ইরান যুদ্ধে সেনা না পাঠানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, “এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।” এদিকে, ইরানের পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা 'যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে'।

সরাসরি কভারেজ

  1. সোমবার ৩০শে মার্চের উল্লেখযোগ্য খবর

    • ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ-ও বলেন, “এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।”
    • লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ'র অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলাও চলছে।
    • যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিলস, আর্মি রেঞ্জার্সসহ শত শত বিশেষ বাহিনীর সদস্য এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজ।
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানি রউফ লেবানন ছাড়ছেন না এবং সেখানেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।
    • লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পরের কিছু ছবি সামনে এসেছে, যেখানে শহরজুড়ে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
    • হরমুজ প্রণালি পরিচালনা ও টোল আদায়ের জন্য 'নতুন ব্যবস্থা' চালুর কথা ভাবছে ইরান।
    • ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শিল্পাঞ্চলে আঘাত হেনেছে।
    • ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ'র অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে।
    • ইরাক জানিয়েছে যে, বাগদাদের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলায় তাদের বিমান বাহিনীর একটি আন্তোনভ আন-১৩২ বিমান ধ্বংস হয়েছে।
    • সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিহত করা হয়েছে।
    • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিপ্লবী গার্ড।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তার দাবির কাছে নতি স্বীকারের পথে ইরান এবং দ্রুতই দেশটির সাথে একটি সমঝোতা হতে পারে।
    • বাংলাদেশের জাতীয় সংসদে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো রকম মব কালচার আর থাকবে না।
    • ভারতের পশ্চিমবঙ্গে অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় ব্যানার্জীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনার পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় তৈরি হয়েছে রাজ্যে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

    ছবির উৎস, PA Media

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না।

    মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্রিটিশ সেনা পাঠানোর সম্ভাবনা আছে কিনা, এ নিয়ে একজন সাংবাদিকের করা একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।”

    ব্রিটিশ প্রধানমন্ত্রী তার অবস্থান তুলে ধরে বলেন, যুদ্ধ চলাকালে যুক্তরাজ্য “প্রতিরক্ষামূলক ব্যবস্থা” নিচ্ছে, যাতে “ব্রিটিশ নাগরিকদের জীবন, যুক্তরাজ্যের স্বার্থ এবং আমাদের আঞ্চলিক মিত্রদের” সুরক্ষা নিশ্চিত করা যায়।

    স্টারমার আরও জানান, যুক্তরাজ্য নিজেদের স্বার্থ রক্ষা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য চেষ্টা করবে।

    তবে তিনি জোর দিয়ে বলেন, “আমাদেরকে কোনোভাবেই এই যুদ্ধে জড়ানো যাবে না।”

  3. ছবিতে লেবানন, ইরান ও ইসরায়েলে হামলার ধ্বংসযজ্ঞ

    লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ'র অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলাও চলছে।

    এসব হামলার পর দেশ তিনটির বিভিন্ন স্থান থেকে আসা ছবিতে ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে।

    লেবাননের দক্ষিণাঞ্চলের হানুইয়েহ গ্রামে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লেবাননের দক্ষিণাঞ্চলের হানুইয়েহ গ্রামে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন
    লেবাননের দক্ষিণাঞ্চলের হানুইয়েহ গ্রামে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লেবাননের দক্ষিণাঞ্চলের হানুইয়েহ গ্রামে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন
    তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন স্থানীয়রা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন স্থানীয়রা
    ইসরায়েলের হাইফায় ইরানের হামলার পর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছেন কর্মীরা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের হাইফায় ইরানের হামলার পর ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছেন কর্মীরা
  4. অভিনেতা রাহুল ব্যানার্জীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বিতর্ক

    প্রয়াত অভিনেতা রাহুল ব্যানার্জী

    ছবির উৎস, PTI

    ছবির ক্যাপশান, প্রয়াত অভিনেতা রাহুল ব্যানার্জী

    ভারতের পশ্চিমবঙ্গে অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় ব্যানার্জীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনার পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় তৈরি হয়েছে রাজ্যে।

