বলিউডে নিষেধাজ্ঞার মুখে 'ধুরন্ধর' খ্যাত রণবীর সিং, কেন বিতর্কে 'ডন থ্রি'?

জার্মানিতে একটি চলচ্চিত্র উৎসবে রণবীর সিং
ছবির ক্যাপশান, জার্মানিতে একটি চলচ্চিত্র উৎসবে রণবীর সিং
Published
পড়ার সময়: ৫ মিনিট

বলিউডের চার লাখের বেশি অভিনেতা ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার রণবীর সিংয়ের সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছে।

অভিনেতা ও কলাকুশলীদের অন্যতম সর্ববৃহৎ সংগঠনফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর তরফ থেকে সোমবার ২৫শে মে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

'ডন থ্রি' ছবি থেকে রণবীর সিং সরে যাওয়ার জের ধরে ফেডারেশনের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ফেডারেশন জানিয়েছে, গত তিন বছর ধরে এই ছবিটি তৈরির প্রক্রিয়া চলছিল।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বা এফডব্লিউআইসিই হলো, পশ্চিম ভারতে কর্মরত চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, টেকনিশিয়ান ও অন্যান্য কর্মচারীদের সংগঠন। বলিউডের চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত বহু অভিনেতা এই সংগঠনের সদস্য।

'ডন থ্রি' ছবির নির্মাতা ফারহান আখতার এবং তার সহযোগী রীতেশ সিদ্ধওয়ানি রণবীর সিংয়ের বিরুদ্ধে 'ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডাইরেক্টরস অ্যাসোসিয়েশন'-এ লিখিত অভিযোগ করেছিলেন। পরে এই অ্যাসোসিয়েশন ঘটনার তদন্ত ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর কাছে হস্তান্তর করে।

এর পরেই বিতর্কের কেন্দ্রে থাকা অভিনেতা রণবীর সিং এই ঘটনায় প্রথম প্রতিক্রিয়ায় বলেন, তিনি জনসমক্ষে জবাব দেওয়া বা কোনো রকম জল্পনা-কল্পনাকে উসকিয়ে দেওয়া কখনো প্রয়োজন মনে করেননি। তিনি নিজের কাজ ও ভবিষ্যৎ দায়িত্বের প্রতি দায়বদ্ধ।

'ডন থ্রি' ছবিটি জনপ্রিয় 'ডন' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হওয়ার কথা। এই ছবিতে রণবীর সিং নতুন মুখ হবেন বলে জানানো হয়েছিল।

প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ছিল ডন, যা ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল, যাতে মুখ্য চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। পরে এই ফ্র্যাঞ্চাইজির ছবিগুলিতে প্রধান চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।

এই ছবির শুটিং এখনও শুরু হয়নি, তবে নির্মাতারা জানিয়েছেন, এই ছবির প্রি প্রোডাকশনেই ভারতীয় মুদ্রায় ৪৫ কোটি টাকার বেশি খরচ হয়ে গিয়েছে।

স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে আবু ধাবিতে রণবীর সিং
ছবির ক্যাপশান, স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে আবু ধাবিতে রণবীর সিং

বিতর্ক ঠিক কী নিয়ে?

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

'ডন থ্রি' ছবি থেকে রণবীর সিংয়ের সরে যাওয়ার পরেই বিতর্ক সৃষ্টি হয়।

রণবীর সিংয়ের এই সিদ্ধান্তের পরেই ফারহান আখতারের প্রোডাকশন কোম্পানি 'এক্সেল এন্টারটেনমেন্ট' প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেন ও দাবি করেন, অভিনেতার শেষ মুহূর্তে ছবি থেকে সরে যাওয়ায় প্রায় ৪০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

তবে রণবীর সিং ঠিক কী কারণে ছবিটি ছেড়ে দিলেন, সেই নিয়ে কোনও বিবৃতি কোনও পক্ষ থেকে আসেনি।

যদিও কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি 'স্ক্রিপ্ট পছন্দ না হওয়ার কারণে' এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

যদিও পরে রণবীর সিং অভিযোগ করেছিলেন যে ফারহান আখতার হৃতিক রোশনকে এই ছবিতে নিতে চেয়েছিলেন, কিন্তু ধুরন্ধরের সাফল্যের পরে তিনি সিদ্ধান্ত বদল করেন।

যদিও কিছুদিন আগে হৃতিক রোশন স্পষ্ট করে দিয়েছেন যে, 'ডন থ্রি' ছবির জন্য কখনোই কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি।

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, "জল্পনা থেকে শুরু হয়ে বিষয়টা এখন অন্য রূপ ধারণ করেছে, তাই সত্যটা সামনে আসা জরুরি। আমি স্পষ্ট করতে চাই যে কেউ কখনো আমার সঙ্গে 'ডন থ্রি' ছবির জন্য যোগাযোগ করেননি। সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, তারা যেন গুজবে কান না দেন।"

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানিয়েছেন যে, ‘ডন ৩’-এর টিম তার কাছে তাদের অভিযোগগুলো তুলে ধরেছিল।
ছবির ক্যাপশান, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানিয়েছেন যে, 'ডন ৩'-এর টিম তার কাছে তাদের অভিযোগগুলো তুলে ধরেছিল।

কী বলছে প্রযোজনা সংস্থা?

ফেডারেশনের মুখ্য পরামর্শদাতা অশোক পণ্ডিত মুম্বইতে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, "১১ই এপ্রিল ফারহান আখতার অভিযোগ করেছেন যে, শুটিং শুরু করার জন্য ক্রু লোকেশনের উদ্দেশে রওনা হওয়ার তিন সপ্তাহ আগে রণবীর ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন।"

রণবীর সিংয়ের সরে যাওয়ার সিদ্ধান্তের পরেই প্রডাকশন টিমের সঙ্গে আলোচনায় বসে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লইজ।

অশোক পণ্ডিত বলেন, "তারা দুই ঘণ্টা ধরে আমাকে তাদের বক্তব্য শুনিয়েছেন। তারা প্রি প্রোডাকশনের জন্য হওয়া খরচের হিসাবও বিস্তারিতভাবে দেখিয়েছেন, যা অডিটের আওতায় আছে। এর মধ্যে ২০০-র বেশি কর্মচারীর হোটেল, লোকেশন ও বিদেশ যাত্রার বুকিংয়ের খরচ রয়েছে। সব কিছুরই হিসাব আছে। কোনও কথাই বিন্দুমাত্র বানানো নয়।"

এই প্রজেক্টের অর্থায়নকারী সংস্থা 'এক্সেল এন্টারটেনমেন্ট' ইতিমধ্যেই রণবীর সিংয়ের থেকে প্রি- প্রডাকশন বাবদ হওয়া খরচের ক্ষতিপূরণ বাবদ ৪৫ কোটি টাকা চেয়েছে।

ফেডারেশন জানিয়েছে, আত্মপক্ষ সমর্থন ও নিজের যুক্তি দিতে রণবীর সিংকে ফেডারেশনের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ১০ দিনে তাকে তিনবার ডাকার পরেও তিনি কোনও উত্তর দেননি।

ফেডারেশনের অধ্যক্ষ বিএন তিওয়ারি বলেছেন, "আমরা ইন্ডাস্ট্রিকে বার্তা দিতে চাই যে কোনও সুপারস্টারই আইনের ঊর্ধ্বে নন। যতদিন না তিনি নিজে আমাদের সঙ্গে দেখা করছেন, আমরা তার সঙ্গে কোনও সহযোগিতা করব না।"

ফারহান আখতারের সঙ্গে রণবীর সিং
ছবির ক্যাপশান, ফারহান আখতারের সঙ্গে রণবীর সিং

রণবীর সিংয়ের বক্তব্য কী?

এই বিতর্কের মাঝের রণবীর সিংয়ের মুখপাত্র একটি বক্তব্য দিয়েছেন। সেখানে বলা হয় যে, অভিনেতা রণবীর সিং ইন্ডাস্ট্রি ও 'ডন ফ্র্যাঞ্চাইজি'র সঙ্গে যুক্ত সব মানুষকে অত্যন্ত সম্মান করেন।

ওই বক্তব্যে আরও বলা হয়, 'ডন থ্রি'-র সঙ্গে যুক্ত সাম্প্রতিক কিছু ঘটনা চলাকালীন রণবীর সিং চুপ করে থাকাই শ্রেয় মনে করেছিলেন। কিন্তু তিনি মনে করেন, 'পেশাদার আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা, পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে পরিচালিত হওয়া উচিত।'

সেখানে দাবি করা হয় যে, সময়ের সঙ্গে অনেক ধরণের জল্পনা ছড়াতে শুরু হয়েছিল। কিন্তু 'তিনি কখনোই জনসমক্ষে প্রতিক্রিয়া দেওয়া বা জল্পনাকে উসকে দেওয়াকে সঠিক বলে মনে করেননি। তিনি তার কাজ ও ভবিষ্যৎ দায়িত্বের প্রতি দায়বদ্ধ।'

মুখপাত্র আরও বলেন যে রণবীর সিং এই ছবির সঙ্গে যুক্ত সবার প্রতি সম্মান ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ছবির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ডন ছবির পোস্টার
ছবির ক্যাপশান, ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ডন ছবির পোস্টার

'ডন ফ্র্যাঞ্চাইজি'

২০২৩ সালে ঘোষণা করা হয়েছিল যে, তৃতীয় 'ডন' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং।

ফারহান আখতার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, "এক নতুন যুগের সূচনা।"

'ডন' হলো ১৯৭৮ সালের একটি ক্লাসিক চলচ্চিত্র, যেখানে সেই সময়ের বক্স অফিস সুপারস্টার বলে পরিচিত অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন।

ফারহান আখতার ২০০৬ সালে ডন ছবির প্রথম রিমেকটি তৈরি করেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।

২০১১ সালে তিনি এর সিক্যুয়েল 'ডন ২' তৈরি করেন, যেখানেও নাম ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে।