আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়াও। এদিকে, জুনে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর প্রথমবারের মতো শীর্ষস্থানীয় ইরানি ও মার্কিন কর্মকর্তারা নিউইয়র্কে বৈঠক করেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. ডেঙ্গুতে মৃতের সংখ্যা দুইশো ছাড়ালো

    সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০১ জনে দাঁড়ালো।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬৬ জন।

    এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৬৭ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি এলাকায় দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছে। তাদের মধ্যে চার জন পুরুষ ও দুজন নারী।

  2. সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমতি মিলবে না

    সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

    একই সঙ্গে সরকার হাসপাতালের এই সীমানার মধ্যে থাকা যে ক্লিনিকগুলো রয়েছে তাতে প্র্যাকটিস করতে পারবেন না সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

    বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম।

    তিনি জানান, এ সংক্রান্ত একটি চিঠিও এরই মধ্যে জারি করা হয়েছে।

    ডা. ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, সে অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে”।

    কবে থেকে এই নির্দেশনা কার্যকর করা হবে এমন প্রশ্নের জবাবে ডা. ইসলাম বিবিসি বাংলাকে বলেন, এই চিঠি জারির সাথে সাথেই এই নির্দেশনা কার্যকর হয়ে গেছে।

    অভিযোগ রয়েছে, বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে যে সব রোগী ভর্তি হতে আসেন তাদের বিভিন্ন চক্র কৌশলে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে উদ্বুদ্ধ করে। আবার অনেক সময় হাসপাতালের কর্মঘণ্টার মধ্যেই কাছাকাছি থাকা ক্লিনিকে প্রাকটিস করেন বা রোগী দেখেন সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

  3. হাম উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৯৭৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৫৭ জন।

    ১৫ই মার্চ থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জন।

    ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৩ জন এবং গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৮১৫ জন।

    গত ১৫ই মার্চ থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬২ হাজার ৪৮ জন।

    একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৫৫ হাজার ৬১২ জন।

    গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে, ১৫ই মার্চ থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

  4. জাতিসংঘে তারেক রহমানের কর্মসূচি নিয়ে যা জানালেন মাহ্দী আমিন

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই গুরুত্বপূর্ণ ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

    মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

    উপদেষ্টা মি. আমিন বলেন, “বাংলাদেশের স্বার্থকে কীভাবে প্রাধান্য দেওয়া যায় এবং জনগণের স্বার্থকে সবার আগে রাখা যায়, বিশ্বমঞ্চে একজন নির্বাচিত সরকারপ্রধান হিসেবে বাংলাদেশের মর্যাদাকে কীভাবে আরও উপরে নিয়ে যাওয়া যায়, সেটাই নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী”।

    তিনি বলেন, “প্রথম দিনে প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়”।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বহুপক্ষীয় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন বলে তিনি জানান।

  5. বাস ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি

    জ্বালানির মূল্যবৃদ্ধির পর গণপরিবহণের ভাড়ার বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল মঙ্গলবারই। একদিন পর বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

    অন্যদিকে, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

    তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া আগের মতো ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা বহাল রাখা হয়েছে।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএর অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

    এ ছাড়া প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

    সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে নতুন যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটি গ্যাস চালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

  6. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুনের পর প্রথম আলোচনা

    ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিউইয়র্কে জাতিসংঘে বৈঠক করেছেন, জুনে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এটিই ছিল দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা।

    এমন এক দিনে এই বৈঠক হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে “ধ্বংস করে দিতে” পারেন।

    কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক থেকে কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।

    এতে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ।

    উইটকফ বলেছেন, এক দফা আলোচনা সম্পন্ন হয়েছে যা “গঠনমূলক ও আশাব্যঞ্জক প্রমাণিত হবে বলে আমরা আশা করি”।

    অন্যদিকে ইরান আবারও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের “আগ্রাসী কর্মকাণ্ড” বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেছে।

    ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের আরব উপসাগরীয় মিত্রদের লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে তারা হরমুজ প্রণালি অবরুদ্ধ করে।

  7. বাংলাদেশে বাসের পর এবার বাড়লো লঞ্চভাড়াও

    বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়াও। বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নৌ পথের ভাড়া বৃদ্ধির কথা জানান।

    তিনি জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সবকিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

    এছাড়া সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    নৌপরিবহন মন্ত্রী বলেন, "তেলের দাম বেড়েছে ১৭.৩৯ শতাংশ। কিন্তু আমরা যে দ্বিপক্ষীয় বৈঠক করেছি সেখানে সিদ্ধান্ত হয়েছে ৭.৫৪ শতাংশ বাড়ানোর। এটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। আমরা সক্ষম হয়েছি ভাড়া নিয়ন্ত্রণে রাখতে।"

    “ভাড়া বৃদ্ধি আমাদের কাম্য না। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এজন্য জনদুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দিইনি,” বলেন মন্ত্রী।

    এর আগে রোববার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর মঙ্গলবার বাস-মিনিবাসে বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর কথা জানানো হয়।

  8. গতকালের উল্লেখযেগ্য কয়েকটি খবর:

    • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের শুরুর দিনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নাম পরিবর্তন করে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই বলেও নামকরণ করেন।
    • ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি “নিয়ন্ত্রণহীন” প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে এর সদস্যদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন।
    • শ্রীলঙ্কায় ২০১৯ সালে ইস্টার সানডেতে আত্মঘাতী বোমা হামলার মামলায় ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির হাইকোর্ট। ওই হামলায় ২৭০ জন নিহত ও ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।
    • নৈতিক স্খলনজনিত কারণে দল থেকে বহিষ্কার ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলামের এমপি বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।
    • ভারতের দিল্লি ও বিহারে দুইটি যৌন নির্যাতনের ঘটনায় একই দিনে 'বন্দুকযুদ্ধে' দুই অভিযুক্ত আহত হয়েছে।
    • বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত সরকার।
    • ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ জন।
    • বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পর এবার বেড়েছে গণপরিবহনের ভাড়াও। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটার বাস ভাড়া বাড়ছে ১৭ পয়সা।
  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে