শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান, কমতে শুরু করেছে তেলের দাম

ছবির উৎস, Reuters
রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে 'সম্পূর্ণ ও নিরাপদভাবে' চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিবে।
যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে জানিয়ে মি. শরীফ বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে।
"আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘোষণা করছি যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে," বলেছেন মি. পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য উভয়পক্ষ স্বাগত জানিয়েছেন তিনি।
"উভয় দেশ যে বিচক্ষণতা ও দূরদর্শিতা প্রদর্শন করেছে, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এই উচ্চপর্যায়ের মধ্যস্থতায় দুই পক্ষই অত্যন্ত গঠনমূলকভাবে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করেছে," সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন শাহবাজ শরীফ।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 'বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও আলোচনার জন্য' দশই এপ্রিল শুক্রবার ইসলামাবাদে একটি বৈঠক ডেকেছে পাকিস্তান। সেখানে উভয়পক্ষের প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন মি. শরীফ।
"আমরা আন্তরিকভাবে আশা করি, 'ইসলামাবাদ আলোচনা' টেকসই শান্তি অর্জনে সফল হবে এবং আগামী দিনগুলোতে আরও সুসংবাদ জানাতে ইচ্ছুক," বলেন মি. শরীফ।

ছবির উৎস, RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOCK
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
"পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে," সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ট্রাম্প।
অন্যদিকে, ইরান সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম এটিকে শাসকগোষ্ঠীর একটি বড় বিজয় হিসেবে তুলে ধরছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসিআই) থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরান এই যুদ্ধে তার 'প্রায় সব লক্ষ্যেই অর্জন করেছে এবং শত্রুপক্ষ একটি ঐতিহাসিক ব্যর্থতার সম্মুখীন হয়েছে।'
যুদ্ধবিরতির খবরে ইরানে সাধারণ নাগরিকদেরকে সড়কে আনন্দ মিছিল করতে দেখা গেছে।








