টানা বৃষ্টিতে বন্ধ তিন পার্বত্য জেলার পর্যটন স্পটগুলো
দুই দিন ধরে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়া এবং পাহাড়ধসের শঙ্কায় পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো বন্ধ রাখা হয়েছে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ১০ই জুলাই পর্যন্ত বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন। জেলার তিনটি স্পটে পাহাড়ধসের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
এছাড়া নদনদীর পানি বেড়ে পাহাড়ি সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়া এবং বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের শঙ্কা থাকায় পর্যটন স্পটগুলোতে আপাতত ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে আসার জন্য মাইকিংকরা সহ সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা।
“নদীর পানি কিছুটা কমেছে, এখন বৃষ্টিও নেই- বৃষ্টি না হলে বুধবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু হবে। খাগড়াছড়ি শহর পর্যন্ত যোগাযোগে এখন কোনো সমস্যা নেই। তবে রাঙামাটি জেলা প্রশাসন সাজেকে যাওয়া বন্ধ রেখেছে,” বিবিসি বাংলাকে বলেন মি. সাদাত।