আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরান চুক্তি না করলে ‘একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হবে’- ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে "আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।" এদিকে বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলেও তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত। অন্যদিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • নিরাপত্তা পরিষদে বাহরাইনের তোলা হরমুজ প্রণালিতে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
    • ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার ও জ্যাক প্যারিস দেশটি ত্যাগের অনুমতি পেয়েছেন।
    • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের ব্যবহৃত রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ব্যবহার করে এমন আটটি সেতুতে তারা হামলা করেছে।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে "আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।"
    • দেশজুড়ে সব বিদ্যুৎকেন্দ্রের চারপাশে মানববন্ধন গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শাসকরা। বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজ এ খবর জানিয়েছে। ইরান হুমকি দিয়েছে যে, হামলা হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে দেওয়া হবে।
    • চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফিরতে শুরু করেছে নাসা'র আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়লেন তারা।
    • আজ মঙ্গলবার, সাতই এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও লক্ষণ নিয়ে ১১ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া, এ সময়ের মাঝে নতুন করে এক হাজার ২৩৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
    • দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমদানি করা হচ্ছে অকটেন ও ফার্নেস অয়েলের আরও দু'টি চালান।
    • অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত একাধিক বিল আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
    • বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে।
    • সরকার বিরোধী পোস্ট দিয়ে ভোলায় গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামী'র নারী কর্মী সাওদা সুমিকে জামিন দিয়েছে আদালত।
    • তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, ইস্তানবুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলির ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন।
    • বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ঢাকার লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে। তেহরানও তার পাল্টা হামলা করে যাচ্ছে।
    • ইরানের বিমান হামলার কারণে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী একমাত্র সড়ক পথ, 'কিং ফাহাদ কজওয়ে' সেতুটি পুনরায় চালু হয়েছে।
    • হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের তৃতীয় একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।
    • ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ইরানে বসবাসকারীদের আজ ট্রেনে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করে বার্তা দিয়েছে।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলা'র মূল পাতায়।

  2. ইরান যুদ্ধ: ট্রাম্প কি তার সর্বশেষ হুমকি নিয়ে সিরিয়াস?

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে "আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।"

    এ বিষয়ে বিবিসি'র নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাংক গার্ডনার বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছেন।

    ফ্রাংক গার্ডনার লিখেছেন যে ইরান থেকে পুরো সভ্যতা মুছে দেওয়ার যে হুমকি দিয়েছেন ট্রাম্প, সেটি তার আগে দেওয়া হুমকিগুলোর চেয়েও বেশি হতবাক করে দিয়েছে, যেগুলোতে তিনি অ-রাষ্ট্রপতিসুলভ, কিছুটা অশোভন শব্দ ব্যবহার করেছিলেন।

    "আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে" – ট্রাম্পের এমন বক্তব্য, তা ব্লাফ (ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ) হলেও তার এই হুমকি তাকে সেইসব লোকদের কাতারেই দাঁড় করিয়ে দিচ্ছে, যারা মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক সভ্যতার নিদর্শন ধ্বংস করতে চেয়েছে, বলছেন বিবিসি সংবাদদাতা।

    গার্ডনার তার লেখায় কয়েকটি উদাহরণ তুলে ধরেন। যেমন, তালিবান ষষ্ঠ শতকের বামিয়ান বুদ্ধমূর্তি ধ্বংস করেছিল। আইসিস দ্বিতীয় শতকের প্রাচীন নগরী পালমিরার অংশগুলো ধ্বংস করেছিল।

    "ডোনাল্ড ট্রাম্প কি ইতিহাসে সেই ব্যক্তি হিসেবে পরিচিত হতে চান, যিনি ইরানের প্রাচীন সভ্যতার অমূল্য নিদর্শন, যেমন – পারস্য সাম্রাজ্যের রাজধানী পার্সেপোলিসের ধ্বংসাবশেষ বা ইউনোস্কো'র বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা ইরানের 'ফ্রাইডে মস্ক অব ইসফাহান'-এর মতো স্থাপনা বোমা মেরে উড়িয়ে দিয়েছিলেন?" প্রশ্ন গার্ডনারের।

    ''রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নির্মম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এর মাঝেও তিনি কিয়েভের গির্জাগুলোর সোনালি গম্বুজগুলো ধ্বংস করা থেকে বিরত থেকেছেন'', যোগ করেন তিনি।

