সিটাডেলে (ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান) একটি অনুষ্ঠান চলাকালে ঘটে।

    দেশটির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশনের প্রধান জ্যা অরি পেতির আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

    হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস আইমে বলেন, উত্তরাঞ্চলের মিলো শহরের ওই স্থানে অনেক তরুণ-তরুণীর অংশগ্রহণে একটি অনুষ্ঠান চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

    তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

    হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই পর্যটন কেন্দ্রের অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চলেছিল। যে কারণে এতে উপস্থিতি ছিল প্রচুর সংখ্যক। তাদের মধ্যে অনেকেই ছিল তরুণ ও শিক্ষার্থী।

    অনুষ্ঠানে প্রবেশপথের কাছে শুরুতেই বেশ জটলা তৈরি হয় এবং হঠাৎই শুরু হয় ভারী বৃষ্টিপাত। যে কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়।

  7. হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে, ইরানি ডেপুটি স্পিকারের ঘোষণা

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরান পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন, হরমুজ প্রণালি তেহরানের জন্য একটি রেডলাইন

    পাকিস্তানের ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলের সাথে কয়েক ঘণ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হরমুজ প্রণালির বিষয়টি উল্লেখ করেননি।

    বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ বন্ধের আলোচনায় এই বিষয়টিও ছিল বেশ গুরুত্বপূর্ণ।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চলছে, তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা।

    ইরান পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দেশটির মেহর নিউজ এজেন্সিকে বলেছেন, হরমুজ প্রণালি তেহরানের জন্য একটি রেডলাইন।

    তিনি বলেন, এই প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং সেখান দিয়ে চলাচলের জন্য ইরানি মুদ্রায় টোল প্রদান করতে হবে।

    এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালের এক পোস্টে বলেন, হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে।

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার জানিয়েছে, দুটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং সমুদ্রের মাইন অপসারণে কাজ করছে। তবে, সেন্ট্রাল কমান্ডের এই দাবি অস্বীকার করেছে ইরান।

    ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

    ইরানের রাষ্ট্রীয় ব্রডকাস্টার আইআরআইবি’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

  8. যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে: ইরানি পার্লামেন্টের স্পিকার

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ (বামে)

    ছবির উৎস, Reuters/ Pakistan’s Prime Minister Office

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ (বামে)

    ইরানের পার্লামেন্টের স্পিকার ও তেহরানের প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, এখন যুক্তরাষ্ট্রকেই ঠিক করতে হবে তারা ইরানের আস্থা অর্জন করতে চায় কী-না।

    এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আলোচনার আগে তিনি জোর দিয়ে বলেছিলেন যে ইরানের সদিচ্ছা ও আন্তরিকতা রয়েছে। কিন্তু আগের দুই যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর তাদের কোনো আস্থা নেই।

    তিনি বলেন, “ইরানের প্রতিনিধিদল কিছু দুরদর্শী পদক্ষেপ উপস্থাপন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে”।

    তিনি আরও বলেন, “আমরা এক মুহূর্তের জন্যও থামব না, এই ৪০ দিনের যুদ্ধে যা অর্জন করেছি, তা ধরে রাখতে ও শক্ত করতে আমরা কাজ চালিয়ে যাব”।

    তিনি বলেন, এই আলোচনা আয়োজন কঠিন ছিল। যে কারণে উদ্যোগ নেওয়ার জন্য তিনি পাকিস্তানকে ধন্যবাদও জানান।

  9. আলোচনা ভেস্তে যাওয়ায় ট্রাম্পের সামনে কঠিন পরিস্থিতি - বিশ্লেষণ

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পকে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে

    মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনা ভেঙ্গে যাওয়াকে সুসংবাদ এবং দুঃসংবাদ উভয়ই বলেছেন।

    বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেটের বলছেন, এই আলোচনা সেশন কতক্ষণ ধরে চলেছে, সেটি তাৎপর্যপূর্ণ এবং আশ্চর্যজনক। কিন্তু এ সময়ের মধ্যে যে কোনো চুক্তি হয়নি, এটা আশ্চর্যজনক নয়।

    তিনি বিশ্লেষণ করছেন যে, আমেরিকানরা এই ধারণা নিয়ে পাকিস্তানে এসেছিল যে যুদ্ধে ইরান এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদের সাথে দ্রুত আপোষ করা সম্ভব হবে।