    প্রয়াত অভিনেতা তার বামপন্থী রাজনৈতিক দর্শনের জন্য পরিচিত ছিলেন এবং নিজের রাজনৈতিক মতামত কখনো লুকোতেন না।

    কিন্তু মৃত্যুর পর তার বিভিন্ন সময়ে করা নানা পোস্ট নিয়েই এখন শুরু হয়েছে আক্রমণ-সমালোচনা।

    অন্যদিকে, অভিনেতার অজস্র অনুরাগী ও গুণমুগ্ধরাও তার সমর্থনে এগিয়ে এসেছেন।

    এর আগে রবিবার (২৯ মার্চ) দীঘার কাছে তালসারিতে একটি টেলিভিশন ধারাবাহিকের শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় ব্যানার্জী সমুদ্রে নেমে দুর্ঘটনায় মারা যান।

    এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে পানিতে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার।

    সোমবার কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়।

    তার অভিনেত্রী স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন।

    প্রসেনজিৎ-সহ টালিগঞ্জের অভিনয় জগতের বহু বড় বড় নামও প্রয়াত রাহুল অরুণোদয় ব্যানার্জীকে শেষ বিদায় জানাতে এসেছিলেন।

  5. ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলে ৬০০০ মানুষ হাসপাতালে

    ইসরায়েলের একটি হাসপাতাল

    ছবির উৎস, Getty Images

    ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    মন্ত্রণালয় বলছে, বর্তমানে ১২১ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৬ জন গুরুতর অবস্থায় আছেন।

    গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে আরও ২৩২ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের মন্ত্রণালয়।

  6. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ কমিয়ে তিন বছর করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা

    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভা

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভা

    দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে পরিচালিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় আজ সোমবার এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। খবর সরকারি বার্তা সংস্থা বাসস-এর।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    সভায় জানানো হয়, দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা ভর্তি হয়। আগে এই ডিপ্লোমা কোর্সটি তিন বছর মেয়াদি ছিল। পরবর্তীতে এটি চার বছরে উন্নীত করা হলেও পাঠ্যক্রম বা সিলেবাসে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি। ফলে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ করতে এক বছর অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

    ডিপ্লোমা কোর্সের মেয়াদ তিন বছর করা হলে, শিক্ষার্থীরা বর্তমান সময়ের চেয়ে এক বছর আগেই কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সুযোগ পাবে বলেও আলোচনায় উঠে আসে।

  7. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির শুভেন্দু অধিকারী

    হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

    ছবির উৎস, ভারতীয় জনতা পার্টি

    ছবির ক্যাপশান, হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী

    ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে সোমবার। প্রথম দিনেই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়ার জন্য মনোনয়ন জমি দিয়েছেন।

    এই আসনেই ২০২১এর বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীকে পরাজিত করেছিলেন ১৯৫৬টি ভোটে।

    এবারে অবশ্য মমতা ব্যানার্জী ওই আসন থেকে লড়ছেন না। তবে কলকাতার যে ভবানীপুর আসন থেকে মমতা ব্যানার্জী ভোটের লড়বেন, সেই আসনেও বিজেপির প্রার্থী হবেন মি. অধিকারী।

    গত ভোটে তারই একদা ঘনিষ্ঠ সহযোগী মি. অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে তার এলাকায় গিয়ে লড়াই করেছিলেন মিজ. ব্যানার্জী, এবার তার প্রাক্তণ দলনেত্রীকে যেন কিছুটা চ্যালেঞ্জ করতেই কলকাতার ভবানীপুরে প্রার্থী হবেন শুভেন্দু অধিকারী।

    পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে ২৩শে এপ্রিল।

    ওই নন্দীগ্রাম আসনে মি. অধিকারীর বিরুদ্ধে লড়বেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর, যিনি একদা তারই ঘনিষ্ঠ অনুগামী ছিলেন।

    নন্দীগ্রামে কেমিক্যাল হাব গড়ার বিরোধিতা করে কৃষকদের আন্দোলন শুরু হয়েছিল ২০০৭ সালের গোড়ার দিক থেকে। দীর্ঘদিন রাস্তা কেটে দিয়ে পুলিশ প্রশাসনকে সেখানে প্রবেশ করতে দিতেন না আন্দোলনকারীরা।

