বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:
- বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। সন্ধ্যায় নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ছয় জন সংসদ সদস্য এই ভোটে অংশ নেননি।
- বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীসহ বিরোধী দলীয় প্রার্থী অলি আহমদ। এছাড়া তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
- কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের অগ্নিকাণ্ডের এক দিন কেটে যাওয়ার পরে শনাক্ত করা হলো আরও দুই জন বাংলাদেশি পর্যটকের মরদেহ। এতে নিহত নয়জনের মধ্যে বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো সাতজনে।
- গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।
- পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই’ এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশে 'আইনের ব্যত্যয় ঘটেছে' দাবি করে এটি পুনর্বিবেচনার আবেদন করেছে বলে সরকার, জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
- যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী জর্জ ওয়াশিংটন বুধবার মধ্যপ্রাচ্যে সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় এবং ইরানের নিকটবর্তী অঞ্চলে প্রবেশ করেছে।
- ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গোষ্ঠীটি সৌদি আরবের ‘সংবেদনশীল’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
- লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দেশটির দক্ষিণে ভারী কামান নিয়ে হামলা চালিয়েছে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো। এমন এক সময়ে এই হামলা হলো, যখন ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা চালু করবেন, পাশাপাশি যেসব দেশ ইরানকে সহায়তা করে বা তার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবেন। তার এই হুমকির পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র সামরিক যুদ্ধে ব্যর্থ হয়ে অর্থনৈতিক যুদ্ধ শুরু করছে বলে মন্তব্য করেছেন ইরানি কর্মকর্তারা।
- ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, আবার “যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের অস্ত্র সব দিক থেকেই অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে”।
- সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হয়েছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দীপু মনি। নির্ধারিত সময় শেষে সন্ধ্যা ছয়টায় তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
- বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন- দিল্লিতে এমন আশা করা হচ্ছে বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী তাকে জানিয়েছেন।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।