    জেডি ভ্যান্স বললেন, "তারা (ইরান) আমাদের শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি।"

    লিজ ডুসেট মনে করেন, ইরানেরও নিজস্ব সীমা রয়েছে, অর্থাৎ যেসব বিষয়ে তারা ছাড় দিতে পারবে না বা দেবে না।

    তারা শক্তিশালী অবস্থানে আছে - এমন বিশ্বাস নিয়ে দেশটি ইসলামাবাদে আলোচনায় এসেছিল। কিন্তু দেখা যাচ্ছে, সামরিক সক্ষমতার ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও, দেশটি এখনও যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং ইচ্ছুক।

    বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের কারণে ইরানের হাতে এখনও যথেষ্ট দর কষাকষির সুযোগ রয়েছে।

    এক দশক আগে তেহরান ও ওয়াশিংটন শেষবার যখন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছেছিল, তখন তাতে ১৮ মাস ধরে নানা অগ্রগতি ও অচলাবস্থার সম্মুখীন হতে হয়েছিল।

    লিজ ডুসেটের মতে, ট্রাম্প এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবেন – হয় পরিস্থিতি আরও খারাপ করতে পারেন তিনি, অথবা আলোচনায় ফিরে এসে নতুন করে পরিস্থিতিকে মূল্যায়ন করা।

  10. হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

    জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্বে ছিলেন শিরীন শারমিন চৌধুরী

    ছবির উৎস, Shirin Sharmin Chaudhury/FB

    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্বে ছিলেন শিরীন শারমিন চৌধুরী

    জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

    রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

    এই মামলায় জামিন পাওয়ার পর এখন তার মুক্তিতে আর কোন বাধা নেই বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন তার আইনজীবী হামিদুল মেজবাহ।

    তার আইনজীবীরা জানিয়েছেন, আদালত থেকে বেল বন্ড কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন।

    মিজ চৌধুরীকে গত মঙ্গলবার ভোরে ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ওইদিনই আদালতে নেওয়া হলে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

  11. হামলার পর গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন পুনরুদ্ধার করেছে সৌদি আরব

    সৌদি আরবের একটি তেল স্থাপনায় ধোঁয়ার কুণ্ডলী ওঠার স্যাটেলাইট চিত্র

    ছবির উৎস, COPERNICUS SENTINEL-2/REUTERS

    ছবির ক্যাপশান, বৃহস্পতিবারের হামলার পর সৌদি আরবের একটি তেল স্থাপনায় ধোঁয়ার কুণ্ডলী ওঠার স্যাটেলাইট চিত্র

    বৃহস্পতিবার পাইপলাইন এবং এর আশেপাশের জ্বালানি অবকাঠামোতে হামলার পর সৌদি আরব তার গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে।

    জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার কারণে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ৭ লক্ষ ব্যারেল তেল পাঠানো বন্ধ হয়ে গিয়েছিল।

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব হরমুজ প্রণালী থেকে তেল রপ্তানির পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে, যেখানে চালান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এর পরিবর্তে পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল লোহিত সাগরের একটি টার্মিনালে পাঠানো হয়।

    জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহের হামলার পর উপকূলের কাছে অবস্থিত সৌদি আরবের মানিফা উৎপাদন কেন্দ্রটিও পুনরুদ্ধার করা হয়েছে, তবে আরও ভেতরের দিকে অবস্থিত খুরাইস তেলক্ষেত্রে মেরামতের কাজ চলছে।

  12. মারা গেছেন সংগীতশিল্পী আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে প্রয়াত আশা ভোঁসলে

    আশা ভোঁসলে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, আশা ভোঁসলে

    ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

    'আভি না যাও ছোড় কার', 'দম মারো দম', 'চুরা লিয়া হ্যায় তুমনে' 'ও হাসিনা জুলফোঁওয়ালি' - এমন অসংখ্য জনপ্রিয় গানের প্লেব্যাক শিল্পী হিসেবে ব্যাপক সমাদৃত আশা ভোঁসলে হিন্দি ও বাংলাসহ ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন।

    ভারতের সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, বঙ্গ বিভূষণসহ বহু সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।

    সবশেষ শনিবার রাতে হৃদযন্ত্র ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

    হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার মাল্টি অর্গান ফেলিওর হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়।

