ইরানের ১০ দফা পরিকল্পনা: আলোচনায় কী আশা করা হচ্ছে?

ছবির উৎস, Iranian Foreign Ministry/EPA
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আজ অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনার আগে দুই দেশ দুই সপ্তাহের জন্য একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এই সময় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল চালু থাকবে।
ইরান যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফা পরিকল্পনা পাঠিয়েছে, একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “আলোচনার জন্য কার্যকর ভিত্তি” বলে বর্ণনা করেছেন।
ইরানের প্রস্তাব বা ওয়াশিংটনের ১৫ দফা পরিকল্পনা, কোনোটিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যদিও এসবের কিছু অংশ ফাঁস হয়েছে বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ১০ দফা পরিকল্পনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি পুরো অঞ্চলে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করা, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার “পূর্ণ প্রতিশ্রুতি”, যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের অর্থ ও স্থগিত সম্পদ মুক্ত করা, এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন বাবদ “পূর্ণ ক্ষতিপূরণ” দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।



