    তার মতে, "এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সেতু বা বিদ্যুৎকেন্দ্রের মতো অবকাঠামো বোঝাতে 'সভ্যতা' শব্দটিকে হালকাভাবেও ব্যবহার করে থাকেন, তাহলেও তার এই ধরনের হুমকি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে আইনজীবীরা বলছেন, এখানে কিছুটা ধোঁয়াশা রয়েছে, কারণ যদি এটা প্রমাণ করা যায় যে কোনো স্থাপনা আসলে সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে, তাহলে তা যুদ্ধাপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে না।"

  3. হরমুজ প্রণালি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও চীনের ভেটো

    নিরাপত্তা পরিষদে বাহরাইনের তোলা হরমুজ প্রণালিতে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

    মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই প্রস্তাব আনে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন।

    একসপ্তাহ ধরে আলোচনার পর প্রস্তাবে কিছুটা পরিবর্তন এনে সামরিক শক্তি প্রয়োগের বদলে দেশগুলোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার মতো শব্দ ব্যবহার করা হয়েছিল।

    প্রস্তাবে বলা হয়েছে, সদস্য দেশগুলো যেন পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে, যাতে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করা যায়।

    ১১টি দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে।

  4. ইরানে আটক দুই ফরাসি নাগরিক মুক্ত: এমানুয়েল ম্যাখোঁ

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার ও জ্যাক প্যারিস দেশটি ত্যাগের অনুমতি পেয়েছেন।

    এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সহায়তা করা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

    গত বছর ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে কোহলার ও প্যারিসকে দীর্ঘ কারাদণ্ড দেয়।

    তারা ২০২২ সালের মে মাসে পর্যটক হিসেবে ইরান সফরের সময় গ্রেফতার হন।

    ফ্রান্স আগে অভিযোগ করেছিল, কোহলার ও প্যারিসকে ইরান অন্যায়ভাবে আটক করে রেখেছে এবং তাদেরকে এমন পরিস্থিতিতে রাখা হয়েছিল, যা নির্যাতনের শামিল। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

  5. তেহরানে হামলার পর ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ

    মঙ্গলবার ইরানে আরও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    এটি এমন সময় ঘটেছে যখন ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়ে আসছে।

    ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৬টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে চুক্তিতে আসতে রাজি না হয়, তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে।

    ট্রাম্পের ভাষায়, তাহলে "আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।"

    ইরানের রাজধানী তেহরান থেকে আসা সাম্প্রতিক ছবিগুলোতে ধ্বংস হওয়া ভবন, আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। বিভিন্ন এলাকায় জরুরি সেবা কর্মীদের উদ্ধার তৎপরতা চালাতেও দেখা যায় সেগুলোতে।

  6. ইরানের রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল: নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের ব্যবহৃত রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

    এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, "গতকাল আমরা পরিবহন বিমান ও ডজনখানেক হেলিকপ্টার ধ্বংস করেছি। আজ আমরা বিপ্লবী গার্ডসের ব্যবহৃত রেললাইন ও সেতুগুলোতে হামলা চালিয়েছি।"

    এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী - আইডিএফ জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ব্যবহার করে এমন আটটি সেতুতে তারা হামলা করেছে।

    এইডিএফ-এর মতে, ইরানের তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ বিভিন্ন শহরে এসব হামলা হয়েছে।

    এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, কাশানের একটি সেতুতে হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

    ওই ঘটনার কয়েক ঘণ্টা আগে ইসরায়েল ইরানের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ট্রেনে না ওঠার সতর্কবার্তা দিয়েছিল।

  7. ইরান যুদ্ধে ট্রাম্প এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে "আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।"

    এ নিয়ে এটি-ই যে তার প্রথম হুমকি, তেমনটা নয়। এর আগে দেওয়া তার হুমকিগুলোর সংক্ষিপ্ত বিবরণী:

    ডেডলাইন ১:গত ২১শে মার্চ ডোনাল্ড ট্রাম্প বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবেন এবং এই হামলা শুরু করবেন সবচেয়ে বড়টি ধ্বংস করার মধ্য দিয়ে।

    ডেডলাইন ২:ওই ঘোষণার দুই দিন পর তিনি জানান, দুই দেশের মধ্যে "খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা" হয়েছে। তিনি তখন ইরানের জ্বালানি স্থাপনার ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেন।

    ডেডলাইন ৩:গত ২৭শে মার্চ তিনি ইরান সরকারের অনুরোধের কথা উল্লেখ করে আরও ১০ দিনের জন্য হামলা স্থগিত করেন, যা গিয়ে দাঁড়ায় ছয়ই এপ্রিল পর্যন্ত।

    ৪৮ ঘণ্টার সতর্কবার্তা: শুক্রবার, ছয়ই এপ্রিলের সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, ইরানের কাছে “আরও ৪৮ ঘণ্টা” সময় আছে, এরপর তিনি "পুরো শক্তি প্রয়োগ করবেন।"

    রোববারের হুমকি:রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া অশালীন শব্দ সম্বলিত এক পোস্টে, তিনি পুনরায় সেই হুমকি দেন এবং বলেন, "মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস। মঙ্গলবার রাত ৮টা, ইস্টার্ন টাইম।"

    সর্বশেষ হুমকি:আজ মঙ্গলবার বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যায় ট্রাম্প ফের ট্রুথ সোশ্যালে লেখেন, "আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি চাই না এটা ঘটুক, কিন্তু সম্ভবত তা ঘটবে।"

  8. সকল বিদ্যুৎকেন্দ্রের চারদিকে মানববন্ধন তৈরির জন্য তরুণদের প্রতি আহ্বান ইরানের শাসকদের

    দেশজুড়ে সব বিদ্যুৎকেন্দ্রের চারপাশে মানববন্ধন গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শাসকরা। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ এ খবর জানিয়েছে।

    ইরানের শাসকদের এই ধরনের আহ্বানের কারণ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ফের হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানের ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা যদি মঙ্গলবার রাত ৮টার (ইডিটি) মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে চুক্তিতে আসতে রাজি না হয়, তাহলে "আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে"

    ইরানের তরুণদের প্রতি মানবন্ধন তৈরির আহ্বান এবং ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে পুরো ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি এমন সময় হলো, যখন গত রোববার এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন যে ইস্টার্ন টাইম মঙ্গলবার রাত ৮টা (বাংলাদেশ সময় অনুযায়ী এটি আগামীকাল বুধবার ভোর ৬টা) হবে "বিদ্যুৎকেন্দ্র ও সেতু দিবস।" এর মাধ্যমে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

  9. ইরান চুক্তি না করলে ‘একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হবে’- ট্রাম্পের হুঁশিয়ারি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে "আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।"

    ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, "আমি চাই না এটা ঘটুক, কিন্তু সম্ভবত তা ঘটবে। তবে এখন যেহেতু দেশটির শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে এবং সেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান ও অপেক্ষাকৃত কম উগ্র মানসিকতার মানুষ নেতৃত্বে এসেছে; সেহেতু হয়তো ইতিবাচক কিছুই ঘটবে। কে বলতে পারে!"

    "আমরা এটি আজ রাতেই জানতে পারবো। পৃথিবীর দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। অবশেষে গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান হবে। ঈশ্বর ইরানের জনগণের ভালো করুক!''

    উল্লেখ্য, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানকে মঙ্গলবার রাত ৮টা (ইডিটি) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় অনুযায়ী এটি আগামীকাল বুধবার ভোর ৬টা।

  10. চাঁদ থেকে পৃথিবীর দিকে ফিরে আসছে আর্টেমিস-২

    চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফিরতে শুরু করেছে নাসা'র আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়লেন তারা।

    এর আগে মহাকাশে এত দূরে কোনো মানুষ যেতে পারেনি। নতুন এই রেকর্ড গড়ার সময় পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন নভোচারীরা। প্রায় ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পুনরায় সংযোগটি স্থাপিত হয়।

    যোগাযোগ পুনঃস্থাপনের পর নভোচারী ক্রিস্টিনা কচ বলেন, "পৃথিবীর সঙ্গে আবার যোগাযোগ করতে পেরে দারুণ লাগছে।"

    এর কিছুক্ষণ পর মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠের কয়েক হাজার মাইলের মধ্যে দিয়ে অতিক্রম করে এবং নভোচারীরা একটি পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হন।

    উল্লেখ্য, গতকাল সোমবার গ্রিনিচ মান মন্দিরের সময় বিকেল তিনটা ৫৮ মিনিটে চার নভোচারী চাঁদের পেছন দিকে সবচেয়ে দূরবর্তী জায়গায় পৌঁছান।

    এর আগে ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো-১৩ অভিযানে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় ভ্রমণ করেছিলেন। ওই সময় তারা পৃথিবী থেকে প্রায় চার লাখ ১৭১ কিলোমিটার বা প্রায় দুই লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরে ভ্রমণ করেছিলেন।

    এ নিয়ে আরও পড়তে পারেন:

  11. হাম ও হামের লক্ষণ নিয়ে একদিনে ১১ রোগীর মৃত্যু

    আজ মঙ্গলবার, সাতই এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও লক্ষণ নিয়ে ১১ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া, এ সময়ের মাঝে নতুন করে এক হাজার ২৩৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এমন রোগীর সংখ্যা ছিল একজন।

    গত ১৫ই মার্চ থেকে আজ অবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২৮। আর এই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে মোট ২১ জনের।

    হাম নিয়ে পড়তে পারেন:

  12. বুধবার ৫১ হাজার টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে দু'টি জাহাজ

    দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমদানি করা হচ্ছে অকটেন ও ফার্নেস অয়েলের আরও দু'টি চালান।

    জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে।

    বুধবার, আটই এপ্রিল জাহাজ দু'টি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

    আজ মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    বিপিসি সূত্র জানায়, মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজ। আইসল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি আগামী বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে, গত তেসরা এপ্রিল জাহাজটি মালয়েশিয়া থেকে রওনা দেয়। বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে। একই দিনে মালয়েশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের একটি জাহাজও দেশে আসছে।

    অন্যদিকে, এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। নাইজেরিয়া থেকে আসা ‘কুল ভয়েজার’ জাহাজে রয়েছে এলএনজি, যার স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট।

    এছাড়া, চীন থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস জার্নি’ নামের জাহাজটি, যার স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস শেষে জাহাজ দুটি বুধবার বন্দর ত্যাগ করবে বলে জানা গেছে।

  13. সংসদে একাধিক বিল পাস

    অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত একাধিক বিল আজ জাতীয় সংসদে পাস হয়েছে।

    বিলগুলোর ওপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটে সরাসরি সেগুলো পাস হয়।

    অন্তর্বর্তী সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।

    আজ পাস হওয়া বিলগুলোর ক্ষেত্রে বিশেষ কমিটি এগুলোকে অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছিল।

    পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’, ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬’, ‘দেওয়ানি আদালত (সংশোধন) বিল, ২০২৬’, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬’, ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’।

  14. বিসিবি'র পরিচালনা পর্ষদ ভেঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন

    বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে।

    এই কমিটির মেয়াদ হবে তিনমাস।

    আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ কথা জানিয়েছেন।

    কমিটির অন্য সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম।

    আমিনুল ইসলাম এহসান বলেন, "পুরো কমিটির তথ্য বাস্তবায়িত হিসেবেই বিবেচনা করতে হবে। কারণ আমরা ইতোমধ্যে সবগুলো বিষয় উল্লেখ করে আইসিসিকে কমিটি ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছি এবং একইসাথে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়েছে। "

    যে সকল অনিয়মের কারণে কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং যে কারণে নতুন কমিটি গঠন করা হয়েছে, আইসিসি তাতে একমত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    গত ছয়ই অক্টোবর নির্বাচনের মাধ্যমে বিসিবির সর্বশেষ বোর্ড গঠিত হয়েছিল, যার সভাপতি নির্বাচিত হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

    নির্বাচনের আগে তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিএনপি নেতা ইশরাক হোসেনের দ্বন্দ্বের বিষয় সামাজিক আলোচনা তৈরি করেছিল।

  15. সরকার বিরোধী পোস্ট দিয়ে গ্রেফতার সাওদা সুমি'র জামিন

    সরকার বিরোধী পোস্ট দিয়ে ভোলায় গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামী'র নারী কর্মী সাওদা সুমিকে জামিন দিয়েছে আদালত।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বরাতে দলটির ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে খবরটি জানানো হয়।

    কোর্টহাজত থেকে বের হওয়ার সময় তাকে জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন।

    এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে রোববার রাতে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

  16. ইস্তানবুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গুলিতে একজন নিহতের খবর

    তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, ইস্তানবুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলির ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন।

    তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে আরও বলা হয়েছে, এ ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।

    ইস্তানবুলের গভর্নর দাভুত গুল বলেছেন, একজন হামলাকারী নিহত হয়েছেন এবং আহত আরও দু’জনকে ‘প্রতিহত’ করা হয়েছে। সিএনএন তুর্কের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    তিনি বলেন, “আমাদের পুলিশ বাহিনীর ওপর একটি হামলা হয়েছিল। এতে আমাদের দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সন্ত্রাসীদের একজন নিহত হয়েছে, আরেক দু’জন আহত অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে। আমাদের পুলিশের নেওয়া সতর্কতামূলক ব্যবস্থার কারণে এই বড় হামলাটি ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্যেই মোকাবিলা করা সম্ভব হয়েছে।”

    এর আগে তুর্কি গণমাধ্যম জানিয়েছিল, অন্তত দু’জন হামলাকারী নিহত হয়েছেন।

  17. রিমান্ড নাকচ করে শিরীন শারমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ঢাকার লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আজ মঙ্গলবার দুপু্রে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

    ​কারাগারে রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, শিরীন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামী জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটকে রাখা প্রয়োজন।

    পরে এই আবেদনের শুনানির সময় দুইদিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। তবে, শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

    মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ই জুলাই কোটা আন্দোলন চলাকালে আজিমপুর সরকারি কলোনির ভেতরে ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে এবং মামলার অন্যান্য আসামিদের পরিকল্পনা ও নির্দেশে চালানো হয়।

    এই মামলার তিন নম্বর আসামি হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে।

    মঙ্গলবার ভোর চারটার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়।

    পরে তাকে ঢাকার মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

  18. মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে। তেহরানও তার পাল্টা হামলা করে যাচ্ছে।

    গত কয়েক ঘণ্টায় ইরান যেসব দেশে হামলা চালিয়েছে, তার সংক্ষিপ্ত চিত্র এখানে তুলে ধরা হলো:

    সৌদি আরব: দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তারা ইরান থেকে ছোড়া ১৮টি ড্রোন ধ্বংস করেছে।

    বাহরাইন: সাইরেন বেজে ওঠার পর কর্তৃপক্ষ বাসিন্দাদের রাতভর নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।

    সংযুক্ত আরব আমিরাত: দেশটি জানিয়েছে, রাতভর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে গেছে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ইউএই'কে লক্ষ্য করে এখন পর্যন্ত ৫১৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুই হাজার ২১০টি ড্রোন ছোড়া হয়েছে।

    ইসরায়েল: দেশটির জরুরি সেবা কিছু ভিডিও প্রকাশ করেছে। সেগুলোতে দেখা গেছে যে ইসরায়েলের মধ্যাঞ্চলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

    ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফল। এই হামলায় কেউ আহত হয়েছে কিনা, তা জানানো হয়নি। তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত এক দিনে ১৩৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    ইরাক: ইরাকি কুর্দিস্তানের রাজধানী এরবিলে এক দম্পতি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার প্রেসিডেন্ট। কুনা সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান সেখানে একটি ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে এই ঘটনা ঘটেছে।

  19. সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী সেতু পুনরায় চালু

    ইরানের বিমান হামলার কারণে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী একমাত্র সড়ক পথ, 'কিং ফাহাদ কজওয়ে' সেতুটি পুনরায় চালু হয়েছে।

    এই সেতুর নিকটবর্তী জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটে। সেখান থেকে ধ্বংসাবশেষ এসে কোনো ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেতুটি বন্ধ করে দেয় সৌদি আরব কর্তৃপক্ষ।

    পরে প্রায় পাঁচ ঘণ্টা পর পুনরায় সেতুটি চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, সেতু দিয়ে যানবাহন চলাচল আবার শুরু হয়েছে।

    এই সেতুটি প্রায় ১৫ দশমিক পাঁচ মাইল দীর্ঘ, যা উপসাগরীয় দেশ সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করেছে।

  20. গত ১০ দিনে ‘সবচেয়ে বেশি হামলা’ ইরানে, বলছে পর্যবেক্ষক সংস্থা

    হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

    রাতভর প্রকাশিত এক হালনাগাদ তথ্যে সংস্থাটি জানায়, সোমবার ৬ই এপ্রিল সারা দেশে ৪৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।

    এইচআরএএনএ বলছে, এই ২৪ ঘণ্টার সময়কালটি “গত ১০ দিনে দেখা সবচেয়ে বেশি হামলার হারকে চিহ্নিত করে”।

    সোমবার পুরো ইরানে বেশ কয়েকটি বড় হামলা হয়। এর মধ্যে ছিল তেহরানের বাহারেস্তানে একটি আবাসিক ভবনে, শরিফ বিশ্ববিদ্যালয়ে এবং দক্ষিণ বুশেহর প্রদেশের আসালুইয়েহে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা।

    এইচআরএএনএ জানায়, মাঠপর্যায়ের প্রতিবেদন, স্থানীয় যোগাযোগ, চিকিৎসা ও জরুরি সূত্র, নাগরিক সমাজের নেটওয়ার্ক এবং ছবি, ভিডিও ও প্রাসঙ্গিক সরকারি বিবৃতির মতো উন্মুক্ত সূত্রের সমন্বয়ে তারা এসব পরিসংখ্যান তৈরি করে।