    ওই আন্দোলন এবং সিঙ্গুরে টাটা গোষ্ঠীর গাড়ি কারখানা গড়ার বিরুদ্ধে ব্যাপক কৃষ্কক বিক্ষোভ থেকেই শুরু হয়েছিল বামফ্রন্ট সরকারের শেষের শুরু।

  8. 'মব কালচার' আর থাকবে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, সালাহউদ্দিন আহমদ

    বাংলাদেশের জাতীয় সংসদে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো রকম মব কালচার আর থাকবে না।

    সোমবার সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    রুমিন ফারহানার প্রশ্ন ছিল, দীর্ঘ ১৫ বছর গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতনের কালচার (সংস্কৃতি) ছিল। এরপর অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেল ‘মব কালচার’। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ২৫০-৩০০–এর ওপর মানুষ এই মবের খপ্পরে পড়ে নিহত হয়েছেন।

    এই সংসদ সদস্য আরও বলেন, তিনি নিজেও গত ফেব্রুয়ারিতে মবের শিকার হন। এই খারাপ সংস্কৃতি বন্ধ করতে সরকার কী ব্যবস্থা নেবে?

    এর জবাবেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মবের মতো ঘটনা ঘটেনি।

    “স্পষ্ট কথা—বাংলাদেশে কোনো রকম মব কালচার আর থাকবে না। রাস্তায় কোনো দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ (অনুমোদন) করব না,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    একইসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি থাকবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো যাবে, সেমিনার বা জনসমাবেশ করা যাবে; কিন্তু সড়ক অবরোধ করে দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

  9. মধ্যপ্রাচ্যে বিশেষ মার্কিন বাহিনীর উপস্থিতি – সিবিএস

    যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিলস, আর্মি রেঞ্জার্সসহ শত শত বিশেষ বাহিনীর সদস্য এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

    প্রতিবেদন অনুযায়ী, হাজার হাজার মার্কিন মেরিন ও প্যারাট্রুপারও ইতোমধ্যে এই অঞ্চলে রয়েছে।

    সূত্রগুলো সিবিএসকে জানিয়েছে, এসব বিশেষ বাহিনী মোতায়েনের উদ্দেশ্য ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের সুযোগ করে দেওয়া।

    এর মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া, খারগ দ্বীপ থেকে তেলের নিয়ন্ত্রণ নেওয়া বা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখলের মতো পরিকল্পনাও থাকতে পারে।

    তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম।

    এর আগে শনিবার সেন্টকম জানিয়েছিল, ইউএসএস ট্রিপোলি জাহাজে করে সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

  10. জুলাই অভ্যুত্থানে জড়িতদের আইনি সুরক্ষা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিধান অনুযায়ী দেশে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল এবং পরে তা সংসদে উপস্থাপন করা হয়। বর্তমান সরকার এটিকে আনুষ্ঠানিক বিল হিসেবে পাস করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

    আজ সংসদে এনসিপি দলের সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

    জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা দখলদার বাহিনীর মতো আচরণ করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল ও সহিংসতা ঘটিয়েছিল, তারা জনগণের প্রতিরোধের মুখে পড়ে। এ সংঘর্ষে কেউ নিহত ও কেউ আহত হন।

    এই সব ঘটনাকে তিনি ‘যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন।

    সালাহউদ্দিন আহমদ পুনর্ব্যক্ত করে বলেন, এই অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের সুরক্ষা প্রদান করা হয়েছে।

    এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ইতোমধ্যেই দুটি রায় দেওয়া হয়েছে। এই সহযোগীদের মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।

    এ সব বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার কোনো বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। "ইনশাআল্লাহ, এ দেশে সংঘটিত গুম, খুন, হত্যা ও গণহত্যার সকল ঘটনার বিচার নিশ্চিত করা হবে।"

  11. ইরানি রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

    লেবানন ও ইরানের পতাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লেবানন ও ইরানের পতাকা

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানি রউফ লেবানন ছাড়ছেন না এবং সেখানেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।

    যদিও গত সপ্তাহে লেবানন সরকার মোহাম্মদ রেজা শেইবানি রউফকে বহিষ্কার করেছিল এবং দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল।

    ইসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, "লেবাননে আমাদের দূতাবাস খোলা রয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে হওয়া আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের রাষ্ট্রদূত বৈরুতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে তার কাজ চালিয়ে যাবেন এবং তিনি তার বাসভবনেই অবস্থান করবেন।"

    লেবাননের একাধিক সূত্র বিবিসি পার্সিয়ানকে জানিয়েছে, ইরানের রাষ্ট্রদূত লেবাবন ছাড়বেন না। আর, লেবাননের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দূতাবাসে প্রবেশের নিয়ম নেই এবং তারা রাষ্ট্রদূতকে জোর করে বের করতে পারবে না। কারণ কূটনৈতিক নিয়ম অনুযায়ী, দূতাবাসটি এখন ইরানের ভূখণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

    গত সপ্তাহে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ রেজা শেইবানি রউফকে "অনাকাঙ্ক্ষিত ব্যক্তি" ঘোষণা করে এবং তাকে রোববারের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। তেহরান ও বৈরুতের সম্পর্কের ইতিহাসে এ ছিল এক নজিরবিহীন পদক্ষেপ।

    লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, শেইবানি লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপমূলক মন্তব্য করেছেন।

  12. বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: শামা ওবায়েদ

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতীয় সংসদে বলেছেন, বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই।

    তিনি বলেন, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে।

    আজ সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সদস্য মীর আহমেদ বিন কাশেমের সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    শামা ওবায়েদ বলেন, সরকার মধ্যপ্রাচ্যের বাইরেও জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণে কাজ করছে এবং বিকল্প সরবরাহ চ্যানেল অনুসন্ধান করছে, যাতে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকে।

    তার ভাষ্য, "এই মুহূর্তে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যাতে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায় এবং খাতটির স্থিতিশীলতা বজায় থাকে।"

    প্রতিমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত প্রবাসীদের।

    তিনি জানান, "সরকারের সহায়তায় চার্টার্ড ফ্লাইটে ইরানের তেহরান থেকে মোট ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।"

  13. ইসরায়েলি হামলার পর বৈরুতের চিত্র

    লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পরের কিছু ছবি সামনে এসেছে, যেখানে শহরজুড়ে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

    আজ সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বৈরুতে হেজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

    লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা বলছে, মধ্যপ্রাচ্যে এবারের সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত এক হাজার একশর বেশি মানুষ নিহত হয়েছেন।

    বৈরুতে ইসরায়েলি হামলা-পরবর্তী চিত্র

    ছবির উৎস, Reuters

    বৈরুতে ইসরায়েলি হামলা-পরবর্তী চিত্র

    ছবির উৎস, Reuters

    বৈরুতে ইসরায়েলি হামলা-পরবর্তী চিত্র

    ছবির উৎস, Reuters

  14. হরমুজ প্রণালি পরিচালনা ও টোল আদায়ের জন্য 'নতুন ব্যবস্থা' চালুর কথা ভাবছে ইরান

    ইরানের পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরুজেরদি

    ছবির উৎস, Corbis via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরুজেরদি

    ইরানের পার্লামেন্ট বা মজলিস সদস্য আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা 'যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে'।

    বোরুজেরদি জানান, প্রস্তাবিত এই 'নতুন ব্যবস্থা'র অধীনে ইরানের 'অনুমতি ছাড়া' কোনো জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।

    তিনি আরও উল্লেখ করেন যে, ইরান এই প্রণালিতে ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আরোপ করার কথাও ভাবছে।

    তিনি বলেন, “যেহেতু নিরাপত্তা বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে খরচ হয়, তাই এ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ট্রানজিট টোল সংগ্রহের একটি কাঠামো তৈরি করতে হবে।”

    এ ছাড়াও তিনি বলেন যে, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার 'সময় এসে গেছে'।

    তার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার পর এ চুক্তির 'প্রাসঙ্গিকতা' আর থাকে না।

  15. ইরানের হামলায় ইসরায়েলি তেল শোধনাগারে আগুন

    হাইফা এলাকার তেল শোধনাগারের ওপরে ঘন ধোঁয়ার কুণ্ডলী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হাইফা এলাকার তেল শোধনাগারের ওপরে ঘন ধোঁয়ার কুণ্ডলী

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শিল্পাঞ্চলে আঘাত হেনেছে।

    ইসরায়েলের টেলিভিশন চ্যানেল এবং ইরানের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেছে দেখা যাচ্ছে, হাইফা এলাকার একটি তেল শোধনাগারের ওপরে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।

    এই স্থাপনাটিতে যুদ্ধ শুরুর পরই একবার হামলা চালানো হয়েছিল।

    ইসরায়েলের দমকল বাহিনী বলছে, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি ফুয়েল ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

  16. বৈরুতে ফের ইসরায়েলি হামলা

    বৈরুতে ইসরায়েলি হামলা

    ছবির উৎস, Reuters

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ'র অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে।

    আজ সকালে তোলা ছবিতে দেখা গেছে, বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে ধোঁয়া উঠছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তারা ইরান-সমর্থিত এই গোষ্ঠীটির "সন্ত্রাসী অবকাঠামোকে" লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

    লেবাননের গণমাধ্যমও দক্ষিণ বৈরুতে নতুন করে ইসরায়েলি হামলার খবর জানিয়েছে।

    ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। এই সংঘাতের জেরে এখন পর্যন্ত শুধুমাত্র লেবাননেই বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি সংখ্যক মানুষ।

    বিবিসিকে এক শিশু জানায়, বাধ্য হয়ে সপরিবারে বাড়ি ছেড়ে রাস্তায় থাকতে হচ্ছে বলে সে "লজ্জিত"।

  17. রকেট হামলায় ইরাকি বিমান বাহিনীর সামরিক বিমান ধ্বংস

    ক্ষতিগ্রস্ত বিমানের এই ছবি ইরাকি বিমান বাহিনী প্রকাশ করেছে

    ছবির উৎস, mofa.gov.iq

    ছবির ক্যাপশান, ক্ষতিগ্রস্ত বিমানের এই ছবি ইরাকি বিমান বাহিনী প্রকাশ করেছে

    ইরাক জানিয়েছে যে, বাগদাদের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলায় তাদের বিমান বাহিনীর একটি আন্তোনভ আন-১৩২ বিমান ধ্বংস হয়েছে।

    আন্তোনভ আন-১৩২ একটি উন্নত প্রযুক্তির সামরিক পরিবহন বিমান।

    ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার ঘটনাকে একটি "অপরাধমূলক এবং কাপুরুষোচিত" কাজ বলে অভিহিত করেছে, যা "দেশের সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা সক্ষমতাকে লক্ষ্য করে চালানো হয়েছে।"

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, বাগদাদ বিমানবন্দরের অংশ শহীদ মুহাম্মদ আলা বিমান ঘাঁটি লক্ষ্য করে স্থানীয় সময় রাত একটা ৫৫ মিনিটে বাগদাদের উপকণ্ঠ থেকে ১২২ মিলিমিটার রকেট দিয়ে হামলা চালানো হয়।

    হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    ইরাক জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলো ক্ষয়ক্ষতি তদন্ত করছে এবং রকেট হামলার উৎস শনাক্ত করার কাজ শুরু করেছে।

    বিবিসি ফার্সির মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র সংবাদদাতা নাফিসা কোহনাভার্দের মতে, এই প্রথম বাগদাদ বিমানবন্দরের ইরাকি বিমান বাহিনীর কোনো অংশকে লক্ষ্যবস্তু করা হলো। তবে এই হামলাটি ইচ্ছাকৃত ছিল নাকি লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে পড়েছে, তা এখনো স্পষ্ট নয়।

    এর আগে, ইরানপন্থী গোষ্ঠীগুলোর সাথে যুক্ত সংবাদমাধ্যমগুলো নাসর বেস, যা ভিক্টোরিয়া নামেও পরিচিত, সেটি লক্ষ্য করে রকেট হামলার খবর দিয়েছিল, যা বাগদাদ বিমানবন্দর এলাকাতেই অবস্থিত।

