সোমবার দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো:
- নানা গুঞ্জন, আলোচনা-সমালোচনার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি 'স্বেচ্ছায়' সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন।
- প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও বিএনপি চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।
- ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। এ অবস্থায় সাধারণ মানুষের জানমাল ও সম্পদ রক্ষার স্বার্থে কিছু শহরে মেয়রদেরকে আংশিকভাবে কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু।
- বাংলাদেশে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সরকার।
- বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুজ্বরে মৃত্যুর সংখ্যা সাড়ে তিনশ' ছাড়িয়ে গেছে।
- হাম ও এর উপসর্গে বাংলাদেশে গত সাত মাসে শিশুমৃত্যুর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে।
- অবশেষে দেশে ফিরছেন কম্বোডিয়ার অভিবাসন পুলিশের হাতে আটক ৩০ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে তাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে।
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
- ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
- ইয়েমেনের দক্ষিণ-মধ্য শাবওয়া প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৫৩ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন ইয়েমেন সরকারের কর্মকর্তারা।
- যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মধ্যেই সোমবার ইরান সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যুদ্ধ থামানোর প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি তেহরানে গেছেন বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবিসি বাংলার লাইভপাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। অন্যান্য খবর পড়তে বিবিসি বাংলার মূলপাতায় ক্লিক করুন।