    গানের জগতের সঙ্গে তার সখ্যতা ছেলেবেলা থেকে।

    বাবা দীননাথ মঙ্গেশকার একজন সঙ্গীতশিল্পী ছিলেন, দিদি লতা মঙ্গেশকারের অবদান ভারতীয় সঙ্গীত জগতে অপরিসীম ছিল।

    ধ্রুপদী থেকে পপ সমস্ত ঘরানার গানে তার অবাধ বিচরণ ছিল।

    ও.পি. নায়ার এবং এস.ডি. বর্মণ-সহ বিভিন্ন নামকরা সুরকারের সঙ্গে কাজ করে একের পর এক হিট গান গেয়েছেন তিনি।

    এগারো হাজারেরও বেশি গান গেয়ে রেকর্ডও গড়েছেন।

    ২০২২ সালে দিদি লতা মঙ্গেশকারের মৃত্যু হয়েছিল।

    রবিবার আশা ভোঁসলের প্রয়াণের সঙ্গে ভারতীয় সঙ্গীত জগতের একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

  13. ইসলামাবাদে আলোচনা ব্যর্থ - এখন কী হবে?

    জেডি ভ্যান্স ও মার্কিন কর্মকর্তাদের গাড়িবহর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসলামাবাদে বিমানবন্দর অভিমুখে জেডি ভ্যান্স ও মার্কিন কর্মকর্তাদের গাড়িবহর

    যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষই এ আলোচনায় অংশ নিয়েছিল যুদ্ধে তারা জয়ী হয়েছে - এমন দাবি নিয়ে, তাই এত অল্প সময়ে কোনো একটি চুক্তিতে পৌঁছানো স্বাভাবিক বিচারেই কঠিন ছিল।

    আর এখন মনে হচ্ছে এটি আসলে অসম্ভবই ছিল। দেখা যাচ্ছে ব্যর্থতার জন্য উভয় পক্ষই পরস্পরকে দায়ী করে ফিরে যাচ্ছে।

    গত বুধবার যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা শুরু হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের 'অ্যাপোক্যালিপটিক' বা ধ্বংসাত্মক হুমকির মধ্য দিয়ে, যেখানে তিনি ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার কথা বলেছিলেন।

    কিন্তু এখন তাহলে কী হবে? যুদ্ধবিরতি কি বহাল থাকবে?

    বিবিসি সংবাদদাতা জো ইনউড বলছেন, ইরানের ওপর নতুন করে হামলা শুরু হবে কী-না, তা নিয়ে কোনো ঘোষণা আসেনি, তবে হামলার সম্ভাবনা যে নিশ্চিতভাবেই বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই।

    হরমুজ প্রণালি, যে গুরুত্বপূর্ণ জলপথ যা ইরান আংশিকভাবে কিন্তু কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল, তা আলোচনার মাধ্যমে পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আপাতত আলোচনার টেবিলের বাইরে রয়ে গেছে। কিন্তু, পারস্য উপসাগরে কয়েকদিন আগে মোতায়েন করা দুটি মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র হয়তো অন্য কোনো পথের কথা ভাবছে।

    যুক্তরাষ্ট্রের মতে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না - এমন বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হওয়াটাই ছিল আলোচনা সফল হওয়ার পথে প্রধান বাধা।

    ইরান সবসময়ই দাবি করে এসেছে যে তারা মারণাস্ত্র উৎপাদন করতে চায় না, কিন্তু এক বছরের ব্যবধানে দুটি যুদ্ধের অভিজ্ঞতা হওয়ায় তাদের দেশে পারমাণবিক অস্ত্রের সমর্থকদের এখন পারমাণবিক শক্তি অর্জনে আরও উৎসাহিত করবে।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ সরাসরি আলোচনা ছিল ঐতিহাসিক, কিন্তু এটি হয়তো কূটনীতির একটি ব্যর্থতা হিসেবেই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

  14. ইসলামাবাদ ছেড়েছেন ইরানের কর্মকর্তারা

    ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র্রের সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পর সকালেই ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যঅন্স এবং কর্মকর্তারা।

    কিছুক্ষণ আগে ইরানি কর্মকর্তারাও ইসলামাবাদ থেকে তেহরানের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

    ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি প্রতিনিধি দলটি ইসলামাবাদ ত্যাগ করেছে।

    সংস্থাটি জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি জেডি ভ্যান্সের ইসলামাবাদ ত্যাগের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করে।

  15. দক্ষিণ লেবাননে রকেট লঞ্চারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল

    শনিবার বৈরুতে হেজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ মিছিল

    ছবির উৎস, getty images

    ছবির ক্যাপশান, শনিবার বৈরুতে হেজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ মিছিল

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের দিকে "তাক করা এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত" একটি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে।

    টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ বলেছে, জুয়াইয়া এলাকায় লঞ্চারটি শনাক্ত করা হয়েছিল এবং হামলা চালানোর আগেই সেটিকে "নিষ্ক্রিয়" করা হয়েছে।

    বিবৃতিতে হামলার ভিডিও ফুটেজও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত কী-না অথবা পাকিস্তানে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সেই যুদ্ধবিরতি অটুট থাকবে কিনা, তা নিয়ে এখনও নানা আলোচনা চলছে।

    আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন তাদের নিজস্ব আলোচনা শুরু করতে চলেছে।

  16. যুক্তরাষ্ট্রের সাথে দুই বা তিনটি ক্ষেত্রে মতপার্থক্য ছিল: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

    ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই

    ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া নিয়ে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শান্তি আলোচনায় সব বিষয়ে তাদের মতানৈক্য হয়নি, অনেকগুলো বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সাথে একমতও হয়েছিলেন।।

    'ইরান নিউজ নেটওয়ার্ক'কে দেয়া সাক্ষাৎকারে মি. বাঘাই বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় মোট ২৪ থেকে ২৫টি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

    "কিছু ক্ষেত্রে আমরা মার্কিন প্রতিনিধি দলের সাথে সমঝোতায় পৌঁছেছিলাম, তবে দুই বা তিনটি ক্ষেত্রে মতপার্থক্য ছিল এবং সেখানে আমরা কোনো সমেঝাতায় পৌঁছাতে সক্ষম হইনি।"

    তবে, ঠিক কোন বিষয়গুলোতে মতানৈক্য হয়েছিল, সেটি স্পষ্ট করে বলেননি তিনি।

    তিনি কেবল বলেছেন, হরমুজ প্রণালি এবং আঞ্চলিক পরিস্থিতির মতো নতুন বিষয়গুলো যুক্ত হওয়ায় আলোচনা আরও জটিল হয়ে পড়ে।

    এদিকে, এর আগে আরেক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যে দ্রুতই একটি চুক্তিতে পৌঁছাবে, তা কখনোই প্রত্যাশিত ছিল না।

    ইরানের রাষ্ট্রীয় স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে তিনি বলেন: "শুরু থেকেই আমাদের এটা আশা করা উচিৎ ছিল না যে আমরা একটিমাত্র বৈঠকেই কোন চুক্তিতে পৌঁছাতে পারব। আমার মনে হয় না কারোই এমন কোনো প্রত্যাশা ছিল।"

    তিনি বলেছেন, ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা 'চাপিয়ে দেওয়া যুদ্ধের' পর এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুইদিনের মধ্যেই একটি শান্তি আলোচনা হয়েছে, যা 'অবিশ্বাস, সন্দেহ ও সংশয়ে ভরা' এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    তবে, শান্তি আলোচনা বা একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা শেষ হয়ে গেল কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "কূটনীতি কখনও শেষ হয় না"।

    মি. বাঘাই এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত 'অতিরিক্ত দাবি' করা থেকে বিরত থাকা।

    আরো পড়তে পারেন:

  17. যুদ্ধবিরতি মেনে চলা এবং শান্তি আলোচনা পুনরায় শুরুর আহ্বান অস্ট্রেলিয়ার

    অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

    অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি মেনে চলতে এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।

    বিবিসি অ্যারাবিকের খবর বলছে, মিজ ওং বলেছেন, "যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ আলোচনা কোনো চুক্তি ছাড়া শেষ হওয়াটা হতাশাজনক।"

    তিনি বলেন যে, "বর্তমান অগ্রাধিকার হওয়া উচিত যুদ্ধবিরতি বজায় রাখা এবং পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসা।"

    মিজ ওং সতর্ক করে দিয়ে বলেন, সংঘাতের মাত্রা বৃদ্ধি পেলে মানবিক ক্ষয়ক্ষতি বাড়বে এবং বিশ্ব অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব পড়বে।

  18. যুদ্ধবিরতি বজায় রাখা দুই পক্ষের জন্য 'অপরিহার্য', বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার

    শান্তি আলোচনা শেষ হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

    ইসহাক দার বিবৃতিতে বলেছেন, "(যুক্তরাষ্ট্র ও ইরান) পক্ষগুলোর জন্য যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখা অপরিহার্য।"

    এক্স-এ প্রকাশিত ওই পোস্টে বলা হয়েছে, "আমরা আশা করি যে, উভয় পক্ষ ওই সমগ্র অঞ্চল এবং এর বাইরেও টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য ইতিবাচক মনোভাব নিয়ে কাজ চালিয়ে যাবে।"

    পোস্টটির শেষে পাকিস্তান জানিয়েছে, "সামনের দিনগুলোতে" তারা দুই পক্ষের মধ্যে সংলাপ সহজতর করতে ভূমিকা পালন করে যাবে।

  19. ওয়াশিংটনে ফিরে গেছেন জেডি ভ্যান্স ও কর্মকর্তারা

    ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

    ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টা আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে জানিয়ে সকালে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    সেসময় তার সাথে উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার।

    এর পরপরই মি. ভ্যান্স ও উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা নিজের দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

    এটি ছিল একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন যেখানে অল্প কয়েকজন সাংবাদিকই প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। সংবাদ সম্মেলনে দেওয়া মি. ভ্যান্সের মূল বক্তব্য নিচে দেওয়া হলো:

    • ইসলামাবাদে ২১ ঘণ্টার শান্তি আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
    • ভ্যান্স বলেন, "আমরা ইরানিদের সাথে বেশ কিছু গঠনমূলক আলোচনা করেছি, এটা সুসংবাদ। তবে দুঃসংবাদ হলো যে, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর।"
    • তিনি আরও বলেন, "আমরা এমন কোনো পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নেবে।"
    • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মি. ভ্যান্স। তিনি বলেন, আলোচনার ক্ষেত্রে 'যে ঘাটতি-ই' থাকুক না কেন, 'তা পাকিস্তানিদের কারণে হয়নি, তারা অসাধারণ কাজ করেছেন'।
    • ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মি. ভ্যান্স জবাব দেন যে, ইরানকে বর্তমান এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের "মূল লক্ষ্য"।
    • তিনি আরও জানান যে, মি. ট্রাম্প এ আলোচনার সাথে যুক্ত ছিলেন এবং আলোচনার সময় তিনি প্রেসিডেন্টের সাথে অন্তত 'আধা ডজন' থেকে 'ডজনখানেক'বার কথা বলেছেন।
    • বক্তব্য শেষ করার আগে মি. ভ্যান্স যোগ করেন, "আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি - একটি সমঝোতার পথ যা আমাদের চূড়ান্ত এবং সেরা অফার। এখন দেখা যাক ইরানিরা এটি গ্রহণ করে কি-না।"
  20. শনিবারের উল্লেখযোগ্য খবর

    • ইরানের সাথে যুদ্ধবিরতির পর শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
    • প্রাথমিকভাবে পাকিস্তানের প্রতিনিধি দল আলাদা আলাদা বৈঠক করলেও সন্ধ্যা নাগাদ তারা মুখোমুখি ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়।
    • ইসলামাবাদে চলমান আলোচনা সম্পূর্ণ রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবং সাংবাদিকদের খুব সীমিত তথ্য দেওয়া হচ্ছে জানাচ্ছে বিবিসি উর্দু।
    • ইসলামাবাদে আলোচনা চলার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে বলে ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। এছাড়া চলমান সংঘাতে ইরান “ভয়াবহভাবে হারছে” বলেও উল্লেখ করেন তিনি।
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে যেটি ইরানি আলোচক দলকেও জানানো হয়।
    • যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান যে সামুদ্রিক মাইন পুঁতে রেখেছে, তা থেকে নৌপথটি মুক্ত আছে কি না—তা নিশ্চিত করতেই এই অভিযান।
    • ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার, লেবাননকেও অন্তর্ভুক্ত করার, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানানো হয়।
    • অন্যদিকে লেবাননে উত্তেজনা অব্যাহত রয়েছে। সেখানে ২৪ ঘণ্টায় (শনিবার) হেজবুল্লাহর ২০০টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে ইসরায়েল।
    • লেবানন ও ইসরায়েলের মধ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে আলোচনা শুরু হবে বলে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে হেজবুল্লাহর সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।