    যুদ্ধ শুরুর পর থেকে নাসর বেস প্রায় প্রতিদিনই ইরানপন্থী গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। প্রতিবারই তারা দাবি করে যে, তাদের লক্ষ্য ছিল মার্কিন সামরিক লজিস্টিক সরঞ্জাম।

  18. বিশেষ ব্যবস্থায় ছয় মাসের শিশুকে হামের টিকা দেয়া হবে: নতুন সিদ্ধান্ত

    টিকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকাসহ বেশ কিছু জেলায় হুট করেই শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে

    বাংলাদেশে সম্প্রতি হামের সংক্রমণ বাড়তে থাকায় বিশেষ ব্যবস্থায় এখন ছয় মাসের শিশুকে হামের টিকা দেয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    এখন পর্যন্ত প্রচলিত ব্যবস্থায় দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় নয় থেকে ১৫ মাস বয়সী শিশুদের হামের টিকা দেয়া হত।

    বর্তমান পরিস্থিতিতে নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে বিশেষ ক্যাম্পেইন চালু করার উদ্যোগ নেয় সরকার।

    বিশেষ এই ক্যাম্পেইন কর্মসূচি জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে, এক মাস ধরে চলবে এই কর্মসূচি এবং এর আওতায় প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে।

    সোমবার ৩০শে মার্চ সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।

    তিনি জানান, বর্তমানে দেশে নয় মাস বয়সে শিশুদের হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। "তবে চলমান পরিস্থিতিতে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় বয়সসীমা বাড়ানো হয়েছে। ফলে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই কর্মসূচির মাধ্যমে টিকা পাবে।"

    আরো পড়তে পারেন:

  19. জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা

    অনেকেই তেল মজুত করছেন

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, অনেকেই তেল মজুত করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে

    জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিরুদ্ধে তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে বলা হয়েছে, সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এর আগে তথ্য দাতাদের জন্য পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

    এতে আরও বলা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক পুরস্কারের অর্থ প্রদান নিশ্চিত করবেন।

    এই আর্থিক সম্মানী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

    এই নির্দেশনার মধ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মজুতদারি রোধে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ ও তদারকি জোরদার করার বিষয়টি উল্লেখযোগ্য।

    এছাড়া, জ্বালানি তেলের কার্যকর তদারকি নিশ্চিত করতে সারা দেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

    এ সব টিমের সঙ্গে জনগণের যোগাযোগ সহজ করতে মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।

    পাশাপাশি, তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

  20. যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সতর্কতা

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার

    ইরানের যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রভাবে বিশ্বে খাবারের দাম বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ কর্মকর্তারা।

    বিষয়টি নিয়ে আলোচনার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার সোমবার ডাউনিং স্ট্রিটে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে বসবেন।

    বৈঠকের আগেই একটি সতর্কবার্তা এসেছে যে, ইরান হরমুজ প্রণালি অবরোধ করার পর থেকে কেবল তেলের দামই বাড়েনি, বরং সারের দামের ওপরও কড়া নজর রাখা প্রয়োজন বলে জানিয়েছেন একজন নৌপরিবহন বিষয়ক বিশ্লেষক।

    শিপিং কনসালটেন্সি ফার্ম ‘ভেসপুচি মেরিটাইম’ - এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লার্স জেনসেন বলেছেন, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত সারের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসে।

    বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ প্রোগ্রামে তিনি বলেন, "এর ফলে বিশেষ করে দরিদ্র দেশগুলোতে খাদ্যের দাম অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাবে।"

    এদিকে, যুক্তরাজ্যের ন্যাশনাল ফার্মারস ইউনিয়ন সতর্ক করে বলেছে, জ্বালানি এবং সারের দাম বেড়ে যাওয়ার মানে হচ্ছে অবধারিতভাবে জাতীয় পর্যায়ে খাদ্যপণ্যের দাম বাড়বে।

    পূর্ব লন্ডনের একটি দোকান

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, পূর্ব লন্ডনের একটি দোকান